বিএনপিকে এখনই মাঠে চায় আ’লীগ
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান, ৩শ মিটার দৃশ্যমান-দৈনিক ইত্তেফাক
- জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা জাল নথির ওপর সাজানো: রিজভী-দৈনিক যুগান্তর
- খালেদার রায় নিয়ে আ.লীগের দুই প্রস্তুতি-দৈনিক প্রথম আলো
- মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততা নেই -স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইনকিলাব
- নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তদন্ত করুন-প্রধানমন্ত্রীকে হিউম্যান রাইটস ওয়াচ-দৈনিক মানবজিমন
- বিএনপিকে এখনই মাঠে চায় আ’লীগ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা এক ভয়ঙ্কর প্রবণতা!-আনন্দবাজার
- নাগাল্যান্ডে অন্তর্ভুক্তির প্রতিবাদ, অসমে পুলিশের গুলিতে মৃত ২-দৈনিক সংবাদ প্রতিদিন
- মিলছে না আঙুলের ছাপ, দিল্লিতে রেশন পাচ্ছেন না ২৬ হাজার মানুষ-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
পদ্মা সেতুতে দ্বিতীয় স্প্যান, ৩শ মিটার দৃশ্যমান-দৈনিক ইত্তেফাক
পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান ৭বি (সুপার স্ট্রাকচার) ৩৮ ও ৩৯ নম্বর পিলারে বসানো হয়েছে। এর মধ্যদিয়ে সেতুটি ৩০০ মিটার দৃশ্যমান হলো। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ সেতুতে ৪২ পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। এ পর্যন্ত ১০টি স্প্যান ফিটিংসহ ফিনিশিং করা হচ্ছে। আরও ১৬টি স্প্যান চীনে তৈরি করা হয়েছে। বাকিগুলো এরই মধ্যে তৈরি হয়ে যাবে বলে দায়িত্বশীলরা জানিয়েছেন। পদ্মা বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দো’তলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতু। প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর প্রথম স্প্যানটি জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর পিয়ারের ওপর বসানো হয়।
খালেদার রায় নিয়ে আ.লীগের দুই প্রস্তুতি-বিএনপি সহিংস হলে শক্ত হাতে দমন, চুপ থাকলে দুর্নীতিবাজ ‘তকমা'-দৈনিক প্রথম আলো
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়-পরবর্তী পরিস্থিতি নিয়ে সরকার ও আওয়ামী লীগের দুই চিন্তা ও পরিকল্পনা রয়েছে। খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের সাজা হলে এবং তার প্রতিক্রিয়ায় বিএনপি আন্দোলনে নামলে কঠোর হাতে তা দমন করা হবে। আর চুপচাপ থাকলে জিয়া পরিবারকে ‘দুর্নীতিবাজ’ তকমা দিয়ে সারা দেশে প্রচারণা চালানো হবে। এ জন্য প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দৈনিকটির অন্য একটি খবরে এ সম্পর্কে লেখা হয়েছে, বিএনপিকে আগাম চাপে রাখার কৌশল হিসেবে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের তারিখ ঘোষণা দেয়া হয়েছে।বিএনপির নীতিনির্ধারকেরা মনে করছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে আগাম চাপে ফেলা এবং দলে
বিভক্তি সৃষ্টির লক্ষ্যে এই মামলার বিচারকাজ দ্রুত শেষ করা হয়েছে। রায়ে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার সাজা হতে পারে—এমন কথা এর আগে সরকারের মন্ত্রী-সাংসদেরা নানাভাবে বলেছেন।
আর যুগান্তরের খবর, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্টে দুর্নীতির মামলার রায় ঘোষণার আগেই বিএনপি হুঙ্কার দিচ্ছে বলে মন্তব্য করেছন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর একই দৈনিকের অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা জাল নথির ওপর সাজানো।
বিএনপিকে এখনই মাঠে চায় আ’লীগ-দৈনিক নয়া দিগন্ত
একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে এখনই মাঠে চায় আওয়ামী লীগ। দলটির নেতাকর্মীদের মাঠে নামতে বাধ্য করতে সে জন্য নানা কৌশলও নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চলমান বিভিন্ন মামলার দ্রুত গতি ও গ্রেফতার চাপে রাখা হচ্ছে।
ছাত্র সংগ্রাম পরিষদ-২৪ ঘণ্টায় হামলার ঘটনার প্রতিবেদন দাবি-প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওপর হামলা ও প্রশাসনিক ভবনে ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে পেশ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ছাত্র সংগ্রাম পরিষদ। আজ বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের সম্পৃক্ততা নেই -স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক ইনকিলাব
মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মুসলমানরা কখনো জঙ্গিবাদে বিশ্বাস করে না, তাদের কেউই এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষকদের মহাসমাবেশে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, কোরআনকে যারা ধারণ করে তারা কখনও জঙ্গি হতে পারে না। প্রথমে বলা হতো মাদ্রাসার ছেলেরা জঙ্গি। কিন্তু আমি প্রথম থেকেই বলেছি মাদ্রাসার সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। মাদ্রাসার আলেমরা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেন। একটা শ্রেণী ইসলাম ও মুসলমানকে কালিমা লেপন করতে জঙ্গিবাদ সৃষ্টি করছে। আমি বলতে চাই, ইসলাম এবং মুসলমানরা কখনই জঙ্গিবাদ বিশ্বাস করে না, তাদের কেউই এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না।
বাংলাদেশের নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীকে হিউম্যান রাইটস ওয়াচ চিঠি দিয়েছে। দৈনিক মানবজমিনের খবরটি লেখা হয়েছে, নিরাপত্তা রক্ষাকারীদের হাতে আটক ব্যক্তিরা কোথায় আছেন তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া উচিত বাংলাদেশ সরকারের। একই সঙ্গে আটক ব্যক্তিদেরও মুক্তি দেয়ার ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ‘বাংলাদেশ: ইনভেস্টিগেট ফেট অব ডিজঅ্যাপেয়ার্ড’ শীর্ষক বিবৃতিতে সংগঠনটি এ তথ্য দিয়েছে।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
নাগাল্যান্ডে অন্তর্ভুক্তির প্রতিবাদ, অসমে পুলিশের গুলিতে মৃত ২-দৈনিক সংবাদ প্রতিদিন
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এক বিবৃতি। যাকে ঘিরে আগুন জ্বলল আসামের ডিমা হাসাও জেলায়। বিক্ষোভ সামলাতে গুলি চালাল পুলিশ। মৃত্যু হল দুজনের।
ঠিক কী থেকে অশান্তির সূত্রপাত। আরএসএস জানায়, ডিমা হাসাও জেলা নাগাল্যান্ডে অন্তর্ভুক্ত হচ্ছে। তার ফলে বৃহত্তর নাগাল্যান্ড তৈরি হবে। নাগা শান্তি চুক্তির খসড়ায় এই কথা বলা হয়েছে। বিষয়টি নিয়ে কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে নাগাল্যান্ড। সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পর থেকে উত্তপ্ত হতে থাকে এই পাহাড়ি জেলা। গত বৃহস্পতিবার মাইবং রেল স্টেশনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। পাঁচজন গুলিবিদ্ধ হন। তার মধ্যে দু’জন পরে মারা যান। দুই পুলিশকর্মীও জখম হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার বনধ ডাকা হয়। সাধারণতন্ত্র দিবসের দিন বনধ ঘিরে নতুন করে অশান্তি না হলেও উত্তেজনা রয়েছে।
ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা এক ভয়ঙ্কর প্রবণতা!-আনন্দবাজার
ইতিহাস এক বহমান নদীর মতো। কালের অনন্ত বিস্তার বেয়ে নেমে আসছে সে প্রবাহ। সভ্যতার বিবর্তন, সংস্কৃতির স্ফূরণ, দেশ-জাতি-জনগোষ্ঠী-ধর্ম-সম্প্রদায়কে কাঁধে নিয়ে মানবতার নিরন্তর যাত্রা— এই সব কিছুরই সাক্ষী ইতিহাস। মানব সভ্যতার যাত্রাপথের প্রত্যেকটি বাঁক, প্রতিটি মাইলফলকের হিসাবরক্ষক ইতিহাস। সেই ইতিহাসকেই যখন বদলে দেওয়ার চেষ্টা হয়, রাজনীতির প্রবাহে মোড় আনতে যখন ইতিহাসের সর্বজনবিদিত যাত্রাপথটাকে অন্য ভাবে দেখানোর চেষ্টা হয়, তখন আসলে কালের সঙ্গেই প্রতারণা করা হয়। এই প্রতারণা দুর্ভাগ্যজনক তো বটেই, বিপজ্জনকও।
বাবরি মসজিদ ধ্বংস করার সঙ্গে মুসলিম বিরোধিতার কোনও সম্পর্ক নেই— এমন এক তত্ত্বের অবতারণা করা হল এ বার সঙ্ঘ পরিবারের পক্ষ থেকে। বাবরি আসলে ‘গোলামি’র প্রতীক, বাবরি আসলে ‘অত্যাচার’-এর প্রতীক, সেই কারণেই পতন ঘটানো হয়েছিল ওই কাঠামোর— রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এক নেতা এমন এক নতুন তত্ত্ব সামনে আনলেন। সে তত্ত্বের সমর্থনে গোটা সঙ্ঘ পরিবারের আরও অনেকেই মুখ খুললেন।
কোথায় এসে দাঁড়ালাম তা হলে আমরা? আমরা আরও বড় ক্ষতস্থানের মুখোমুখি হলাম। ১৯৯২ সালের ডিসেম্বরে বাবরি মসজিদ ভেঙে সম্প্রীতির দেওয়ালে বৃহৎ ক্ষতচিহ্ন এঁকে দেওয়া হয়েছিল। এ বার ঐতিহাসিক উপলব্ধিকে অস্বীকার করে খোদ ইতিহাসের বুনটটায় বড়সড় ক্ষতস্থান তৈরির চেষ্টা শুরু হয়ে গেল।
মিলছে না আঙুলের ছাপ, দিল্লিতে রেশন পাচ্ছেন না ২৬ হাজার মানুষ-দৈনিক আজকাল
দেশে জনসেবা মূলক প্রায় সবকাজেই এখন বাধ্যতামূলক আধার কার্ড। কিন্তু সেই আধারের যাতাকলে পড়েই এবার বিপাকে দিল্লির প্রায় ২৭ হাজার মানুষ। সম্প্রতি দিল্লির ২২২৫ টি রেশন দোকানে নতুন ইলেকট্রনিক পিওএস মেশিন বসেছে। আর রেশন আনতে গেলেই সেই মেশিনের মাধ্যমে চলছে প্রত্যেকের আঙুলের ছাপের পরীক্ষা। আর আধার কার্ডের সঙ্গে যাঁদের ছাপ মিলছে না, রেশনও পাচ্ছেন না তাঁরা। ফলে বিপদে পড়েছেন বহু মানু্ষ। আর এ ঘটনাতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী দিল্লি জুড়ে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭