আ'লীগের হ্যাট্রিক জয় হবে- কাদের: ৩০ টির বেশি আসন পাবেনা আ.লীগ-ফখরুল
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৭ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ
বাংলাদেশের শিরোনাম:
- রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : শেখ হাসিনা-ইত্তেফাক
- মওদুদের বাড়ির নিয়ন্ত্রণ নিতে কাজ শুরু রাজউকের-প্রথম আলো
- আগামী নির্বাচনে আ'লীগের হ্যাট্রিক জয় হবে: ওবায়দুল কাদের-যুগান্তর
- সরকারের চলতি মেয়াদেই তিস্তা চুক্তির আশাবাদ সেতুমন্ত্রীর-কালের কণ্ঠ
- ব্যাংক হিসাবের বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি খোদ মন্ত্রীর-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- নাগাল্যান্ডে সেনা-জঙ্গি সংঘর্ষে ১ সেনা মেজর ও ৩ জঙ্গি নিহত-আনন্দবাজার
- কৃষক বিক্ষোভে ফুটছে মধ্যপ্রদেশ, কাল মান্দসৌরে যাচ্ছেন রাহুল-সংবাদ প্রতিদিন
- মন্দসৌরে নিয়ে জরুরি বৈঠকে মোদি–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
আগামী নির্বাচনে আ'লীগের হ্যাট্রিক জয় হবে: ওবায়দুল কাদের-যুগান্তর
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হ্যাট্রিক জয় হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, পরবর্তী (একাদশ) জাতীয় নির্বাচনেও জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে।
এদিকে, বিএনপি মহাসচিবের বক্তব্য ছাপা হয়েছে ইত্তেফাকসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে। তিনি আজ বলেছেন, ‘সহায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়ী হবে না। তারা ৩০ টি আসনের বেশি পাবে না। বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। জনবিছিন্ন হয়ে পড়েছে। তাই তারা নির্বাচনে জিততে পারবে না।
রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে: শেখ হাসিনা-ইত্তেফাক/প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আজ সংসদে এক প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি আরো বলেন,
শেখ হাসিনা বলেন, রমজান মাসে জনগণের নিরাপত্তার জন্য বাজার, শপিং মল, বিপণি বিতান, মার্কেট, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, বোমাবাজি, নাশকাতমূলক কর্মকাণ্ড প্রতিরোধসহ নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে দিবারাত্রি পুলিশি টহল এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মহল ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য দিয়ে সুন্দরবন ধ্বংস হবে বলে গণমাধ্যমে তথ্য প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে।
ব্যাংক হিসাবের বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি খোদ মন্ত্রীর-নয়া দিগন্ত
বিস্তারিত খবরে বলা হয়েছে, ব্যাংক হিসাবের ওপর আরোপিত বর্ধিত আবগারি শুল্ক প্রত্যাহার ও সঞ্চয়পত্রের সুদ না কমানোর এবার দাবি জানিয়েছেন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। জাতীয় সংসদে ক্ষমতাসীন ও বিরোধী দলীয় সংসদ সদস্যরাও অর্থমন্ত্রীর এ প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
আজ সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ দাবি জানিয়ে বলেন, সঞ্চয় এবং ফিক্সড ডিপোজিটের ওপর কর আরোপ করা ঠিক হবে না।
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি : সিলেটে হিন্দু মহাজোট নেতা গ্রেফতার-নয়া দিগন্ত
ফেসবুকে ইসলাম ধর্ম ও বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্যকারী হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর ৬টার দিকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তাকে লালাখাল নামক স্থান থেকে পুলিশ গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান।গত সপ্তাহ থেকে মুহাম্মদ (সা.)কে নিয়ে রাকেশের কটূক্তিপূর্ণ একটি বক্তব্যের স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে।
সরকারের চলতি মেয়াদেই তিস্তা চুক্তির আশাবাদ সেতুমন্ত্রীর-কালের কণ্ঠ
খবরটিতে লেখা হয়েছে, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সম্পন্ন হবার আশাবাদ ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সেতুভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে। ভারত এ ব্যাপারে অনড় রয়েছে। আমরাও আশাবাদী।
শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
মান্দসৌরে নিয়ে জরুরি বৈঠকে মোদি–আজকাল
মধ্য প্রদেশের কৃষক বিক্ষোভ নিয়ে বিশেষ বৈঠক বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মন্দসৌরে কৃষকের বিক্ষোভের সময় পুলিশের গুলিতে ৫ জন নিহত হয়। যদিও রাজ্য সরকার বলেছে পুলিশ গুলি চালায়নি। বুধবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মধ্যপ্রদেশের মন্দসৌরে। কার্ফু উপেক্ষা করেই সকাল থেকে বিক্ষোভ দেখায় কৃষকরা। সেখানকার ঘটনায় বিরোধীদের প্ররোচনা রয়েছে বলে অভিযোগ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
এ সংবাদ প্রতিদিনের শিরোনাম-কৃষক বিক্ষোভে ফুটছে মধ্যপ্রদেশ, কাল মান্দসৌরে যাচ্ছেন রাহুল
কৃষকদের বিক্ষোভে উত্তাল মধ্যপ্রদেশ৷ গতকাল পুলিশের গুলিতে পাঁচ কৃষকের মৃত্যুর পর বুধবারও অগ্নিগর্ভ পরিস্থিতি মান্দসৌর জেলায়৷ আন্দোলনকারী কৃষকদের দাবি, অবিলম্বে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে মান্দসৌরে এসে ভাল শস্য উৎপাদন, দুধের উপযুক্ত দাম ও বকেয়া ঋণ মকুবের আশ্বাস দিতে হবে৷ এই পরিস্থিতিতে আগামিকাল ঘটনাস্থলে যাচ্ছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ কৃষকদের উপর পুলিশের গুলি চালানোর অভিযোগের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়্ডু৷
প্লাস্টিকের চাল না গুজব-আজকাল
বিভিন্ন মুদির দোকানে বিক্রি হচ্ছে প্লাস্টিকের চাল। এমনই অভিযোগে সরগরম তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। যদিও চাল বিক্রেতারা এটিকে গুজব ছাড়া আর কোনকিছুই বলতে রাজি নন। হায়দরাবাদে সারুর নগরে দু’দিন আগেই এক বিরিয়ানির দোকানে প্লাস্টিকের চাল দেওয়ার অভিযোগ তুলেছিলেন এক যুবক। মঙ্গলবার মীরপেটের এক গ্রাহক পুলিসের কাছে দাবি করেছেন যে দোকানি তাঁকে প্লাস্টিকের চাল বিক্রি করেছেন। অভিযোগগুলি পাওয়ার পরেই টাস্কফোর্সের অফিসাররা মীরপেটের ওই দোকানে গিয়ে সমস্ত চাল বাজেয়াপ্ত করেছেন। যা পরীক্ষা করে দেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় তো খবরটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে যে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন মুদির দোকানে দেদার বিকোচ্ছে প্লাস্টিকের চাল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭