জানুয়ারি ১৮, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৮ জানুয়ারি বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • যত্তসব নেগেটিভ কথা তাদের মুখে’তোফায়েল আহমেদ-দৈনিক প্রথম আলো
  • যশোর রোডের শতবর্ষী গাছ কাটা ৬ মাসের জন্য স্থগিত-দৈনিক যুগান্তর
  • থাকেন ঢাকায় অফিস সাতক্ষীরায়, আসা-যাওয়া বিমানে!-দৈনিক কালের কণ্ঠ
  • নির্বাচন এলেই একটি মহল মাথাচাড়া দিয়ে ওঠে সংসদে প্রধানমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
  • উন্নয়ন প্রকল্পে নজর সরকারের-দৈনিক ইনকিলাব
  • খালেদা জিয়ার যুক্তিতর্ক উপস্থাপন ২৩ জানুয়ারি পর্যন্ত মুলতবী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ফেব্রুয়ারিতে ভোট ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে, ফল ঘোষণা ৩ মার্চ-আনন্দবাজার
  • বাসের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল সরকার, জানুন কী-দৈনিক আজকাল
  • ঐত্রীর পরিবারকে শাসানি, আমরির ইউনিট হেড জয়ন্তীকে আজই থানায় তলবের সম্ভাবনা-দৈনিক সংবাদ প্রতিদিন-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রিয় পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ- 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন স্থগিত নিয়ে আজও প্রথম আলো, ইত্তেফাক ও যুগান্তরসহ প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণগুলোতে সরকারি দল আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন বক্তব্য তুলে ধরা হয়েছে।

Iবাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেআদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ায় আমরাও হতাশ’

বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘রায় দিলেন হাইকোর্ট, আর সুযোগ নিলাম আমরা। এটা কোনো কথা হলো। এই কথার জবাব দেওয়াই ঠিক না।’যত্তসব নেগেটিভ কথা তাদের মুখে।’কুষ্টিয়ায় দলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ডিএনসিসির নির্বাচন বন্ধে বিএনপিকে অভিযুক্ত করা উচিত।

নির্বাচন এলেই একটি মহল মাথাচাড়া দিয়ে ওঠে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক ইত্তেফাক

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, নির্বাচন এলেই দেশের একটি মহল মাথা চাড়া দিয়ে উঠে। তবে দেশে অসাংবিধানিক শাসন বা জরুরি অবস্থা আসলে তাদের গুরুত্ব বাড়ে। এদের মাথায় একটাই জিনিস থাকে অস্বাভাবিক, অসাংবিধানিক, মার্শাল ল’ বা জরুরি অবস্থা কখন আসবে, তারা গুরুত্ব পাবে। এই শ্রেণির মানুষরা আঁকাবাঁকা বা অবৈধপথে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এই শ্রেণির মানুষরা দেশ ও দেশের মানুষের জন্য যন্ত্রণাদায়ক। তাদের নির্বাচনে আসার সাহস নেই, নির্বাচনে গেলে জনগণের ভোট পাবে না। গতকাল বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী ক্ষুব্ধ, দল বিব্রত-দৈনিক প্রথম আলো

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি ও সংসদ সদস্য শামীম ওসমান

নারায়ণগঞ্জে মেয়রের ওপর সশস্ত্র হামলা এবং এরপর দুই জনপ্রতিনিধির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ওপরই অসন্তুষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে এই অসন্তোষের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে ওবায়দুল কাদের কথা বলেছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও সাংসদ শামীম ওসমানের সঙ্গে।

আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। সূত্র বলেছে, প্রধানমন্ত্রী বলেছেন হকার উচ্ছেদের মতো তুচ্ছ বিষয় নিয়ে এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়। এর ফলে দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

মাদক দেশীয় নয়, বৈশ্বিক সমস্যা : স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক মানবজমিন

স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

স্বারষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,  মাদক শুধু দেশীয় সমস্যা নয়। এটি বৈশ্বিক সমস্যাও। এখন ফেনসিডিল কমেছে। তবে মহামারি আকার ধারণ করেছে ইয়াবা। আমার বিগত মিয়ানমার সফরে অং সাং সু চির সঙ্গে কথা হয়েছে। আশা করি মিয়ানমারও ইয়াবার উৎপাদন হ্রাসে পদক্ষেপ নেবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করণের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, দেশে ৭০ লাখ মাদকাসক্তের অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাদের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমাদের যথেষ্ট নিরাময় কেন্দ্র নেই। এ কেন্দ্রটি এক সময় বন্ধ ছিল। বিগত আওয়ামী লীগ সরকার চালু করে। তারই ধারাবাহিকতায় আজ প্রায় ১০০ শয্যায় উন্নীত করা হলো।

থাকেন ঢাকায় অফিস সাতক্ষীরায়, আসা-যাওয়া বিমানে!-দৈনিক কালের কণ্ঠ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান

আজিজুর রহমান একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। কর্মস্থল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা। কিন্তু তিনি পরিবার নিয়ে থাকেন রাজধানী ঢাকায়। ২০১৭ সালের ১৯ মার্চ কালীগঞ্জে যোগদান করলেও নিয়মিত অফিস করেন না। মাসে দুই থেকে তিন দিন কেবল যান এবং সেটা করেন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বোর্ড কিংবা ম্যানেজিং কমিটির নির্বাচনে উপস্থিত থাকতে। আর তাঁর যাতায়াতও বিলাসিতায় পূর্ণ। ঢাকা থেকে বিমানে যশোর। সেখান থেকে ভাড়া করা মাইক্রোবাসে কালীগঞ্জ। সেদিনই আবার সন্ধ্যা বা রাতের ফ্লাইটে ফেরেন ঢাকায়।

কালের কণ্ঠ’র অনুসন্ধানে জানা গেছে, শিক্ষক নিয়োগ বাণিজ্য ও এমপিওভুক্তির নামে মোটা অঙ্কের টাকা পকেটে পুরছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান কিরণ। তিনি সরকারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও উপস্থিত থাকেন না, পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব দেওয়া হলেও পালন করেন না। সাম্প্রতিক বই উৎসবেও তিনি উপস্থিত ছিলেন না।

এসব প্রসঙ্গে জানতে আজিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে কালের কণ্ঠকে বলেন, ‘অভিযোগ সব মিথ্যা। ভাই, যদি আমার অফিসে আসতেন, তাহলে একটু চা খেতে খেতে কথা বলতাম।’ অফিসে নিয়মিত না যাওয়া এবং বিমানে যাতায়াত প্রসঙ্গ তুললে বলেন, ‘আমি এখন ব্যস্ত, ওই বিষয়ে কিছু বলতে চাই না।’

যশোর রোডের শতবর্ষী গাছ কাটা ৬ মাসের জন্য স্থগিত-দৈনিক যুগান্তর

যশোর বেনাপোল সড়কের গাছ

যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্তের ব্যাপারে ছয় মাসের স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এরফলে গাছগুলো আর কাটা যাবে না।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত যৌথ হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত রোববার যশোর রোডের গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়ে সরকারকে নোটিশ পাঠিয়েছিলেন বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মো. মহিবুল্লাহ। পরে গাছ কাটা বন্ধে রিট আবেদন করেন এ শিক্ষক।

মুন সিনেমা হলের মালিক ৯৯ কোটি টাকা পাবেন-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের সুপ্রিম কোর্ট

পুরান ঢাকার মুন সিনেমা হলের মালিকানা নিয়ে মামলার পর সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের রায় এসেছিল। সেই জমি ও সেখানে গড়া স্থাপনার মূল্য ৯৯ কোটি টাকার ওপরে। বিশেষজ্ঞ নির্ধারিত এই অর্থ তিন কিস্তিতে পরিশোধ করতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ও এর ব্যবস্থাপনা পরিচালকের প্রতি নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডকে ওই অর্থ দিতে হবে।

আজ বৃহস্পতিবার দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রথম দুই মাসের মধ্যে ২৫ কোটি, দ্বিতীয় দুই মাসের মধ্যে বাকি ২৫ কোটি ও চলতি বছরের ৩০ জুলাইয়ের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে বলেছেন আদালত। আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের মালিক মাকসুদুল আলমের পক্ষে ছিলেন, আইনজীবী তৌফীক নেওয়াজ।

উন্নয়ন প্রকল্পে নজর সরকারের-দৈনিক ইনকিলাব

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বাস্তবায়নের তাগিদ সরকারের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারি সকল উন্নয়ন প্রকল্পের কাজ জুন-জুলাইয়ের মধ্যেই শেষ করতে চায় সরকার। এ জন্য সকল মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ইউএনওদের আগামী জুন মাসে কাজ শেষ করতে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া দেশের মানুষের যেন ভোগান্তি কম হয় এ কথা মাথায় রেখেই সব ধরনের উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

ফেব্রুয়ারিতে ভোট ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে, ফল ঘোষণা ৩ মার্চ-আনন্দবাজার

ভারতের ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয় এই তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়েছে, ত্রিপুরায় ভোট হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। পাশাপাশি, নাগাল্যান্ড ও মেঘালয়ে নির্বাচন হবে ওই মাসেরই ২৭ তারিখে। তিন রাজ্যে ভোট দু’দিনে হলেও ভোট গণনা কিন্তু একই দিনে আগামী ৩ মার্চ হবে। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতি দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

ত্রিপুরা, নাগাল্যান্ড ও মেঘালয়—প্রতিটি রাজ্যেই ৬০টি করে আসন। এর মধ্যে ত্রিপুরায় বাম, মেঘালয়ে কংগ্রেস এবং নাগাল্যান্ডে বিজেপি জোট বর্তমানে ক্ষমতায় রয়েছে।

বাসের সুরক্ষায় বড় পদক্ষেপ নিল সরকার, জানুন কী-দৈনিক আজকাল

বাসে যাত্রী নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা

নির্ভয়া কাণ্ডের থেকে শিক্ষা নিয়েছে দেশের প্রশাসন। তাই বাসের যাত্রী নিরাপত্তা নিয়ে এবার থেকে বিশেষ ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, এবার থেকে সরকারি বাসে প্যানিক বাটন ও সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা বাধ্যতামূলক। এরা পাশাপাশি, বাসের গতিবিধি যাতে বোঝা যায়, তার জন্য বাসে লোকেশন ট্র‌্যাকিং সিস্টেমও থাকতে হবে। সেই সিস্টেমের মাধ্যমে বোঝা যাবে, কোনও বাস কোথায় রয়েছে। 

আগামী ১ এপ্রিল থেকে এই বিশেষ ব্যবস্থা রাজ্য সরকারকে নিজেদের বাসে তৈরি করতে হবে। এই বিষয়ে পূর্ণ দায়িত্ব নিতে হবে সরকারকে। প্যানিক বটনের জন্য রাজ্য প্রশাসন ও পরিবহন দপ্তরের  কাছেও একটি অ্যালার্ট সিস্টেম থাকবে। কোনও যাত্রী ওই বটন চিপলেই বার্তা পৌঁছে যাবে প্রশাসনের কাছে। 

যদিও, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প নিয়ে কেউ কেউ ঠাট্টা করছেন। তাঁরা বলছেন, এভাবে প্যানিক বটন লাগিয়ে কিছুই হবে না। 

ঐত্রীর পরিবারকে শাসানি, আমরির ইউনিট হেড জয়ন্তীকে আজই থানায় তলবের সম্ভাবনা-দৈনিক সংবাদ প্রতিদিন

শিশু ঐত্রী

আমরি কাণ্ডে নয়া মোড়। মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালটির ইউনিট হেড জয়ন্তী চট্টোপাধ্যায়কে বৃহস্পতিবারই থানায় ডেকে পাঠাতে পারে পুলিশ। বুধবার গভীর রাতে তাঁর বিরুদ্ধে হুমকি, মারধর ও শাসানি দেওয়ার অভিযোগে নতুন এফআইআর দায়ের হয়েছে পূর্ব যাদবপুর থানায়। ৩২৩, ৩৪১ ও ৫০৬ ধারায় এফআইআর দায়ের হয়েছে। বুধবার আমরি হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগে আড়াই বছরের শিশুকন্যা ঐত্রী দের মৃত্যুর ঘটনায় আজই জয়ন্তীকে জেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, আজই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন ঐত্রীর বাবা ও মা। তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলে অপেক্ষা করছেন। ‘দিদির কাছে আমার মেয়ের মৃত্যুর বিচার চাইতে এসেছি, প্রতিক্রিয়া ঐত্রীর মা শম্পা দে-র।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৮