ফরহাদ মজহার অপহরণ ঘটনা রহস্যজনক: ডিএমপি কমিশনার
শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ১২ জুলাই বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।
বাংলাদেশের শিরোনাম:
- ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট-ইত্তেফাক
- ফরহাদ মজহার অপহরণ ঘটনা রহস্যজনক: ডিএমপি কমিশনার -প্রথম আলো
- ঋণ খেলাপি-তালিকায় চুনোপুঁটি অধরা রাঘববোয়াল-যুগান্তর -যুগান্তর
- বন্যায় সাড়ে ৬ লাখ লোক ক্ষতিগ্রস্ত : ত্রাণমন্ত্রী-কালের কণ্ঠ-কালের কন্ঠ
- ২৪ হাজার মামলায় জেরবার বিএনপি-মানবজমিন
- ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী-নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- অমরনাথ যাত্রীদের উপর হামলার প্রতিবাদে একজোট হিন্দু-মুসলিমরা-সংবাদ প্রতিদিন
- সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ ৩ সন্ত্রাসবাদী-আজকাল
- অমরনাথ হানা নিয়ে প্রবল চাপে কেন্দ্র, শুরু পারস্পরিক দোষারোপও- আনন্দবাজার
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত খবরের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি.. প্রথমে বাংলাদেশ
ঋণখেলাপিদের ‘না’ বলুন : আহ্বান অর্থনীতিবিদদের-তালিকায় চুনোপুঁটি অধরা রাঘববোয়াল-যুগান্তর
জাতীয় সংসদে ঋণখেলাপি চুনোপুঁটিদের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে অধরাই থেকে গেছে রাঘববোয়ালরা। আর্থিক খাতে দীর্ঘদিন থেকে চিহ্নিত এসব বড় বড় জালিয়াত এক্ষেত্রে ঋণ পুনর্গঠনসহ নানা কৌশলের আশ্রয় নিয়েছে। এদের সুরক্ষা দিচ্ছে সরকারের একটি অংশ। এদিকে খেলাপি ঋণ আদায় এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং বিশিষ্টজনরা। অর্থনীতিবিদদের মতে, বিচারহীনতার কারণে খেলাপি ঋণ বাড়ছে। দুর্নীতিবাজ এবং ধড়িবাজরাই ক্ষমতার জোরে ব্যাংকে জালিয়াতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে। কিন্তু ক্ষমতার কারণে এদের কোনো শাস্তি হয় না।
অর্থমন্ত্রীকে আবারও বলির পাঠা করা হয়েছে'-রিজভী-যুগান্তর
সুইস ব্যাংকে অর্থ পাচার হয়নি, লেনদেন হয়েছে' সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মাত্র কয়েকদিন আগে সিলেটের এক সভায় অর্থমন্ত্রী বলেছিলেন, সুইস ব্যাংকসহ বিভিন্ন দেশে অর্থ পাচারে আমরাও দায়ী। এধরনের স্ববিরোধী বক্তব্য আওয়ামী নেতাদের চিরাচরিত টেকনিক।
রিজভী বলেন, আসলে ক্ষমতাসীনদের উচ্চপর্যায়ের অনেক নেতারাই এই লাখ লাখ কোটি টাকা পাচারে জড়িত। তাদের চাপেই অর্থমন্ত্রীকে আগের কথা থেকে সরে আসতে বাধ্য করা হয়েছে। তাকে আবারও বলির পাঠা করা হয়েছে। বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।
বন্যায় সাড়ে ৬ লাখ লোক ক্ষতিগ্রস্ত : ত্রাণমন্ত্রী-কালের কণ্ঠ
বন্যা প্লাবিত ১৩ জেলায় ৪৫ উপজেলায় সাড়ে ৬ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সচিবালয়ে আজ বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান। ভারী বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলেও জানিয়েছেন মন্ত্রী। যেকোনো দুর্যোগ পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম চালানোর মতো পর্যাপ্ত খাদ্য সরকারের কাছে মজুদ রয়েছে।
২৪ হাজার মামলায় জেরবার বিএনপি-মানবজমিন
সাম্প্রতিক বছরগুলোতে আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত মামলার পাহাড়। দলটির একটি নিজস্ব জরিপের তথ্য অনুযায়ী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের আমলে সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে প্রায় ২৪ হাজার মামলা। আসামির তালিকায় নাম উঠেছে প্রায় সাড়ে চার লাখ নেতাকর্মী ও সমর্থকের। খালেদা জিয়াসহ দুই শতাধিক কেন্দ্রীয় নেতার বিরুদ্ধেই রয়েছে প্রায় ৫ হাজার মামলা। মামলার সেঞ্চুরী-ডাবল সেঞ্চুরী পার করেছেন অন্তত দুই ডজন নেতা। প্রায় সব মামলাই দায়ের হয়েছে বিস্ফোরক দ্রব্য, সন্ত্রাসবিরোধী, দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে। মামলা দায়েরের সময় যেসব ধারা উল্লেখ করা হয় চার্জশিটের সময় আলাদা আইনে বিভক্ত হয়ে তৈরি হচ্ছে নতুন মামলা। ফলে চার্জশিটের পর বেশির ভাগ নেতার মামলায় পরিণত হচ্ছে দেড়গুণে।
ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট-ইত্তেফাক
দেশে ন্যায়পাল নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সংবিধানের ৭৭ অনুচ্ছেদ অনুযায়ী ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে। কিন্তু এতদিন ন্যায়পাল নিয়োগ না হওয়ায় আজ হাইকোর্টে রিট করেন আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে
ফরহাদ মজহার অপহরণ ঘটনা রহস্যজনক: ডিএমপি কমিশনার-প্রথম আলো
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ফরহাদ মজহারের জবানবন্দির সঙ্গে প্রাপ্ত তথ্যের মিল নেই। তদন্ত শেষে শিগগির এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আজ ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আছাদুজ্জামান মিয়া।ডিএমপি কমিশনার বলেন, ফরহাদ মজহারের অপহরণ রহস্যের সমাধান দু-এক দিনের মধ্যেই হবে।
ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী-নয়া দিগন্ত
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা বৃদ্ধির লক্ষ্যে ইসলামি ও মাদরাসা শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি বলেন, আলেমদের শত বছরের দাবির প্রেক্ষিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে আরো উচুমানের আলেম তৈরি হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে “ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জাতীয় প্রতিযোগিতা ২০১৭” উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শ্রোতাবন্ধুরা! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।
অমরনাথ যাত্রীদের উপর হামলার প্রতিবাদে একজোট হিন্দু-মুসলিমরা-সংবাদ প্রতিদিন
নট ইন মাই নেম- ইতিহাস থেকে উঠে আসা একটি স্লোগান। ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে এ সময়ে। গণপিটুনির প্রতিবাদে দেশের বিভিন্ন শহরের একশ্রেণির মানুষকে প্রতিবাদের মঞ্চ দিয়েছিল এ স্লোগান। এবার অমরনাথ যাত্রীদের উপর হামলার প্রতিবাদেও দেখা গেল সেই স্লোগান-নট ইন মাই নেম।
অমরনাথ হানা নিয়ে প্রবল চাপে কেন্দ্র, শুরু পারস্পরিক দোষারোপও-আনন্দবাজার
প্রায় দু’সপ্তাহ অমরনাথ যাত্রা শান্তিতে চলার পরে জঙ্গি হামলায় ৭ তীর্থযাত্রী নিহত হওয়ায় তুলকালাম প্রধানমন্ত্রীর সচিবালয়ে। শুরু হয়ে গিয়েছে পারস্পরিক দোষারোপের পালা। বিরোধীদের দাবি, এই ঘটনায় প্রধানমন্ত্রীর মুখ পুড়েছে। জঙ্গি সমস্যায় দীর্ণ জম্মু-কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি করা হবে কি না তা নিয়েও আজ এক প্রস্ত আলোচনা হয়েছে সরকারের শীর্ষ স্তরে।
সেনা-জঙ্গি সংঘর্ষে নিকেশ ৩ সন্ত্রাসবাদী-আজকাল
রাতভর গুলির লড়াইয়ে সাফল্য সেনার। জম্মু ও কাশ্মীরে নিহত তিন হিজবুল মুজাহিদিন সদস্য। মঙ্গলবার সন্ধেবেলা সেনাবাহিনী খবর পায় বাদগাম এলাকায় লুকিয়ে রয়েছে চার গেরিলা। তারপরেই শুরু হয় তল্লাশি। রেডগাম এলাকায় গেরিলাদের ঘিরে ফেলে আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। কিন্তু জবাবে তারা গুলি চালাতে শুরু করে। বুধবার ভোরে সকালে শেষ হয় গুলির লড়াই। তিন গেরিলার লাশ মিললেও একজন পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২