‘সবাই চায়’ তবুও ২৭ বছর ধরে হচ্ছে না ডাকসু নির্বাচন
প্রিয় পাঠক/শ্রোতা! ১২ আগস্ট শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার কারণে দুই ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকার খবরটি আজ ঢাকার সবগুলো দৈনিক গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। এ ছাড়া, দৈনিকগুলোর আরো কিছু শিরোনাম হচ্ছে-
বাংলাদেশের শিরোনাম:
- হজযাত্রী পরিবহনে সমস্যা কাটেনি- দৈনিক প্রথম আলো
- ধৃষ্টতা দেখিয়েছেন প্রধান বিচারপতি: মোশাররফ- দৈনিক যায়যায়দিন
- 'সরকারের নির্দেশে খায়রুল হক প্রতারণা করেছিলেন': রুহুল কবির রিজভি- দৈনিক ইত্তেফাক
- ইলিশের সরবরাহ প্রচুর, দাম নাগালের বাইরে- দৈনিক যুগান্তর
- আইসিস জালে বাংলাদেশ!- দৈনিক মানবজমিন
- কত বন্দি হাসপাতালে জানে না মন্ত্রণালয়- দৈনিক সমকাল
- ‘সবাই চায়’ তবুও ২৭ বছর ধরে হচ্ছে না ডাকসু নির্বাচন- দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- ডোকলামে আরও সেনা পাঠাল ভারত, তবে কি যুদ্ধ আসন্ন?- দৈনিক সংবাদ প্রতিদিন
- বফর্স মামলা ফেরাতে সরকারের অনুমতি চাইল সিবিআই- দৈনিক আনন্দবাজার
- এই বিরোধী মহাজোটই হটাবে মোদিকে: মমতা- দৈনিক বর্তমান
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শাহজালাল বিমানবন্দরে আগুন, ঘটনা তদন্তে দুই কমিটি- দৈনিক ইত্তেফাক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার দুপুরে আগুন লেগে প্রায় দেড় ঘণ্টা সকল কার্যক্রম বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। বিকেল ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনা তদন্তে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, আগুন লাগার সময় আন্তর্জাতিক রুটের কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে। তবে আগুনের ঘটনায় আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক রুটে কোন ফ্লাইট বিলম্বিত হয়নি বলে দাবি করছে সিভিল এভিয়েশনের সদস্য অপারেশন এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান।
এ দিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর শুক্রবার বিকেলে এয়ার ইন্ডিয়ার কাস্টমার সার্ভিসের কর্মকর্তা তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমাদের পুরো অফিস পুড়ে গেছে। লকার, কাগজপত্র ও টাকাপয়সা যা ছিল সব পুড়ে গেছে। আমাদের পাশে কাতার এয়ারের একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত এ ব্যাপারে তিনি কোন ধারণা দিতে পারেননি।
হজযাত্রী পরিবহনে সমস্যা কাটেনি- দৈনিক প্রথম আলো

সৌদি আরবে হজযাত্রী পরিবহন নিয়ে সৃষ্ট সংকট গতকাল শুক্রবারও কাটেনি। যাত্রীসংকটের কারণে গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি হজ ফ্লাইট পিছিয়ে দেওয়া হয়েছে। যাত্রীসংকটের কারণে গত ১৪ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৬টি হজ ফ্লাইট বাতিল বা পিছিয়ে দেওয়া হলো।
এর জন্য হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলছে, এজেন্সিগুলোর গাফিলতির জন্য এমন সংকট তৈরি হয়েছে। সূত্র বলেছে, সৌদি আরবে বাড়ি ভাড়া না করায় হজযাত্রীরা ভিসা পাচ্ছেন না। আবার ভিসা না হওয়ায় তাঁরা টিকিট করতে পারছেন না। ফলে এজেন্সিগুলো আগে আসন বুকিং দিলেও পরে নিশ্চিত না করায় হজযাত্রী সংকটে ফ্লাইট বাতিল হচ্ছে বা পিছিয়ে যাচ্ছে।
গতকাল বিমান বাংলাদেশের বেলা ১টা ২৫ মিনিটের যে হজ ফ্লাইট (বিজি-৭০৫৭) যেতে পারেনি, তা পিছিয়ে ১৩ আগস্ট ভোর ছয়টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে গতকাল সৌদি এয়ারলাইনসের ছয়টি ও বিমানের পাঁচটি হজ ফ্লাইটে ৪ হাজার ১০১ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।
ধৃষ্টতা দেখিয়েছেন প্রধান বিচারপতি: মোশাররফ- দৈনিক যায়যায়দিন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, 'সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন।' তিনি এর ধিক্কার জানান। শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই রায়ে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয় আছে উল্লেখ করে এলজিআরডিমন্ত্রী বলেন, 'অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তা বলেছেন। যেসব অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনর্বিবেচনা করেন। জনগণের মনে দুঃখ দিয়ে কোনো বিচারকার্য সম্ভব নয়। যদি কোনো দেশের বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থার সংকট দেখা দেয়, সে দেশ কিন্তু প্রলয়ঙ্করী বিপদের মধ্যে পড়ে।'
'সরকারের নির্দেশে খায়রুল হক প্রতারণা করেছিলেন': রুহুল কবির রিজভি- দৈনিক ইত্তেফাক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হক দেশের গণতন্ত্রের জন্য সর্বোচ্চ খারাপ নজির স্থাপন করে গেছেন। সেই সময় তিনি বর্তমান সরকারের নির্দেশেই জাতির সঙ্গে প্রতারণা করেছিলেন।
তিনি বলেন, 'ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যখন আদালতে প্রকাশ্যে পড়ে শোনানো হয় তখন খায়রুল হক বলেছিলেন আরো দুই মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখা যেতে পারে। অথচ এর ১৬ মাস পর যখন তিনি পূর্ণাঙ্গ রায় লিখিতভাবে প্রকাশ করলেন তাতে এ কথাটাই বাদ দিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছিলেন। বর্তমান সরকারের নির্দেশে তিনি যে তা করেছিলেন তার বর্তমান বক্তব্যে সেটি আবারো জনগণের কাছে প্রমাণিত হলো।'
শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। এসময় তিনি বলেন, 'বিচারপতি খায়রুল হক ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের প্রতিক্রিয়ায় তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটিও প্রধানমন্ত্রীর নির্দেশেই করেছেন। পরে এর পুরস্কারও পেয়েছেন তিনি আইন কমিশনের চেয়ারম্যান হয়ে।' তিনি বলেন, 'প্রধানমন্ত্রীর তহবিল থেকে খায়রুল হক পুরস্কার হিসেবে ১০ লাখ টাকাও নিয়েছেন চিকিৎসার কথা বলে, যা সেসময় গণমাধ্যমে খবর বেরিয়েছিল। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সরকারের এধরণের চাকরি গ্রহণ করা নজীরবিহীন এবং আত্মবিক্রয়ের এক উজ্জল দৃষ্টান্ত।'
ইলিশের সরবরাহ প্রচুর, দাম নাগালের বাইরে- দৈনিক যুগান্তর

বাজারে ইলিশ মাছের সরবরাহ প্রচুর। তরপরও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে গত সপ্তাহের তুলনায় দাম একটু কমেছে। কিন্তু দাম আরও কমা উচিত ছিল বলে মনে করছেন ক্রেতারা।
দাম না কমা সম্পর্কে বিক্রেতাদের বক্তব্য- ‘এই সময় যেভাবে ইলিশের সরবরাহ থাকার কথা ছিল সেভাবে নেই। এ কারণে দাম দ্রুত কমছে না। তবে দু-চার দিন পর দাম আরও কমবে।’ এদিকে নতুন করে দাম বেড়েছে পেঁয়াজ,আদা ও রসুনের। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি, চাল ও অন্যান্য নিত্যপণ্য।
শুক্রবার রাজধানীর শেওড়াপাড়া বাজার ও কারওয়ান বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। এদিন রাজধানীতে বাজার ভেদে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হয় দুই হাজার ৪০০ টাকা জোড়া। তবে এই আকারের মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছিল তিন হাজার থেকে তিন হাজার ২০০ টাকায়। সে তুলনায় জোড়ায় কমেছে ৬০০-৮০০ টাকা।
আইসিস জালে বাংলাদেশ!- দৈনিক মানবজমিন
আইসিস জঙ্গি নেটওয়ার্কে আবারও বাংলাদেশ। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর এক সাম্প্রতিক হলফনামায় বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে। এতে দাবি করা হয়েছে, কথিত ওই আন্তর্জাতিক নেটওয়ার্কের জঙ্গিরা বৃটেন ও বাংলাদেশে গ্রেপ্তার হয়েছিলেন। ওই হলফনামায় বলা হয়েছে, প্রায় ৩০ জনের একটি দল আইসিসের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। তারা একটি গ্লোবাল জিহাদি নেটওয়ার্কের অংশ ছিল, আর তাদের তৎপরতা ছিল বৃটেন থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। এদের নেতা সাইফুল সুজন ছিলেন আইসিসের জ্যেষ্ঠ নেতা। ২০১৫ সালে এক বিমান হামলায় তিনি নিহত হন। চাঞ্চল্যকর এ খবরটি দিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
‘সবাই চায়’ তবুও ২৭ বছর ধরে হচ্ছে না ডাকসু নির্বাচন- দৈনিক যুগান্তর

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, শিক্ষক-শিক্ষার্থী, এমনকি ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোসহ সবাই চায়- তারপরও ২৭ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হচ্ছে না। কিন্তু কেন? এ প্রশ্ন সংশ্লিষ্টদের সবার মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে।
২৯ জুলাই ছাত্র প্রতিনিধি ছাড়া উপাচার্য প্যানেল নির্বাচনের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় ডাকসু নির্বাচন দাবির আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। এরপর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন-কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ডাকসু নির্বাচন দিতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদের তাগিদকে গুরুত্ব দেয়া হয়নি। এরপরেও ডাকসু নির্বাচনের উদ্যোগ না নেয়ায় অজানা রহস্যের সৃষ্টি হয়েছে। ২ যুগেরও বেশি সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন না হওয়াকে ‘রাষ্ট্রযন্ত্রের স্বৈরতান্ত্রিক’ মনোভাবের বহির্প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ছাত্রদের মতামত প্রদানের যে অধিকার দিয়েছে- রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সম্মিলিত ক্ষমতাকে ভয় পেয়ে যুগ যুগ ধরে তা রুদ্ধ করে রেখেছে।
কত বন্দি হাসপাতালে জানে না মন্ত্রণালয়- দৈনিক সমকাল

দেশের শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ দাগি আসামিরা চিকিৎসার নামে কারাগারের বাইরে বিভিন্ন হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আরাম-আয়েশে থাকছে। কারা অধিদপ্তরের কিছু কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগসাজশে তারা বছরের পর বছর কারাগারের বাইরে স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের এ সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। চিকিৎসাধীন এসব বন্দির মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকার শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফ, ইয়াবা ব্যবসায়ী আমিন হুদাসহ অনেকে রয়েছে।
তবে এ রকম কতজন বন্দি বিভিন্ন হাসপাতালে আছে তা জানে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চিকিৎসাধীন বন্দিদের হিসাব জানার জন্য তাদের তালিকা চেয়ে এক মাস আগে কারা অধিদপ্তরকে চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। তবে এ ব্যাপারে কারা অধিদপ্তর কোনো জবাব দেয়নি বলে সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (কারাগার) মহিবুল হক সমকালকে জানান।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
ডোকলামে আরও সেনা পাঠাল ভারত, তবে কি যুদ্ধ আসন্ন?- দৈনিক সংবাদ প্রতিদিন

ক্রমশ ঘনিয়ে আসছে যুদ্ধের মেঘ। এবার ডোকলামে চরম সতর্কতা জারি করল ভারত। পাঠানো হয়েছে আরও সেনা। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই ও রয়টার্স। অরুণাচল ও সিকিমে প্রায় ১ হাজার ৪০০ কিমি দীর্ঘ চিন সীমান্ত জুড়ে ভারতীয় সেনাকে যেকোনও মুহূর্তে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলা হয়েছে। পিটিআই সূত্রে খবর, লালফৌজের যুদ্ধের হুঙ্কার ও আগ্রাসনকে নজরে রেখেই তৈরি থাকছে ভারত।
বিতর্কিত ডোকলাম এলাকায় হাতে গোনা ৫৩ জন ভারতীয় সেনা জওয়ান মোতায়েন রয়েছেন। তাঁদের পিছনে মানবশৃঙ্খল গড়ে হাতে হাত মিলিয়ে দাঁড়িয়ে রয়েছেন আরও শ’চারেক জওয়ান। এঁদের মাত্র কয়েক কিলোমিটার পিছনে রয়েছেন অন্তত ২৫ থেকে ৩০ হাজার সেনা। হঠাৎ যুদ্ধ লাগলে এই সেনারা সবাই ডোকলামে এসে ‘ব্যাক আপ ফোর্স’ হিসাবে মুখোমুখি গুলিযুদ্ধে অংশ নেবেন বা পালটা হামলা চালাবেন চিনা ভূখণ্ডে। ঠিক একইভাবে চিনা সেনারাও তাদের মানবশৃঙ্খল ও চক্রব্যূহ তৈরি করেছে। মোতায়েন করেছে বিপুল সংখ্যক সেনা। দুই তরফেই মোতায়েন করা হয়েছে ভারী ট্যাঙ্ক, মেশিনগান ট্রেঞ্চ এবং মিসাইল লঞ্চার ট্রাক।
বফর্স মামলা ফেরাতে সরকারের অনুমতি চাইল সিবিআই- দৈনিক আনন্দবাজার

আইন মন্ত্রকের অনুমতি পেলে ’৮৬ সালের বফর্স কেলেঙ্কারির তদন্ত আবার নতুন করে শুরু করতে পারে সিবিআই। সিবিআইয়ের তরফে সেই অনুমতি পাওয়ার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ, বফর্স হাউইৎজার কামান কেনার চুক্তির সময় তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধী ও জনাকয়েক আমলা মোটা অঙ্কের ঘুষ নিয়েছিলেন।
২০০৫ সালে ইউপিএ সরকারের আমলে বফর্স মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এ বছরের জুনে সাংসদদের একটি প্যানেল সিবিআইকে আইন মন্ত্রকের অনুমতি নিয়ে সুপ্রিম কোর্টে এ ব্যাপারে একটি মামলা করার পরামর্শ দেয়। ওই রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি পিটিশন বহু দিন পড়ে রয়েছে সুপ্রিম কোর্টে। ইঙ্গিত মিলেছে, সিবিআই এ বার সেই পিটিশনটিকে সমর্থন করতে পারে। সাংসদদের ৬ জনের একটি প্যানেল এখন বফর্স চুক্তি নিয়ে অডিটরের দেওয়া পরীক্ষা করে দেখছে।
এই বিরোধী মহাজোটই হটাবে মোদিকে: মমতা- দৈনিক বর্তমান

দেশজুড়ে জোট গড়ে গণআন্দোলন ছড়িয়ে দেওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৮টি দলের বিরোধী জোটের বৈঠকে সোনিয়া গান্ধীকে মমতা বলেছেন, বিজেপিকে তাড়াতেই হবে। আর বিজেপি’কে ভারত ছাড়া করার কাজটা করবে এই জোটই। আজ সংসদের বাদল অধিবেশন শেষ হয়ে গেল। কিন্তু এখন আর চুপ করে থাকার সময় নেই। রাস্তায় নামতে হবে। শুধু মুখেই নয়, মমতা আজ রীতিমতো এই বৈঠকে রোডম্যাপ দিয়ে বলেছেন, ২৭ আগস্ট যেভাবে বিহারে লালুপ্রসাদ যাদব মহাসমাবেশের ডাক দিয়েছেন, ঠিক সেভাবেই অন্য রাজ্যেও একইভাবে বিক্ষোভ, মিছিল, সমাবেশ করে মোদি সরকারকে বার্তা দিতে হবে। মমতার সাফ কথা, দেশ থেকে আওয়াজ উঠেছে বিজেপি ভারত ছাড়ো।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২