ডিসেম্বর ২২, ২০১৭ ১১:৩৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২২ ডিসেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রংপুর সিটি নির্বাচন: উৎসবের ভোটে লাঙ্গলের জয়- দৈনিক যুগান্তর
  • ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থী বাবলার- দৈনিক সমকাল
  • সুষ্ঠু ভোট আয়োজনে ব্যর্থ ইসি: বিএনপি- দৈনিক যুগান্তর
  • বিএনপির অভিযোগ সঠিক নয়: সিইসি- দৈনিক ইত্তেফাক
  • রংপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে : কাদের- দৈনিক প্রথম আলো
  • মানুষের পাশে দাঁড়ান, তাদের আস্থা অর্জন করুন : কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত
  • হাইকোর্টের সামনে বিএনপি ও পুলিশ সংঘর্ষ, আটক ৯, আহত ১০- দৈনিক মানবজমিন
  • রাজশাহীতে মিলেমিশে চর দখল- দৈনিক প্রথম আলো
  • জেরুজালেম প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট ১২৮ দেশের- দৈনিক যায়যায়দিন

ভারতের শিরোনাম:

  • ভারতের সঙ্গে ভাব করতে চান পাক সেনাপ্রধান- দৈনিক আনন্দবাজার
  • মেহবুবার প্রস্তাব ফেরালেন রাজ্যপাল- দৈনিক আজকাল
  • সিবিআই আদালতকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, হাতিয়ার সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ- দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

রংপুর সিটি নির্বাচন: উৎসবের ভোটে লাঙ্গলের জয়- দৈনিক যুগান্তর

রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) উৎসবের ভোটে জয় হল জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার। এই প্রথম দলীয় প্রতীকের ভোটে সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয় ছিনিয়ে আনেন জাতীয় পার্টির প্রার্থী।

প্রায় এক লাখ ভোটের ব্যবধানে সদ্যবিদায়ী মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জয় ঘরে তুলেন জাতীয় পার্টির এ প্রার্থী। রাত সোয়া ১২টার দিকে রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

১৯৩টি কেন্দ্রের মধ্যে ১৯৩টি কেন্দ্রের ফলই ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট।বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা হাতপাখা মার্কায় ২৪ হাজার ৬ ভোট পেয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন।আবদুল কুদ্দুস মই মার্কায় পেয়েছেন ১ হাজার ২৬২ ভোট।প্রায় এক লাখ ভোটের ব্যবধানে সদ্যবিদায়ী মেয়র ও আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে জয় ঘরে তুলেন জাতীয় পার্টির এ প্রার্থী। রাত সোয়া ১২টার দিকে রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার মোস্তফাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।১৯৩টি কেন্দ্রের মধ্যে ১৯৩টি কেন্দ্রের ফলই ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) সাবেক মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট।বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা ৩৫ হাজার ১৩৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থী বাবলার- দৈনিক সমকাল

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটের ফল প্রত্যাখ্যান করেছেন বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা।বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এই ঘোষণা দেন তিনি।বাবলা বলেন, এটা প্রহসনের নির্বাচন। আমরা ভোটের ফল প্রত্যাখ্যান করছি।'তিনি বলেন, 'ভোটারদের ভয় দেখিয়ে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখা হয়েছে। জীবনের ঝুঁকির কারণে অনেক মানুষই ভোট দিতে যায়নি। তাছাড়া, অনেক ভোটকেন্দ্রে ব্যাপক অনিয়ম হয়েছে, ব্যাপক কারচুপি করা হয়েছে।'

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে একযোগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।এরপর শহরের পুলিশ কমিউনিটি হলে বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা শরু করেন রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

সুষ্ঠু ভোট আয়োজনে ব্যর্থ ইসি: বিএনপি- দৈনিক যুগান্তর

নির্বাচন কমিশন (ইসি) রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট আয়োজন করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন অভিযোগ করেন।

বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে পারেনি। নির্বাচন শুরুর পর থেকে শেষ পর্যন্ত আওয়ামী ও মহাজোটের সন্ত্রাসীদের দৌরাত্ম ও কেন্দ্র দখলের বাস্তবতা ফুটে উঠেছে। সাংবাদিকদেরও অনেক কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে।

রিজভী বলেন, যখন প্রশাসনের দিক থেকে বাধা দেয়া হয়, তখন বুঝতে হবে সরকার বড় কোনো ইঞ্জিনিয়ারিংয়ে ব্যস্ত ছিল। স্থানীয় ফতেহপুর স্কুল, দেলডোবা ও কেল্লাগঞ্জ ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারা এবং কয়েকটি কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগও করেন রিজভী।

ভোটার উপস্থিতি কম হওয়াকে ‘নজিরবিহীন’ উল্লেখ করে বিএনপি নেতা বলেন, আমাদের জানা মতে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম। এটা নজিরবিহীন ঘটনা। সরকার নানাভাবে ভোটারদের মধ্যে আতঙ্ক ও ভীতির সৃষ্টি করেছে। তারই প্রতিফলন ঘটল ভোটারদের টার্নআউট কম হওয়ার মধ্য দিয়ে। ভীতি ছড়িয়ে পড়ার কারণেই ভোটার উপস্থিতি হার একেবারেই কম হয়েছে বলে আমরা মনে করি।

বিএনপির অভিযোগ সঠিক নয়: সিইসি- দৈনিক ইত্তেফাক

প্রধান নির্বাচন কমিশনার খান মো. নূরুল হুদা বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) সন্তুষ্ট। এ নির্বাচনে ভোটাররা দিনভর উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন।

রংপুর সিটির ভোটগ্রহণ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটার এবং স্থানীয়দের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। এ ধরনের সুষ্ঠু ভোটগ্রহণে আমি সন্তুষ্ট।’আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর সিটি নির্বাচনের পরিস্থিতি দেখার পর সিইসি সাংবাদিকদের এ সন্তুষ্টির কথা জানান।

রংপুরে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোট দেয়ায় বাধা দেয় হচ্ছে এবং কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বিএনপির এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘তাদের এই অভিযোগ সঠিক নয়। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি।’

ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বেশ সতর্কতার সঙ্গে ইভিএম এ ভোটগ্রহণ করা হচ্ছে। কোনো বিচ্যুতির অভিযোগ নেই। এ নিয়ে ভোটাররাও বেশ খুশি হয়েছেন। ভালো সাড়া পাওয়া গেছে।

রংপুরের নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে : কাদের- দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আবারও প্রমাণ হয়েছে, বর্তমান সরকারের সময়ে নির্বাচন কমিশন স্বাধীন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবচেয়ে বড় কথা হলো অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্তপূর্ণ নির্বাচনের রেকর্ড রেখে যাচ্ছে। এই নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আমরা এ নির্বাচনের ফলাফলকে গণতন্ত্রের বিজয় হিসাবেই দেখছি। মনে করি, এ নির্বাচনের রেজাল্ট জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য একটা বার্তা রেখে যাচ্ছে।নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বানরে সংগীত গায়, সীতা জলে নাচে।

মানুষের পাশে দাঁড়ান, তাদের আস্থা অর্জন করুন : কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রী- দৈনিক নয়াদিগন্ত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনিক ক্যাডারের কর্মকর্তাদের তাদের নির্ধারিত এলাকায় সাধারণ দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার মানুষের সমস্যা দেখা এবং সেসব সমস্যা সমাধানে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ রাজধানীর শাহবাগে বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ একাডেমির ১০২ ও ১০৩তম আইন ও প্রশাসনিক কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভাষণদানকালে শেখ হাসিনা বলেন, যে সব কর্মকর্তারা মাঠপর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালন করেন, স্থানীয় জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সর্বোচ্চ আন্তরিকতা থাকতে হবে। তাদের পাশে দাঁড়ান এবং তাদের আস্থা অর্জন করুন।’

তিনি বলেন, কর্মকর্তাদের অবশ্যই মনে রাখতে হবে যে, শুধু ফাইলে সই করাই তাদের দায়িত্ব নয়, বরঞ্চ মানুষের কল্যাণে নিষ্ঠা ও সৃষ্টিশীলতার মাধ্যমে তাদের সমস্যা সমাধানে কাজ করতে হবে। প্রশাসনিক কর্মকর্তাদের অবশ্যই আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা থাকতে হবে- উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনপ্রশাসন বিষয়ক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম সিকদার। স্বাগত বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ড. মোজাম্মেল হক খান।শেখ হাসিনা বলেন, মানুষের প্রত্যাশা বাস্তবায়নে জনপ্রশাসনের ক্যাডার কর্মকর্তাদের বিশাল দায়িত্ব রয়েছে। সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণের দিকে যে দৃষ্টি দিয়েছে কর্মকর্তারা নিরলসভাবে সেবা দিয়ে তা বাস্তবায়ন করতে পারে।

হাইকোর্টের সামনে বিএনপি ও পুলিশ সংঘর্ষ, আটক ৯, আহত ১০- দৈনিক মানবজমিন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্টের সামনে বিএনপির ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৯ জনকে আটকের খবর পাওয়া গেছে। পুলিশের লাঠিচার্জের কারণে বিএনপির প্রায় ১০ নেতাকর্মী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গতকাল বিকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকাল সোয়া ৪টার দিকে পুরান ঢাকার বকশীবাজারের আদালতে বেগম খালেদা জিয়া হাজিরা দিয়ে তার গাড়িবহর হাইকোর্টের মাজারের সামনে এলে সেখানে থাকা নেতাকর্মীরা হাইকোর্টের ভেতর থেকে গেটের বাইরে আসতে চান।

তখন পুলিশ তাদের বাধা দেয়। এছাড়াও সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে বিএনপির নেতাকর্মীদের আটকে রাখে। গেট এবং ব্যারিকেড ভেঙে বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দেয়া মাত্রই পুলিশের পক্ষ থেকে অতর্কিত লাঠিচার্জ শুরু হয়। পুলিশের লাঠিচার্জ থেকে মহিলা দলের নেতাকর্মীরাও রেহাই পাননি বলে বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন।

রাজশাহীতে মিলেমিশে চর দখল- দৈনিক প্রথম আলো

দুই সহোদরের মিল-মহব্বতের তুলনা নেই। আওয়ামী লীগ-বিএনপির রেষারেষির মধ্যে পড়ে যে দেশ খাবি খাচ্ছে, সেই দেশের তো এ রকম ভ্রাতৃত্বই দরকার! রাজশাহী থেকে খবর এসেছে: শহরের কাছাকাছি পদ্মা নদীতে জেগে ওঠা এক বিশাল চরের ১০০ বিঘা জমি দখল করে চাষবাস করছেন এমন দুই ভাই, যাঁদের একজন আওয়ামী লীগের নেতা, অন্যজন বিএনপির যুব সংগঠন যুবদলের নেতা।

সাগর শেখ আর রুবেল শেখ সরকারি খাসজমিতে নিজেদের জমিদারি গড়ে তুলেছেন—দুই প্রতিপক্ষ দলের রাজনৈতিক বৈরিতা এ ক্ষেত্রে বাদ সাধতে পারেনি। লোকে যে বলে, আওয়ামী লীগ-বিএনপির মধ্যে বৈরিতার কারণে জাতির ভোগান্তির শেষ নেই, এই দুই ভাইয়ের বেলায় তা মিথ্যা হয়ে গেছে।

দেশের আরও অনেক এলাকায় এমন দৃষ্টান্ত মিলবে যে জবরদখল, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ নানা রকমের অপরাধকর্মে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চমৎকার বোঝাপড়া কাজ করে। শুধু তা-ই নয়, কী কারণে যেন তাঁদের অপরাধবৃত্তি দমনের ক্ষেত্রে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ বিশেষ তৎপরতা দেখায় না।

জেরুজালেম প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট ১২৮ দেশের- দৈনিক যায়যায়দিন

পবিত্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি প্রত্যাহারের পক্ষে জাতিসংঘে একটি প্রস্ত্মাব অনুমোদন হয়েছে। স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ওই প্রস্ত্মাব অনুমোদন পায়।বিবিসির খবরে বলা হয়, বৃহস্পতিবার সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১২৮ সদস্য ওই প্রস্ত্মাবের পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় মাত্র নয়টি দেশ। অনুপস্থিত ছিল ৩৫ দেশ।

 এর আগে গত সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জেরম্নজালেম প্রশ্নে একটি খসড়া প্রস্ত্মাব উত্থাপন করে মিসর। নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ ওই প্রস্ত্মাবের পক্ষে ভোট দেয়। স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় ওই প্রস্ত্মাব বাতিল হয়ে যায়।

ফিলিস্ত্মিন ও ইসরাইল জেরম্নজালেমকে তাদের রাজধানী হিসেবে বিবেচনা করে। ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরম্নজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রই প্রথম দেশ, যে এই স্বীকৃতি দিল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত্মের তীব্র নিন্দা জানায় আরব বিশ্ব ও আন্ত্মর্জাতিক সম্প্রদায়।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

ভারতের সঙ্গে ভাব করতে চান পাক সেনাপ্রধান- দৈনিক আনন্দবাজার

উপমহাদেশে শান্তি বজায় রাখতে ভারত সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে হাত মিলিয়ে চলাই ভালো। এ ব্যাপারে দেশের সরকারি উদ্যোগকে সব রকম ভাবে সমর্থন করবে পাক সেনাবাহিনী।

পাকিস্তানের সেনেটে মঙ্গলবার পাক রাজনীতিক আর সরকারকে এই পরামর্শ দিয়েছেন সে দেশের সেনাধ্যক্ষ জেনারেল কমর জাভেদ বাজওয়া। তিনি বলেছেন, ভারত সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ককে জোরদার করে তোলার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত ইসলামাবাদের। 

তবে সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর যাবতীয় তৎপরতা যে মূলত পাকিস্তানকে লক্ষ্য করেই, পাক রাজনীতিকদের কাছে সে ব্যাপারে উদ্বেগও প্রকাশ করেছেন সেনাধ্যক্ষ জেনারেল বাজওয়া। ইসলামাবাদের রাজনীতিকদের বলেছেন, পাকিস্তানে হিংসা, সন্ত্রাস আর অস্থিরতা সৃষ্টি করতে গোপনে মদত দিয়ে যাচ্ছে দিল্লি। আর তার জন্য আফগানিস্তানের সরকারি গোয়েন্দা সংস্থা ‘এনডিএস’-এর সঙ্গে ভারতের তরফে গোপনে যোগাযোগ রাখা হচ্ছে। আলাপ, আলোচনার মাধ্যমেই সেটা বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে ইসলামাবাদকে।

মেহবুবার প্রস্তাব ফেরালেন রাজ্যপাল- দৈনিক আজকাল

জম্মু–কাশ্মীর সরকারের সঙ্গে রাজ্যপালের লেগে গেল। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির ভাই তাসাদক মুফতিকে বিধান পরিষদের সদস্য করে মনোনয়ন পাঠিয়েছিল সরকার। বিধায়ক পদে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সেই ফাইল ফেরত পাঠিয়েছেন রাজ্যপাল এনএন ভোরা। সূত্রের খবর, জোট সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাজভবন থেকে জানানো হয়েছে, তাসাদকের বিরুদ্ধে রাজ্য হাইকোর্টে রিট পিটিশন বিচারাধীন রয়েছে। তাঁর মনোনয়নের বিরুদ্ধেই এই মামলা। বিধান পরিষদ থেকে যুবরাজ বিক্রমাদিত্য সিং ইস্তফা দিলে ওই শূন্য আসনে তাসাদকেক মনোনয়ন দেওয়া হয়।

সম্প্রতি বিধান পরিষদে আট জনের মনোননয়ন দিয়ে রাজ্যপালের কাছে নাম প্রস্তাব করেছিল জম্মু–কাশ্মীর সরকার। স্থানীয় এক আইনজীবী এই মনোনয়নকে চ্যালেঞ্জ করে বলেন, সব নামই দিয়েছেন মুখ্যমন্ত্রী মুফতি। নিয়ম অনুযায়ী, নাম প্রস্তাব করতে পারে মন্ত্রিসভা। এক্ষেত্রে সেই নিয়মের তোয়াক্কা না করে শাসক জোট— বিজেপি এবং পিডিপি–র নেতাদের নাম পাঠানো হয়েছে।

সিবিআই আদালতকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি, হাতিয়ার সুপ্রিম কোর্টের পুরনো নির্দেশ- দৈনিক সংবাদ প্রতিদিন

দিল্লির বিশেষ সিবিআই আদালত টুজি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজা, কানিমোঝি-সহ ১৭ অভিযুক্তকে বেকসুর খালাস করায় প্রবল উৎসাহিত কংগ্রেস ও ডিএমকে৷ যদিও সিবিআই আদালতের এই নির্দেশকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার মনে করিয়ে দেন, ২০১২-তে সুপ্রিম কোর্ট কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের টুজি পলিসিকে দুর্নীতিগ্রস্ত ও অসৎ বলে উল্লেখ করেছিল৷

আদালত তার নির্দেশে এদিন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও সাক্ষ্যপ্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে সিবিআই৷ বিচারক ওপি সাইনি বলেন, ‘আমার বলতে কোনও দ্বিধা নেই যে সিবিআই এই মামলায় উপযুক্ত নথি-প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে৷’ কংগ্রেস-সহ ডিএমকে নেতৃত্ব এই রায়ে অক্সিজেন পেয়েছে৷ কিন্তু কংগ্রেসকে এই নিয়ে জমি ছাড়তে নারাজ বিজেপি৷ ২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে টুজি কেলেঙ্কারিকে অন্যতম হাতিয়ার করে বিজেপি৷ কিন্তু আদালত তার রায়ে এদিন জানিয়ে দিল, টুজি স্পেকট্রাম বণ্টন নিয়ে কোনও দুর্নীতি হয়নি৷ জেটলি হুঁশিয়ারি দিয়েছেন, কংগ্রেস যেন এই রায়কে ‘ব্যাজ অফ অনার’ হিসাবে না নেয়৷ তিনি বলেন, ‘২০১২-র ফেব্রুয়ারিতে শীর্ষ আদালত টুজি নীতিকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে উল্লেখ করেছিল৷’

প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই।  এ আসরে আবারো কথা হবে আগামীকাল।

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২