ইপিজেড তৈরিতে রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে: তোফায়েল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের অনলাইন শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে: নৌমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ডিম নিয়ে ডামাডোল-দৈনিক প্রথম আলো
- ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ৬--দৈনিক যুগান্তর
- ব্লু হোয়েলে আসক্ত চবি’র আরো ৪ শিক্ষার্থী-দৈনিক মানবজমিন
- বাংলাদেশ যেখানে ভারত-পাকিস্তানের উপরে-দৈনিক নয়া দিগন্ত
- জনগণকে রাস্তায় নামার আহ্বান মঈন খানের-দৈনিক ইনকিলাব অনলাইন
ভারতের শিরোনাম:
- মুসলিম মেয়েদের জন্য মোদীর ‘গিফ্ট’: স্নাতক হয়ে বিয়ে করলে ৫১ হাজার-আনন্দবাজার
- আমাদের রায়ে সাম্প্রদায়িকতার রং নেই: সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল
- গুরুংপন্থীদের সঙ্গে তুমুল গুলির লড়াই পুলিশের, মৃত অন্তত ২-দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
নারায়ণগঞ্জের গলাচিপায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১-ইত্তেফাক অনলাইন
নারায়ণগঞ্জ শহরে ‘বন্দুকযুদ্ধে’ মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন (৫০) নামে এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের গলাচিপা গোয়ালিয়া খাল এলাকায় এ বন্দুকযুদ্ধ সংঘটিত হয়। দৈনিকটির অনলাইন সংস্করণের অন্য একটি খবরে লেখা হয়েছে, বৃহষ্পতিবার গভীর রাতে কুষ্টিয়ার কুমারখালীতে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রবাসী রাকিবুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী শাহীন (৩০) নিহত হয়েছে। এদিকে যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফতুল্লার কাশীপুর হোসাইনী নগরে একটি রিকশার গ্যারেজের ভেতরে এ ঘটনা ঘটে।
ব্লু হোয়েল গেম থেকে সতর্ক হতে বিটিআরসির উদ্যোগ-ইত্তেফাক
ব্লু হোয়েল গেম খেলে নিশ্চিত মৃত্যু! এমন খবর আমরা কয়েক দিন ধরেই শুনছি। আমাদের দেশে সম্প্রতি একটি আত্মহত্যার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই এই গেমের ছোবল থেকে সন্তানদের বাঁচাতে চিন্তিত বাবা মায়েরা। এই সমস্যার কথা মাথায় রেখেই সম্প্রতি বিটিআরসির ‘মিডিয়া অ্যান্ড পাবলিকেশন্স উইন্স’ পেইজে একটি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি দিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সচেতনতা বৃদ্ধির জন্য ‘ক্ষতিকারক মোবাইল বা অনলাইন গেমস/লিংক/অ্যাপস থেকে সন্তানকে বিরত রাখুন। এ সংক্রান্ত ওয়েব লিংক/অ্যাড্রেস/অ্যাপস এর তথ্যাদি অফিস সময়ে ২৮৭২ নম্বরে ফোন করে বিটিআরসিকে অবহিত করুন। মানবজমিনের খবর-ব্লু হোয়েলে আসক্ত ’র আরো ৪ শিক্ষার্থী-খবরটি দৈনিক মানবজমিনের।
ফেসবুকে ব্লু হোয়েল নিয়ে ভুয়া বার্তা-প্রথম আলো
ব্লু হোয়েল গেম নিয়ে নানা গুজব ছড়াচ্ছে ফেসবুকে। এসব গুজবে কান দেওয়া ঠিক হবে না। গতকাল বৃহস্পতিবার থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভুয়া বার্তা ছড়াতে দেখা গেছে।
ওই বার্তায় বলা হচ্ছে—১৩ অক্টোবর শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা বাংলাদেশের সব অ্যান্ড্রয়েড ফোনে ব্লু হোয়েল গেম ঢুকিয়ে দেওয়া হবে। যা প্রবেশের ফলে আপনার ফোনের সব ব্যক্তিগত তথ্য, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, আইএমওসহ সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই শুক্রবার রাত ৯ থেকে ১০টা পর্যন্ত ফোন বন্ধ রাখুন। দেশের সেবায় এটি বেশি বেশি ফরোয়ার্ড করুন। জনসচেতনতায় বিটিআরসি।
বিটিআরসির নামে ফেসবুকে ছড়ানো ওই বার্তাটি দেখে অনেকের মধ্যেই উৎকণ্ঠা দেখা যায়। তবে অনেকেই বিষয়টি ভুয়া বলে ধরতে পেরেছেন। বিটিআরসি সূত্র জানিয়েছে, পুরোপুরি ভুয়া বার্তা এটি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তিন টাকায় ডিম পেতে ‘যুদ্ধে' রাজধানীবাসী!-সমকাল/ইত্তেফাক অনলাইন
‘‘ডিম চাই ডিম চাই, আর কোনো দাবি নাই,’’, ‘‘ডিম চোর, ডিম চোর’, ‘ডিম চোরের বিচার চাই, ডিম ডিম ডিম চাই' স্লোগানে মুখরিত রাজধানীর খামারবাড়ি এলাকা। মাত্র তিন টাকা পিস ডিম পেতে সেখানে ভিড় জমিয়েছেন লাখো মানুষ।
আজ শুক্রবার আন্তর্জাতিক ডিম দিবস উপলক্ষে খামারবাড়িস্থ কৃষিবিদ ইন্সিটিটিউিটে মাত্র তিন টাকা পিস ডিম বিক্রির আয়োজন করে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর। সকাল ১০টা থেকে ডিম বিক্রির কথা থাকলেও ক্রেতাদের চাপের মুখে নয়টা থেকেই বিক্রি শুরু হয়। জনপ্রতি সর্বোচ্চ ৯০টি করে ডিম দেয়ার কথা ছিল। ক্রেতাদের ভিড় দেখে আয়োজকরা ২০টির প্যাকেট করে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। হুড়োহুড়ির মুখে শুরুর কিছুক্ষণের মধ্যেই ডিম বিক্রি বন্ধ করে দিতে বাধ্য হন আয়োজকরা। ধাক্কাধাক্কিতে ভেঙে পড়ে ডিম বিতরণের জন্য তৈরি মঞ্চ।
ইপিজেড তৈরিতে রোহিঙ্গাদের তাড়ানো হচ্ছে: তোফায়েল-দৈনিক প্রথম আলো অনলাইন
মিয়ানমারের রাখাইন রাজ্যে রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (ইপিজেড) বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান-শিল্পকারখানা প্রতিষ্ঠা করা এবং সেখানকার মূল্যবান সম্পদের জন্যই রাজ্যটি থেকে রোহিঙ্গাদের সরিয়ে দেওয়া হচ্ছে। তবে কূটনৈতিক উপায়ে রোহিঙ্গাদের ফেরত দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আর ইত্তেফাকের অনলাইন সংস্করণের খবরে লেখা হয়েছে, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ কূটনৈতিক তত্পরতার কারণে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ করে তাদের দেশে ফিরিয়ে নিতে বাধ্য হবে। বিশ্ব চাপে ইতোমধ্যে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার কথা বলতে শুরু করেছে।
আর যুগান্তর পত্রিকার অনলাইন সংস্করণের খবর-মিয়ানমারের নেত্রী অন সাং সু চি’র অবস্থা এখন ‘জলে কুমির ডাঙায় বাঘ’র মতো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, আন্তর্জাতিক চাপের কারণেই রোহিঙ্গা নির্যাতন নিয়ে মিয়ানমার সরকার সুর নরম করেছে। কিন্তু এটা তাদের আসল রুপ নয়।
এক রাতে পরিবারের ১৮ সদস্যকে পুড়িয়ে হত্যা-যুগান্তরের প্রতিবেদন
দুই চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে পানি। বাম পায়ের গোড়ালি ব্যান্ডেজ করা। মাথার পেছনে ১০টি সেলাই। সারা শরীরে নির্যাতনের চিহ্ন; বিভিন্ন স্থানে লালচে ঘা। কেউ সামনে দাঁড়ালে ফ্যালফ্যাল করে শুধু চেয়ে থাকেন। মুখে ভাষা নেই। যেন কথা বলতেই ভুলে গেছেন।' এটি এক রাতে ১৮ জন স্বজন হারানো ও সেনাদের ভয়াবহ শারীরিক নির্যাতনে বাকরুদ্ধ রোহিঙ্গা সেবিকা বেগমের করুণ গল্প। দুই সপ্তাহ আগে এক রাতে মিয়ানমারের সেনারা তার পরিবারের ১৮ সদস্যকে পুড়িয়ে হত্যা করেছে।
মিয়ানমারের রাখাইন (আরাকান) রাজ্যে সেনাদের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া সেবিকা উখিয়ার কুতুপালং শিবিরে আশ্রয় নিয়েছেন। তার সারা শরীরে সেনাদের অত্যাচার-নির্যাতনের চিহ্ন। বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের ১৮ সদস্যকে হারিয়ে ওই নারী নৌকায় টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছেন।
জনগণকে রাস্তায় নামার আহ্বান মঈন খানের-দৈনিক ইনকিলাব
জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এবং একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ উপলক্ষে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ যেখানে ভারত-পাকিস্তানের উপরে-দৈনিক নয়া দিগন্ত
বৈশ্বিক ক্ষুধা সুচকে ভারতের স্থান তলানিতে গিয়ে ঠেকেছে। এমনকি প্রতিবেশি বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালের নিচে অবস্থান করছে ভারত। ১১৯টি দেশের মধ্যে ভারত ১০০-তে অবস্থান করছে! ব্রিকসভুক্ত (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা) দেশগুলোর মধ্যে ভারতের স্থান সর্বনিম্ন।
১১৯টি দেশের মধ্যে জরিপ চালিয়ে ‘ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট' বিশ্ব ক্ষুধা সূচকের (গ্লোবাল হাংগার ইনডেক্স বা জিএইচআই) ওই ফল প্রকাশ করেছে।
২০১৪ সালে বিশ্ব ক্ষুধা সূচকে ৭৬টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৫৫। ২০১৬ সালে ১১৮টি দেশের মধ্যে ভারত ৯৭তম স্থানে চলে যায়। বর্তমানে তা আরও বেড়ে ১০০-তে পৌঁছেছে। ভারতের জন্যই দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থান নিচের সারিতে হয়েছে।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর
গুরুংপন্থিদের সঙ্গে তুমুল গুলির লড়াই পুলিশের, মৃত অন্তত ২-দৈনিক সংবাদ প্রতিদিন
পলাতক মোর্চা সুপ্রিমো বিমান গুরুংয়ের সন্ধানে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত পুলিশবাহিনী। মোর্চা সমর্থকদের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পুলিশকর্মী। আহত হয়েছেন অন্তত চারজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, সিকিম থেকে দার্জিলিং আসছেন বিমল গুরুং, এমনটাই খবর দেন গোয়েন্দারা। পাতলেবাসেই এক গোপন ডেরায় লুকিয়ে রয়েছে গুরুং। সেখানে এক অস্ত্র কারখানাও রয়েছে বলে জানান গোয়েন্দারা। ওই খবর পাওয়ার পরই দ্রুত ছকে ফেলা হয় গুরুংকে জালে ফেলার পরিকল্পনা।
মুসলিম মেয়েদের জন্য মোদীর ‘গিফ্ট' : স্নাতক হয়ে বিয়ে করলে ৫১ হাজার-দৈনিক আনন্দবাজার
বিয়ের আগেই যাঁরা স্নাতক হবেন এমন মেধাবী মুসলিম ছাত্রীদের জন্য এক বিশেষ প্রকল্প আনতে চলেছে মোদী সরকার। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘শাদি শগুন’। অর্থাৎ বিয়ের সময় সেই সব মেধাবী ছাত্রীদের হাতে ৫১ হাজার টাকা উপহার তুলে দেবে সরকার। এই প্রকল্পের মূল লক্ষ্য হল, সংখ্যালঘু সম্প্রদায়কে উচ্চশিক্ষায় অনুপ্রেরণা দেওয়া। যে সব ছাত্রীরা বেগম হজরত মহল স্কলারশিপ পেয়েছেন, তাঁরা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে।
কংগ্রেস ঠিক ফিরে আসবে, প্রত্যয় প্রণব মুখোপাধ্যায়ের-দৈনিক সংবাদ প্রতিদিন
কংগ্রেস ফুরিয়ে যায়নি। এখনই বাতিলের খাতায় ফেলা দেওয়া ঠিক নয়। শতাব্দীপ্রাচীন দল ঠিক ফিরে আসবে। এমনই প্রত্যয়ের কথা প্রণব মুখোপাধ্যায়ের মুখে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন রাষ্ট্রপতি বুঝিয়ে দিয়েছেন তাঁর হৃদয়ে হাত চিহ্নের জায়গা এখনও গভীরে। সোনিয়া গান্ধীর সঙ্গে তাঁর সমীকরণ থেকে প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বী মনমোহন সিং বা নোটবাতিল এবং জিএসটি নিয়ে নরেন্দ্র মোদিকে পরামর্শ। সমস্ত বিষয়ে অকপট কীর্ণাহারের সন্তান। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর এই প্রথম দল, দলের অতীত এবং ভবিষ্যত নিয়ে কথা বললেন প্রণব মুখোপাধ্যায়।
আমাদের রায়ে সাম্প্রদায়িকতার রং নেই: সুপ্রিম কোর্ট-দৈনিক আজকাল
দিল্লি এবং তার আশপাশের শহরে বাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের সেই নির্দেশকে সাম্প্রদায়িকতার নাম দেওয়া হচ্ছে, যা খুবই ‘হতাশা এবং দুঃখজনক’ ঘটনা। শুক্রবার শীর্ষ আদালত জানায়। সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ১ নভেম্বর পর্যন্ত দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় কোনও ধরনের বাজি বিক্রি করা চলবে না। দিল্লিতে দিওয়ালির পর যে পরিমাণ বায়ু দূষণের সৃষ্টি হয় তাতে দিল্লিবাসীর নিঃশ্বাস নিতে খুব সমস্যা হয়। এ সংক্রান্ত আবেদন আসার পরেই শীর্ষ আদালত দিল্লিতে বাজি বিক্রি বন্ধ করে দেয়। তবে ইতিমধ্যেই যাঁরা বাজি কিনে ফেলেছেন, তাঁরা সেটা ফাটাতে পারেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩