বিদেশিরা নিয়ে যাচ্ছে বছরে ৪৮ হাজার কোটি টাকা: নুরুল ইসলাম বিএসসি
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১০ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- লুটপাটে রাখাইনে খাদ্য সংকট, বাংলাদেশে আসছে 'রোহিঙ্গারা'-দৈনিক ইত্তেফাক
- মিয়ানমারের প্রস্তাবকে কৌশল মনে করছে বাংলাদেশ- পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- আধিপত্য ও ভাগ-ভাটোয়ারার দ্বন্দ্ব -সাত বছরে রাজধানীতে খুন আ’লীগের ২৯ নেতাকর্মী--দৈনিক যুগান্তর
- খালাফ হত্যার রায় হয়নি, আপিল বিভাগে পুনঃশুনানি--দৈনিক যুগান্তর অনলাইন সংস্করণ
- মহাসড়কে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে: সেতুমন্ত্রী- দৈনিক সমকাল
- নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত ৩১ অক্টোবর পর্যন্ত চলবে-দৈনিক নয়া দিগন্ত
- প্রধান বিচারপতিকে যারা ছুটিতে পাঠিয়েছেন তারা আপনাকেও পাঠাবে -গয়েশ্বর-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- ‘চৌকিদার’ মোদীকে বিদ্ধ করলেন রাহুল গান্ধী-আনন্দবাজার
- একা হজে গেলে নারীরা পাপ করবেন’-দৈনিক আজকাল
- মুখ্যমন্ত্রীর মূল্যায়নে ‘ফেল’ ঝাড়গ্রাম জেলা প্রশাসন, ভর্ৎসনা মন্ত্রী চূড়ামণিকে- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ঢাবির ভিসি প্যানেল অবৈধ : হাইকোর্ট-দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি নিয়োগের জন্য গঠিত তিন সদস্যের প্যানেলকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গত ২৯ জুলাই অনুষ্ঠিত সিনেট সভাকে অবৈধ ঘোষণা করে আগামী ৬ মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় সিনেট পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত রুলের চূড়ান্ত শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ: কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে হবে কর্মক্ষেত্রে মানসিক চাপ থেকে হতে পারে হৃদরোগ, স্ট্রোক-যুগান্তর/ইত্তেফাক
মানসিক রোগের মধ্যে সচরাচর বেশি পরিলক্ষিত হয় বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগ, যা কর্মস্থলের বিভিন্ন সমস্যা থেকে উদ্ভূত। ফলে কর্মক্ষমতা ও উৎপাদনশীলতার ওপর গুরুতর নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়। এমনকি কর্মক্ষেত্রের মানসিক চাপ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বব্যাপী ৩০০ মিলিয়নের বেশি মানুষ বিষণ্ণতায় ভোগে, যা কর্ম প্রতিবন্ধকতার প্রধান কারণ।
‘বিদেশিরা নিয়ে যাচ্ছে বছরে ৪৮ হাজার কোটি টাকা’-ইত্তেফাক
দেশের বিভিন্ন খাতে কর্মরত বিদেশিরা বছরে প্রায় ৬ বিলিয়ন ডলার বা প্রায় ৪৮ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। শনিবার রাজধানীর মতিঝিলে এক সেমিনারে তিনি বলেন, বর্তমানে বিদেশে এক কোটি ১০ লাখ বাংলাদেশী কাজ করে বছরে দেশে পাঠাচ্ছে ১৫ বিলিয়ন ডলার। অথচ মাত্র দুই লাখ বিদেশী পেশাজীবী নিয়োগের মাধ্যমে আমরা বছরে ৬ বিলিয়ন ডলার সমপরিমাণ মুদ্রা খরচ করে ফেলছি। একই সময়ে দেশে শিক্ষিত বেকারের সংখ্যাও দিন দিন বাড়ছে। এমন বাস্তবতায় পেশাজীবীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিদেশে চলে যাওয়া এ ৬ বিলিয়ন ডলার সমপরিমাণ মুদ্রা সাশ্রয় করতে পারি। দেশেই অনেক দক্ষ জনশক্তি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধান বিচারপতিকে যারা ছুটিতে পাঠিয়েছেন তারা আপনাকেও পাঠাবে –গয়েশ্বর-দৈনিক ইনকিলাব
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আজ জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, প্রধান বিচারপতিকে অসুস্থ বলে যাদের দ্বারা ছুটিতে পাঠাতে বাধ্য করেছেন তারাই একদিন আপনাকে অসুস্থ বলে ছুটিতে পাঠাতে পারেন। তাই স্বাভাবিক পরিস্থিতিকে স্বাভাবিকভাবে চলতে দেন। অস্বাভাবিক পরিস্থিতি আসলে কোন দলই লাভবান হবে না। ৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যারা এরশাদকে অসুস্থ বানিয়েছিলেন আজও তারাই প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
লুটপাটে রাখাইনে খাদ্য সংকট, বাংলাদেশে আসছে 'রোহিঙ্গারা'-দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণের খবর
বিস্তারিত খবরে লেখা হয়েছে, মিয়ানমার সামরিক জান্তা ও তাদের দোসর'রা রাখাইন রাজ্যের মানব শূন্য গ্রামগুলোতে হানা দিয়ে বাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে। হাট-বাজার-গ্রামগঞ্জের বিভিন্ন দোকানে লুটপাটের পর আগুন দিচ্ছে। গ্রামের নলকূপ থেকে পুকুরের পানি পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। এই অবস্থায় বন-জঙ্গলে লুকিয়ে থাকা রোহিঙ্গারা খাদ্য সংকটে পড়ে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হচ্ছে।
মঙ্গলবার ভোরে মিয়ানমারের রাখাইন রাজ্যে খেয়াংমং থেকে পালিয়ে এসে কক্সবাজারের কুতুপালং মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া ফাতেমা বেগম (২৮) এসব করুণ কাহিনী বর্ণনা করতে গিয়ে কেঁদে উঠেন।
রোহিঙ্গা নির্যাতন বন্ধে মানবাধিকার কমিশনের ৭ সুপারিশ-প্রথম আলোর অনলাইন সংস্করণের শিরোনাম
মিয়ানমারে চলমান রোহিঙ্গা নির্যাতন বন্ধ, তাদের জন্য বাফার জোন তৈরিসহ সাত দফা সুপারিশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ছাড়া কমিশনের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনের কাছে ‘অনুপত্র’ দেওয়া হয়েছে।
আজ জাতীয় মানবাধিকার কমিশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এসব কথা বলেন।
মানবাধিকার কমিশনের সুপারিশগুলোর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন অবিলম্বে বন্ধ করা, জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গাদের জন্য বাফার জোন তৈরি করা, জাতিসংঘের উপস্থিতিতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ গ্রহণ করা, বাংলাদেশে বসবাস করা ‘১০ লাখ’ রোহিঙ্গার মৌলিক মানবাধিকার রক্ষা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক বাংলাদেশকে সহায়তা প্রদান, কোনো ধরনের জটিলতা তৈরি না করে কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করে মিয়ানমার রাষ্ট্র কর্তৃক রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করা, প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক মিয়ানমারের বিরুদ্ধে কূটনৈতিক, বাণিজ্যিক, অস্ত্র রপ্তানির ক্ষেত্রে অবরোধ আরোপ করা এবং মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যে যে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে মৌলিক অধিকার বঞ্চিত করেছে, এসব কারণে সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক আদালতে বিচার করা।
সংবাদ সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, মিয়ানমারে গণহত্যার ঘটনা ঘটছে। সেখানে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে।
আধিপত্য ও ভাগ-ভাটোয়ারার দ্বন্দ্ব -সাত বছরে রাজধানীতে খুন আ’লীগের ২৯ নেতাকর্মী--দৈনিক যুগান্তর
অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার এবং মতিঝিলের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে চার বছর আগে খুন হন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের নেতা রিয়াজুল হক খান মিল্কী। পরে মিল্কীর অন্যতম হত্যাকারী যুবলীগ নেতা জাহিদ সিদ্দিকী তারেক র্যাববের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। যুবলীগের দুই নেতার মৃত্যুর পর তাদের অনুসারীরা এখন বিভিন্ন ভাগে বিভক্ত। বিভিন্ন খাতের চাঁদাবাজি ও অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় পর্যায়ে যুবলীগই এখন যুবলীগের প্রতিপক্ষ। এ বিভক্তির জেরে মিল্কী হত্যার তিন বছর পর গত বছরের ১৬ সেপ্টেম্বর মতিঝিলে খুন হন যুবলীগ কর্মী রিজভী হাসান বাবু।
শুধু মতিঝিল নয়, রাজধানীজুড়েই আধিপত্য বিস্তার এবং চাঁদার ভাগ-ভাটোয়ারা নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে অন্তর্কলহ লেগেই আছে। গত সাত বছরে দলটি ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতাকর্মী খুন হয়েছেন।
যুগান্তরের অনুসন্ধান, পুলিশের দেয়া তথ্য এবং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অভ্যন্তরীণ কোন্দল, ভাগ-ভাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, গরুর হাটের নিয়ন্ত্রণ, স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি, পরিবহন ব্যবসার নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ, ক্যাবল ব্যবসা, দখলবাজি, স্থানীয় নির্বাচনসহ নানান বিরোধকে কেন্দ্র করে বিরোধই এসব হত্যাকাণ্ডের কারণ। আর এসব হত্যাকাণ্ডে দায়ের করা অধিকাংশ মামলার আসামি আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহেযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
ভারতে তিন বাহিনীতে তিন দিনে গড়ে একজনের আত্মহত্যা- টাইমস অব ইন্ডিয়া খবর
খবরটিতে লেখা হয়েছে ভারতে সশস্ত্র বাহিনীর তিনটি শাখা থেকে প্রতি তিন দিনে গড়ে একজন করে সদস্য আত্মহত্যা করছেন। এ প্রবণতা সবচেয়ে বেশি সেনাবাহিনীতে। সম্প্রতি দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগে দায়িত্ব পালনকালে নিজেকেই গুলি করেন সেনা সদস্য নরেন্দ্র আর। তার মৃতদেহ সোমবার ব্যাঙ্গালুরুতে নেয়া হয়েছে। আত্মহত্যা নিয়ে তার পরিবারের আশঙ্কা থাকলেও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তার নাম তালিকাভুক্ত হচ্ছে আত্মহত্যাকারী সেনা সদস্য হিসেবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০১৪ সালের ১লা জানুয়ারি থেকে ২০১৭ সালের ৩১ শে মার্চ পর্যন্ত সময়ে প্রতিরক্ষা খাতে তিন বাহিনীর গড়ে একজন করে সদস্য প্রতি তিন দিনে আত্মহত্যা করেন। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়েছে, ১১৮৫ দিনের এ সময়ে দায়িত্বে থাকা অবস্থায় প্রতিরক্ষার এই তিন বাহিনীতে আত্মহত্যা করেছেন ৩৪৮ জন। বিশেষ করে সংঘাতময় জম্মু-কাশ্মীর অথবা ভারতের উত্তর-পূর্বাঞ্চলে এ ঘটনা বেশি ঘটছে।
‘চৌকিদার'মোদীই বিদ্ধ রাহুলে-দৈনিক আনন্দবাজার
গতকাল থেকে বিরোধীদের মুখ বন্ধ করার আপ্রাণ চেষ্টা করছে বিজেপি। কিন্তু তারা যতই চেষ্টা করছে ততই আক্রমণাত্মক হচ্ছেন রাহুল গান্ধীরা। অমিত শাহের ছেলে জয়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে রাহুল এবার সরাসরি নিশানা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
মোদীর রাজ্য গুজরাতে যাওয়ার আগে রাহুল টুইট করে বলেন, ‘মোদীজি, জয় শাহ-জাদা খা গ্যয়া! এর অর্থ আপনি চৌকিদার না ভাগীদার?’ মোদী-শাহের গড়ে রাহুল জনসভায় প্রশ্ন তোলেন, ‘‘৩-৪ বছরে আপনাদের কারও সংস্থা ৫০ হাজার টাকাকে ৮০ কোটি করতে পারবে?’’ জনতার জবাব— না! ‘‘মোদীজি যে বলেন— না খাবেন, না খেতে দেবেন! কিন্তু কোথায় গেল তাঁর চৌকিদারি?’’
মুখ্যমন্ত্রীর মূল্যায়নে ‘ফেল’ ঝাড়গ্রাম জেলা প্রশাসন, ভর্ৎসনা মন্ত্রী চূড়ামণিকে-সংবাদ প্রতিদিনের অনলাইন সংস্করণের খবর
মুখ্যমন্ত্রীর মূল্যায়নে ‘ফেল’ ঝাড়গ্রাম জেলা প্রশাসন। প্রশাসনিক বৈঠকে জেলার উন্নয়ন নিয়ে বেজায় ক্ষোভপ্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসপি, ডিএম এবং পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার মুখে পড়েন।
নতুন জেলা হওয়ার পর ঝাড়গ্রামে এই প্রথমবার সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জেলা প্রশাসনিক বৈঠকে কাজের পর্যালোচনা করতে গিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জনপ্রতিনিধি, আমলাদের সামনে তাঁর বক্তব্য, ‘‘যে জেলায় ডিএম, এসপিরা সমস্যার সমাধান করতে পারে না, সেখানে সময় নষ্ট হয়।’’ এক জেলায় কেন দুবার আসতে হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জেলা প্রশাসনের কাজে যে খুশি নন তাও স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘আপনাদের খারাপ পারফরম্যান্সের জন্যই আমাদের আসতে হয়েছে।
একা হজে গেলে নারীরা পাপ করবেন’- আজকাল
অবৈজ্ঞানিক তো বটেই, মধ্যযুগীয় মানসিকতা বললেও বোধহয় কম বলা হয়। হজে মুসলিম মহিলাদের কোনও পুরুষ অভিভাবক ছাড়াই যাওয়ার বিরোধিতা করে মুখ খুললেন মুসলিমদের ধর্মীয় সংগঠন জামিয়া উলামা–র মুফতি মহম্মদ সেলিম নুর। পাশাপাশি তাঁর দাবি, মহিলারা নাকি পুরুষদের সমকক্ষ নন, কারণ পুরুষদের সন্তানধারণ করতে হয় না। নিজের বক্তব্যের সপক্ষে বিচিত্র যুক্তিও পেশ করেছেন ওই সচিব। তিনি বলেছেন, ‘মহিলারা যদি পুরুষদের সমকক্ষই হতেন, তাহলে পুরুষদেরও সন্তানধারণ করতে হতো।’ হজে পুরুষ অভিভাবক ছাড়াই মহিলাদের যাওয়ার প্রস্তাবে সহমত নন ওই সচিব। তিনি বলেছেন, ‘যদি পুরুষ অভিভাবক ছাড়া যেতেই হয়, তাহলে ৪জন মহিলার একসঙ্গে হজে যাওয়া উচিত। তবে ৪৫ বছর বয়সের নীচে কোনও মহিলাকেই হজে যাওয়ার অনুমতি দেওয়া উচিত নয়।’ মহিলাদের হজে যাওয়াকে ইসলাম বিরোধী বলেও দাবি করেন তিনি। বলেন, ‘ভিন্ন ধর্মের কিছু মানুষ মুসলিমদের ধর্মচ্যুত করার চেষ্টা করছে। মহিলারা পুরুষ অভিভাবক ছাড়া হজে গেলে পাপ করে ফেলবেন। সেটা কাম্য নয়। কারণ হজ ইসলামের এক পবিত্র অধ্যায়’। নুর আরও বলেন, ‘রাজনীতিবিদরা আমাদের ধর্মে নাক গলাচ্ছেন এটা উচিত নয়।’
প্রিয় পাঠক/শ্রোতা! আবারও আমরা কথাবার্তার আসর নিয়ে হাজির হবো আগামীকাল। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০