জুন ২২, ২০১৭ ১৪:১৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ২২ জুন বৃহষ্পতিবার কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • গণমাধ্যমের বিকাশে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী -ইত্তেফাক
  • মওদুদের জন্য খাট পাঠাতে চান নাসিম-প্রথম আলো
  • শ্রমিক অধিকার খারাপ দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ-যুগান্তর
  • খালেদার দুই মামলার পরবর্তী শুনানি ২৯ জুন-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কৃষক বিক্ষোভে এবার উত্তাল মহারাষ্ট্র-আজকাল
  • আজকালের অন্য একটি খবরের শিরোনাম-বিমল ও আশার বিরুদ্ধে খুন, যড়যন্ত্রের মামলা
  • ঘরে-বাইরে বনধ তোলার চাপে গোর্খা জনমুক্তি মোর্চা-আনন্দবাজার-আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ

শ্রমিক অধিকার-খারাপ দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ-যুগান্তরের প্রতিবেদনের শিরোনাম এটি।

বাংলাদেশের শ্রমিক অধিকার নিয়ে প্রতিবেদন

বিস্তারিত প্রতিবেদনে লেখা হয়েছে, শ্রমিকের অধিকার বাস্তবায়নের দিক থেকে বিশ্বের সবচেয়ে খারাপ ১০টি দেশের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক শ্রম অধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি ভিয়েনামভিত্তিক 'বৈশ্বিক শ্রম অধিকার ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশন' (আইটিইউসি) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ১০টি দেশের ক্রমানুসারে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথমেই স্থান পেয়েছে বাংলাদেশ। পুলিশের বর্বরতা, গণগ্রেফতার ও বৈষম্যকে বাংলাদেশে শ্রমিক সংগঠনের ওপর নির্যাতনের প্রধান দিক হিসেবে গত ১৩ জুন প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, গতকালও বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে পুলিশের সাথে গার্মেন্টস শ্রমিকদের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

ইত্তেফাকের একটি খবরের শিরোনাম-গণমাধ্যমের বিকাশে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

জাতীয় সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

খবরটিতে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ তথা গণমাধ্যমের বিকাশে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আজ জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী সংসদকে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমান গণমাধ্যম বান্ধব সরকার গত ৪ বছরে ৬২৩ জন দুস্থ, অস্বচ্ছল, দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিকদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দিযেছে। তিনি বলেন, গত ৭ বছরে সাত শতাধিক পত্রিকার নিবন্ধন প্রদান করা হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার ‘জাতীয় সম্প্রচার নীতিমালা, ২০১৪’ প্রণয়ন করেছে।

শাহবাগে ছিনতাইকারীর গাড়ির চাপায় মুরগি ব্যবসায়ী নিহত-শিরোনামটি দৈনিকে ইত্তেফাকের

রাজধানীর শাহবাগে মৎস্যভবনের মোড়ে ছিনতাইকারীদের মাইক্রোবাসের চাপায় ভাগ্নে নিহত ও মামা আহত হয়েছেন। নিহত ভাগ্নের নাম সজিব । আহত মামা হযরত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 বুধবার দিবাগত রাত ১টার দিকে ছিনতাইকারীরা মুরগি ব্যবসায়ী সজিবের আট হাজার টাকা ছিনতাই করলে সজিব ছিনতাইকারীদের মাইক্রোবাসটি আগলে ধরেন। এ সময় মাইক্রোবাসটি সজীবকে চাপা দেয়।

এদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। ডিএমপি কমিশনার বলেছেন এ ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে।

খালেদা জিয়ার দুই মামলার পরবর্তী শুনানি ২৯ জুন-নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী শুনানির জন্য ২৯ জুন ধার্য করেছেন আদালত। আজ বকশীবাজারের আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এই দিন ধার্য করেন। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি হাইকোর্টে বিচারাধীন থাকায় সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২৯ জুন দিন ধার্য করেন। এরপর খালেদা জিয়া দুপুর সাড়ে ১২টার দিকে আদালত প্রাঙ্গণ ছাড়েন।

মওদুদের জন্য খাট পাঠাতে চান নাসিম-প্রথম আলোর একটি খবরের শিরোনাম

বাংলাদেশের জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম

বিস্তারিত খবরে বলা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের জন্য খাট পাঠাতে চান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নাসিম এ কথা বলেন। 

সম্প্রতি আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মওদুদ আহমদকে তাঁর গুলশানের বাড়ি ছাড়ার  প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, ‘উনার (মওদুদ) নাকি খাট নাই। চাইলে খাট পাঠিয়ে দেব। মওদুদ নাটক করছেন দাবি করে নাসিম বলেন, মওদুদ আহমদ অবৈধভাবে বাড়ি দখল করেছিলেন। তাঁর লজ্জা হওয়া উচিত। তাছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার প্রসঙ্গে নাসিম বলেন, ‘উনি (ফখরুল) জামা খুলে ফেললেন। এটা কোনো কথা হলো? নিজের কষ্টের কথা কাউকে বলতে হয় না।’

ঈদে ঘরে ফেরা মানুষের যানজটে ভোগান্তি নিয়ে নানামুখী খবর ছাপা হয়েছে জাতীয় ও অনলাইন পোর্টালগুলোতে।

যানজটে ঈদে ঘরে ফেরা মাানুষের ভোগান্তি

কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, যানবাহনের অতিরিক্ত চাপের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অনেকটা ধীরগতিতে চলছে যানবাহন। মহাসড়কে মির্জাপুরের ধেরুয়া রেলক্রসিং থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত বিভিন্ন স্থানে থেমে থেমে যানজটের সৃষ্টি হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। মানবজমিনের শিরোনাম-গাবতলীতে গাড়ির চাপ বাড়ছে, ঘরমুখো মানুষের দুর্ভোগের শঙ্কাও বাড়ছে। কোনো কোনো দৈনিকে লেখা হয়েছে দীর্ঘ ১২ কিলোমিটার যানজটে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

দার্জিলিংয়ে  গোর্খা নেতা বিমল গুরুং ও আশার বিরুদ্ধে খুন, যড়যন্ত্রের মামলা-আজকালের শিরোনাম

বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা

বিস্তারিত খবরে বলা হয়েছে, বিমল গুরুং ও তাঁর স্ত্রী আশা গুরুংয়ের বিরুদ্ধে খুন ও ষড়যন্ত্র মামলা শুরু করল পুলিস। এছাড়াও আরও ২২ মোর্চা সমর্থকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা শুরু করেছে পুলিস। ইতিমধ্যেই সিংমারির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে কালো পতাকা নিয়ে প্রতিবাদ মিছিল ও  বিক্ষোভ দেখান মোর্চা সমর্থকরা।

আর আনন্দবাজারের খবরে লেখা হয়েছে, ঘরে-বাইরে বন্‌ধ তোলার চাপ বাড়ছে। সংবাদ প্রতিদিনের এ সম্পর্কিত খবর-পাহাড়ে মোর্চার আন্দোলনকে সমর্থন জানিয়ে নেপালের মাওবাদীরা চিঠি দিয়েছে। 

কৃষক বিক্ষোভে এবার উত্তাল মহারাষ্ট্র-আজকাল

মহারাষ্ট্রে কৃষক আন্দোলন

মধ্যপ্রদেশে কৃষক আন্দোলনের রেশ এখনও কাটেনি। তারমধ্যেই এবার মহারাষ্ট্রে কৃষক–পুলিস সঙ্ঘর্ষ বাঁধল। পরিত্যক্ত জমির দখল পেতে সেখানে বিক্ষোভে সামিল হাজার হাজার মানুষ। বিশ্বযুদ্ধের সময় ঠাণের নেভালি গ্রাম সংলগ্ন ১২৬০০ একর জমিতে একটি বিমানবন্দর গড়ে তোলে ব্রিটিশ প্রশাসন। দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন ধরে পরিত্যক্তই ছিল। পরে সেটি দখল করেন ঠাণের অন্তর্গত বিভিন্ন গ্রামের মানুষ। চাষবাস এবং ফসল মজুতের কাজে জমিটি ব্যবহার করতে শুরু করেন তাঁরা। কিন্তু সম্প্রতি পরিত্যক্ত বিমানবন্দরটি সংস্কারের কথা ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রক। সেই মতো ওই ইঁট গেঁথে প্রাচীর তৈরির কাজ শুরু হয়েছে। এতেই চটেছেন কৃষকরা। আজ সকাল থেকে ১০টি রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রায় ১৭টি গ্রামের বাসিন্দারা। বিক্ষোভের জেরে যান চলাচল সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২২