জানুয়ারি ২৬, ২০১৮ ১৩:১৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৬ জানুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • ছাত্রলীগকে বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ-দৈনিক ইত্তেফাক
  • খালেদা জিয়ার রায় ঘিরে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ভিসি পুলিশি সাহায্য নিলেন না কেন?-দৈনিক প্রথম আলো
  • মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়ার নামে হাজার কোটি টাকার বাণিজ্য!-দৈনিক প্রথম আলো
  • খালেদা জিয়ার সাজার রায় আগেভাগে মির্জা ফখরুল কিভাবে জানলেন-ওবায়দুল কাদের-দৈনিক ইনকিলাব
  • এরশাদ-অস্ত্র দিয়ে ক্ষমতায় থাকাই আওয়ামী লীগের নীতি-দৈনিক মানবজিমন
  • ইবির ভিসির গাড়িতে হামলা -দৈনিক মানবজমিন
  • খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করলে জবাব দেয়া হবে : গয়েশ্বর -দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • খালি ফেসবুক! স্ত্রীর শ্বাসরোধ করে মাথায় চপারের কোপ-আনন্দবাজার
  • কুচকাওয়াজ, শ্রদ্ধাজ্ঞাপনে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস-দৈনিক আনন্দবাজার
  • কাশ্মীরে ঢুকে পড়েছে মহিলা আত্মঘাতী জঙ্গি, জারি লাল সতর্কতা -দৈনিক সংবাদ প্রতিদিন
  • চীনের মন্তব্যে ফের ডোকা লা অশান্তির মেঘ!‌-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদা জিয়ার রায় ঘিরে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ হুশিয়ারি দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন সবার জন্য সমান। রায়ের পরিপ্রেক্ষিতে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সতর্ক আছে।

তিনি আরও বলেন, এ যাবৎ অপরাধ যেই করুক না কেন, তার শাস্তি হয়েছে। আইনের আওতায় এসেছে অপরাধীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটির দৃষ্টান্ত স্থাপন করেছেন।

খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করলে জবাব দেয়া হবে : গয়েশ্বর -দৈনিক নয়া দিগন্ত

বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়

আদালত দিয়ে খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতে চাইলে তার জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় প্রসঙ্গে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভা ও স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় গয়েশ্বর বলেন, সরকারকে জবাব দিতে গিয়ে হয়তো আমাদের সম্পত্তি হারানোর ভয় থাকতে পারে এবং জেলখানায় যাওয়ার ভয় থাকতে পারে। কিন্তু কিছু লোক কিছু দিন ভয় পান, সব লোক সব সময় ভয় পান না। সুতরাং ভয় দেখিয়ে কোনো লাভ হয় না।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৮ ফেব্রুয়ারি নিয়ে যেটা আমরা আশঙ্কা করছি, নীতিবাচক কোন সিদ্ধান্ত সরকার কর্তৃক আদিষ্ট হয়ে যদি আদালত থেকে প্রকাশ পায়, তাহলে গণতন্ত্রবিহীন বর্তমান সরকারের পতনের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।

খালেদা জিয়ার সাজার রায় আগেভাগে মির্জা ফখরুল কিভাবে জানলেন-দৈনিক ইনকিলাব

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফখরুলকে উদ্দেশ করে বললেন-'রায় কী হবে তা জানলেন কিভাবে তিনি'

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় রায় ‘বিচার হবে প্রধানমন্ত্রী যা চাইবেন তাই’ এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায় আগে থেকে তাদের মহাসচিব জানলেন কিভাবে এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগকে বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ-দৈনিক ইত্তেফাক

ছাত্রলীগকে বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ

চলতি বছরকে নির্বাচনী বছর হিসেবে উল্লেখ করে বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকতে ছাত্রলীগের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডে যেন সরকারের অর্জন ম্লান না হয় সে ব্যাপারেও সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে যে কোনো মূল্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উপাচার্যের কার্যালয় ভাঙচুর এবং উপাচার্যকে উদ্ধার করতে গিয়ে ছাত্রলীগের সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনার দুই দিন পরে এ বৈঠক হলো।

গত মঙ্গলবার ছাত্রী নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিসহ চার দফা দাবিতে প্রশাসনিক ভবনের ফটক ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের পিটিয়ে উপাচার্যকে ‘উদ্ধার’ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় অন্তত ৪০ জন আহত হন।

ভিসি পুলিশি সাহায্য নিলেন না কেন?-দৈনিক প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতা

পুলিশ ডাকলে যদি স্বায়ত্তশাসন নষ্ট হয়, তাহলে পুলিশের কাজ ছাত্ররা করলে স্বায়ত্তশাসন নষ্ট হবে না কি? দুই দল ছাত্র কমবেশি বা তুলনার অযোগ্য পাল্টাপাল্টি সহিংস আচরণ করেছে। ন্যায় প্রতিষ্ঠায় সহিংসতা আর অন্যায় দমনে সহিংসতা-কোনোটিই আইন সমর্থন করে না। কোনো একটি বিশ্ববিদ্যালয়ে এবং সেটা যখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঘটে, তখন সেই প্রতিষ্ঠানটি দুই বিবদমান গোষ্ঠী থেকে দূরত্ব বজায় রেখে কীভাবে নিজেদের নিরপেক্ষতা রক্ষা করার চেষ্টা করেছে, সেটা বিচার করা খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়।

যে সহিংসতা ঘটে গেছে, সেখানে তিনটি পক্ষ থাকার কথা। দুই দলের বিবদমান ছাত্র, যাদের সঙ্গে বহিরাগতদের যোগসাজশ থাকতে পারে, এর বিপরীতে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। যারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করেছে বলে জনগণের কাছে প্রতীয়মান হবে। কিন্তু ভিসি, তাঁর প্রশাসন ও ছাত্রলীগ কার্যত একাকার হয়ে গেছে বলে মনে হয়।

ইবির ভিসির গাড়িতে হামলা  -দৈনিক মানবজমিন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী হামলার শিকার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী হামলার শিকার হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে ঝিনাইদহের বড়দাহ এলাকায় তিনি আক্রান্ত হন। চালকের দক্ষতা আর ভাগ্যের জোরে তিনি অক্ষত অবস্থায় পালিয়ে বেঁচেছেন। ভিসির বক্তব্য এবং ঘটনাস্থলের আলামতে হামলার ঘটনা পরিকল্পিত হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে হামলার আলামত ও ধরণ নিয়ে ক্যাম্পাসে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্দেশ্য প্রণদিতভাবে তার ওপর হামলা করে ভীতির সঞ্চার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে ঠিক কি কারণে এ হামলা করা হয়েছে তা এখনো আড়াল রয়ে গেছে

মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়ার নামে হাজার কোটি টাকার বাণিজ্য!-দৈনিক প্রথম আলো

একাত্তরের মুক্তিযোদ্ধা’ সংগঠন

মুক্তিযোদ্ধা বানিয়ে দেওয়ার নামে হাজার কোটি টাকার বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ করেছে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ নামক একটি সংগঠন। তাঁদের অভিযোগ, দেশের উপজেলাগুলোতে গঠিত মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি অ-মুক্তিযোদ্ধা—এমনকি রাজাকারদের থেকে ২-১০ লাখ টাকার বিনিময়ে তাঁদের মুক্তিযোদ্ধা বানিয়ে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য করেছে।

সংগঠনটির অভিযোগ, মুক্তিযোদ্ধা বানানোর নামে যে বাণিজ্য চলছে, সে বাণিজ্যের ভাগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারসহ ক্ষমতাসীন দলের সাংসদ ও পাতি নেতারা পেয়েছেন। লিখিত বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক আবীর আহাদ বলেন, মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারী সক্রিয় মুক্তিযোদ্ধার সংখ্যা কোনো অবস্থাতেই দেড় লাখের বেশি হবে না। কিন্তু বর্তমানে মুক্তিযোদ্ধা তালিকায় মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজারের বেশি। এই সংগঠন ৭১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

ভারতের ৬৯ তম প্রজাতন্ত্র দিবস

ভারতজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে ৬৯তম প্রজাতন্ত্র দিবস। এ খবরটি দৈনিক আনন্দবাজার, আজকাল, সংবাদপ্রতিদিনের অনলাইন সংস্করণে পরিবেশিত হয়েছে। খবরে লেখা হয়েছে, প্রতি বছরের মতো এবছরেও দিল্লিতে বিরাট সামরিক কুচকাওয়াজ হয়েছে। বিশেষ অতিথি হিসাবে রাজধানীতে উপস্থিত ছিলেন ১০টি আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রনেতা।

চীনের মন্তব্যে ফের দোকলাম  মালভূমি নিয়ে অশান্তির মেঘ-দৈনিক আজকাল

দোকলাম

দোকলাম নিয়ে বিতর্ক থামছেই না। ফের ভারতের ওপরে চাপ বাড়ানোর চেষ্টায় চীন। চিনা প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র কর্নেল উ কুইয়ান বলেছেন, ‘দোকলাম আসলে চীনেরই অংশ। ভারতীয় সীমান্তরক্ষীরা সীমানা পেরিয়েছে বলেই জটিলতা তৈরি হয়েছে। সেনার বেআইনি ভাবে সীমান্ত পেরনো সত্যি ঘটনা। ডংলং (দোকলাম) চিনের অংশ। উ আরও বলেন, ভবিষ্যতে এমন ধরনের পরিস্থিতি এই জটিলতা থেকেই ভারতের শিক্ষা নেওয়া উচিত।’

সম্প্রতি ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, ‘সীমান্তে শান্তি বজায় রাখতে গেলে পাকিস্তানের দিক থেকে নজর ঘুরিয়ে চীনের দিকে নজর দিতে হবে। চীনের ওপরে চাপ বাড়াতে হবে’ সেই প্রসঙ্গেই কুইয়ানের এই মন্তব্য। দোকলামনিয়ে টানাপোড়েন প্রাথমিকভাবে কাটার পরে এই মন্তব্যের জেরে ফের নতুন করে অশান্তির মেঘ জমাট বাঁধতে পারে বলে মনে করা হচ্ছে। কুইয়ান আরও বলেন, ‘আয়তন যা-ই হোক, সমস্ত প্রতিবেশী দেশকেই সমান মর্যাদা দিতে হবে। প্রভাব-প্রতিপত্তির কথা বলে চাপ সৃষ্টি করাটা অনৈতিক। চীন এমন মানসিকতার বিরোধিতা করে।’

খালি ফেসবুক! স্ত্রীর শ্বাসরোধ করে মাথায় চপারের কোপ-দৈনিক আনন্দবাজার

ফেসবুক ব্যবহার নিয়ে অশান্তির জেরে স্ত্রী টুম্পাকে হত্যা করল সুরজিত

রেগে আগুন হয়ে খুনের হুমকি দিচ্ছেন স্বামী। নির্বিকার স্ত্রী ফেসবুকে মগ্ন। পিছন থেকে গামছা পেঁচিয়ে সত্যিই স্ত্রীর শ্বাস বন্ধ করে দেওয়া হল। তার পর বিছানায় ফেলে মাথায় চপারের কোপ! পুলিশ বলছে, এটাই সংক্ষেপে চেতলার আলিপুর রোডের পাল পরিবারে খুনের চিত্রনাট্য।

নিহত টুম্পা পালের (৩৮) স্বামী সুরজিৎ (৪৬) পুলিশের কাছে জানিয়েছেন, ফেসবুকই হয়ে উঠেছিল অশান্তির কারণ। অবিরাম ফেসবুকের নেশার পাশাপাশি সেখানে একাধিক পুরুষের সঙ্গে আলাপ করে সম্পর্ক তৈরি করেছিলেন স্ত্রী, এমনটাই অভিযোগ তাঁর। ফেসবুক নিয়ে যে মা-বাবার মধ্যে নিত্য অশান্তি হতো, সে কথা পুলিশকে বলেছেন টুম্পা-সুরজিতের ছোট ছেলেও। দু’দশক আগে বিয়ের পর টুম্পা এবং সুরজিৎ সাহাপুর কলোনিতে দুই ছেলেকে নিয়ে থাকতেন। বছর দুয়েক আগে আলিপুর রোডের বাড়িতে ভাড়া আসেন। দুই ছেলেই কলেজ-পড়ুয়া। বড় ছেলে বিয়েবাড়ি উপলক্ষে কোচবিহার গিয়েছেন। ছোট ছেলে রাতে বাড়ি ফিরে মায়ের রক্তাক্ত দেহ আবিষ্কার করেন।

জেরায় সুরজিৎ অভিযোগ করেছেন, টুম্পা ফেসবুক প্রোফাইল খোলার পর থেকে ঘর-সংসার ভুলেছিলেন। নানা অপরিচিত ব্যক্তির ফোন আসত। যদিও পুলিশ সূত্রের খবর, কয়েক বছর আগে সুরজিতের সঙ্গে এক মহিলার সঙ্গে সম্পর্ক নিয়েও সংসারে অশান্তি কম হয়নি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬