অক্টোবর ০৮, ২০১৭ ০৭:৪৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চাঁদার দাবিতে স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন: দৈনিক ইত্তেফাক
  • ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত-প্রথম আলো
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট-অর্থনীতিতে ১৫ বৈশ্বিক ঝুঁকি,প্রধান সমস্যা বেকারত্ব-দৈনিক যুগান্তর
  • রেমিটেন্স কমার জন্য দায়ী হুন্ডি: প্রবাসীকল্যাণমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • গরিবদের স্বাবলম্বী করতে বিশেষ প্রকল্প-অগ্রাধিকার পাবেন বন্যাদুর্গতরা: দৈনিক সমকাল
  • নিত্যপণ্যের দামে নাভিশ্বাস-দৈনিক মানবজমিন
  • নীলক্ষেতে কলেজ শিক্ষার্থীদের অবরোধ-দৈনিক নয়া দিগন্ত
  • সারা দেশে বিক্ষোভের ডাক আইনজীবীদের-বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে-দৈনিক ইনকিলাব
  • বিচারকদের চাকরিবিধি: গেজেট প্রকাশে ৫ নভেম্বর পর্যন্ত সময়: দৈনিক কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • মোদিকে প্রধানমন্ত্রী পদে সমর্থন ছিল ভুল: শৌরি-দৈনিক আজকাল
  • নামচিতে সিআইডি হানার আগে পালালেন গুরুং- কোলকাতা ২৪ ডট কম অনলাইন
  • অমানবিক! মৃত শিশুর দেহ নিয়েও মা-বাবা’র টানাহেঁচড়া- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্ট-অর্থনীতিতে ১৫ বৈশ্বিক ঝুঁকি,প্রধান সমস্যা বেকারত্ব-দৈনিক যুগান্তর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম

মনুষ্যসৃষ্ট দুর্যোগ এবং সন্ত্রাসী হামলাও বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ ছাড়া এসব চ্যালেঞ্জ বা ঝুঁকি প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং প্রতিবছর নতুন নতুন ঝুঁকি তৈরি হচ্ছে।

অথচ এগুলো মোকাবেলায় বাংলাদেশের যথাযথ প্রস্তুতি নেই। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টে (ডব্লিউইএফ) এসব তথ্য উঠেছে। দেশের ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে এ রিপোর্ট প্রস্তুত করে সংস্থাটি।

রিপোর্ট অনুসারে, প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতাও বাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন, এসব ঝুঁকি বা চ্যালেঞ্জ মোকাবেলায় এখনই কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস-দৈনিক মানবজমিন অনলাইন সংস্করণের শিরোনাম

নিত্যপণ্য

বাজারে চালের দামে অস্বস্তি। মাছ-মাংসসহ সবজির দাম চড়া। স্বস্তি নেই অন্যন্য নিত্যপণ্যের দামেও । নানা অজুহাতে এসব পণ্যের দাম বাড়লেও দাম কমে খুব কমই। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস উঠছে সাধারণ ক্রেতাদের। বাজার সংশ্লিষ্টরা বলছেন, নিয়মিত তদারকির অভাবে বাজারে অনেক পণ্যের অস্বাভাবিক দাম রয়েছে। কোনো কোনো পণ্যে অস্বাভাবিক মুনাফা করছেন ব্যবসায়ীরা। ঈদের পর থেকে ক্রমাগত চালের দাম বাড়ায় যে অস্থিরতা তৈরি হয়েছিল তার রেশ এখনও কাটেনি। কোনো কারণ ছাড়াই দাম বাড়লেও এখন আর আগের দামে পাওয়া যাচ্ছে না চাল। ব্যবসায়ীরা কমানোর প্রতিশ্রুতি দিলেও দাম কমেছে অল্পই। এদিকে চালের দামের সঙ্গে বাজারে শাক সবজির দামও চড়া। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে দু’একটি সবজি ছাড়া প্রায় সব সবজির দামই বেড়েছে। এর মধ্যে সর্বোচ্চ বেড়েছে কাঁচামরিচের দাম। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ।

খাদ্যে বিষ : উদ্বিগ্ন পবা নিয়মিত খাদ্যের মান পরীক্ষার দাবি-দৈনিক মানবজমিন অনলাইন সংস্করণের শিরোনাম

পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা

চাল, আটা ও ময়দাসহ সব ধরনের খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা। গতকাল শাহবাগে আয়োজিত এক মানববন্ধন থেকে নিয়মিত খাদ্য পণ্যের মান পরীক্ষার দাবি জানান পবা নেতারা। মানববন্ধন থেকে বলা হয়, ন্যাশনাল ফুড সেফটি ল্যাবে ২০১৫ সালে ৮২টি খাদ্যপণ্য পরীক্ষা করা হয়। এতে গড়ে ৪০ শতাংশ খাদ্যেই মানবদেহের জন্য সহনীয় মাত্রার চেয়ে ৩ থেকে ২০ গুণ বেশি নিষিদ্ধ ডিডিটি ও অন্যান্য বিষাক্ত উপাদান পাওয়া যায়। ৩৫ শতাংশ ফল ও ৫০ শতাংশ শাক-সবজির নমুনাতেই বিষাক্ত কীটনাশকের উপস্থিতি মেলে।

অষ্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি-দৈনিক যুগান্তর ও দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের খবর

বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা

সস্ত্রীক অষ্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। ভিসার আবেদন ও বায়োমেট্টিক প্রক্রিয়া সম্পন্নের পরই তাদেরকে তিন বছরের ভিসা দেয় অষ্ট্রেলিয়া দূতাবাস। প্রসঙ্গত ৩ অক্টোবর থেকে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। অসুস্থতার কারণে তিনি ছুটি নেন। ছুটিতে থাকাবস্থায় গত তিনদিন তিনি বাসভবনে ছিলেন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দাবি করে যে প্রচণ্ড চাপ দিয়ে তাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে। তবে এই দাবিকে অস্বীকার করেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল।

দৈনিক ইনকিলাব পত্রিকার অনলাইন সংস্করণের খবর-প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাতে বাধা দেয়ার প্রতিবাদে এবং বিচার বিভাগের ভাবমূর্তি রক্ষার দাবিতে আজ (রোববার) থেকে দেশের সব জেলা বারে মানবব্ন্ধন ও প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত-দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের খবর

রাজধানীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা

রাজধানীর ওয়ারী থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম আবু তালহা (২২)। তিনি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ৭ হাজার পদে আবেদন ১০ লাখের বেশি- দৈনিক প্রথম আলো

রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকে নিয়োগ হবে ৭ হাজার ৩৭২ কর্মকর্তা। আর এ জন্য আবেদন করেছেন ১০ লাখের বেশি প্রার্থী। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নিয়োগসংক্রান্ত কর্তৃপক্ষ ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) বলছে, ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে এর আগে একসঙ্গে এত প্রার্থী আবেদন করেননি।

সমন্বিত পদ্ধতিতে পরীক্ষার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের জন্য টাকা না লাগা, বেশি বেতন, চাকরির নিশ্চয়তার কারণে এত বিপুল আবেদন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতিসংঘের সতর্কবার্তা-বৃহত্তম শরণার্থী ক্যাম্প হবে ‘বিপজ্জনক’-দৈনিক যুগান্তর 

রোহিঙ্গা

বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প তৈরির জন্য বাংলাদেশের পরিকল্পনাকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছে জাতিসংঘ।

সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, রাখাইন থেকে বাংলাদেশে পালিয়ে আসা আট লক্ষাধিক রোহিঙ্গার জন্য বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প বানানোর পরিকল্পনা হবে বিপজ্জনক।

কারণ হিসেবে তিনি জানান, শরণার্থী ক্যাম্পে অতিরিক্ত ভিড়ে খুব দ্রুতই প্রাণঘাতী রোগের বিস্তার ঘটবে। কক্সবাজারের কুতুপালংয়ে এ ক্যাম্প করার পরিকল্পনা করছে রোহিঙ্গা নিয়ে ব্যাপক চাপের মধ্যে থাকা বাংলাদেশ সরকার। খবর এএফপির। দৈনিক ইনকিলাব পত্রিকার খবর-মংডুসহ ফের রোহিঙ্গাদের কয়েকটি এলাকায় অগ্নিসংযোগ করেছে সেনারা।সেনারা। এদিকে চট্টগ্রামে রোহিঙ্গাদের সমর্থনে মিছিল হওয়ার খবরটি ছাপা হয়েছে বিভিন্ন অনলাইন পোর্টালে।

গরিবদের স্বাবলম্বী করতে বিশেষ প্রকল্প-অগ্রাধিকার পাবেন বন্যাদুর্গতরা: দৈনিক সমকাল

বাংলাদেশ সরকারের লোগো

দেশের গরিবদের স্বাবলম্বী করতে আগামী অক্টোবর থেকে বিশেষ ঋণ প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এর আওতায় ১০টি খাতে গ্রামাঞ্চলের গরিব মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে ঋণ দেওয়া হবে। আড়াইশ' কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সুবিধাভোগী হবেন দেড় কোটি জনগণ। তবে বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে অগ্রাধিকার। আপাতত দক্ষিণ ও উত্তরাঞ্চলের ১৮টি জেলায় শুরু হলেও পর্যায়ক্রমে প্রকল্পটি সারাদেশে নেওয়া হবে। এর আওতায় নামমাত্র সার্ভিস চার্জে একজন গ্রাহক সর্বোচ্চ তিন লাখ টাকা ঋণ নিতে পারবেন। ইতিমধ্যে এ প্রকল্প প্রস্তাবনার খসড়া তৈরি করেছে পল্লী উম্নয়ন ও সমবায় বিভাগ।

নীলক্ষেতে কলেজ শিক্ষার্থীদের অবরোধ-দৈনিক নয়া দিগন্ত

নীলক্ষেতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রোববার তারা রাস্তা অবরোধ করে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে একই দাবিতে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন।

তবে ওইদিনই ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে’ আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

কৌশলে বিতর্কিত ভ্যাট আইন বাস্তবায়নের পথে-দৈনিক যুগান্তর

ভ্যাট

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিতর্কিত নতুন ভ্যাট আইন কার্যকর হবে ২ বছর পর। কিন্তু কৌশলে এখন থেকেই এ আইন বাস্তবায়নের দিকে এগোচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে নতুন ভ্যাট আইনের বিধিমালার আদলে পুরনো আইনের বিধিমালা সংশোধন করা হচ্ছে। ইতিমধ্যে এ সংক্রান্ত এনবিআরের সারসংক্ষেপের প্রস্তাব অনুমোদন করেছেন অর্থমন্ত্রী। বর্তমানে ভ্যাট উইংয়ের একজন প্রথম সচিবের নেতৃত্বে গঠিত কমিটি বিধিমালা সংশোধনের বিষয়টি অধিকতর যাচাই-বাছাই করছে। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বিচারকদের চাকরিবিধি: গেজেট প্রকাশে ৫ নভেম্বর পর্যন্ত সময়: দৈনিক কালের কণ্ঠ

হাইকোর্ট

নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে ৫ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের চার সপ্তাহের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রবিবার দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে গত ২০ আগস্ট প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ শুনানি শেষে ৮ অক্টোবর পর্যন্ত গেজেট প্রকাশের সময় বাড়িয়েছিলেন। আজ রবিবার রাষ্ট্রপক্ষ আবারো ৪ সপ্তাহের সময় আবেদন করলে এ আদেশ দেয় আপিল বিভাগ।

চাঁদার দাবিতে স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন: দৈনিক ইত্তেফাক

নড়াইলে চাঁদার দাবিতে শিক্ষককে বেঁধে ািনর্যাতন

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের জেলেপাড়ায় এক স্কুল শিক্ষককে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে গাছে বেঁধে বেধড়ক মারপিট করেছে সন্ত্রাসীরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা এবং বাকি সাড়ে ৪ লাখ টাকার চেক  ও এক শত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে মুক্তি পেয়েছেন ওই শিক্ষক।

 সন্ত্রাসীরা বিষয়টি থানা পুলিশ বা লোক জানাজানি করলে পরিবারের সদস্যদের হত্যা ও দেশছাড়া করার হুমকি প্রদান করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হুমকিতে আহত শিক্ষক চিকিত্সা নেওয়ার জন্য হাসপাতালে যেতে অথবা মামলা করতে এমনকি বিষয়টি কাউকে জানাতেও সাহস পাননি।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর

মোদিকে প্রধানমন্ত্রী পদে সমর্থন ছিল ভুল: শৌরি-দৈনিক আজকাল

অরুণ শৌরি

নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে সমর্থন করা মস্ত ভুল হয়েছিল!‌ স্বীকারোক্তি অরুণ শৌরির। বিক্ষুব্ধ বিজেপি নেতার কথায়, ‌এটি তাঁর জীবনের দ্বিতীয় ভুল। প্রথম বড় ভুল ছিল বাম ও জনতা দলের সমর্থনে অটলবিহারী বাজপেয়ীর সরকারকে সমর্থন করা। কসৌলিতে খুশবন্ত সিং সাহিত্য উৎসবে বলছিলেন শৌরি। ‘নেতাদের চেনার উপায়’—এই ছিল তঁার বক্তৃতার বিষয়। সেখানে শৌরি বলেন, ‘নেতারা এখন কী করছেন, কী বলছেন, তা বিশ্বাস করবেন না!‌

নামচিতে সিআইডি হানার আগে পালালেন গুরুং- কোলকাতা ২৪ ডট কম অনলাইন

বিমল গুরুং

ফের হাতছাড়া বিমল গুরুং৷ শনিবার রাতে সিকিমের নামচিতে গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো অল্পের জন্য সিআইডির তদন্তকারীদের হাত ফসকে পালিয়েছেন৷ যদিও হাল ছাড়তে নারাজ সিআইডি৷ তারা নামচি-সহ সংলগ্ন এলাকায় জারি রেখেছে চিরুনি তল্লাশি৷

চলতি বছরের জুন মাস থেকে জ্বলছে পাহাড়৷ গোর্খা জনমুক্তি মোর্চার হিংসাত্মক আন্দোলনের জেরে মাসচারেক অচল ছিল দার্জিলিং ও সংলগ্ন এলাকা৷

অমানবিক! মৃত শিশুর দেহ নিয়েও মা-বাবা’র টানাহেঁচড়া- দৈনিক সংবাদ প্রতিদিন

মৃত্যুর পরও শিশুর মৃতদেহ নিয়ে বাবা-মায়ের অমানবিক আচরণ

ময়নাতদন্তের নামে নিজেদের শিশুসন্তানের মৃতদেহ নিয়েও বাবা-মায়ের সম্পর্কের টানাপোড়েনের অমানবিক মুখ দেখল কলকাতা ও মেমারি!

এক চিকিৎসক দম্পতির সম্পর্কের দড়ি টানাটানির রেশ গিয়ে পড়েছিল আদালত পর্যন্ত। তাতেও শেষ হল না। বাবা-মায়ের এই সম্পর্কের টানাপোড়েনের শিকার হল তাঁদের দু’বছরের ছোট্ট শিশুও। শিশুটির অস্বাভাবিক মৃত্যুর পর তার নিথর ছোট্ট দেহ নিয়েও টানা ২৪ ঘণ্টা ধরে চলল বাবা-মায়ের তীব্র  টানাহেঁচড়া। এর ফলে মৃত্যুর পরেও ২৪ ঘণ্টাতেও সৎকার হল না ওই ছোট্ট শিশুকন্যা অরুন্ধতীর মৃতদেহ। বাবার অভিযোগ পেয়ে ময়নাতদন্তের জন্য মেমারি থেকে শিশুর মৃতদেহ কলকাতায় নিয়ে আসে পুলিশ। এরপরেও চলে ময়নাতদন্তের নামে শিশুর দেহ নিয়ে টানাপোড়েন। শুক্রবার কাঁটাপুকুর মর্গে সারাদিন পড়ে রইল শিশুর দেহ। এরপর বাবার দাবি মেনে এদিন রাতেই দেহ নিয়ে যাওয়া হল মেডিক্যাল কলেজ পুলিশ মর্গে।

প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮