জুলাই ০৯, ২০১৭ ১২:০১ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৯ জুলাই রোববারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • চিকুনগুনিয়া আক্রান্তদের কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট-ইত্তেফাক
  • রামপাল নিয়ে সরকার মিথ্যাচার করছে না: কাদের প্রথম আলো
  • ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল ছিল -অর্থমন্ত্রী-যুগান্তর
  • সাংবাদিকদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা হলে হয়রানি নয় : আইনমন্ত্রী-কালের কন্ঠ
  • দেশের বিদ্যুৎ পরিস্থিতি কখনো ঠিক হবে না-মানবজমিন
  • ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডন যেতে বাধা-নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • পাহাড় ও বসিরহাট ইস্যুতে নাম না করে বিজেপিকে আক্রমণ সুব্রতর-সংবাদ প্রতিদিন
  • দিল্লির পথে একগুঁয়ে গোর্খা-আজকাল
  • উত্তপ্ত দার্জিলিং পাহাড়ে আবার মৃত্যু ৪ জনের, কথা চাইলেন মমতা- আনন্দবাজার

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
আদালত পাড়ার কয়েকটি খবর 

চিকুনগুনিয়া আক্রান্তদের কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট- ইত্তেফাক

চিকুনগুনিয়া নিয়ে হাইকোর্টের রুল জারি

বাংলাদেশের রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে চিকুনগুনিয়ার প্রধান বাহক এডিস মশা নিধনে কেন দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এছাড়া চিকুনগুনিয়ায় ক্ষতিগ্রস্তদের কেন ক্ষতিপূরণ দেয়া হবে না- এই মর্মে রুল জারি করেছে আদালত। 

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে আজ হাইকোর্টে রিট করছেন এম এ মান্নান। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে মন্তব্যের জেরে করা মানহানির মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ১৩ জুলাই ধার্য করেছে আদালত। 


ইলিয়াস আলীর স্ত্রীকে লন্ডন যেতে বাধা-নয়া দিগন্ত ও যুগান্তরের শিরোনাম

এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাf

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনাকে লন্ডন যেতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। আজ সকাল ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, ইলিয়াস আলী ও তাহসিনা রুশদী লুনা দম্পতির বড় ছেলে আবরার ইলিয়াস লন্ডনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। সেখানে আনুষ্ঠানিক সম্মেলনে উপস্থিত থাকার কথা ছিল মা লুনার। আজ সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার লন্ডন যাওয়ার শিডিউল ছিল। কিন্তু বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে যেতে দেয়নি।

রামপাল নিয়ে সরকার মিথ্যাচার করছে না: কাদের-প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রামপাল বিষয়ে সরকার কোনো মিথ্যাচার করছে না। ইউনেস্কো ছোট ছোট শর্ত দিয়েছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে সরকার সেগুলো পূরণ করবে। তিনি আরও বলেন, বিএনপির অভ্যাসই হলো মিথ্যাচার ও কান্নাকাটি করা। তারা পুরোনো সেই রেকর্ড বাজিয়েই চলেছে।


১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত ভুল ছিল-অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

যুগান্তরের খবরটিতে লেখা হয়েছে, বাজেট নিয়ে সমালোচনাকারীদের জবাব দিলেন অর্থমন্ত্রী। সেই সঙ্গে বাজেটে ১৫ শতাংশ ভ্যাট আরোপে এনবিআর-এর প্রস্তাব এবং নিজের সিদ্ধান্ত ভুল ছিল বলেও স্বীকার করলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, বোর্ড অব রেভিনিউ প্রধানমন্ত্রীর কাছে যে বিস্তারিত বর্ণনা দিয়েছে তা যদি তার সঙ্গে আলোচনা করতো তাহলে এই ভুল হতো না। আর এই একটু ভুলের সুযোগ নিয়েছেন সমালোচনাকারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভুল ভেঙ্গেছেন বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী শনিবার বলেছেন, দেশের বিদ্যুৎ পরিস্থিতি কখনো ঠিক হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি আরো বলেন, সরকারের লক্ষ্যমাত্রা ২০২৪ সালের মধ্যে ২৪০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আদৌ সম্ভব নয়।


জঙ্গির খোঁজে গাইবান্ধায় অভিযান, গ্রেফতার ৬- এনটিভিবিডি অনলাইন

বাংলাদেশের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দুর্গম চরাঞ্চলে জঙ্গি ও জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গতকাল (শনিবার) দিবাগত রাত ৩টা থেকে আজ (রোববার)সকাল পর্যন্ত চালানো অভিযানে ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ছয়জনের পরিচয় জানা যায়নি। তারা সাজাপ্রাপ্ত ও নিয়মিত মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।

শ্রোতাবন্ধুরা ! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
দিল্লির পথে একগুঁয়ে গোর্খা-আজকাল

গোর্খা জনমুক্তি মোর্চা

আলোচনার মাধ্যমে সমাধানের বসার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অথচ একগুঁয়ে মনোভাব ধরে রাখলেন গোর্খা সমর্থকরা। পাহাড় ছাড়িয়ে এবার রাজধানীতে বিক্ষোভে নামলেন তাঁরা। আজ সকালে রাজঘাট থেকে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেয় ‘গোর্খা সংযুক্তি সঙ্ঘর্ষ সমিতি’র সদস্যরা। কেন্দ্রীয় মদতে ইচ্ছাকৃতভাবে পাহাড়ের পরিস্থিতি অশান্ত করে তোলা হচ্ছে বলে শনিবার অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজধানীতে বিক্ষোভ ডেকে তাতে কার্যত  সিলমোহর দিলেন বিক্ষোভকারীরা।
গোর্খাল্যান্ডের দাবি নিয়ে রোববার যন্তর মন্তরে হাজির হয় বিক্ষোভকারীরা। সংগঠনের সদস্য রাজীব শর্মা জানিয়েছেন, ‘গোর্খাল্যান্ডের দাবিতে অনড় আমরা। সেখান থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। 

পাহাড় ও বসিরহাট ইস্যুতে নাম না করে বিজেপিকে আক্রমণ সুব্রতর-সংবাদ প্রতিদিন

পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার জঙ্গি আন্দোলনের তুমুল সমালোচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষিয়াণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। পাহাড়ে সমস্ত মৃত্যুর জন্য আন্দোলনকারীদের দায়ী করলেন তিনি। রবিবার নাম না করে দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবং বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘একজন কেন্দ্রীয় মন্ত্রী গোর্খাল্যান্ড চাইছেন। বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন। অন্যদিকে, তাঁর পার্টি কখনও গোর্খাল্যান্ডের পক্ষে আবার কখনও বিরুদ্ধে। দলের মধ্যেই বিভেদ। এঁরাই উসকানি দিয়ে এসব করাচ্ছে।’ বসিরহাটের সংঘর্ষ নিয়েও মুখ খুলেছেন মন্ত্রী। তিনি বলেন, যে পার্টির বাংলায় প্রাসঙ্গিকতা নেই তারা নিজেদের গুরুত্ব বাড়াতে অশান্তি ছড়াচ্ছে।

উত্তপ্ত দার্জিলিং পাহাড়ে আবার মৃত্যু ৪ জনের, কথা চাইলেন মমতা- আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী (ফাইল ফটো)

দার্জিলিংয়ের সিংমারির ঘটনার ঠিক তিন সপ্তাহের মাথায় আবার পাহাড়ে গুলিতে মৃত্যুর অভিযোগ উঠল। শুক্রবার রাত থেকে পরবর্তী ১৭ ঘণ্টার মধ্যে একাধিক ঘটনায় মোর্চার তিন ও জিএনএলএফের এক কর্মী প্রাণ হারিয়েছেন। আরও এক জনের অবস্থা আশঙ্কাজনক। দুই ঘটনায় শনিবার সোনাদা, দার্জিলিং ও তার আশপাশ অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিকেলের দিকে গোলমাল ছড়িয়ে পড়ে কালিম্পং এবং গরুবাথানেও।  পরে পরিস্থিতি সামাল দিতে সেনাও নামাতে হয়। এর পরে রাতের দিকে কার্শিয়াংয়েও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যেই নবান্নে সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী সরাসরি পাহাড়ের দলগুলিকে আলোচনায় বসার আহ্বান জানান। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘যদি শান্তি প্রতিষ্ঠা করেন, কথা বলতে চান, যে কোনও সময়ে বলা যায়। শান্তির পথে ফিরুন।#


পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯