রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছি: সুজন
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১২ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- বোর্ড নিজেই ফাঁস করল প্রশ্নপত্র-দৈনিক ইত্তেফাক
- শেখ হাসিনাকে আরো ১০ বছর ক্ষমতায় রাখুন: নাসিম-দৈনিক ইত্তেফাক
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছি: সুজন-দৈনিক প্রথম আলো
- রোহিঙ্গা সংকট : বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক-দৈনিক নয়া দিগন্ত
- প্রধান বিচারপতির চরিত্রে কলঙ্কের কালিমা লেপনের অপপ্রয়াস চলছে--দৈনিক যুগান্তর
- নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন-দৈনিক কালের কণ্ঠ অনলাইন
- প্রকাশ্যে সাংবাদিক পেটালেন সার্জেন্ট পরে ক্লোজড-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- ষোড়শ সংশোধনীর রায় রিভিউয়ের পিটিশন ৩০ কার্যদিবসে: আইনমন্ত্রী- দৈনিক সমকাল
- দুই মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা-দৈনিক ইনকিলা
ভারতের শিরোনাম:
- দার্জিলিং নিয়ে কমিটি গড়ল কেন্দ্র-আনন্দবাজার
- জয় নিয়ে সাবধানী আরএসএস -দৈনিক আজকাল
- চলতি বছরেই অনাদায়ী ঋণের নয়া রেকর্ড, বাজারে পড়ে ৯.৫৩ লক্ষ কোটি টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
বোর্ড নিজেই ফাঁস করল প্রশ্নপত্র-দৈনিক ইত্তেফাক
এসএসসি নির্বাচনী পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র যশোর শিক্ষাবোর্ডের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় পরীক্ষা শুরুর আধঘন্টা আগে নোটিস বোর্ডে আপলোড করা হয় প্রশ্নপত্র। এরপর প্রধান শিক্ষকরা প্রশ্নপত্র প্রিন্ট দিয়ে পরীক্ষা গ্রহণ করেন। একদিকে প্রশ্ন ফাঁস, অন্যদিকে দেরিতে প্রশ্নপত্র সরবরাহ করায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। বোর্ডের আওতাধীন ১০ জেলায় প্রায় আধঘন্টা দেরিতে পরীক্ষা শুরু হয়।
রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছি: সুজন-প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণের খবর
রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় জোনোসাইডের সব শর্ত পূরণ হচ্ছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। সুজন আয়োজিত গোলটেবিল বৈঠকে আরও বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ কূটনৈতিকভাবে চরম ব্যর্থ। আজ সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সুজন আয়োজিত ‘রোহিঙ্গা সমস্যা: প্রেক্ষিত, বর্তমান পরিস্থিতি আর সম্ভাব্য করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জেনোসাইডের ১০টি শর্ত রয়েছে। রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় যার প্রতিটি পূরণ হচ্ছে। এটা বিশ্ব সম্প্রদায়ের সামনে চলমান হত্যাযজ্ঞ।
রোহিঙ্গা সংকট : বাংলাদেশকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক-দৈনিক নয়া দিগন্ত
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের প্রয়োজন মেটাতে দেশটির সরকারকে সাহায্য করবে বিশ্ব ব্যাংক।
এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানিয়েছে, রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশ সরকারের আহ্বানের পরিপ্রেক্ষিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থাটি তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু তাদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের, দেশটি নিজেরাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। রোহিঙ্গাদের জন্য সরকারের যে কর্মসূচি রয়েছে তাতে বিশ্ব ব্যাংক সহায়তা করবে। দৈনিকটির অন্য একটি প্রতিবেদনে লেখা হয়েছে,নাগরিক অধিকার নিয়ে দ্রুত দেশে ফিরতে চান রোহিঙ্গারা।
নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন-দৈনিক কালের কণ্ঠ
উচ্চ আদালতের বিচারকদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ও বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে নির্ধারিত ৩০ দিনের মধ্যেই আবেদন জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। অসুস্থতার কথা জানিয়ে একমাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা শুক্রবার (১৩ অক্টোবর) চারটি দেশে ভ্রমণে যাচ্ছেন, ১০ নভেম্বর পর্যন্ত তিনি দেশের বাইরে থাকবেন বলে এখন পর্যন্ত ঠিক আছে বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।
প্রধান বিচারপতির চরিত্রে কলঙ্কের কালিমা লেপনের অপপ্রয়াস চলছে--দৈনিক যুগান্তর
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দেশের আড়াই কোটি ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠী নিদারুণভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। তার চরিত্রে কলঙ্কের কালিমা লেপনের অপপ্রয়াস চলেছে ও চলছে। এমনকি তাকে দেশত্যাগে বাধ্য করার হুমকি পযর্ন্তও দেয়া হয়েছে। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা এসব কথা বলেন। তারা বলেন, প্রধান বিচারপতির রায়কে পুঁজি করে সরকারের অভ্যন্তরে থাকা প্রতিক্রিয়াশীল মহল তার ধর্মীয় পরিচয়কে সামনে নিয়ে এসে সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি, উন্নততর পদায়ন ইত্যাদি থেকে বঞ্চিত করার সর্বনাশা প্রক্রিয়া চালাচ্ছেন।
প্রধান বিচারপতির ইস্যুকে মূলধন করে সাম্প্রদায়িক চক্রান্তে লিপ্ত কিনা তা খতিয়ে দেখার জন্য একই সঙ্গে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতি আবেদন জানানো হয়।
প্রযুক্তিতে আসক্ত শিশু-কিশোর-দৈনিক ইনকিলাব
হাতে হাতে মোবাইল ফোনে নষ্ট হচ্ছে আগামীর প্রজন্ম : প্রাণঘাতী গেমসে ঝুঁকছে অনেকেই : ইন্টারনেটে অশ্লীলতায় জড়িয়ে পড়ছে তারা : সচেতন হওয়ার পরামর্শ শিক্ষাবিদ-প্রযুক্তিবিদদের।
পাট থেকে তৈরি হবে শার্ট-প্যান্ট-জ্যাকেট-দৈনিক ইনকিলাব
বহুমুখী ব্যবহার বৃদ্ধির অংশ হিসেবে পাট থেকে ডেনিম কাপড় তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমে পাট ও তুলার মিশ্রণে সুতা তৈরি করা হবে। সেই সুতা থেকে বানানো হবে ডেনিম কাপড়। উৎপাদিত কাপড় থেকে প্যান্ট, জ্যাকেট ও শার্টের মতো পোশাক বানিয়ে রফতানি করা হবে। পাশাপাশি দেশের বেসরকারি খাতে কাপড় সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। এ জন্য স¤প্রতি বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে।
প্রকাশ্যে সাংবাদিক পেটালেন সার্জেন্ট পরে ক্লোজড-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
রাজধানীর মৎস ভবন এলাকায় দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক মো. নাসির উদ্দিনকে নির্যাতনের ঘটনায় ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মুস্তাইনকে ক্লোজ করা হয়েছে। গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা মহানগর দক্ষিণ ট্রাফিক বিভাগের ডিসি অফিসে স্থানান্তর করা হয়। পুলিশ সূত্র থেকে এ তথ্য জানানো হয়েছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
দার্জিলিং নিয়ে কমিটি গড়ল কেন্দ্র-আনন্দবাজার
দার্জিলিং নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে যাতে সব শিবিরই যোগ দেয়, তা নিশ্চিত করতে একটি কমিটি গড়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ওই কমিটির কাজ হবে রাজ্য ও গোর্খা নেতৃত্বের সঙ্গে কথা বলে ত্রিপাক্ষিক বৈঠকের জন্য ইতিবাচক পরিস্থিতি তৈরি করা। দীপাবলির পরেই ওই কমিটি কেন্দ্রকে রিপোর্ট দেবে। তার পরেই ত্রিপাক্ষিক বৈঠক ডাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নরেন্দ্র মোদী সরকার।
দার্জিলিং প্রশ্নে হস্তক্ষেপের দাবি জানিয়ে গত মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের দ্বারস্থ হয়েছিলেন দিলীপ ঘোষেরা। তার পরে বিবৃতি দিয়ে পনেরো দিনের মধ্যে কমিটি গড়ে আলোচনা শুরুর উপরে জোর দেন রাজনাথ। সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে ৯ অক্টোবর। তাই আর দেরি না করে চলতি সপ্তাহেই তিন সদস্যের কমিটি গড়ার সিদ্ধান্ত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গওবা।
চলতি বছরেই অনাদায়ী ঋণের নয়া রেকর্ড, বাজারে পড়ে ৯.৫৩ লক্ষ কোটি টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন
নতুন রেকর্ড হল অনাদায়ী ঋণের ক্ষেত্রে। চলতি বছরে জুন মাসের শেষে অনাদায়ী ঋণের পরিমাণ ৯.৫৩ লক্ষ কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে এটা স্পষ্ট যে, অনাদায়ী ঋণ আদায় বা নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে সরকার কার্যত ব্যর্থ। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে অনাদায়ী ঋণই সরকারের কাছে সবচেয়ে বড় সমস্যা। তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানা গিয়েছে।
গত বছর নোট বাতিলের পর জিডিপি বৃদ্ধির হার কমেছে। ধাক্কা খেয়েছে শিল্পোৎপাদন। সেভাবে নতুন কোনও শিল্প গড়ে ওঠেনি। ফলে কর্মসংস্থানও সৃষ্টি হয়নি। বরং নোট বাতিলের জেরে কিছু মানুষ কাজ খুইয়েছেন। এ সবের জেরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সমালোচনায় সরব বিরোধীরা। কথায় বলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। রিজার্ভ ব্যাঙ্কের এই পরিসংখ্যান একদিকে যেমন সরকারের বিড়ম্বনা বাড়াবে তেমনই বিরোধীদের জোগাবে সমালোচনার এক নতুন অস্ত্র।
জয় নিয়ে সাবধানী আরএসএস-দৈনিক আজকাল
বিজেপি সভাপতি অমিত শাহ’র ছেলে জয় শাহ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সাবধানী অবস্থান নিল আরএসএস। বিজেপির অভিভাবক সংগঠন বলেছে, অভিযোগের সপক্ষে তথ্য দিতে হবে। তবেই তা তদন্তের উপযুক্ত হবে। বৃহস্পতিবার ভোপালে বৈঠকে বসেছিল আরএসএস। বৈঠকের ফাঁকে সংগঠনের সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে বলেন, ‘কারও বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তদন্ত করে দেখা উচিত। তবে দুর্নীতির জন্য প্রাথমিক তথ্য প্রমাণ পেশ করা দরকার।’ অর্থাৎ জয় শাহর বিরুদ্ধে ওঠা দুর্নীতির তদন্তের জন্য আরএসএস যে চাপ দেবে না তা স্পষ্ট করে দিয়েছেন হোসাবলে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১২