আগস্ট ০৯, ২০১৭ ১১:০৩ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! আমাদের নিয়মিত অনুষ্ঠান কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি। আজ ৯ আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতেই বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ দৈনিকের বিশেষ বিশেষ খবরের শিরোনাম। এরপর বাছাইকৃত কিছু খবরের গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশের শিরোনাম: 

  • মোবাইল প্যাকেজে ফাঁকি খতিয়ে দেখার নির্দেশ-ইত্তেফাক
  • গুড়ার সেই মেয়েটি রাজশাহীর সেফ হোমে-‘বন্দিজীবন চাইনি, এমন জানলে মামলা করতাম না’-প্রথম আলো
  • আদালতের হাত সংসদ ছোঁয়ার মতো লম্বা হয়নি: নাসিম-এনটিভিবিডি অনলাইন
  • ঢাকা ও চট্টগ্রামে ৪টি হজ ফ্লাইট বাতিল- যুগান্তর
  • সাংবাদিকদের ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই-অর্থমন্ত্রী-মানবজমিন
  • সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৬৮-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • বন্দি বাবাকে দেখতে এসে মুখে স্ট্যাম্প নিয়ে ফিরল দুই খুদে-সংবাদ প্রতিদিন
  • জল্পনায় ইতি, মমতার পাশে বসেই বিজেপিকে তীব্র আক্রমণ মুকুলের-আজকাল
  • বাধ্য হয়ে মানছি জিএসটি: মমতা ব্যানার্জী-আজকাল
  • বাতিল দুই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের ভোট-১২ ঘণ্টার নাটকের শেষে ফটোফিনিশে জয় আহমেদ পটেলের-আনন্দবাজার

শ্রোতা/পাঠক! শিরোনামের পর এবার বাংলাদেশ ও ভারতের সবচেয়ে আলোচিত 

আদালতের হাত সংসদ ছোঁয়ার মতো লম্বা হয়নি : নাসিম-এনটিভিবিডি অনলাইন

ষোড়শ সংশোধনী প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আদালতের রায় নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আদালতের হাত এত লম্বা হয়নি যে সংসদকে ছুঁতে পারে। ওদের হাত এত লম্বা নয়।’মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায়- সংসদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তাঁরা জেনেশুনেই সংসদকে অপমান করছে।’

বগুড়ার সেই মেয়েটি রাজশাহীর সেফ হোমে’ বন্দিজীবন চাইনি, এমন জানলে মামলা করতাম না-প্রথম আলো

বগুড়ায় শ্লীললতাহানির ঘটনার সেই ছাত্রীর আকুতি

বগুড়ায় ধর্ষণের শিকার ছাত্রীকে আদালতের নির্দেশে রাজশাহী মহানগরের সেফ হোমে এবং নির্যাতনের শিকার তার মাকে নগরীর ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ডিবি কার্যালয় থেকে কঠোর নিরাপত্তায় মেয়েটিকে রাজশাহীতে পাঠানো হয়। এ সময় বারবার তাকে ভেজা চোখ মুছতে দেখা গেছে। মেয়েটি প্রথম আলোকে বলেছে, হাসপাতালে ১১ দিন মা-মেয়ে একসঙ্গে ছিল। সোমবার রাতে মায়ের সঙ্গে ছিল ডিবি কার্যালয়ে। নির্যাতন-লাঞ্ছনার পরও মায়ের কাছাকাছি থাকায় মনে সাহস ছিল। কিন্তু এখন আলাদা থাকতে হবে, পরিবার ছেড়ে বন্দিজীবন কাটাতে হবে। এটা ভেবে তার কান্না পাচ্ছে। সে বলে, ‘নির্যাতনের শিকার হয়ে বিচার চেয়েছি। বন্দিজীবন চাইনি। এমন জানলে মামলা করতাম না। তার চেয়ে শহর ছেড়ে কোথাও চলে যেতাম। কেউ আমার কষ্ট বুঝত না। এখন আমার পড়াশোনার কী হবে? আমার কলেজে ভর্তির কী হবে? এভাবে সেফ হোমে বেশি দিন রাখলে দম বন্ধ হয়ে মরে যাব।’ 

মোবাইল প্যাকেজে ফাঁকি খতিয়ে দেখার নির্দেশ-ইত্তেফাক

মোবাইল ফোন অপারেটরদের প্যাকেজে গ্রাহকরা ফাঁকিতে পড়ছে কি-না এবং তাদের অভিযোগের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সে বিষয়ে প্রতিবেদন দিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ বিভাগ।

 দুই বছর আগেও মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের ডেকে নিয়ে কলড্রপসহ গ্রাহক ভোগান্তির বিষয়গুলো তুলে ধরে ‘অবিচার’ বন্ধের তাগিদ দিয়েছিলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

গতকাল টেলিযোগাযোগ বিভাগের উপ-সচিব মাজেদা ইয়াসমীন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিটিআরসি চেয়ারম্যানকে পাঠানো হয়। এতে মোবাইল ফোন অপারেটরদের বিভিন্ন প্যাকেজের শর্ত যাচাই করে প্রতিবেদন দিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে ৪টি হজ ফ্লাইট বাতিল-যুগান্তর

হজ যাত্রী সংকটের কারণে ঢাকা থেকে আজ বুধবারের দু'টি এবং চট্টগ্রাম থেকে আজ ও কাল বৃহস্পতিবারের দু'টি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, ভিসা জটিলতার কারণেই এ যাত্রী সংকট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিসা জটিলতা, ই-টোকেন ও পার্সপোর্ট জটিলতায় হজ যাত্রী সংকট রয়েছে। এ কারণে আজ ঢাকা থেকে দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৬৮-কালের কণ্ঠ

সাতক্ষীরায় পুলিশের সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ৬৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা সদর থানা থেকে ২৬ জন, কলারোয়া থানা ৭ জন, তালা থানা ৯ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৬ জন, আশাশুনি থানা ৫ জন, দেবহাটা থানা ৭ ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

সাংবাদিকদের ওয়েজ বোর্ডের প্রয়োজন নেই’-অর্থমন্ত্রী-মানবজমিন

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, সাংবাদিকদের জন্য নতুন কোনো বেতন কাঠামোর প্রয়োজন নেই।  গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)- এর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সাংবাদিকদের ওয়েজ বোর্ড আননেসেসারি,  টোটালি আননেসেসারি। বিকজ ইয়োরস স্যালারি স্কেলস আর বেটার দ্যান গভর্নমেন্ট স্যালারি স্কেলস (সাংবাদিকদের ওয়েজ বোর্ড অপ্রয়োজনীয়, পুরোপুরি অপ্রয়োজনীয়।

এদিকে নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, দেশের সাংবাদিক সমাজের ন্যায়সংগত দাবি নবম ওয়েজবোর্ড গঠনের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে বক্তব্য দিয়েছেন তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। বিবৃতিতে সাংবাদিক নেতারা অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে সাংবাদিকদের কাছে অবিলম্বে ক্ষমা চাওয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন। একই সঙ্গে চলতি মাসের মধ্যে নবম ওয়েজবোর্ড গঠনে দাবি জানান।

শ্রোতা/পাঠক! ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরের অংশ বিশেষ তুলে ধরছি।

বাতিল দুই বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়কের ভোট-১২ ঘণ্টার নাটকের শেষে ফটোফিনিশে জয় আহমেদ পটেলের-আনন্দবাজার

নাটকের শুরু দুপুর দেড়টায়। তাতে যখন ইতি পড়ল, ঘড়ির কাঁটা তখন রাত দু’টো ছুঁয়ে ফেলেছে। বিজেপি সভাপতি অমিত শাহের চ্যালেঞ্জের মোকাবিলা করে গুজরাত থেকে রাজ্যসভা ভোটে জিতে গেলেন কংগ্রেস সভাপতি সনিয়া গাঁধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল। সরকারি ভাবে ফল ঘোষণা না হলেও টুইট করে জয়ের দাবি করেছেন আহমেদ। লিখেছ্ন ‘সত্যমেব জয়তে’। উল্লাসে মেতেছেন কংগ্রেস কর্মীরা।

আগামিকাল সংসদে দাঁড়িয়ে কংগ্রেসের হাত থেকে ‘ভারত ছাড়ো’ আন্দোলনের অস্ত্র কেড়ে নেওয়ার পরিকল্পনা করেছেন নরেন্দ্র মোদী। তার আগের রাতে তিনি ধাক্কা খেলেন মোহনদাস কর্মচন্দ গাঁধীর রাজ্যে।

আজকালে লেখা হয়েছে,গুজরাটের রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস শীর্ষ নেতা আহমেদ প্যাটেলের নাটকীয় জয় ঘোষণা করার পর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নির্বাচন কমিশনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। বুধবার ভোররাতেই ঘোষণা হয়ে গিয়েছিল ৪৪ টি ভোটে জয়ী হয়েছেন আহমেদ প্যাটেল। 

বাধ্য হয়ে মানছি জিএসটি: মমতা ব্যানার্জী-আজকাল

কেন্দ্রের জন্য বাধ্য হয়ে রাজ্য পণ্য ও পরিষেবা কর ব্যবস্থা মেনে নিচ্ছে। কিন্তু, গরিব মানুষের স্বার্থে এই কর সম্পর্কে আমাদের যে লড়াই, তা যেমন ছিল, তেমন চলবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মঙ্গলবার বিধানসভায় ‘ওয়েস্ট বেঙ্গল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স’ বিল অনুমোদন করাতে গিয়ে এই কথা বলেছেন। বিরোধীদের তির্যক মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেন, পণ্য পরিষেবা করের ব্যাপারে আমরা কখনওই আমাদের অবস্থান থেকে সরে আসেনি। এক দেশ এক কর ব্যবস্থা, আমরা সমর্থন করেছি।

জল্পনায় ইতি, মমতার পাশে বসেই বিজেপিকে তীব্র আক্রমণ মুকুলের-আজকাল

জল্পনায় ইতি। দলত্যাগের সমস্ত সম্ভাবনা উড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকলেন মুকুল রায়। শুধু থাকলেনই না, কড়া ভাষায় আক্রমণ শানালেন বিজেপির বিরুদ্ধে।

কদিন ধরেই জল্পনা ছড়াচ্ছিল। শোনা যাচ্ছিল, একদা তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড নাকি দলত্যাগ করতে চলেছেন। একদিকে বিজেপি নেতারা রাজ্যে এসে মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগছেন। সে সময় তৃণমূলের চাণক্যর নীরবতা অনেকের কাছে আশ্চর্যজনক ঠেকেছিল। শোনা যাচ্ছিল, মুকুল রায় নাকি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছেন। বৈঠকও করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে। এ জল্পনা আরও উসকে দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আগামী দিনে অনেক নেতাই বিজেপিতে আসবে। এতে জল্পনা আরও বাড়ে। যদিও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূল জোটবদ্ধ ভাবেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করছে। এবং এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনও মুখের গ্রহণযোগ্যতা নেই বাংলার মানুষের কাছে। দলের একতারই ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

বন্দি বাবাকে দেখতে এসে মুখে স্ট্যাম্প নিয়ে ফিরল দুই খুদে-সংবাদ প্রতিদিন

বন্দি বাবাকে দেখতে এসে তবু মুখে স্ট্যাম্প নিয়েই ফিরতে হল তাদের। যা দেখে বাস্তবিকই শিউরে উঠল গোটা দেশ। 

ভোপাল সেন্ট্রাল জেলের এ ঘটনায় হইচই পড়েছে। দুই খুদের ছবিও সামনে এসেছে। তাদের গালে নীল রঙের স্ট্যাম্প স্পষ্ট। জানা যাচ্ছে, মায়ের সঙ্গেই সেন্ট্রাল জেলে গিয়েছিল ওই দুই খুদে। বন্দি বাবাকে দেখতে যাওয়াই ছিল তাদের উদ্দেশ্য। তারপরই এই কীর্তি। জেল কর্তৃপক্ষ তাদের গালে স্ট্যাম্প দিয়ে দেয়। কিন্তু কেন এরকম কাজ? কর্তৃপক্ষর সাফাই, জেলবন্দি মহিলাদের সন্তানদের সঙ্গে আলাদা করার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ। কিন্তু সে তো অন্যভাবেও করা যেত। কেন গালে স্ট্যাম্প মারা হল ওই খুদেদের? সে প্রশ্নই উঠছে। তবে কি বাবা জেলে বন্দি বলেই এই অবমাননা সইতে হল বাচ্চাদুটিকে? মানবাধিকার কর্মীরা এ প্রশ্ন তুলেছেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছেন তাঁরা। প্রবল সমালোচনার মুখে পড়ে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মধ্যপ্রদেশের কারামন্ত্রী।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯