সেপ্টেম্বর ০৪, ২০১৭ ১৪:০৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদেরের সহায়ক সরকারের ব্যাখ্যায় একমত নয় বিএনপি: যুগান্তর

শ্রোতাবন্ধুরা ৪ সেপ্টেম্বর সোমবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি।  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বাংলাদেশ থেকে কোনো পত্রিকা প্রকাশিত হয় নি। তাই অনলাইন সংস্করণে প্রকাশিত খবরগুলো দিয়েই আজকের আসর সাজিয়েছি। সেইসঙ্গে ভারতের বাংলা দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ খবরগুলো পর্যালোচনাও করা হবে। প্রথমেই ঢাকা ও কোলকাতার দৈনিকগুলোর উল্লেখযোগ্য কিছু শিরোনাম জানিয়ে দিচ্ছি।

ঢাকার বাংলা দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম

  • সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের- সমকাল
  • ওবায়দুল কাদেরের সহায়ক সরকারের ব্যাখ্যায় একমত নয় বিএনপি: যুগান্তর
  •  নির্বাচন নিয়ে বিএনপির শোরগোল রহস্যজনক: তথ্যমন্ত্রী- ইত্তেফাক
  •  জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের অক্টোবরেই- অর্থমন্ত্রী- মানবজমিন
  • রোহিঙ্গাদের আমরা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছি: মতিয়া চৌধুরী- কালের কণ্ঠ
  • ১০ দিনে ৯০ হাজার রোহিঙ্গা ঢুকেছে, নাফ নদীতে আরও দুজন রোহিঙ্গার লাশ- প্রথম আলো

কোলকাতার শিরোনাম 

  •  হৃদরোগে মৃত্যু তৃণমূল সাংসদ সুলতান আহমেদের: আনন্দবাজার
  • পাহাড়ে আইইডি বিস্ফোরণ গুরুংকে ধরতে ‘স্পেশ্যাল স্কোয়াড’- সংবাদ প্রতিদিন
  • উত্তরপ্রদেশে ফের ৪৯টি শিশুর মৃত্যু: আজকাল

পাঠক! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে: ওবায়দুল কাদের- সমকাল

সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, সহায়ক সরকার ছাড়াই বিএনপি নির্বাচনে আসবে। তারা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরও খারাপ। 

সোমবার সকাল ১১ টায় বেগমগঞ্জ ও লক্ষ্মীপুর সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদেরের সহায়ক সরকারের ব্যাখ্যায় একমত নয় বিএনপি: যুগান্তর

সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ব্যাখ্যার সঙ্গে বিএনপি একমত নয় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘সহায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের যে চিন্তা তার সঙ্গে বিএনপির চিন্তার মিল নেই। আমরা সহায়ক সরকার বলতে সম্পূর্ণ দলনিরপেক্ষ সরকার বুঝিয়েছি, যারা নির্বাচনের সময় কাজ করবে। এক্ষেত্রে ওবায়দুল কাদের যে ব্যাখ্যা দিয়েছেন, তা ঠিক নয়।’

নির্বাচন নিয়ে বিএনপির শোরগোল রহস্যজনক: তথ্যমন্ত্রী- ইত্তেফাক

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো প্রস্তাব ছাড়া, কোনো রূপরেখা ছাড়া, খালেদা জিয়া এবং বিএনপি যেভাবে নির্বাচন নিয়ে শোরগোল করছে সেটাই চক্রান্তমূলক, রহস্যজনক এবং বিভ্রান্তিমূলক।

সোমবার কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন বিএনপির কোনো এজেন্ডা নয়, বিএনপির এজেন্ডা হলো যে কোনো পন্থায় শেখ হাসিনার বৈধ সাংবিধানিক সরকারকে উচ্ছেদ করে, ক্ষমতাচ্যুত করে গায়ের জোরে শেখ হাসিনার সরকারে সাগরে ভাসিয়ে দেয়ার একটা চক্রান্ত আছে। এ চক্রান্ত সফল হবে না, বাংলাদেশ সাংবিধানিক পদ্ধতিতেই চলবে এবং যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচন হবে।

জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের অক্টোবরেই- অর্থমন্ত্রী- মানবজমিন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশা করছেন আগামী অক্টোবরেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আজ সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় তিনি ওই মন্তব্য করেন। তিনি রাখাইনে রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়ে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানান। আরো জানান এতে বাংলাদেশ সরকার ক্ষুব্ধ। তিনি বলেন,  আমরা মনে করি রাখাইনের এই সমস্যা সমাধান করতে হলে প্রয়োজন আন্তর্জাতিক হস্তক্ষেপ। বাংলাদেশের নির্বাচন কমিশন সম্পর্কেও তিনি মন্তব্য করেন। মিয়ানমারে রোহিঙ্গা সঙ্কট সম্পর্কে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আমরা ভাল সম্পর্ক রাখার চেষ্টা করছি। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি রোহিঙ্গা ইস্যুতে যে পদক্ষেপ নিয়েছেন তা ঘৃণিত হয়েছে ও নিন্দিত হয়েছে। অর্থমন্ত্রী আরো বলেন, অং সান সুচি কিভাবে সরকারের এমন কর্মকাণ্ডের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে, তা আমাদের বোধগম্য নয়।

'রোহিঙ্গাদের আমরা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছি: মতিয়া চৌধুরী- কালের কণ্ঠ

রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের ফিরিয়ে নিতে সে দেশের সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর প্রতি আহবান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।  

আজ সোমবার ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবসে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, রোহিঙ্গারা সমস্যায় পড়লেই আমরা তাদের সাহায্য-সহযোগিতা করি। কিন্তু বার বার তাদের সাহায্য-সহযোগিতা করা কি সম্ভব? মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের আমরা সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করছি। কিন্তু কত সাহায্য করা যায়? আমাদের সম্পদেরও তো একটা হিসাব আছে।

১০ দিনে ৯০ হাজার রোহিঙ্গা ঢুকেছে, নাফ নদীতে আরও দুজন রোহিঙ্গার লাশ - প্রথম আলো

মিয়ানমারে গত মাসে সহিংসতা ছড়িয়ে পড়ার পর প্রাণভয়ে গত ১০ দিনে প্রায় ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। টেকনাফ ও উখিয়ার উপকূলীয় এলাকায় অবস্থান নেওয়া এই রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিচ্ছে বিভিন্ন দাতা সংস্থা, সংগঠন ও স্থানীয় লোকজন।

এদিকে, কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরও দুজন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টা থেকে আজ সোমবার সকাল ১০টার মধ্যে লাশ দুটি উদ্ধার করা হয়। এ নিয়ে গত বুধবার থেকে এখন পর্যন্ত নাফ নদী থেকে ৫৫ জন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

মিঠামইনে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২৫

কিশোরগঞ্জের মিঠামইনে আজ আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আনিস মিয়া (২০) নামে একজন নিহত হয়েছেন। তিনি ঘাগড়া গ্রামের আরাফাত আলীল ছেলে। সংঘর্ষে পাঁচ পুলিশসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠামইনের ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া ও একই এলাকার আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বুলবুলের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এবার বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল হজে চলে যাওয়ায় প্রতিপক্ষ বাচ্চু গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালায়। এ নিয়ে আজ দুপুরে বুলবুলের পক্ষের রেণু মিয়া ও প্রতিপক্ষ বাচ্চু মিয়ার মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে রেণু মিয়ার পক্ষের আনিস নিহত হয়। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ সময় ওসিসহ পাঁচ পুলিশও আহত হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

হৃদরোগে মৃত্যু তৃণমূল সাংসদ সুলতান আহমেদের: আনন্দবাজার

প্রয়াত উলুবেড়িয়ার তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। আজ সকালে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সাংসদকে বেলভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে মধ্য কলকাতার বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন সুলতান আহমেদ। তাঁকে দ্রুত বেলভিউতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তার আগেই সব শেষ। চিকিৎসকরা জানিয়ে দেন, সাংসদের মৃত্যু হয়েছে।

পাহাড়ে আইইডি বিস্ফোরণ গুরুংকে ধরতে ‘স্পেশ্যাল স্কোয়াড’- সংবাদ প্রতিদিন

সিকিমে অভিযান চালিয়ে অল্পের জন্য বিমল গুরুংকে ধরতে না পারায় পুলিস–প্রশাসন এবার আরও তৎপর। পাহাড়ে পরপর আইইডি বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ মামলায় অভিযুক্ত বিমল গুরুংদের ধরার জন্য ‘স্পেশ্যাল স্কোয়াড’ও তৈরি করে ফেলেছে পুলিস। বিশেষ এই বাহিনীতে দার্জিলিং পুলিস, কালিম্পং পুলিসের পাশাপাশি সিআইডি এবং গোয়েন্দা শাখার কর্মীরাও আছেন। আছে প্রত্যেক বিভাগ থেকে দক্ষ অফিসার। তদারকির জন্য থাকছেন একাধিক আইপিএস। যদিও এই স্পেশ্যাল বাহিনী এবং পুলিসের আগামী পদক্ষেপ নিয়ে কোনওভাবেই মুখ খুলছেন না পুলিসকর্তারা।

উত্তরপ্রদেশে ফের ৪৯টি শিশুর মৃত্যু: আজকাল

যোগীর রাজ্যে ফের মৃত্যু মিছিল। এবার কাঠগড়ায় ফারুখাবাদের রাম মনোহর লোহিয়া রাজকীয় চিকিৎসালয়। গত একমাসে সেখানে ৪৯টি শিশুর মৃত্যু হয়েছে। অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধের অভাবেই মৃত্যু হয়েছে তাদের। হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার এবং চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্টের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। ফারুখাবাদের এসপি দয়ানন্দ মিশ্র জানিয়েছেন, ‘হাসপাতালের সিএমও, সিএমএস এবং জনা কয়েক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত শুরু হলে পরবর্তী পদক্ষেপ করা হবে।’#

পার্সটুডে/আশরাফুর রহমান/৪