আ. লীগের সংবাদ সম্মেলন: রায় বিএনপিকে রাজনীতির সুযোগ করে দিয়েছে
প্রিয় পাঠক/শ্রোতা! ১০ আগস্ট বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: রায় বিএনপিকে রাজনীতির সুযোগ করে দিয়েছে- দৈনিক প্রথম আলো
- আলোচনা সভায় ফখরুল: সরকার এখন বিচার বিভাগের প্রতিপক্ষ-দৈনিক প্রথম আলো
- বিএনপি অবৈধ হয়ে যেতে পারে: হাছান মাহমুদ- দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া কামনা- দৈনিক যুগান্তর
- সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের ৮০ ভাগ কাজ শেষ: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক
- জিয়া অরফানেজ মামলায় খালেদা জিয়ার স্থায়ী জামিন-দৈনিক নয়াদিগন্ত
- ট্রেনের ছাদে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা- দৈনিক মানবজমিন
- একি হাল ৪০৬ কোটি টাকার কারাগারের- দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- বিরোধী মহাজোট গড়ে বিজেপিকে ভারত ছাড়া করব, হুংকার মমতার- দৈনিক বর্তমান
- ২০২২-এর মধ্যে নতুন ভারত গড়ার ডাক মোদির- দৈনিক সংবাদ প্রতিদিন
- মমতাকে নিয়েই লড়তে হবে: মীরা- দৈনিক আজকাল
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: রায় বিএনপিকে রাজনীতির সুযোগ করে দিয়েছে-দৈনিক প্রথম আলো
সুপ্রিম কোর্টের রায় ও পর্যবেক্ষণে অনেক কথা এসেছে, যা অপ্রয়োজনীয় এবং এটা বিএনপিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। বুধবার আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
দলের ধানমন্ডি কার্যালয়ে সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু ও আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিম সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সম্মেলনে বলা হয়, আইনজীবীদের একটি সেল বিষয়টি নিয়ে কাজ করছে। রায় পুনর্বিবেচনা করা হবে, নাকি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত পর্যবেক্ষণ বাতিলের জন্য আবেদন করা হবে, সেটা নিয়ে পর্যালোচনা চলছে।
১ আগস্ট সুপ্রিম কোর্ট ষোড়শ সংশোধনীর পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর গতকালই আওয়ামী লীগের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ সম্মেলনে বারবার জোর দিয়ে বলা হয়েছে, বিএনপি রায়ের অপব্যাখ্যা করে রাজনীতি করছে, যা দুর্ভাগ্যজনক।
সংবাদ সম্মেলনে শ ম রেজাউল করিম বলেন, ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার আবেদন করা হবে, নাকি পর্যবেক্ষণে আসা অনাকাঙ্ক্ষিত বিষয় বাতিল করার জন্য আবেদন করা হবে, এটি নিয়ে তাঁরা ভাবছেন। দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
আলোচনা সভায় ফখরুল: সরকার এখন বিচার বিভাগের প্রতিপক্ষ

সরকার বিচার বিভাগের ‘প্রতিপক্ষ’ হিসেবে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অর্থমন্ত্রী যে কথা বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যে কথা বলেছেন, এতে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সরকার বিচার বিভাগের প্রতিপক্ষ হিসেবে অবস্থান নিয়েছে।
গতকাল বুধবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি ভবনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন উপলক্ষে এ সভা হয়।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এই রায়ের যে অবজারভেশন, এটা বাংলাদেশের মানুষের প্রাণের কথা। সেটাই সুপ্রিম কোর্ট বলেছেন। সুতরাং দেশের ১৬ কোটি মানুষ এই রায়ের অবজারভেশনের সঙ্গে আছে এবং তারা একমত।’
বিএনপি অবৈধ হয়ে যেতে পারে: হাছান মাহমুদ-দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ দাবি করেছেন, পঞ্চম সংশোধনীর রায়ের একটি ধারা অনুযায়ী বিএনপি অবৈধ হয়ে যেতে পারে। তাই ষোড়শ সংশোধনী নিয়ে বিএনপির লাফালাফির কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘পঞ্চম সংশোধনীর রায়ের ৩৫৪ প্যারায় যা বলা হয়েছে, সেই প্যারা অনুযায়ী বিএনপি তো অবৈধ হয়ে যেতে পারে। সুতরাং বিএনপিকে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এত লাফালাফি না করে পঞ্চম সংশোধনীর রায় পড়ে দেখে নিজেদের ভবিষ্যত্ নিয়ে চিন্তা করার অনুরোধ জানাব।’
তিনি বলেন, ষোড়শ সংশোধনীর রায়ে আদালত জিয়াউর রহমানের সময়ে করা সামরিক আইনের সমালোচনা করেছেন। বিএনপি সেগুলো নিয়ে কথা বলে না কেন?
সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের ৮০ ভাগ কাজ শেষ: ওবায়দুল কাদের- দৈনিক ইত্তেফাক

অর্থমন্ত্রীর বক্তব্যে ওয়েজবোর্ড বাস্তবায়নের পথ বন্ধ হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘সাংবাদিকদের নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব ইতিবাচক। প্রধানমন্ত্রীর নিদের্শে সাংবাদিকদের নবম ওয়েজবোর্ডের চেয়ারম্যান নিয়োগসহ ৮০ ভাগ কার্যক্রম শেষ হয়েছে। তথ্যমন্ত্রীকে এ বিষয়ে নিদের্শনাও দেয়া হয়েছে।’
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চারলেনের কাজ পরিদর্শনকালে টাঙ্গাইল রাবনা বাইপাসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওয়েজবোর্ড নিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিক সংগঠনগুলোও এ ব্যাপারে ঐক্যবদ্ধ আছে। এ বিষয়ে শুধু মালিকপক্ষকে পাওয়া যাচ্ছে না। মালিকপক্ষ এগিয়ে এলেই আলাপ আলোচনার মাধ্যমেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে।
খালেদা জিয়ার চোখে সফল অস্ত্রোপচার, দেশবাসীর কাছে দোয়া কামনা- দৈনিক যুগান্তর

লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ডান চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মোরফিল্ড চক্ষু হাসপাতালে স্থানীয় সময় ৮ আগস্ট সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের চোখের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি এখন বাসায় আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, ১৫ জুলাই খালেদা জিয়া চোখ ও পায়ের চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে গেলেও বাংলাদেশের রাজনৈতিক মহলে তার এ সফর নিয়ে বেশ আগ্রহ রয়েছে।
জিয়া অরফানেজ মামলা খালেদা জিয়ার স্থায়ী জামিন-দৈনিক নয়াদিগন্ত

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার জাকির হোসেন ভূইয়া, এ এইচ এম কামরুজ্জামান প্রমুখ।
এ বিষয়ে জাকির হোসেন ভূইয়া বলেন, আদালত রুল নিষ্পত্তি করে জিয়া আরফানেজ মামলায় স্থায়ী জামিন মঞ্জুর করেছেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও ইতিপূর্বে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, এ মামলায় ২০০৮ সালে খালেদা জিয়াকে জামিন দিয়ে রুল জারি করা হয়। কিন্তু দুদককে তখন পক্ষভূক্ত করা হয়নি। সম্প্রতি পক্ষভূক্ত হতে দুদক আবেদন করার পর হাইকোর্ট তা মঞ্জুর করেন।
ট্রেনের ছাদে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা-দৈনিক মানবজমিন

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী সাধারণের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধে এবার কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশ। গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে রেলওয়ে পুলিশ ওই ঘোষণা দেন। এতে বিবৃতিতে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়, রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ট্রেনের ছাদে ভ্রমণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ কল্পে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় ৮ই আগস্ট মঙ্গলবার সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়। এর আগে প্ল্যাটফরম এলাকায় ট্রেনের ছাদে ভ্রমণের বিভিন্ন ঝুঁকির কথা উল্লেখ করে মাইকিং এবং লিফলেটও বিতরণ করেছেন রেলওয়ে পুলিশ।
একি হাল ৪০৬ কোটি টাকার কারাগারের- দৈনিক মানবজমিন

দেয়ালে গুঁতো লাগলেই ঝরে পড়ে বালু-সিমেন্ট। বৃষ্টিতে ভেতরের অংশ ভিজে স্যাঁতসেঁতে। কর্মচারীদের আবাসিক ভবনের লোহার গেটও ভাঙা। দেখা দিয়েছে ফাটল। কারারক্ষীদের ব্যারাকের জানালা ঠিকমতো লাগে না। সামান্য ঝড়ে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে, তাতে আবার রয়েছে মরিচা। ঢাকার অদূরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরের তেঘরিয়ায় অবস্থিত কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজে এমন অর্ধশতাধিক ত্রুটি রয়েছে। অথচ মাত্র এক বছর আগে আধুনিক সুযোগ-সুবিধার কথা বলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগার এখানে স্থানান্তর করা হয়। কিন্তু দেখে মনে হয়_ দুই শতকের বেশি পুরনো নাজিমুদ্দিন রোডের কারাগারের চেয়েও এর অবস্থা করুণ। তাই অনেকের প্রশ্ন_ ৪০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারাগারের একি হাল!
সংশ্লিষ্টদের জোরালো বিশ্বাস, মানহীন নির্মাণ কাজের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা এও মনে করেন, কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও লুটপাটের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তা ও ঠিকাদাররা। উচ্চমূল্যের কাজ নিয়েও অতি নিম্নমানের কাজ করায় এমন হাল। পূর্ত বিভাগের কর্মকর্তারা কমিশন নিয়ে ঠিকাদারদের সুযোগ করে দিয়েছেন। এতে কারাগারের নিরাপত্তা নিয়েই এখন হুমকি দেখা দিয়েছে। জানা যায়, কারাগারটি উদ্বোধনের আগেই অনেক ত্রুটি-বিচ্যুতি ধরা পড়ে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
বিরোধী মহাজোট গড়ে বিজেপিকে ভারত ছাড়া করব, হুংকার মমতার- দৈনিক বর্তমান

‘সাম্রাজ্যবাদী ইংরেজ ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫ বছর পূর্তি দিবস ছিল বুধবার। সেই আন্দোলনের অন্যতম পীঠস্থান মেদিনীপুর শহর। সেই শহরের ঐতিহাসিক কলেজিয়েট স্কুল মাঠে এদিন দলের সভামঞ্চ থেকে স্বাধীনতা সংগ্রামের সেই অধ্যায়ের বীর সেনানীদের স্মরণ আর শ্রদ্ধা জ্ঞাপনের সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, শত শত শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বিপন্ন! বিপন্ন মানুষের অধিকার! আর যাদের জন্য বিপন্ন এই স্বাধীনতা, সেই বিজেপি ভারত ছাড়ো, সাম্প্রদায়িকতা ভারত ছাড়ো! গেরুয়া শিবিরকে ভারত ছাড়া করার এহেন পণ এবং তা বাস্তবায়নে সমস্ত বিরোধী দলকে একজোট করার কাজও যে তিনি শুরু করেছেন, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা। কোনও পদের জন্য নয়, শুধুমাত্র গেরুয়া বাহিনীকে ভারত ছাড়া করার চেষ্টাতেই যে তাঁর এই প্রয়াস, সেই বিষয়ে এদিন বার্তা দিয়েছেন তিনি।
২০২২-এর মধ্যে নতুন ভারত গড়ার ডাক মোদির- দৈনিক সংবাদ প্রতিদিন

এগোচ্ছে ভারত। কিন্তু দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বাদল অধিবেশনে যোগ দিয়ে সংসদে দাঁড়িয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারত ছাড়ো আন্দোলনের ৭৫ বছর উপলক্ষে লোকসভায় ভাষণ দিতে উঠে মোদি এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। অপরদিকে, ফের একবার কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর। এমনকী বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ সুগত বসু।
এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ আগামী পাঁচ বছরের মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দারিদ্র্য-অশিক্ষা-দুর্নীতি-জাতিভেদপ্রথা-ধর্মীয় হিংসার দূরীকরণকে প্রাধান্য দিয়ে ২০২২ সালের মধ্যে নতুন স্বপ্নের ভারত গড়তে হবে।” এর সঙ্গেই তিনি যোগ করেন, “করেঙ্গে ইয়া মরেঙ্গে। করেঙ্গে অউর করকে রহেঙ্গে।” একইসঙ্গে ভারত ছাড়ো’র তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে গান্ধীজি ও কংগ্রেসের বিশেষ ভূমিকার কথাও উল্লেখ করেছেন। অন্যদিকে এদিন লোকসভায় বক্তৃতা দিতে উঠে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ফের একবার কেন্দ্রকে আক্রমণ করে বলেন, “দেশে বিভাজনের রাজনীতি চলছে। বর্তমানে গণতন্ত্র ও স্বাধীন মতামত প্রকাশ করা বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আমরা যদি স্বাধীনতার কথা মনে রাখতে চাই তাহলে এইসবের বিরুদ্ধে আমাদের লড়তে হবে।”
মমতাকে নিয়েই লড়তে হবে: মীরা- দৈনিক আজকাল

দেশ জুড়ে জাতপাত এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ে মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে লড়তে হবে। বুধবার এ কথা জানালেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার। আগস্ট বিপ্লব নিয়ে কলকাতায় এক আলোচনাসভায় বলছিলেন তিনি। তঁfর কথায়, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা লড়াই করব। এই লড়াইয়ে মমতা আছে, কংগ্রেস আছে।’ মঞ্চের বাইরে তিনি অভিযোগ করেন, গত তিন বছরে সাম্প্রদায়িকতা ভীষণ বেড়ে গেছে।
নিজের বক্তৃতায় নানা সময়ে তিনি বর্ণ এবং জাতপাত ছাড়াও ধনী–দরিদ্র প্রসঙ্গটিও টেনে এনেছেন তিনি।
‘কেন ধনী আর দরিদ্রের এত তফাত থাকবে? এখনও কিছু মন্দির আছে যেখানে নিম্নবর্ণের লোকেদের ঢুকতে দেওয়া হয় না। আমি মনে করি, যতটা আমি নিজের ধর্মকে সম্মান করি তার থেকে বেশি অন্যের ধর্মকে সম্মান করা উচিত’, জানালেন মীরা কুমার। এদিন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, তাঁর পরিবারের পঁfচজন দেশের স্বাধীনতা আন্দোলনে শহিদ হয়েছেন। মঙ্গলবার রাজ্যসভায় কংগ্রেসের জয় নিয়ে তঁার বক্তব্য, জাতপাতের বিরুদ্ধে এই জয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০