নভেম্বর ১১, ২০১৬ ১২:৩৭ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ১১ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়
  • নেতাদের খুশি না করে ভোটারদের কাছে যান-ওবায়দুল কাদের
  • প্রধানমন্ত্রী নয়াদিল্লী যাচ্ছেন ১৮ ডিসেম্বর
  • ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, রুয়েট বন্ধ ঘোষণা
  • নাসিরনগরে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ
  • এখনই দুশ্চিন্তার কারণ নেই অভিবাসীদের!

ভারত

  • দিনভর লাইন, নতুন নোট পেয়ে স্বস্তি
  • সব লেনদেন অ্যাকাউন্টেই চান প্রধানমন্ত্রী মোদী
  • বিধানসভার ব্যাঙ্কে এক লক্ষের বেশি জমা দিতে পারবেন না বিধায়করা

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়- দৈনিক যুগান্তর

গ্রেপ্তার-রিমান্ড নিয়ে সুপ্রিম কোর্টের দেয়া যুগান্তকারী রায় প্রকাশিত হয়েছে। রায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ম্যাজিস্ট্রেট, বিচারক ও ট্রাইব্যুনালের জন্য গাইডলাইন দেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ১০ দফা গাইডলাইন দেয়া হয়েছে। এসব নির্দেশনায় বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের পর অবিলম্বে একটি মেমোরেন্ডাম তৈরি করবেন। ওই কর্মকর্তা অবশ্যই গ্রেপ্তার ব্যক্তির স্বাক্ষর গ্রহণ করবেন। যেখানে তারিখ এবং গ্রেপ্তারের সময় উল্লেখ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে ওই ব্যক্তির নিকট আত্মীয়কে বিষয়টি অবহিত করতে হবে। নিকট আত্মীয়দের অনুপস্থিতিতে গ্রেপ্তার ব্যক্তির পরামর্শ অনুযায়ী তার কোনো বন্ধুকে জানাতে হবে। যথাসম্ভব দ্রুত সময়ে বিষয়টি জানাতে হবে, তবে কোনো ভাবেই ১২ ঘণ্টার বেশি দেরি করা যাবে না। গ্রেপ্তারের সময় এবং স্থান এবং কোথায় আটক রাখা হয়েছে তা জানাতে হবে। গ্রেপ্তারের কারণসহ গ্রেপ্তারের ঘটনা ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে।

নেতাদের খুশি না করে ভোটারদের কাছে যান- দৈনিক প্রথম আলো

নেতাদের খুশি না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ জন্য দল গঠন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন আদায় করতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে এক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে ঘাঁটাঘাঁটি না করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অন্যায়কারীকে কখনোই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।

প্রধানমন্ত্রী নয়াদিল্লী যাচ্ছেন ১৮ ডিসেম্বর- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৮ ডিসেম্বর ভারত সফরে যাবেন। এ সফরটি হবে তিনদিনের। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এই সফরে দ্বিপাক্ষিক কয়েকটি ইস্যুতে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। তবে বহু বছর ধরে ঝুলে থাকা তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ইস্যু দুই প্রধানমন্ত্রীর আলোচনায় প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্র জানায়।  

পাশাপাশি বাংলাদেশের উদ্যোগে তিস্তা ব্যারেজ নির্মাণে ভারতের অংশগ্রহণের ব্যাপারে আলোচনা হতে পারে। একাত্তরের মুক্তিযুদ্ধে পাক বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত ভারতের সামরিক বাহিনীর সদস্যদের সম্মাননা দিতে বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।  

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় ৪ হাজার ভারতীয় সৈন্য বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারান। নিহত সৈন্যদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দেবেন প্রধানমন্ত্রী। দুই দেশের কর্মকর্তারা প্রায় দুইশ নিহত সৈন্যের তালিকা সর্বশেষ গত ১৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ায় ব্রিকস-বিমসটেক আউট রিচ সম্মেলনের সাইড লাইনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ছাত্রলীগের দুগ্রুপে সংঘর্ষ, রুয়েট বন্ধ ঘোষণা- দৈনিক মানবজমিন

হল থেকে ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে মাসুম রায়হান নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এসময় হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রুয়েট বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নাসিরনগরে হামলার প্রতিবাদে শাহবাগ অবরোধ- দৈনিক সমকাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও কয়েকটি সংগঠনের উদ্যোগে শুক্রবার সকাল সাড়ে ১০টার পর এই অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশের পর মিছিল নিয়ে শাহবাগ মোড়ে পৌঁছে অবরোধের শুরু করেন তারা। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তায় অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান। এ সময় ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারেরও দাবি জানান আন্দোলনকারীরা।

এখনই দুশ্চিন্তার কারণ নেই অভিবাসীদের!- দৈনিক যায়যায়দিন

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এখনই অভিবাসীদের দুশ্চিন্তার কারণ নেই বলে মত দিয়েছেন এক মার্কিন অভিবাসন বিশেষজ্ঞ। মঈন চৌধুরী নামের এই বিশেষজ্ঞ বলেছেন, বৈধ অভিবাসী বা যাদের অভিবাসন-প্রক্রিয়া কোনো আইনানুগ প্রক্রিয়ায় আছে, তাদের উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করেন সীমা খানম। বললেন, মেয়েকে বাংলাদেশে নিয়ে বিয়ে দিয়েছেন। মেয়ের জামাই এখন যুক্তরাষ্ট্রে যেতে পারবেন কিনা, সে প্রশ্ন তার। ১০ বছর ধরে নিউজার্সিতে বসবাস করা সাইফুল ইসলাম জানতে চাইলেন, তার রাজনৈতিক আশ্রয়ের আবেদন ঝুলে আছে। এখন কি আমেরিকা থেকে তাকে চলে যেতে হবে? বুধবার দিনভর এমন উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন প্রশ্ন ছিল অনেকের মুখে।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

দিনভর লাইন, নতুন নোট পেয়ে স্বস্তি- দৈনিক বর্তমান

শহর থেকে গ্রাম সর্বত্রই নতুন নোট নেওয়ার জন্য সকাল থেকে লম্বা লাইন পড়ল ব্যাংক ও ডাকঘরগুলিতে। কয়েক ঘন্টা অপেক্ষার পর ‘সাত রাজার ধন মানিকের’ মতো গোলাপি রংয়ের দু’হাজার টাকার ঝকঝকে নোট হাতে পেয়ে স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। কষ্ট করে দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোয় ভোগান্তি হলেও নতুন নোট পেয়ে অনেকেই রীতিমতো উচ্ছ্বসিত। সিআইটি রোডে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দাঁড়িয়ে বেনিয়াপুকুরের বাসিন্দা মহম্মদ জাকির তো বলেই ফেললেন, ‘আমি তো পুরানো নোট অ্যাকাউন্টে জমা দিতে এসেছিলাম। কিন্তু চকচকে দু’হাজার টাকার নোট দেখে লোভ সামলাতে পারলাম না। লম্বা লাইনে দাঁড়িয়ে টাকা ভাঙিয়ে নিলাম’।

সব লেনদেন অ্যাকাউন্টেই চান প্রধানমন্ত্রী মোদী- দৈনিক আনন্দবাজার

আড়াই দশক আগে দূরের আত্মীয়স্বজনের খোঁজখবর নিতে চিঠিপত্রই ছিল একমাত্র ভরসা। ফোন থাকলেও খরচের ভয়ে কেউ সে পথ মাড়াতেন না। অভ্যাসটা বদলে দিয়েছিলেন রাজীব গাঁধী। স্যাম পিত্রোদাকে সঙ্গে নিয়ে টেলিফোনের জগতে যে বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, তাতে পাড়ায় পাড়ায় খুলে গিয়েছিল এসটিডি-আইএসডি বুথ।

একইরকম ভাবে সাধারণ মানুষের দৈনন্দিন খরচের অভ্যাস বদলে দিতে চাইছেন নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির দাবি, মোদী সরকার চায়, বাড়ির পরিচারিকাকে বেতন দিতে হলেও মানুষ যেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর অ্যাকাউন্টে টাকা পাঠান। চিকিৎসকের ভিজিট মেটান চেকে। মুদির দোকানে ডেবিট কার্ডে কেনাকাটা করেন। অটো বা ট্যাক্সির ভাড়া মেটান মোবাইল-ওয়ালেটের মাধ্যমে। সেই লক্ষ্যপূরণে সহায়ক হবে ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোট বাতিল করে দেওয়া।

বিধানসভার ব্যাঙ্কে এক লক্ষের বেশি জমা দিতে পারবেন না বিধায়করা- দৈনিক সংবাদ প্রতিদিন

বিধায়কদের যত টাকাই থাকুক, বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখায় জমা দেওয়া যাবে না এক লক্ষ টাকার বেশি৷ ব্যাঙ্কের কাচের দরজায় সাদা কাগজে তা লিখে জানিয়েও দেওয়া হয়েছে৷ হবে না কোনও এক্সচেঞ্জও৷

ব্যাঙ্কের শাখা আছে৷ আছে ডাকঘরও৷ দুটোর মধ্যে দূরত্ব তিন থেকে চার পা৷ গোটা দেশের মানুষ যখন টাকা ভাঙাতে ছুটছে ব্যাঙ্ক-পোস্ট অফিসে, সেখানে ব্রাত্য নন বিধায়করাও৷ কিন্তু অন্য ছবি পশ্চিমবঙ্গ বিধানসভায়৷ একটি এসবিআই ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে বিধানসভায়৷ একেবারে উল্টো দিকের ঘরেই রয়েছে পোস্ট অফিস৷ সাধারণত বিধায়ক, প্রাক্তন বিধায়ক, বিধানসভার কর্মীরাই বিধানসভার এসবিআই ব্যাঙ্কের শাখা ব্যবহার করেন৷ একটা খবর রটে গিয়েছিল, অনেক বিধায়কই নাকি কয়েক লক্ষ টাকা বিধানসভার ভিতর ‘সেফ জোনে’ থাকা এই ব্যাঙ্কে জমা দিতে পারেন৷ এমনকী, বুধবার বিধানসভায় আসা বিধায়করা রসিকতার ছলে এই গল্পও করেছেন, ‘আজ কত জমা দিলেন’৷

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১