বিএনপি সন্ত্রাসী সংগঠন বৈশ্বিকভাবে প্রমাণ হয়েছে: আ.লীগ
শ্রোতা/ পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আজ ২৩ ফেব্রুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- পদ্মার চরে হবে আধুনিক ক্রীড়াপল্লী ও অলিম্পিক কমপ্লেক্স-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
- বিএনপি সন্ত্রাসী সংগঠন বৈশ্বিকভাবে প্রমাণ হয়েছে: আ.লীগ-প্রথম আলো
- অনুপস্থিত শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ- বাংলাদেশ প্রতিদিন
- সরকার সর্বোচ্চ আদালতের নির্দেশনাও তোয়াক্কা করে না : রিজভী-নয়া দিগন্ত
- কাদের খানের বাড়ির উঠান খুঁড়ে পিস্তল উদ্ধার-যুগান্তর
- সম্পূর্ণ সুস্থ খাদিজা, আগামীকাল বাড়ি ফিরবেন-মানবজমিন
- ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে বন্দিরা : কারা মহাপরিদর্শক-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত ৩ জওয়ান, এক মহিলা-আনন্দবাজার
- কাশ্মীরে ‘মেগা ড্যাম’ ভারতের, আতঙ্কিত পাকিস্তান-সংবাদ প্রতিদিন
- মোদীকে দত্তক নিতে চাইলেন দম্পতি-আজকাল
- শিশু পাচারে অভিযুক্ত চন্দনার হোমের ৯ তরুণীরও খোঁজ নেই-বর্তমান
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত কয়েকটি খবরের গুরুত্বপূর্ণ অংশ। প্রথমে বাংলাদেশ..
পদ্মার চরে হবে আধুনিক ক্রীড়াপল্লী ও অলিম্পিক কমপ্লেক্স-প্রধানমন্ত্রী-ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার খেলাধুলার মান উন্নয়নে পদ্মার চরে একটি ক্রীড়া পল্লী এবং অলিম্পিক কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের পদ্মা সেতু তৈরি হচ্ছে। সেই পদ্মার চরেই আমরা একটি উন্নতমানের ক্রীড়া পল্লী গড়ে তুলবো যেখানে বিভিন্ন ধরনের খেলাধূলা আয়োজন এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে। এমনকি একটি অলিম্পিক কমপ্লেক্সও আমরা ওখানে তৈরি করতে চাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ৪র্থ রোল বল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পার্শ্বস্থ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন আন্তর্জাতিক রোল বল ফেডারেশন (আইআরবিএফ) এর সহযোগিতায় ঢাকায় ১৭ থেকে ২৩ ফেব্রুয়ারি ‘চতুর্থ রোল বল ওয়ার্ল্ড কাপ- ২০১৭’ প্রতিযোগিতার আয়োজন করে। শেখ হাসিনা বলেন, আমরা মনে করি আমাদের যুব সমাজকে সন্ত্রাস, জঙ্গিবাদ বা মাদকাশক্তি থেকে দূরে রাখতে হবে। আর সেটা করতে গেলে খেলাধুলা ও সংস্কৃতির চর্চা একান্তভাবে জরুরি। সেই পদক্ষেপই আমরা নিতে চাচ্ছি।
প্রধানমন্ত্রী ৪র্থ রোল বল বিশ্বকাপের পুরুষ ও নারী বিভাগে চ্যাম্পিয়ন ভারত এবং ইরানের হাতে প্রতিযোগিতার ট্রফি তুলে দেন। তিনি খেলোয়াড়, আয়োজক এবং কর্মকর্তাদের মাঝে ব্যক্তিগত ট্রফি বিতরণ করেন।
বিএনপি সন্ত্রাসী সংগঠন বৈশ্বিকভাবে প্রমাণ হয়েছে: আ.লীগ-প্রথম আলো
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলটির মুখপাত্র হাছান মাহমুদ বলেছেন, বিএনপি রাজনৈতিক চরিত্র হারিয়ে এখন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। এটা এখন বৈশ্বিকভাবে প্রমাণিত হয়েছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্রুত বিচার হওয়া প্রয়োজন। এ জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন।
আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন। কানাডার ফেডারেল আদালতে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন অ্যাখার দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
কানাডার ফেডারেল আদালতের রায় তুলে ধরে হাছান মাহমুদ বলেন, ‘মোহাম্মাদ জুয়েল হোসেন গাজী নামের ঢাকার মিরপুরের স্বেচ্ছাসেবক দলের একজন কর্মীর রাজনৈতিক আশ্রয়ের আবেদন নাকচ হওয়ার পর তিনি ফেডারেল কোর্টে এই জুডিশিয়াল রিভিউর আবেদন করেন। তাঁর ওই রিভিউ নাকচ করে কোর্ট আরও বলেছেন, বিএনপি সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, আছে বা ভবিষ্যতেও থাকতে পারে, এমন ধারণার করার যৌক্তিক কারণ রয়েছে।’
হাছান মাহমুদ বলেন, ‘মানুষ পুড়িয়ে হত্যা, ঘুমন্ত মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করা, বিশ্ব ইজতেমাফেরত মুসল্লি—কেউই বিএনপির এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই পায়নি। পৃথিবীর কোথাও রাজনীতির জন্য, সরকার পরিবর্তনের জন্য এ ধরনের ঘটনা সমসাময়িক সময় ঘটেনি। এটি বিএনপি এবং তাদের মিত্র জামায়াত মিলে বাংলাদেশে ২০১৪ ও ২০১৫ সালে ঘটিয়েছে।
সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের ওপর দমন-নিপীড়ণ, গুম, খুন-নির্যাতন চালাচ্ছে : দাবি রিজভীর-নয়া দিগন্ত
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের ওপর দমন-নিপীড়ণ, গুম, খুন-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হয়রানীর পাশাপাশি আবারো আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের তুলে নিয়ে গুম করা হচ্ছে। গত কয়েক দিনে বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেয়া হলেও তাদের সন্ধান মিলছে না। এজন্য নিখোঁজ হওয়া লোকজনের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে এক দুই বছর পরে গ্রেফতারের নাটক সাজালে গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে এসব নাটকের তীব্র প্রতিবাদ জানানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরবেলা এক সংবাদ সম্মেলনে রিজভী এসব বলেন।
সম্পূর্ণ সুস্থ খাদিজা, আগামীকাল বাড়ি ফিরবেন-মানবজমিন
পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে প্রায় তিন মাস চিকিৎসা শেষে আগামীকাল শুক্রবার বাড়ি ফিরবেন তিনি। আজ দুপুরে সিআরপির উদ্যোগে রেডওয়ে হলে গণমাধ্যমের মুখোমুখি হন খাদিজা। এসময় খাদিজা বলেন, সিআরপিতে প্রায় তিন মাসের মত চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আগামীকাল সিআরপি থেকে সিলেটে চলে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে আবারও পড়াশুনা করতে চান তিনি। এসময় তিনি ছাত্রলীগ নেতা বদরুলের বিচার দাবি করেন খাদিজা।
কাদের খানের বাড়ির উঠান খুঁড়ে পিস্তল উদ্ধার-যুগান্তর
এমপি লিটন হত্যায় ব্যবহৃত আরো একটি পিস্তল ঘটনার মূল পরিকল্পনাকারী জাতীয় পার্টির সাবেক এমপি কর্ণেল (অব.) ডা. আব্দুল কাদের খাঁনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১টার দিকে আব্দুল কাদের খাঁনের সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খাঁনবাড়ী) গ্রামের বাড়ির উঠানে মাটি খুড়ে ৬ রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ একটি পিস্তুল ও একটি ফাঁকা ম্যাগজিন উদ্ধার করা হয়।
এ নিয়ে লিটন হত্যায় ব্যবহৃত তিনটি আগ্নেয়াস্ত্রের মধ্যে দুইটি অস্ত্র উদ্ধার হলো। এর আগে কর্ণেল কাদের খাঁন নিজেই তার লাইসেন্সকৃত একটি পিস্তুল ও ১০ রাউন্ড গুলি সুন্দরগঞ্জ থানায় জমা দেন বলে জানান সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান।
অনুপস্থিত শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ-বাংলাদেশ প্রতিদিন
শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান।
তিনি বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
আমির হোসেন আমু আরও বলেন, জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সফলতা অর্জন করেছে। এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে বন্দিরা : কারা মহাপরিদর্শক-কালের কণ্ঠ
কারাগারে বন্দিরা মোবাইল ফোনে স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছে। শিগগিরই এ প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন। আজ বৃহস্পতিবার দুপুরে কারা অধিদপ্তরে কারা সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ইফতেখার উদ্দীন বলেন, গত ১০ এপ্রিল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার উদ্বোধনের সময় বন্দিদের ফোনে কথা বলার সুযোগ চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় কারাবন্দিদের ফোনে কথা বলা সংক্রান্ত প্রিজন লিংক প্রকল্পটি চূড়ান্ত অনুমোদন পায়।
শ্রোতা/ পাঠক ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
শিশু পাচারে অভিযুক্ত চন্দনার হোমের ৯ তরুণীরও খোঁজ নেই-বর্তমান
শিশু পাচারকাণ্ডে অভিযুক্ত চন্দনা চক্রবর্তীর হোমে থাকা নয়জন তরুণীর হদিশ পাচ্ছে না প্রশাসন। বুধবার জলপাইগুড়ির উপকণ্ঠে দেবনগরের আশ্রয় হোমে জেলা প্রশাসন থেকে তল্লাশি চালানোর পরই এমন চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এর আগে গত মঙ্গলবার রাতে হোমটিতে প্রশাসন তল্লাশি চালিয়ে দুই ‘কুমারী অন্তসত্ত্বা’কে উদ্ধার করেছে। এদিন ওই হোম থেকে চার নাবালিকাকে উদ্ধার করে অন্যত্র সরানো হয়েছে। প্রশাসনের আশঙ্কা, শিশু পাচারের পাশাপাশি হোম থেকে তরুণীদেরও পাচার করা হয়েছিল। উদ্ধার অবিবাহিত অন্তসত্ত্বা তরুণীদের জলপাইগুড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে।
কাশ্মীরে ফের জঙ্গি হামলা, মৃত ৩ জওয়ান, এক মহিলা-আনন্দবাজার
কাশ্মীরে জঙ্গি হামলায় মৃত তিন জওয়ান। পাল্টা গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মহিলারও। সূত্রে খবর, এ দিন রাত আড়াইটে নাগাদ দক্ষিণ কাশ্মীরের মাত্রিগ্রামে সন্ত্রাস দমনকারী কার্যকলাপ সেরে শোপিয়ান ফিরছিল সেনা কনভয়। সেই সময়ই হঠাত্ শুরু হয় গুলিবর্ষণ। সেনা পাল্টা গুলি চালালেও রাতের অন্ধকারে জঙ্গিরা পালাতে সক্ষম হয়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। গুরুতর জখম হয়েছেন বেশ কিছু জওয়ান। এদের মধ্যে এক সেনা আধিকারিকও রয়েছেন। নিজের ঘরে বসেই গুলিতে মারা যান জানা বেগন নামের এক বৃদ্ধা।
তিন সপ্তাহের মধ্যে এই নিয়ে চতুর্থ বার জঙ্গি হামলার কবলে পড়ল কাশ্মীর। এর আগের তিন হামলায় এক মেজর সহ ছয় জওয়ানের মৃত্যু হয়েছে।
কাশ্মীরে ‘মেগা ড্যাম’ ভারতের, আতঙ্কিত পাকিস্তান-সংবাদ প্রতিদিন
‘রক্ত ও পানি একসঙ্গে বইতে পারে না। উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর পাকিস্তানকে হুঁশিয়ার করে এমনটাই হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পথে অগ্রসর হয়েই পাকিস্তানকে শায়েস্তা করতে চলেছে ভারত। সেইমতো সিন্ধু পানি বন্টন চুক্তির পুনর্বিচার করে এবার কাশ্মীর উপত্যকায় জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চলেছে নয়াদিল্লি। এরইমধ্যে ১৮৫৬ মেগাওয়াটের ওই জলবিদ্যুৎ প্রকল্পকে সবুজ সংকেত দিয়েছে পরিবেশমন্ত্রক দ্বারা গঠিত একটি বিশেষজ্ঞ কমিটি। খুব শীঘ্রই প্রকল্পটির কাজ শুরু হতে চলেছে বলেও জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর উপর এই প্রকল্পটি গড়ে তোলা হবে। জল ধরে রাখতে নির্মাণ করা হবে প্রায় ১৯২.৫ মিটার উঁচু বাঁধ।
মোদীকে দত্তক নিতে চাইলেন দম্পতি-আজকাল
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দত্তক নিতে চাইলেন সত্তোর্ধ দম্পতি। কয়েকদিন আগেই এক নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নিজেকে উত্তর প্রদেশের দত্তক সন্তান বলে দাবি করেছিলেন। এজন্য রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশন তাঁকে নোটিসও দিয়েছিল। নোটিসে বলা হয়েছিল একাধিক সন্তান দত্তক নেওয়া মা–বাবার অপমান করেছেন প্রধানমন্ত্রী। সমালোচনার ঝড় উঠেছিল দেশজুড়ে। মোদীকে এই নিয়ে আক্রমণ করতে ছাড়েননি অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী। রায়বরেলিতে প্রচার করতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী মোদীকে কটাক্ষ করে বলেছিলেন উত্তরপ্রদেশের দত্তক পু্ত্রের প্রয়োজন নেই। তার নিজেরই ২ সন্তান রয়েছে। এই রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণের মাঝেই মোদীকে দত্তক চেয়ে বসলেন গাজিয়াবাদের এক দম্পতি। তাঁদের নিজেদের ৩ ছেলে রয়েছে, তারপরেও ৬৬ বছরের মোদী দত্তক নিতে চান বলে জানিয়েছেন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩