নভেম্বর ২০, ২০১৬ ১২:২২ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২০ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ:

  • প্রস্তাবে সাড়া নেই, তবু স্বস্তি বিএনপিতে- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম
  • আলোচনার ভিত হতে পারে আমার প্রস্তাব: খালেদা জিয়া- দৈনিক ইত্তেফাক
  • সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জনমত গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক মানবজমিন
  • জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা : ২৮ ডিসেম্বর নির্বাচন- দৈনিক নয়াদিগন্ত
  • রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সতর্ক অবস্থানের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর- দৈনিক যুগান্তর
  • কাজী রিয়াজুলের পদে থাকা নিয়ে হাইকোর্টের রুল- দৈনিক ইত্তেফাক

ভারত:

  • পটনা-ইনদওর এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত শতাধিক, আহত বহু- দৈনিক আনন্দবাজার
  • কালই বাজারে ৫০০ টাকার নোট, মমতাকে আশ্বাস রিজার্ভ ব্যাংকের- দৈনিক বর্তমান
  • একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করতে বললেন প্রতিরক্ষামন্ত্রী- দৈনিক সংবাদ প্রতিদিন
  • পাকিস্তান-বাংলাদেশে সব জাল নোট কারখানা বন্ধ,জানাল গোয়েন্দা সংস্থা- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

প্রস্তাবে সাড়া নেই, তবু স্বস্তি বিএনপিতে- দৈনিক প্রথম আলোর শীর্ষ শিরোনাম

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির ডাকে সরকারি মহলে কোনো সাড়া মেলেনি। সরকারি দল আওয়ামী লীগ তাৎক্ষণিক বিএনপির প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ১৪ দলের শরিক সংগঠনগুলোও একই মনোভাব দেখাচ্ছে। তবে জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টি নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব তুলে ধরার বিষয়টি ইতিবাচক বলে মনে করছে।

বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা প্রথম আলোকে বলেন, এই নাকচ পরিস্থিতির মধ্যেও একধরনের স্বস্তি খুঁজে পাচ্ছে দলটি। মাঠের রাজনীতিতে পিছিয়ে পড়া বিএনপি নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনায় থাকতে চায়। সরকারি দল আওয়ামী লীগের তাৎক্ষণিক জবাব, রাজনৈতিক মহলের নানা ক্রিয়া-প্রতিক্রিয়া এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এ নিয়ে আলোচনা হওয়ায় দলটির শীর্ষ নেতারা খুশি। তাঁরা বলছেন, নির্বাচন কমিশন গঠনে বিএনপির প্রস্তাব সরকার যে গ্রহণ করবে না, এটা সবাই জানে। কিন্তু সরকারের এই প্রত্যাখ্যানের বিষয়টি মানুষ ভালোভাবে গ্রহণ করবে না, এর মধ্যে বিএনপি রাজনীতির সার্থকতা খুঁজছে।

নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেওয়ার পরদিন শনিবার বিষয়টি নিয়ে টুইট করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারে।’

লোচনার ভিত হতে পারে আমার প্রস্তাব: খালেদা জিয়া- দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশা প্রকাশ করেছেন যে, সকলের অংশগ্রহণে প্রতিদ্বন্দিতাপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আলোচনা শুরুর ভিত্ হতে পারে বিএনপির দেয়া সামপ্রতিক প্রস্তাবনা।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের কাছে গ্রহণযোগ্য একটি দক্ষ, নিরপেক্ষ ও উপযুক্ত নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোট প্রধান বেগম খালেদা জিয়া শুক্রবার তাঁর দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা উপস্থপন করেছেন। ঢাকার গুলশানে ওয়েস্টিন হোটেলে বিশিষ্ট নাগরিক, বিদেশী কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, সাংবাদিক ও দল-জোটের নেতৃবৃন্দের উপস্তিতিতে উপস্থাপিত এই ফর্মুলায় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাসে ফুরিয়ে যাবে।

সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী জনমত গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর- দৈনিক মানবজমিন

সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সমাজের সর্বস্তরের জনগণকে এর বিরুদ্ধে জনমত সৃষ্টির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এই দেশ হবে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ। আমাদের মসজিদের ইমাম, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, বিভিন্ন জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী এবং আমাদের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন- সবাইকে সম্মিলিতভাবে এই সন্ত্রসবাদ-জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। মানুষকে বোঝাতে হবে- সন্ত্রাস-জঙ্গিবাদের পথ শান্তির পথ না, ইসলামের পথ না, এই পথ কখনও মানুষের কল্যাণ বয়ে আনতে পারে না। প্রধানমন্ত্রী গতকাল তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদবিরোধী এবং উন্নয়নবিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।

জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা : ২৮ ডিসেম্বর নির্বাচন- দৈনিক নয়াদিগন্ত

দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশিনার কাজী রকীব উদ্দীন আহমেদ আজ দুপুরে কমিশন কার্যালয়ে তিন পার্বত্য জেলা পরিষদ বাদে বাকি ৬১টি জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ ডিসেম্বর, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে ৩ ও ৪ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১১ ডিসেম্বর ও প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে ১২ ডিসেম্বর।

সংশোধিত জেলা পরিষদ আইন অনুযায়ী, জেলা পরিষদ হবে ২১ সদস্যের। এর মধ্যে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য থাকবেন। তারা সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা সদস্য, পৌরসভার মেয়র এবং কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভোটে নির্বাচিত হবেন।

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সতর্ক অবস্থানের কথা স্বরাষ্ট্রমন্ত্রীর- দৈনিক যুগান্তর

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশে-মিয়ানমার সীমান্তে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে।

সচিবালয়ে রোববার জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

গত কয়েকদিনে মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর দেশটির সামরিক বাহিনী নির্মম দমন-নিপীড়ন চালানোর খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব অভিযানে ১৫ হাজারের বেশি রোহিঙ্গা বাড়িছাড়া হয়েছে। হত্যা করা হয়েছে অন্তত ৬৯ জনকে। এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বাংলাদেশে-মিয়ানমার সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বর্ডার অতিক্রম করে মিয়ানমারের কেউ যেনো বাংলাদেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবি, কোস্টগার্ডসহ আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।’

কাজী রিয়াজুলের পদে থাকা নিয়ে হাইকোর্টের রুল- দৈনিক ইত্তেফাক

কোন কর্তৃত্ব বলে কাজী রিয়াজুল হক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বহাল আছেন তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আজ রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।   

আগামী চার সপ্তাহের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

এর আগে গত ৯ নভেম্বর ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, কাজী রিয়াজুল হক ইতোপূর্বে ২০১০ ও ২০১৩ সালে কমিশনের সদস্য ছিলেন। চলতি বছর ২২ জুন থেকে তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পান। অথচ ২০০৭ সালের মানবাধিকার কমিশন আইনের ২ (এইচ) ও ৬ (৩) ধারা অনুযায়ী দুই বারের বেশি নিয়োগ হলে তা অবৈধ।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বাছাই করা কয়েকটি খবর

পটনা-ইনদওর এক্সপ্রেস লাইনচ্যুত, মৃত শতাধিক, আহত বহু- দৈনিক আনন্দবাজার

কানপুরের পুখরাইয়ার কাছে পটনা-ইনদওর এক্সপ্রেসের ১৪ টি বগি লাইনচ্যুত হয়ে মৃতের সংখ্যা একশো ছাড়িয়েছে, আহত কমপক্ষে একশো জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও প্রশাসন আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও ট্রেনের মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী। বেশ কয়েকটি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে।

ট্রেনটি ইনদওর থেকে পটনা যাচ্ছিল। রবিবার ভোর সওয়া ৩টে নাগাদ মালাসার ও পুখরাইয়া স্টেশনের মাঝে ট্রেনটি লাইনচ্যুত হয়। একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের পদস্থ কর্তারাও।

কালই বাজারে ৫০০ টাকার নোট, মমতাকে আশ্বাস রিজার্ভ ব্যাংকের- দৈনিক বর্তমান

কলকাতার রিজার্ভ ব্যাংকে পাঁচশো টাকার নতুন নোট এসে গিয়েছে। কাল, সোমবার ব্যাংক খুললে মিলতে পারে তা। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা রিজার্ভ ব্যাংকের পূর্বাঞ্চলীয় অধিকর্তা রেখা ওয়ারিয়র এই কথা জানান। নোট-বাতিল বিতর্কে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে কলকাতায় ফিরে মমতা এদিনই মানুষের সমস্যা সরজমিনে দেখার জন্য সপার্ষদ রাজপথে নেমে পড়েন। এদিন বেলা ১টা ২০ মিনিট নাগাদ তিনি আচমকা বিবাদী বাগ চত্বরে রিজার্ভ ব্যাংকের অফিসের সামনে চলে আসেন। মুখ্যমন্ত্রী কথা বলতে চান, এই খবর পেয়ে নেমে আসেন রেখাদেবীসহ পদস্থ আধিকারিকরা।

একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করতে বললেন প্রতিরক্ষামন্ত্রী- দৈনিক সংবাদ প্রতিদিন

একে-৪৭ হাতে কাউকে দেখলেই গুলি করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷ তাঁর বক্তব্য, “সশস্ত্র বাহিনীকে আমি নির্দেশ দিয়ে রেখেছি মেশিন গান হাতে কাউকে দেখলেই গুলি করতে৷ কারণ, এটা খুবই স্বাভাবিক যে তারা কোনও মহৎ উদ্দেশ্য নিয়ে আসেনি।”

শনিবার ফতোরদা বিধানসভা কেন্দ্রে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে এ কথা বলেন পারিক্কর৷ তিনি বলেন, “কেন্দ্রীয় সরকারের দৃঢ় পদক্ষেপই সেনাবাহিনীকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ করার অনুমতি দিয়েছে৷” ১৯৮৬-র বোফর্স কেলেঙ্কারির পর সেনাবাহিনীতে কামানের অভাব প্রকট হয়ে উঠছিল৷ কেন্দ্রীয় সরকার সেই ঘাটতি মেটাতে প্রায় ৩০ বছর পর হাউৎজার-সহ অন্যান্য স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে৷ বায়ুসেনায় সাফল্যের সঙ্গে তেজস স্কোয়াড্রন যুক্ত হয়েছে৷ এর কৃতিত্বও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দিয়েছেন পারিক্কর৷ আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনে ২১ নয়, বরং ২৫-২৬টি আসনে জয়লাভ করবে বলেও আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী৷

পাকিস্তান-বাংলাদেশে সব জাল নোট কারখানা বন্ধ,জানাল গোয়েন্দা সংস্থা- দৈনিক বর্তমান

‘সার্জিকাল স্ট্রাইক’ পাকিস্তান ও বাংলাদেশের বেশ কিছু জাল নোট ছাপার কারখানাতেও। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দেওয়া হয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের ভারতীয় জাল নোট ছাপার কারখানাগুলি আপাতত বন্ধ হয়ে গিয়েছে। পাকিস্তানে সবথেকে বড় ভারতীয় জাল নোট তৈরির কারখানা রয়েছে পেশোয়ার এবং লাহোরে। এছাড়া পাক অধিকৃত কাশ্মীরের চারটি জেলায় এই ভারতীয় জাল নোট ছাপার ইউনিট এতদিন ধরে চলেছে রমরম করে। কারণ এই প্রিন্টিং ইউনিটগুলিতে সবথেকে বেশি ছাপা হয় ১০০০ এবং ৫০০ টাকার জাল ভারতীয় টাকা। এই গোটা কর্মকাণ্ডটি চালানোর খরচ দেয় আইএসআই। ভারতের একটি ১০০০ টাকার নোট ছাপাতে রিজার্ভ ব্যাংকের খরচ হয় ২৯ টাকা। আর আইএসআই সেই ১ হাজার টাকার জাল নোট ছাপায় ৩৯ টাকা খরচ করে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রতিটি ১০ লক্ষ ভারতীয় টাকা যা বাজারে চলছে, তার মধ্যে ২৫০টি নোটই জাল। প্রতিটি সন্ত্রাসবাদী জাল ভারতীয় টাকা নিয়েই পাকিস্তান থেকে এদেশে আসে। পাশাপাশি লস্কর ও জয়েশ-ই-মহম্মদের স্লিপার সেল মারফত জাল টাকা ছড়ানো হয় ভারতীয় বাজারে।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০