কোনো সমস্যাই বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- কোন সমস্যাই বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না -প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
- কুষ্টিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১-প্রথম আলো
- অর্থনীতিবিদদের অভিমত শর্তের জালে ভারতীয় ঋণ-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা সংকট নদীর ওপাড়ে কাঁদে মানবতা!-দৈনিক যুগান্তর
- মিয়ানমারকে রোহিঙ্গামুক্ত করার সুস্পষ্ট মিশনে নেমেছে সেনাবাহিনী-দৈনিক মানবজমিন
- থানায় জিডি হয় তদন্ত হয় না--দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- জেরা সন্তোষজনক নয়, হানিপ্রীতের নার্কো পরীক্ষা করতে চায় পুলিশ-আনন্দবাজার
- গান্ধী হত্যা নিয়ে সুপ্রিম তদন্ত? --দৈনিক আজকাল
- বিজেপির ‘চক্রান্তে’অশান্ত পাহাড়, মোদির কুশপুতুল নিয়ে প্রতিবাদের পথে তৃণমূল- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
কোনো সমস্যাই বাংলাদেশের অগ্রগতি থামাতে পারবে না-প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কখনো কোন সমস্যা দেখে ভয় পায় না এবং মিয়ানমার থেকে নির্মমভাবে তাড়িয়ে দেয়া লাখ লাখ লোক বাংলাদেশে চলে আসা সত্ত্বেও এদেশ এগিয়ে যাবে। যুক্তরাজ্য ও ইউরোপীয় অন্যান্য দেশের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়ের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা বলেছেন।
প্রধান বিচারপতির ছুটি নিয়ে পানি ঘোলা করার চেষ্টায় বিএনপি’-ইত্তেফাক
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান বিচারপতির ছুটি নিয়ে শান্তিপূর্ণ অবস্থাকে অশান্তিতে পরিণত করতে চাইছে বিএনপি। যা কোনো দিনই এ দেশের মানুষ বাস্তবে পরিণত করতে দেবে না। আজ সকালে মাদারীপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের নৌ-পরিবহন মন্ত্রী এসব কথা বলেন।
আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, প্রধান বিচারপতি ছুটিতে যাওয়ায় বিএনপির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এ কারণে এখন উদ্বিগ্ন হয়ে তারা উন্মাদের মতো আচরণ করছে।
বিচার বিভাগের ওপর আঘাত করা হয়েছে: রিজভী-যুগান্তর
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিচার বিভাগের প্রধান মানে একটি স্বাধীন সংস্থার প্রধান, একটি ইনস্টিটিউট।সুপ্রিম কোর্টের একটি রায়ের পর্যবেক্ষণে ক্ষুব্ধ সরকার তার যে হাল করেছে, এর মধ্য দিয়েই বিচার বিভাগের ওপর আঘাত করা হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে শুক্রবার এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
অর্থনীতিবিদদের অভিমত শর্তের জালে ভারতীয় ঋণ-দৈনিক যুগান্তর
নানা শর্তের বেড়াজালে ভারতের তৃতীয় ঋণের ৪৫০ কোটি ডলার (৩৬ হাজার কোটি টাকা)। এই অর্থে বাস্তবায়িতব্য প্রকল্প ব্যয় বেড়ে যাবে এবং প্রকল্প বাস্তবায়নও হবে বিলম্বিত। শুধু তা-ই নয়, পরোক্ষভাবে ঋণের সুদের হারও বেড়ে যাবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তাদের মতে, এর আগে নেয়া (সম্প্রতি নয়) বিভিন্ন দেশের ঋণের তুলনায় এ ঋণে শর্ত বেশি এবং পরিশোধের সময়সীমাও কম। পাশাপাশি সামগ্রিকভাবে স্বস্তিকরও নয়।
অর্থনীতিবিদরা আরও জানান, ভারত থেকে লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় নেয়া আগের দুটি ঋণের (তিনশ’ কোটি ডলার) সার্বিক কার্যক্রম সঠিকভাবে বিশ্লেষণ করে থাকলে পুনরায় একই ধরনের ঋণ নেয়ার প্রয়োজন ছিল না। কারণ সেটি ইতিবাচক ছিল না।
মিয়ানমারকে রোহিঙ্গামুক্ত করার সুস্পষ্ট মিশনে নেমেছে সেনাবাহিনী-দৈনিক মানবজমিন
সেনাবাহিনী মিয়ানমারকে রোহিঙ্গামুক্ত করার সুস্পষ্ট মিশনে নেমেছে। এ জন্য সেখানে নতুন করে টার্গেটেড বা সুনির্দিষ্ট অবরোধ আরোপ করা উচিত। রোহিঙ্গা সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্রের হাউজ কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স-এ শুনানিতে এমন দাবি তুলেছেন ওই কমিটির র্যাংকিং সদস্য এলিয়ট এল এঞ্জেল।
ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয়-অবিলম্বে রোহিঙ্গাদের দেশে ফিরতে দিতে হবে-দৈনিক মানবজমিন
অবিলম্বে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে দিতে হবে। এমন পদক্ষেপ নিতে হবে যাতে মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকর্তারা পরিষ্কার বুঝতে পারে তাদের নৃশংসতা আর চলতে পারে না। একটি পুরো জনগোষ্ঠীর বিরুদ্ধে এমন নৃশংসতা সহ্য করা হবে না। আলোচনার বাইরে আসতে হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে। বিশ্ববাসীর ক্ষোভের প্রকাশ ঘটাতে হবে। নতুন করে অবরোধ সমর্থন করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়, এক মাসের সামান্য বেশি সময়ে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলিমকে দেশ ছেড়ে বানের পানির মতো বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। রোহিঙ্গা উগ্রপন্থিরা পুলিশ ও সেনাদের ৩০টি পোস্ট ও ক্যাম্পে হামলা চালায়। এর প্রতিশোধ নিতে মিয়ানমারের সেনাবাহিনী গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়। গুলি করে মারে শিশু, নারী, পুরুষদের। তাদের এই নৃশংসতায় এসব রোহিঙ্গা পালাতে বাধ্য হয়েছে। রোহিঙ্গাদের বিরুদ্ধে এই ভয়াবহ অভিযানকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়েদ রাদ আল হোসেন জাতি নিধন হিসেবে আখ্যায়িত করেছেন। এক্ষেত্রে জরুরি ভিত্তিতে কঠোর এবং নির্ভুল পদক্ষেপ নেয়া অত্যাবশ্যক।
রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় দড়িই ভরসা-প্রথম আলো
লাল-সবুজ-হলুদ বাতি নিভল। হাতের ইশারাও ফেল। শেষমেশ ঠেকল এসে দড়িতে। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় সিগন্যালে এখন দড়ির ব্যবহার বেড়েই চলছে। ট্রাফিক বিভাগ বলছে, দুর্ঘটনা ঠেকাতে ও যানজট কমাতে এ ব্যবস্থা।
রাজধানীর বিজয় সরণির দক্ষিণ ও পশ্চিম দিকে সিগন্যাল পড়লেই দড়ি বাঁধা হয়। স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় এই দড়ি পড়ে না। কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিজ হাতে দড়ি বাঁধা ও খোলার কাজ করেন।
থানায় জিডি হয় তদন্ত হয় না-ইনকিলাব
বছরের পর বছর ফাইলবন্দি হয়ে দেশের বিভিন্ন থানায় পড়ে আছে লাখ লাখ জিডি : জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার পর অনেকেই হত্যার শিকার হয়েছেন, তারপরেও জিডির তদন্তই হয়নি
মোবাইল ফোনে প্রাণ নাশের হুমকির অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় গত বছর জিডি করেছিলেন ওই এলাকার বাসিন্দা রমজান আলী। এর আগের বছর জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছিলেন ঝুট ব্যবসায়ী নুরুল ইসলাম। তাদের জিডির কোন তদন্ত হয়নি। বরং জিডি করায় সন্ত্রীরা ক্ষেপে গিয়ে তাদের গুলি করে হত্যা করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অধীন ৪৯টি থানায় প্রতিদিন কমপক্ষে ৪০টি করে সাধারণ ডায়েরি (জিডি) হয় প্রতিটি থানায়। প্রতিদিন গড়ে এক হাজারের বেশি সাধারণ ডায়েরি হলেও এর অধিকাংশই থেকে যায় ফাইলবন্দী। পুুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সারা দেশে বছরে বিভিন্ন থানায় প্রায় ১২ লাখ জিডি হয়। চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় ৯ লাখ ৭০ হাজার জিডি রেকর্ড হয়েছে। তবে এসব জিডির কতগুলোর তদন্ত হয়েছে বা কতগুলো তদন্ত হয়নি এর কোন সঠিক পরিসংখ্যান নেই পুলিশের কাছে। বেশির ভাগই ফাইলবন্দি হয়ে পড়ে আছে। জিডির তদন্ত না হওয়ায় মানুষের জীবন হয়ে উঠছে সংকটাপন্ন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, হাজার হাজার মামলা তদন্ত করতেই সময় চলে যায়। পর্যাপ্ত সময় পাওয়া যায় না বলেই সব জিডির তদন্ত করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আবার কিছু জিডির তদন্ত করে ঘটনার সূত্রই পাওয়া যায়নি।
গণশুনানিতে বক্তাদের অভিযোগ-বেশি দামে বিদ্যুৎ উৎপাদনে বছরে ক্ষতি ৭৮৪৩ কোটি টাকা-ইত্তেফাক
দুর্নীতি, অব্যবস্থাপনা, ঘুষ লেনদেন আর লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে সাড়ে ১১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। আদর্শিকভাবে এ খাতে কোনো উন্নয়ন হয়নি। এ ছাড়া বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করায় ভোক্তারা বছরে ৭ হাজার ৮৪৩ কোটি ৮৩ লাখ টাকার ক্ষতির শিকার হচ্ছেন।
পরিকল্পিতভাবে কোনো বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়নি। বিদ্যুৎ খাতে ঘুষ লেনদেন হয়েছে টনে টনে। হাজার হাজার কোটি টাকা ঘুষ লেনদেন হয়েছে। দুর্নীতিবাজরা আছে পর্দার অন্তরালে। একেকটি পাওয়ার প্ল্যান্ট করতে যে পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, তার অর্ধেক দামে বিদ্যুৎ কেন্দ্রগুলো করা সম্ভব ছিল। কিন্তু টনে টনে ঘুষ লেনদেন করতে গিয়ে এটা করা হয়নি। ঘুষের টাকা সমন্বয় করতে জনগণের পকেট কেটে বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে। এটা সম্পূর্ণ অযৌক্তিক আর অন্যায়। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে বিদ্যুতের দাম কমানো নিয়ে গণশুনানিতে ভোক্তা অধিকার সংগঠনের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা প্রফেসর শামসুল আলম এসব কথা বলেন।
শামসুল আলম বলেন, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবেন, প্রতিটি আন-সলিসিটেড পাওয়ার প্ল্যান্ট কমপক্ষে ৫০ ভাগ কম দামে করা সম্ভব ছিল। তারপরও বেশি দামে যেগুলো করা হয়েছে তার বেশিরভাগ মানহীন। এসব বিদ্যুৎ কেন্দ্র ৫০ শতাংশ বেশি দামে করে দায়ভার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।
কুষ্টিয়ায় আ. লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১-প্রথম আলো
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংর্ঘষে একজন নিহত হয়েছে। আহত ১৫ জন। আজ সকাল আটটার দিকে ছাতিয়ান ইউনিয়নের ধলশা গ্রামে এ ঘটনা ঘটে।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শহিদুল ইসলাম ওরফে হক (৫০) তাঁর সমর্থক ছিলেন।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
বিজেপির ‘চক্রান্তে’ অশান্ত পাহাড়, মোদির কুশপুতুল নিয়ে প্রতিবাদের পথে তৃণমূল-সংবাদ প্রতিদিন
বিজেপিকে রাজনৈতিক জবাব দিতে পথে নামছে রাজ্যের শাসক দল। শনিবার রাজ্য জুড়ে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান বিক্ষোভের নামে মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতিতে তৃণমূলের সহ্যের সীমা ছাড়িয়েছে। এর প্রতিবাদে জেলায় জেলায় এক ঘণ্টার জন্য বিক্ষোভ চলবে।
গান্ধী হত্যা নিয়ে সুপ্রিম তদন্ত? --দৈনিক আজকাল
গান্ধী হত্যা রহস্যের নতুন করে তদন্ত শুরু করা যায় কিনা সে ব্যাপারে আদালত বান্ধব নিয়োগ করল সুপ্রিম কোর্ট। প্রাক্তন অতিরিক্ত সলিসিটার জেনারেল অমরেন্দর শারান এই নিয়ে সিদ্ধান্ত নিতে সুপ্রিম কোর্টকে সহায়তা করবেন। মুম্বইয়ের গবেষক এবং অভিনব ভারতের ট্রাস্টি সদস্য ডঃ পঙ্কজ ফাড়নিস বেশ কিছু বিষয় তুলে ধরে দাবি করেন মহাত্মা গান্ধীকে হত্যার সঙ্গে আরও অনেকে যুক্ত ছিল। ইতিহাসে সবচেয়ে বড় রহস্যকে ধামাচাপা দেওয়া হয়েছে। শীর্ষ আদালত কখনও গান্ধী হত্যা মামলা ঘেঁটে দেখার সুযোগ পায়নি। কারণ, সুপ্রিম কোর্ট তৈরির আগে মামলার ফায়সলা হয়ে যায়।
জেরা সন্তোষজনক নয়, হানিপ্রীতের নার্কো পরীক্ষা করতে চায় পুলিশ-আনন্দবাজার
ইতিমধ্যেই তাঁকে দু’দফায় জেরা করে ফেলেছে হরিয়ানা পুলিশ। কিন্তু পুলিশের দাবি, কোনও ক্ষেত্রেই সদ্য গ্রেফতার হওয়া হানিপ্রীত ইনসানের কাছ থেকে সন্তোষজনক উত্তর মেলেনি। সত্য উদ্ঘাটনে এ বার হানিপ্রীতের নার্কো পরীক্ষার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে হরিয়ানা পুলিশ। এ বিষয়ে আদালতের কাছে অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছে তারা।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬