বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী
প্রিয় পাঠক/শ্রোতা! ১১ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি- দৈনিক ইত্তেফাক অনলাইন
- প্রধান বিচারপতির পদত্যাগে এখন কী হবে?- দৈনিক প্রথম আলো অনলাইন
- প্রধান বিচারপতির পদত্যাগ লজ্জাজনক : ড. মোশাররফ- দৈনিক নয়াদিগন্ত অনলাইন
- ফেসবুক স্ট্যাটাসের জের: রংপুরে ৮ বাড়িতে আগুন, গুলিতে একজন নিহত- দৈনিক যায়যায়দিন
- রংপুরে হিন্দু বাড়িতে আগুন-হামলায় দুই মামলা, গ্রেফতার ৫৩- দৈনিক সমকাল অনলাইন
- ২৩ শর্তে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনমুতি পেল বিএনপি- দৈনিক যুগান্তর
- যত বাধাই আসুক সমাবেশ সফল করবে বিএনপি –ফখরুল- দৈনিক ইনকিলাব অনলাইন
- বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
- বেশ কড়া শর্তে রোহিঙ্গা ফেরত নেবেন সু চি- দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- নেক্সট জেনারেশন ট্যাঙ্ক আসছে ভারতীয় সেনায়- দৈনিক আজকাল
- বায়ু দূষণ ক্ষতিকর, কিন্তু মারণ নয়, দাবি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর- দৈনিক আনন্দবাজার
- মুকুলের ‘বিশ্ববাংলা’ মন্তব্যের দায় নেবে না বিজেপি, স্পষ্ট করলেন দিলীপ- দৈনিক সংবাদ প্রতিদিন
প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
প্রধান বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি- দৈনিক ইত্তেফাক অনলাইন

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার সকালে সিনহার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছালে তা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।
এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০ টায় সিঙ্গাপুর থেকে কানাডার উদ্দেশে রওনা হওয়ার পূর্বে তিনি পদত্যাগ করেন বলে তার পারিবারিক সূত্রে জানা গিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে সরকারি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
অসুস্থতার কারণ দেখিয়ে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। ঢাকা ত্যাগের পূর্বে এক খোলা চিঠিতে বিচারপতি সিনহা দাবী করেন তিনি অসুস্থ নন। ছুটি শেষে তিনি দেশে ফিরে আসবেন বলেও চিঠিতে উল্লেখ করেন।
বেশ কিছুদিন সস্ত্রীক অস্ট্রেলিয়ায় তার বড় কন্যার বাসায় অবস্থানের পর গত সোমবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতালে তিনি চারদিন চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু এক অজানা কারণে তিনি দেশে না ফিরে কানাডায় উদ্দেশে সিঙ্গাপুর ত্যাগ করেন। কানাডায় যাওয়ার পূর্বে তিনি পদত্যাগপত্রে সই করেন বলে পারিবারিক সূত্র জানায়।
প্রধান বিচারপতির পদত্যাগে এখন কী হবে?- দৈনিক প্রথম আলো অনলাইন

এ ব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক প্রথম আলোকে বলেন, এস কে সিনহা পদত্যাগপত্র জমা দিয়েছেন, এমন তথ্য বঙ্গবভবন থেকে তাঁকে জানানো হয়নি। যদি তিনি পদত্যাগ করেই থাকেন, তাহলে রাষ্ট্রপতি পরবর্তী ব্যবস্থা নেবেন। তিনি বলেন, প্রধান বিচারপতির পদত্যাগ বা অন্য কোনো কারণে ওই পদ শূন্য হলে কী হবে, তা সংবিধানের ৯৭ অনুচ্ছেদে সুস্পষ্ট বলা আছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবেদককে তিনি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুসরণ করতে বলেন।
সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে, ‘প্রধান বিচারপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে প্রধান বিচারপতি তাঁহার দায়িত্বপালনে অসমর্থ বলিয়া রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে ক্ষেত্রমত অন্য কোন ব্যক্তি অনুরূপ পদে যোগদান না করা পর্যন্ত কিংবা প্রধান বিচারপতি স্বীয় কার্যভার পুনরায় গ্রহণ না করা পর্যন্ত আপীল বিভাগের অন্যান্য বিচারকের মধ্যে যিনি কর্মে প্রবীণতম, তিনি অনুরূপ কার্যভার পালন করিবেন।’
কবে নাগাদ প্রধান বিচারপতি নিয়োগ হতে পারে বা এ ব্যাপারে কোনো সময়সীমা আছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি যখন নিয়োগ দেবেন, তখনই নিয়োগ হবে।
প্রধান বিচারপতির পদত্যাগ লজ্জাজনক : ড. মোশাররফ- দৈনিক নয়াদিগন্ত অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিভিন্নভাবে শক্তি প্রয়োগ করে প্রধান বিচারপতি এসকে সিনহাকে পদত্যাগ করানো হয়েছে। তাকে যদি পদত্যাগ করতে বাধ্য করা হয়ে থাকে তাহলে বাংলাদেশের জন্য এর থেক দুর্ভাগ্যজনক, লজ্জাজনক আর কিছুই হতে পারে না।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত সদ্য মরহুম বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের স্মরণে এক দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা আজকে বিভিন্ন গণমাধ্যম সহ-বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি প্রধান বিচারপতি নাকি পদত্যাগ করেছেন। আবার এটাও শুনেছি তিনি দেশে ফেরার জন্য সিঙ্গাপুর পর্যন্ত এসেছিলেন। নানারকম জল্পনা কল্পনা চলছে। আমরা উদ্ধিগ্ন। দেশের প্রধান বিচারপতির উপরে যদি এই ধরনের আচরণ করা হয়, জোর করে সুস্থ ব্যাক্তিকে অসুস্থ্য বানিয়ে ছুটি দেয়া হয়। তাহলে বাংলাদেশের জন্য এর থেক দুর্ভাগ্যজনক, লজ্জাজনক আর কিছুই হতে পারে না।
ফেসবুক স্ট্যাটাসের জের: রংপুরে ৮ বাড়িতে আগুন, গুলিতে একজন নিহত- দৈনিক যায়যায়দিন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননাকর স্ট্যাটাস দেয়ার অভিযোগে শুক্রবার রংপুরের গঙ্গাচড়া উপজেলার হরকলি ঠাকুরপাড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের আটটি বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোতোয়ালি, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানার পুলিশ গিয়ে শটগানের গুলি ও টিয়ার গ্যাসের শেল ছোড়ে। এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত পুলিশসহ ২৫ জন।
রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বলেন, ওই ঘটনায় হাবিবুর রহমান (৩০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশ রংপুর মেডিকেল কলেজের মর্গে রয়েছে। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে ১১ জন।
পুলিশ সূত্র জানিয়েছে, গঙ্গাচড়া উপজেলার খলেয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার মৃত খগেন রায়ের ছেলে টিটু রায় ৫ নভেম্বর ফেসবুকে 'ধর্মীয় অবমাননাকর' স্ট্যাটাস দেন। এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েক দিন থেকে ওই গ্রাম ও আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
রংপুরে হিন্দু বাড়িতে আগুন-হামলায় দুই মামলা, গ্রেফতার ৫৩- দৈনিক সমকাল অনলাইন
রংপুরে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে হিন্দুদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এখন পর্যন্ত ৫৩জনকে।
পুলিশের পক্ষ থেকে সদর থানা ও গঙ্গাচড়া থানায় করা দুই মামলায় অজ্ঞাত দুই হাজার জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ এবং গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
২৩ শর্তে সোহরাওয়ার্দীতে সমাবেশের অনমুতি পেল বিএনপি- দৈনিক যুগান্তর

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রোববারের সমাবেশের জন্য লিখিত অনুমতি পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৩ শর্তে তাদের এ অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে জানান, শনিবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দীন চৌধুরী অ্যানি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে অনুমোদনপত্র গ্রহণ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শায়রুল কবির খান বলেন, ‘সব ঠিকঠাক থাকলে ম্যাডাম সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।’
যত বাধাই আসুক সমাবেশ সফল করবে বিএনপি –ফখরুল- দৈনিক ইনকিলাব অনলাইন

সকল বাধা উপেক্ষা করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যোগে আগামীকালের সমাবেশ বিএনপি সফল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা: সেতুমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী কালের সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি বলেন, ‘তবে বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হলে সরকার সহযোগিতা করবে।’
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহ-এর মন্দিরে শিখ ধর্মগুরু নানক শাহর ৫৪৮তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন কি-না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন কি-না তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তিনি পদত্যাগপত্র পাঠালে, সেটা পাঠাবেন রাষ্ট্রপতির কাছে, আমি যতদুর জানি এখনো কোন পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি। যখন পৌঁছাবে তখন আকাশে চাঁদ উঠার মতো, আপনারাও জানতে পারবেন।’
বেশ কড়া শর্তে রোহিঙ্গা ফেরত নেবেন সু চি- দৈনিক মানবজমিন

নীতিগত ভাবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে আপত্তি নেই মায়ানমারের। তবে কাদের ফেরানো হবে, সে বিষয়ে তারা কড়া শর্ত চাপাচ্ছে।
মায়ানমারের বিদেশ মন্ত্রকের পার্মানেন্ট সেক্রেটারি ইউ কিইয়াও জেয়া শুক্রবার জানান, দেশের স্টেট কাউন্সিলার আউং সান সু চি গত ১২ অক্টোবর এ নিয়ে দেশের নীতিগত অবস্থান স্পষ্ট করেছেন। পুনর্বাসন এবং উন্নয়নের কাজও শুরু হচ্ছে। কিন্তু রোহিঙ্গাদের ফিরিয়ে আনার কাজ হবে চারটি শর্ত সাপেক্ষে। যাঁরা সেই শর্ত পূরণ করতে পারবেন, শুধু তাঁদেরই ফিরিয়ে নেওয়া হবে।
কী কী সেই শর্ত? মায়ানমারের বিদেশ মন্ত্রকের এই শীর্ষ কূটনীতিকের কথায়— যে সব রোহিঙ্গা এ দেশে দীর্ঘদিন বসবাসের প্রমাণপত্র দাখিল করতে পারবেন, স্বেচ্ছায় রাখাইনে ফিরতে চাইবেন, পরিবারের কেউ এ দিকে রয়েছেন তেমন প্রমাণ দেখাতে পারবেন এবং বাংলাদেশে কোনও বাচ্চা জন্মালে তার বাবা-মা উভয়েই মায়ানমারের স্থায়ী বাসিন্দা প্রমাণিত হলে তবেই তাঁদের ফিরিয়ে নেওয়া হবে।
প্রশ্ন উঠেছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়ার পর প্রাণ বাঁচাতে যাঁরা দেশ ছেড়েছেন, তাঁদের কাছে কী করে এই সব তথ্য-প্রমাণ থাকবে? মায়ানমারের বিদেশ মন্ত্রকের পার্মানেন্ট সেক্রেটারি বলেন, ‘‘স্কুলে পড়া, হাসপাতালে চিকিৎসা, চাকরির নথি— এ সবের মতো কিছু প্রমাণ তো দেখাতেই হবে। না হলে ফেরত নেওয়াটা মুশকিল।
এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:
নেক্সট জেনারেশন ট্যাঙ্ক আসছে ভারতীয় সেনায়- দৈনিক আজকাল

চীন ও পাকিস্তানকে কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ভারত। যেকোনও হামলা থেকে মোকাবিলা করতে ভারতীয় সেনাবাহিনীকে ঢেলে সাজাচ্ছে কেন্দ্র। ভারতীয় সেনার ভান্ডারে আসছে নেক্সট জেনারেশন ট্যাঙ্ক। যার পোষাকি নাম ফিউচার রেডি কমব্যাট ভেহিকেলস।
টি–৭২ ট্যাঙ্কের পরিবর্তে নতুন ট্যাঙ্কগুলি খুব শীঘ্রই ভারতীয় সেনাবাহিনীর হাতে চলে আসবে। সংখ্যাটা প্রায় ১৭০০। এই ট্যাঙ্কগুলি হাতে চলে এলে শত্রুপক্ষের মোকাবিলায় একেবারে প্রস্তুত হয়ে যাবে ভারত। এই নয়া ট্যাঙ্ক শুধু দিনেই নয়, রাতেও শত্রুপক্ষকে আক্রমণ করতে সক্ষম হবে। অতিরিক্ত গরম কিংবা ঠান্ডাতেও এই ট্যাঙ্ক সমানভাবে কাজ করতে সক্ষম। ২০১৫ সালেই এই ট্যাঙ্ক তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ইন্দো–চীন ও ইন্দো–পাক সীমান্তে শত্রুদের ঠেকাতেই এই ট্যাঙ্কের ব্যবহার করা হবে।
বায়ু দূষণ ক্ষতিকর, কিন্তু মারণ নয়, দাবি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর- দৈনিক আনন্দবাজার

কোনও মৃত্যু হলেই সেটার দায় বায়ু দূষণের দিকে ঠেলা উচিত নয়। দিল্লির দূষণ নিয়ে যখন দেশজুড়ে তোলপাড় চলছে, ঠিক সেই সময় কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষ বর্ধনের এই মন্তব্য বিতর্ক উস্কে দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গত মাসেই দ্য ল্যান্সেট কাউন্টডাউন-এর একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে ২০১৫-য় শুধুমাত্র বায়ু দূষণের কারণেই ভারতে মৃত্যু হয়েছে ২৫ লক্ষ মানুষের। যা বিশ্বে সর্বোচ্চ। আরও কয়েকটি সমীক্ষাতে বায়ু দূষণকে মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাত্কারে হর্ষ বর্ধন জানান, মৃত্যু হলেই যে সেটা বায়ু দূষণের কারণে হচ্ছে সেটা বলা ঠিক নয়। শুধুমাত্র বায়ু দূষণের কারণেই লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, এই রিপোর্টও খারিজ করে দিয়েছেন তিনি।
২০১৫-য় ১১ লক্ষ মানুষের মৃত্যু হয় বায়ু দূষণের কারণে। গত ফেব্রুয়ারিতে বিশ্বমানের একটি সমীক্ষায় যখন এই ভয়ঙ্কর তথ্য উঠে আসে, সেই সময় এই কেন্দ্রীয় মন্ত্রীই বায়ু দূষণকে ‘সাইলেন্ট কিলার’, ‘স্লো পয়জন’-এর তকমা দিয়েছিলেন। ঘটনাচক্রে সেই সময় পরিবেশমন্ত্রী ছিলেন না হর্ষ বর্ধন। কিন্তু আজ যখন বায়ু দূষণে মৃত্যু নিয়ে সমীক্ষায় ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে, সেই তথ্যকে সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি।
মুকুলের ‘বিশ্ববাংলা’ মন্তব্যের দায় নেবে না বিজেপি, স্পষ্ট করলেন দিলীপ- দৈনিক সংবাদ প্রতিদিন

বিজেপিতে যোগ দিয়ে প্রথম প্রকাশ্য সমাবেশে ধর্মতলা থেকে তৃণমূল কংগ্রেসকে জোরাল আক্রমণ করেন মুকুল রায়। অভিযোগ তোলেন, ‘বাংলায় বিশ্বকাপের স্পনসর বিশ্ববাংলা একটি কোম্পানি, তার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিকানা ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট।’ কিন্তু মুকুলের ওই বক্তব্যের দায় নিতে নারাজ বিজেপি। শনিবার নিউ জলপাইগুড়িতে তা স্পষ্ট করে দিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ‘বিশ্ববাংলা যে আসলে কী সেটা সরকার জানে, আর মুকুলদা জানেন। ওরা বহুদিন একসঙ্গে ঘর করেছেন।’
দিলীপ ঘোষের এই বক্তব্য তবে কি ইঙ্গিত দিচ্ছে যে দলের মধ্যেই মুকুলের গুরুত্ব খুব একটা নেই? নাকি এই নিয়ে দূরত্ব রাখতে চাইছে বিজেপি। প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। ধর্মতলা থেকে মুকুল বিশ্ব বাংলা নিয়ে অভিযোগ তোলার খানিকক্ষণের মধ্যেই রাজি সরকারের তরফে স্বরাষ্ট্রসচিব অত্রি মিত্র সাংবাদিকদের জানিয়ে দেন, বিশ্ববাংলার লোগো এবং ব্র্যান্ড রাজ্য সরকারের নামে রেজিস্ট্রিকৃত। কোনও ব্যক্তির কপিরাইট নেই। অত্রি মিত্র বলেন, ‘বিশ্ববাংলার লোগো এবং ব্র্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি। উনি স্বেচ্ছায় এটা রাজ্য সরকারকে দিয়েছেন।’
প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই। আবারো কথা হবে আগামী আসরে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১