জানুয়ারি ১৫, ২০১৮ ১২:১৭ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ জানুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৪ জনের মৃত্যু-দৈনিক প্রথম আলো
  •  ‘রোডম্যাপহীন নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ’নাগরিক ঐক্য-দৈনিক মানবজমিন
  • অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু -সিইসি-দৈনিক ইনকিলাব
  • চতুর্থ শ্রেণীর বইয়ে কভার প্রথম শ্রেণীর, অসংখ্য ত্রুটি-দৈনিক নয়া দিগন্ত
  • আজ প্রণবকে রান্না করে খাওয়াবেন প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ইসির নির্দেশনা উপেক্ষিত, আচরণ বিধি লংঘনের হিড়িক প্রার্থীদের-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • মামলা বণ্টন বিতর্ক রইলই-দৈনিক আনন্দবাজার
  • আমেথিতে রাম যখন রাহুল,মোদি তখন রাবণ-দৈনিক আজকাল
  • জওয়ানের হত্যার বদলা, সাত পাক সেনাকে নিকেশ করল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ- 

অক্টোবরে সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু -সিইসি-দৈনিক ইনকিলাব

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই আশা প্রকাশ করেন। 

এ সময় সিইসি বলেন, অক্টোবর মাস থেকেই জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যে কোন সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে। 

আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোন সুযোগ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসনিক জটিলতা, নদীভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে, এতে সব আসনে প্রভাব পড়বে না।

‘আগামী নির্বাচনেও বিজয়ী হবে আওয়ামী লীগ’ওবায়দুল কাদের-ইত্তেফাক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দৃঢ় সাহসী নেতৃত্বের জন্য আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে। সেতুমন্ত্রী বলেন, বিশ্বের ১৭৩টি দেশের সরকার প্রধানের মধ্যে শেখ হাসিনা ৫ম সৎ রাষ্ট্রনায়ক। তাঁর এ সততাই আওয়ামী লীগের আগামী নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার।

নাগরিক ঐক্যের সংবাদ সম্মেলন-রোডম্যাপহীন নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ’-দৈনিক মানবজমিন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, রোডম্যাপহীন নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেছেন, ২০১৪ সালে কি আসলেই কোনো নির্বাচন হয়েছিলো? নির্বাচনের আগেই যখন সরকার গঠনের জন্য আবশ্যক ১৫১ জনের বেশি (১৫৩ জন) সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান, তখন ২০১৪ সালের ৫ই জানুয়ারি যা হয়েছে সেটা প্রহসনের চাইতে বেশি কিছু। এভাবে সরকার গঠিত হওয়া সংবিধানের ৭ (১), ১১ এবং ৬৫(২) ধারার সুস্পষ্টভাবে সাংঘর্ষিক। এই ধারাগুলোতে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নির্বাচন বলতে নাগরিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনকে বোঝানো হয়েছে। তাই তথাকথিত নির্বাচনের আগেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চাইতে বেশি আসন পেয়ে জয়ী হওয়া বাংলাদেশের বর্তমান সরকারকে কোনোভাবেই নির্বাচিত, নৈতিকভাবে বৈধ সরকার বলে আমরা মনে করি না। ম্যান্ডেটহীন এই সরকার টিকে আছে স্রেফ রাষ্ট্রের জনগণের ওপর বল প্রয়োগের মাধ্যমে।

তাই এই সরকার প্রধান যখন জনগণ কর্তৃক নির্বাচিত হবার কথা বলেন, তখন আমরা সেটার তীব্র প্রতিবাদ জানাই। আজ সোমবার ‘বর্তমান সরকারের ৪ বছর এবং নির্বাচনের বছর’ শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আতিক–তাবিথই প্রার্থী, অপেক্ষা আনুষ্ঠানিকতার-দৈনিক প্রথম আলো

আতিকুল ইসলাম ও তাবিথ  আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে প্রধান দুই দলের মেয়র প্রার্থী ঠিক করাই আছে। সরকারি দল আওয়ামী লীগের সবুজসংকেত নিয়ে গত মাস থেকেই মাঠে আছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। আর বিএনপি তাদের গতবারের প্রার্থী তাবিথ আউয়ালকেই মনোনয়ন দিচ্ছে—এটাও প্রায় নিশ্চিত। এরপরও দলীয় মনোনয়নের ফরম বিক্রি ও জমা নেওয়াসহ আনুষ্ঠানিকতা অনুসরণ করা হচ্ছে।

এদিকে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, ইসির নির্দেশনা উপেক্ষিত ঢাকা উত্তরের সিটি নির্বাচনের প্রচারণায়,  সম্ভাব্য প্রার্থীদের আচরণ বিধি লংঘনের হিড়িক পড়েছে।

উত্তর সিটির উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির-বাংলাদেশ প্রতিদিন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহল কবির রিজভী।

আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৪ জনের মৃত্যু-দৈনিক প্রথম আলো

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শিশু

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জনের মধ্যে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। চিকিৎসাধীন আছেন ৫২ জন। আগুন পোহানোর সময় অসাবধানতায় তাদের গায়ের কাপড়ে আগুন ধরে যায়।

গত কয়েক দিন ধরেই সারা দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে উত্তরাঞ্চলের শীতের তীব্রতা সবচেয়ে বেশি। তাই সেখানকার খেটে-খাওয়া মানুষ ঠান্ডার হাত বাঁচতে পোয়াল, ধান গাছের ছোবড়া ও খড়কুটা জ্বালিয়ে আগুন তাপাতে বসে যান। আর এটি করতে গিয়ে প্রায়ই অসাবধানতাবশত তাদের গায়ে কাপড়ে আগুন ধরে যায়।

চতুর্থ শ্রেণীর বইয়ে কভার প্রথম শ্রেণীর, অসংখ্য ত্রুটি-দৈনিক নয়া দিগন্ত

বইয়ে নানারকম ভুল

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ত্রুটিপূর্ণ বই সরবরাহ করা হয়েছে। গত ১ জানুয়ারী নতুন বছরের প্রথম দিনে বই উৎসব থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে নতুন উদ্যামে পড়াশোর প্রস্তুতি শুরু করে। কিন্তু প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির প্রায় ২ হাজার পাঠ্যবইয়ে বিভিন্ন ধরনের ত্রুটি থাকায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। ত্রুটিপূর্ণ বই পেয়ে বছরের শুরুতে ক্লাসে এসে তাদের হোঁচট খেতে হচ্ছে। অনেক শিক্ষার্থীর পড়াশোনা কিছুটা হলেও ব্যাহত হচ্ছে।

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড-দৈনিক মানবজমিন/ যুগান্তর

পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড

তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়ানোর জন্য সরকার আবারো ন্যূনতম মজুরি বোর্ড ঘোষণা করেছে। এর আগে ২০১৩ সালে নিম্নতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা কার্যকর করা হয়। গতকাল রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু মজুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন। সর্বশেষ ২০১৩ সালের ১লা ডিসেম্বরে তৈরি পোশাকশিল্পে নিম্নতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা কার্যকর হয়। এর মধ্যে মূল মজুরি তিন হাজার টাকা, বাড়ি ভাড়া ১ হাজার ২০০ টাকা এবং চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা ১ হাজার ১০০ টাকা। ওই বছরের ডিসেম্বরের আগে পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ছিল তিন হাজার টাকা। একেকটি মজুরি কাঠামো পাঁচ বছরের জন্য গঠন করা হয়।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

মামলা বণ্টন বিতর্ক রইলই-দৈনিক আনন্দবাজার

সুপ্রিম কোর্টের চার প্রবীণ বিচারপতির ‘বিদ্রোহ

সুপ্রিম কোর্টের চার প্রবীণ বিচারপতির ‘বিদ্রোহ’-এর পর আগামিকাল ফের খুলছে সুপ্রিম কোর্ট। কিন্তু আজ দিনভর ব্যস্ত গতিবিধির পর সমস্যা মেটার আশ্বাসটুকুই এল মাত্র, কোনও সমাধানসূত্র মিলল না। এরই মধ্যে ‘বিদ্রোহী’ বিচারপতিদের হাত শক্ত করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধেই আজ খড়্গহস্ত হলেন আরও চার প্রাক্তন বিচারপতি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রকে খোলা চিঠি লিখলেন এই চার প্রাক্তন বিচারপতি— সুপ্রিম কোর্টের পি বি সাওন্ত, দিল্লি হাইকোর্টের এ পি শাহ, মাদ্রাজ হাইকোর্টের কে ছান্দ্রু, বম্বে হাইকোর্টের এইচ সুরেশ। দাবি তুললেন, প্রধান বিচারপতি কাজ বণ্টনের ক্ষেত্রে ‘মাস্টার অব রোস্টার’ হলেও নিজের ইচ্ছামতো পছন্দের জুনিয়র বিচারপতির হাতে মামলা তুলে দিতে পারেন না। সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরাতে স্বচ্ছ, বাস্তবসম্মত স্পষ্ট নিয়ম অবিলম্বে জরুরি। সেটি যত ক্ষণ না-হচ্ছে, সব স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ মামলা ৫ প্রবীণ বিচারপতিকে নিয়ে গঠিত সাংবিধানিক বেঞ্চের হাতেই তুলে দেওয়া উচিত।

মোদীর আলিঙ্গনে কটাক্ষ কংগ্রেসের-দৈনিক আনন্দবাজার

ভারত সফরে এসে কোলাকুলিরত ভারতের প্রধানমন্ত্রী মোদি ও ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে আজ দুপুরে দিল্লির পালম বিমানবন্দরে পা রাখলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তাঁকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে তখন বিমানবন্দরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নামতেই মোদী জড়িয়ে ধরলেন ‘বন্ধু’কে। আর সেই আলিঙ্গন ঘিরেই শুরু হয়ে গেল কটাক্ষ ও রাজনীতির চাপানউতোর।

নেতানিয়াহুকে মোদীর জড়িয়ে ধরার ছবি সংবাদ মাধ্যমে সম্প্রচারের পরেই কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। বিভিন্ন দেশে সফরের সময়ে ডোনাল্ড ট্রাম্প, শিনজো আবে-সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতাকে এত দিন কী ভাবে জড়িয়ে ধরেছেন মোদী, সেই সব ছবি দেওয়া হয় তাতে। মোদীর আলিঙ্গনের পাশাপাশি হলিউডি সিনেমায় নায়ক নায়িকাদের আলিঙ্গনের ছবিকেও রাখা হয় সেখানে। কংগ্রেসের টুইটারে লেখা হয়, ‘‘আমরা মোদীর আরও আলিঙ্গন দেখার অপেক্ষায়।’’

পাল্টা প্রতিক্রিয়া জানায় বিজেপিও। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘‘প্রধান বিরোধী দলের থেকে এমন ব্যবহার আমরা আশা করিনি।

আমেথিতে রাম যখন রাহুল,মোদি তখন রাবণ-দৈনিক আজকাল

আমেথিতে রাম যখন রাহুল,মোদি তখন রাবণ

মোদি নয় রামের অবতার রাহুল। আর রাবণ মোদিকে বধ করবেন তিনি। ২০১৯–এর লোকসভা নির্বাচনে এই ভাবনাকে সামনে রেখেই নাকি এগোবে কংগ্রেস। রাহুলের লোকসভাকেন্দ্র আমেথি জুড়ে এখন ছয়লাপ  হয়ে গিয়েছে এই পোস্টার। সোমবারই রাহুলের আমেঠিতে আসার কথা ইতিমধ্যেই শহর জুড়ে পোস্টার পড়ে গিয়েছে। তাতে লেখা হয়েছে রাহুল ভগবান রূপে আসবেন ২০১৯–এ দেশে রাহুল রাজ তৈরি হবে।

অনুপ্রবেশ বন্ধ না করলে পাকিস্তানকে চূড়ান্ত শিক্ষা দেব, হুঁশিয়ারি রাওয়াতের-দৈনিক সংবাদ প্রতিদিন

ভারতের সেনাপ্রধান জেনারলে বিপিন রাওয়াত

‘পাকিস্তান যদি জঙ্গিদের অনুপ্রবেশে মদত দেওয়া বন্ধ না করে, তাহলে আমাদেরও চূড়ান্ত পদক্ষেপ করতে হবে। শত্রুরা যেন আমাদের ধৈর্য্যের পরীক্ষা না নেয়।’ সোমবার নয়াদিল্লির ক্যারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সরাসরি ইসলামাবাদের নাম নিয়ে চড়া সুরে আক্রমণ শানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। সেনা দিবস উপলক্ষ্যে আজ সেনাবাহিনীর সদস্য ও তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিন বাহিনীর প্রধানরা।

ভারতীয় জওয়ানের হত্যার বদলা, সাত পাক সেনাকে হত্যা করল ভারত-দৈনিক সংবাদ প্রতিদিন

ফের এক ভারতীয় জওয়ানকে হত্যার বদলা নিল ভারত। সোমবার ভারতের সশস্ত্র সেনা অন্তত সাতজন পাক রেঞ্জার্সকে নিকেশ করল নিয়ন্ত্রণরেখার কাছে। আহত হয়েছে আরও চার পাক সেনা। গত শনিবার পাক সেনার গুলিতে জম্মু ও কাশ্মীরের রজৌরিজেলায় এক জওয়ান শহিদ হন। সেদিনই সশস্ত্র বাহিনী শপথ নেয়, পাক সেনার রক্ত ঝরিয়ে বদলা নেওয়া হবে এই কাপুরুষোচিত হামলার। সেইমতো আজ নিয়ন্ত্রণরেখার কাছে পুঞ্চ জেলায় পাক সেনাকে গুলিতে ঝাঁজরা করে দেন জওয়ানরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫