বিপন্ন মানবতাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বিপন্ন মানবতাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- রোহিঙ্গা' ও ‘শরণার্থী’বলতে চায় না বাংলাদেশ সরকার- দৈনিক ইত্তেফাক
- আবার রোহিঙ্গা-ঢলের আশঙ্কা জাতিসংঘের-দৈনিক প্রথম আলো
- ‘স্বাধীন বিচার ব্যবস্থায় প্রধান বিচারপতি নিজেই পরাধীন’-দৈনিক যুগান্তর
- ঢাকায় 'ব্লু হোয়েল' গেমের প্রভাবে মেধাবী তরুণীর আত্মহত্যা!-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- ২২শে অক্টোবর ফিরছেন খালেদা জিয়া-দৈনিক মানবজমিন
- প্রধানমন্ত্রী বিপন্ন মানবতার বাতিঘর -সেতুমন্ত্রী-দৈনিক ইনকিলাব
- আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেব না: ইসি মাহবুব-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- কোটি টাকা খরচ করে ৩৬ জনকে খুন করিয়েছেন হানিপ্রীত- দৈনিক আনন্দবাজার
- ধর্ষণে অভিযুক্ত গোয়ার ভন্ড বাবা --দৈনিক আজকাল
- জিএসটি চালু হলেও এক পয়সাও কর দেননি ২২ লক্ষ ব্যবসায়ী- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেছেন এবং তাঁকে গণসংবর্ধনা দেয়ার খবরটি আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে এসেছে। এ সম্পর্কে দৈনিক ইত্তেফাক অনলাইন সংস্করণের
একটি খবরের শিরোনাম-প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিলেন আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ
লন্ডন থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু'পাশে দাঁড়িয়ে গণসংবর্ধনা দিয়েছে আওয়ামী লীগসহ সর্বস্তরের জনগণ। শনিবার সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পর্যন্ত রাস্তার দু’পাশে ফুলের তোড়া, বিভিন্ন রং বেরংয়ের ব্যানার, ফ্যস্টুন নিয়ে দাড়িয়ে থেকে তাঁকে এই সংবর্ধনা জানান।
বিপন্ন মানবতাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনের সংস্করণের খবরে এ সম্পর্কে লেখা বিপন্ন মানবতাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্ব উদার বাংলাদেশকেই দেখল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরা ছিল আমার লক্ষ্য। সেটা আমরা পেরেছি। যারা বাংলাদেশকে দারিদ্র্য ও দুর্যোগের দেশ বলে জানতো, তারা আজ ভিন্ন বাংলাদেশকে দেখছে।
প্রধানমন্ত্রী বিপন্ন মানবতার বাতিঘর –সেতুমন্ত্রী-দৈনিক ইনকিলাব অনলাইন সংস্করণের শিরোনাম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় যে সাহসের পরিচয় দিয়েছেন, তাই তিনি দুনিয়ায় বিপন্ন মানবতার বাতিঘরে পরিণত হয়েছেন। জাতিসংঘ সফর শেষে দেশে ফেরার পর আজ শনিবার সকালে ঢাকার শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে কাদের এ বলেন। ‘স্বাধীন বিচার ব্যবস্থায় প্রধান বিচারপতি নিজেই পরাধীন’-দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা। শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবি সমিতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা একথা বলেন। সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতিকে তারা নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি অন্তরীণ, সরকার নির্দেশিত ব্যক্তিরাই শুধু তার স্বাক্ষাত পেতে পারেন, অন্যরা নন।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোরপূর্বক এক মাসের ছুটি দিয়ে গোটা বিচার ব্যবস্থাকে নিজেদের আয়ত্বে নিয়েছে সরকার। আসলে প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরিয়ে দেয়ার এটি একটি প্রথম পদক্ষেপ।
আবার রোহিঙ্গা-ঢলের আশঙ্কা জাতিসংঘের-দৈনিক প্রথম আলো
রাখাইন থেকে প্রাণ বাঁচাতে রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে পালিয়ে আসা থামছে না। এই পরিস্থিতিতে মিয়ানমারের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যটি থেকে বাংলাদেশে আরও বিপুলসংখ্যক রোহিঙ্গার ঢল নামতে পারে বলে আশঙ্কা করছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবিক–বিষয়ক সমন্বয় দপ্তরের (ওসিএইচএ) আন্ডার সেক্রেটারি জেনারেল মার্ক লোকক বাংলাদেশ সফর শেষে জেনেভা ফিরে গতকাল শুক্রবার এই আশঙ্কার কথা জানান। গতকাল জেনেভায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র জোয়েল মিলম্যান আলাদা এক ব্রিফিংয়ে জানান, রাখাইন থেকে প্রতিদিন গড়ে দুই হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিচ্ছে।
দৈনিকটির অন্য একটি খবরে বলা হয়েছে, রাখাইনে সহিংসতা চলতে থাকায় প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের বাংলাদেশে আসার ঢল থামছে না। এই অবস্থা চলতে থাকলে বছর শেষে বাংলাদেশে ১০ লাখ রোহিঙ্গা আসতে পারে বলে মনে করছে জাতিসংঘের দুটি সংস্থা।
রোহিঙ্গা’ ও ‘শরণার্থী’ বলতে চায় না বাংলাদেশ সরকার-দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন সংস্করণের শিরোনাম
মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কী নামে অভিহিত করা হবে সেটি নিয়ে সরকারের মাঝে এক ধরনের দোদুল্যমানতা ছিল। আন্তর্জাতিক আইন অনুযায়ী রোহিঙ্গাদের ‘শরণার্থী’ হিসেবে বিবেচনা করতে চায় না সরকার। সেজন্য বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের বিভিন্ন সূত্র বলছে, আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের যতো দ্রুত সম্ভব সেদেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শরণার্থীর মর্যাদা দিলে সেটি দীর্ঘসূত্রিতায় আটকে যাবে বলে তারা আশঙ্কা করছেন।
প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক’ বলার ক্ষেত্রে কিছু যুক্তি আছে। এইচ টি ইমাম বলেন, ‘আমরা সরকারের তরফ থেকে বলছি এরা মিয়ানমারেরই নাগরিক। মিয়ানমারের সরকার এবং মিলিটারি এ সমস্যা সৃষ্টির জন্য দায়ী। অতএব এর সমাধান তাদেরকেই করতে হবে।
ঢাকায় 'ব্লু হোয়েল' গেমের প্রভাবে মেধাবী তরুণীর আত্মহত্যা!- বাংলাদেশেও ‘ব্লু হোয়েল’ আতঙ্ক দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও মানবজমিন অনলাইন সংস্করণের খবর
ঢাকার নিউ মার্কেট থানা এলাকায় ইন্টারনেটভিত্তিক প্রাণঘাতি 'ব্লু হোয়েল' গেমের প্রভাবে ১৩ বছরের এক কিশোরীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সেট্রাল রোডের ৪৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
আত্মহুতি দেওয়া ওই কিশোরীর নাম অপূর্বা বর্ধন স্বর্ণা। মেধাবী এই ছাত্রী স্কুলের ফার্স্ট গার্ল হিসেবেই পরিচিত ছিল। ওয়াইডব্লিউসিএ হাইয়ার সেকেন্ডারি গালর্স স্কুলে প্রাথমিকের গণ্ডি পেরিয়ে সে ফার্মগেটের হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। মৃত কিশোরীর বাবার সন্দেহ, ইন্টারনেটভিত্তিক ডেথ গেমস ব্লু হোয়েলের কবলে পড়ে তার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও জানান, ব্লু হোয়েলের কিউরেটরের নির্দেশ মতো লিখে যাওয়া একটি চিরকূট পাওয়া গেছে।
এবার বাংলাদেশে হানা দিলো ব্লু হোয়েল। এর আগে সোশ্যাল মিডিয়া নির্ভর এই গেমের বলি হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মেধাবী তরুণ-তরুণী। গত দু’মাস ধরে ভারতজুড়ে চলছে ব্লু হোয়েল আতঙ্ক।
আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেব না: ইসি মাহবুব-দৈনিক সমকাল অনলাইন
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, 'আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেব না। এজন্য যা যা করা প্রয়োজন তার সবই আমরা করবো।' শনিবার রংপুরে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মাহবুব তালুকদার বলেন, 'নিরপেক্ষ নির্বাচন করার জন্য রাজনৈতিক দগুলোর মধ্যে সমঝোতা একান্ত প্রয়োজন, কিন্তু আমাদের দেশে সেটা নেই। রাজনৈতিক দলগুলোর নেতারা একে অপরের সাথে কথা পর্যন্ত বলেন না, তাদের মধ্যে মুখ দেখাদেখিও নেই।' তিনি বলেন, 'নির্বাচন একটি ধারাবাহিক প্রক্রিয়া। দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন কারণে এ ধারাবাহিকতা আমাদের দেশে নেই।'
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
কোটি টাকা খরচ করে ৩৬ জনকে খুন করিয়েছেন হানিপ্রীত-আনন্দবাজার
জোড়া ধর্ষণ মামলায় গুরমিত রাম রহিমকে সাজা দেয়ার খবর আদালতের বাইরে আসতেই তার ভক্তদের সহিংসতায় মৃত্যু হয় অন্তত ৩৬ জনের। পুলিশের দাবি, সে দিনের তাণ্ডব শুধুই বাবার প্রতি ভক্তদের প্রেম ছিল না।
পালক পিতাকে বাঁচানোর জন্য সহিংসতা ছড়াতে ১.৫৭ কোটি টাকা খরচ করেছিলেন হানিপ্রীত। রাম রহিমের নির্দেশেই সেই টাকা এসেছিল ডেরার অ্যাকাউন্ট থেকে।
গত ২৭ সেপ্টেম্বর রাম রহিমের গাড়ির চালক ও তার ব্যক্তিগত সহায়ক রাকেশ কুমার গ্রেফতার হন। হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলার পুলিশ কমিশনার এ এস চাওলা জানিয়েছেন, রাকেশকে জেরার পর এই তথ্য জানা গেছে। ডেরা পঞ্চকুলা শাখার প্রধান চমকৌর সিংহের হাতে হানিপ্রীত ১.৫৭ কোটি টাকা তুলে দিয়েছিলেন।
রাকেশকে জেরা করে পুলিশ হানিপ্রীত সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। গত ৩ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়েন হানিপ্রীত।
জিএসটি চালু হলেও এক পয়সাও কর দেননি ২২ লক্ষ ব্যবসায়ী-দৈনিক সংবাদ প্রতিদিন অনলাইন সংস্করণের শিরোনাম
জিএসটি চালু হওয়ায় ছোট ব্যবসায়ীদের উপর বাড়তি করের বোঝা চেপেছে বলে যাঁরা দাবি করছিলেন, তাঁদের একাংশের অভিযোগের সত্যতা মিলল না সেভাবে। কারণ, জিএসটি চালু হওয়ার পরেও ৫৪ লক্ষ ব্যবসায়ীর মধ্যে প্রায় ৪০ শতাংশই জিএসটির আওতায় এক পয়সাও কর জমা দেননি বা করের আওতায় আসেননি। যার অর্থ, ২২ লক্ষ ব্যবসায়ীকে জিএসটি চালু হলেও ট্যাক্সের চাপ একেবারে নিতে হয়নি। স্রেফ রাজনৈতিক কারণে জিএসটি নিয়ে জলঘোলা করছে বিরোধীরা, অভিযোগ কেন্দ্রের। কেন্দ্রের দাবি, যাঁরা আগে কর ফাঁকি দিতেন, তাঁদের কেন্দ্র কর দিতে বাধ্য করেছে বলেই সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন তাঁরা। ৬০ শতাংশ বা ৩২ লক্ষ ব্যবসায়ী জিএসটি নেটওয়ার্কে কর জমা দিয়েছেন।
ধর্ষণে অভিযুক্ত গোয়ার ভন্ড বাবা-দৈনিক আজকাল
ভণ্ড বাবাদের তালিকা যেন শেষ হতেই চাইছে না। এবার অকুস্থল গোয়া। স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন ১৯ বছরের এক তরুণী। মহারাষ্ট্র ও গোয়ার সীমান্তবর্তী জেলা সিন্ধুদুর্গের আর্চার বাসিন্দা ওই তরুণীকে গাড়িতে বাড়ি পৌঁছে দেবেন বলেছিলেন কর্নাটকের নিপানির বাসিন্দা সন্তোষ কুম্ভার নামে ওই স্বঘোষিত ধর্মগুরু। পূর্ব পরিচিত হওয়ায় তাঁর গাড়িতে চেপেছিলেন তরুণী। গাড়িতেই তরুণীকে নরম পানীয় খেতে দিয়েছিলেন ওই বাবা। তাতে কোনও মাদক মেশানো ছিল বলে অভিযোগ। সেটি খাওয়ানোর সঙ্গে সঙ্গেই জ্ঞান হারান তরুনী। গোয়ায় ভাস্কোর একটি বাড়িতে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের ঘটনা কাউকে জানালে প্রাণে মারার হুমকিও দেওয়া হয় তরুণীকে। যদিও চুপ করে থাকেননি তরুণী। তবে এখনও পর্যন্ত ধর্ষক বাবার কোনও খোঁজ পায়নি পুলিস। কয়েকদিন আগেই হরিয়ানার ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিমকে এই একই দোষে কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭