ফেব্রুয়ারি ০৫, ২০১৮ ১৩:৪৮ Asia/Dhaka
  • পত্রপত্রিকার পাতা
    পত্রপত্রিকার পাতা

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৫ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম: 

  • খালেদাকে অভ্যর্থনায় বাধা-লাঠিচার্জ ও জুতা প্রদর্শন, গ্রেফতার ১১-দৈনিক ইত্তেফাক
  • একক ব্যক্তির ঋণে বৃহত্তম কেলেঙ্কারি-দৈনিক প্রথম আলো
  • ডিজিটাল নিরাপত্তা আইন প্রেসিডেন্টকে খোলা চিঠি-দৈনিক মানবজমিন
  • বিরতিহীন প্রশ্নফাঁসের তালিকায় এবার ইংরেজি প্রথমপত্র-দৈনিক যুগান্তর
  • যুগান্তরের অন্য একটি খবরের শিরোনাম- বিশৃঙ্খলা করতেই বিমানে যাননি খালেদা জিয়া: কাদের
  • যন্ত্রণার নাম হানিফ ফ্লাইওভার-দৈনিক ইনকিলাব-দৈনিক ইনকিলাব

ভারতের শিরোনাম:

  • পণের বাড়তি টাকা না দিতে পারায় স্ত্রীর কিডনি বিক্রি!-দৈনিক আনন্দবাজার
  • সহপাঠীকে ধর্ষণের পর ভিডিও তুলে ব্ল্যাকমেল ৯ ছাত্রের-দৈনিক আজকাল
  • স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি, ক্যামেরাবন্দি করল বহিরাগতরা-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

খালেদাকে অভ্যর্থনায় বাধা-লাঠিচার্জ ও জুতা প্রদর্শন, গ্রেফতার ১১-দৈনিক ইত্তেফাক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিলেট যাত্রাপথে তাকে অভ্যর্থনা জানাতে আসা নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ, গ্রেফতার ও রাস্তার পাশে দাঁড়াতে বাধা প্রদানের ঘটনা ঘটছে।যাত্রা-বহরকে জুতা প্রদর্শন ও খালেদা জিয়ার বিরুদ্ধে শ্লোগান দিতে দেখা গেছে নরসিংদীতে।কি ঘটছে পথে পথে: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাত্রাবাড়ী থেকে নরসিংদী পর্যন্ত রাস্তার দুই পাশে কাউকে দাঁড়াতে দেয়নি। দোকানপাটও খুলতে দেয়নি। দেখা গেছে, বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের স্থানীয় নেতাদের নাম ধরে এবং খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে।

একক ব্যক্তির ঋণে বৃহত্তম কেলেঙ্কারি-দৈনিক প্রথম আলো

ভয়ংকর রকম উদারভাবে ঋণ বিতরণ করেছে জনতা ব্যাংক। এক গ্রাহককেই মাত্র ৬ বছরে তারা দিয়েছে ৫ হাজার ৫০৪ কোটি টাকার ঋণ ও ঋণসুবিধা। নিয়মনীতি না মেনে এভাবে ঋণ দেওয়ায় বিপদে ব্যাংক, গ্রাহকও ঋণ পরিশোধ করতে পারছেন না। জনতা ব্যাংকের মোট মূলধন ২ হাজার ৯৭৯ কোটি টাকা। মূলধনের সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ এক গ্রাহক ৭৫০ কোটি টাকার বেশি ঋণ পেতে পারেন না। দেওয়া হয়েছে মোট মূলধনের প্রায় দ্বিগুণ।

ব্যাংক দেখভাল করার দায়িত্ব যাদের, সরকারের নিয়োগ দেওয়া সেই পরিচালনা পর্ষদই এই বিপজ্জনক কাজটি করেছে। হল-মার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারির পর এটিকেই পারস্পরিক যোগসাজশে সাধারণ মানুষের আমানত নিয়ে ভয়ংকর কারসাজির আরেকটি বড় উদাহরণ বলে মনে করছেন ব্যাংকাররা। তারা বলছেন, এটি একক ঋণের বৃহত্তম কেলেঙ্কারি

বিরতিহীন প্রশ্নফাঁসের তালিকায় এবার ইংরেজি প্রথমপত্র-দৈনিক যুগান্তর

চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিরতিহীনভাবে প্রশ্নফাঁসের তালিকায় বাংলা প্রথম ও দ্বিতীয়পত্রের পর এবার ইংরেজি প্রথমপত্রও যুক্ত হয়েছে। সোমবার পরীক্ষা শুরুর প্রায় দুই ঘণ্টা আগে সকাল ৮টা ৪ মিনিটে হোয়াটসঅ্যাপের একটি গ্রুপে ইংরেজি প্রথমপত্রের প্রশ্নফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া ইংরেজি প্রথমপত্রের ‘ক’ সেটের প্রশ্নের সঙ্গে অনুষ্ঠিত হওয়া প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গেছে। প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপের ‘English 1st part 2018’ নামে একটি গ্রুপ থেকে ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নটি ছড়িয়ে যায়।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, ইংরেজি প্রথমপত্র প্রশ্নও ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়সহ আমরাও তদারকি করছি।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রেসিডেন্টকে খোলা চিঠি-দৈনিক মানবজমিন

ডিজিটাল মিডিয়া নিরাপত্তা বিল নিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদ ও জাতীয় মানবাধিকার কমিশনের সভাপতি কাজি রিয়াজুল হকের কাছে খোলাচিঠি লিখেছে এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, হিউম্যান রাইটস ওয়াচসহ শীর্ষস্থানীয় ১০টি মানবাধিকার সংস্থা। এতে তারা নতুন প্রস্তাবিত আইনটি নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি কিছু সুপারিশ করেছে।

যন্ত্রণার নাম হানিফ ফ্লাইওভার-দৈনিক ইনকিলাব

যন্ত্রনার নাম যাত্রাবাড়ী-গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার। উঠতে-নামতে এমনকি ফ্লাইওভারের উপরেও যানজট। কখনও কখনও সেই যানজট গুলিস্তান থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দীর্ঘ হয়। অব্যবস্থাপনা, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, অবহেলার কারনে দিন দিন এ যানজট ভয়াবহ আকার ধারন করছে। কর্তৃপক্ষের সাথে ডিএসসিসির যোগসাজশে ৪ বছরেও সংস্কার হয়নি নিচের রাস্তা । এখনও ফ্লাইওভারের উপরে ৮টি স্থানে বাস দাঁড়ায়। তদবিরে নিষ্ক্রিয় ট্রাফিক পুলিশ।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

পণের বাড়তি টাকা না দিতে পারায় স্ত্রীর কিডনি বিক্রি!-দৈনিক আনন্দবাজার

দেনাপাওনার বিয়েতে যেমন হয়! যৌতুক’ হিসেবে নগদ টাকা, সোনার গয়না, আসবাবপত্র সবই দিতে হয়েছিল ফরাক্কার রীতা সরকারের পরিবারকে। অভিযোগ, তার পরেও দু’লক্ষ টাকা চেয়েছিলেন রীতার স্বামী বিশ্বজিৎ সরকার। সেই টাকা দিতে না পারায় তাঁর কিডনি স্বামী বিক্রি করে দিয়েছেন বলে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করেছেন স্ত্রী। 

ফরাক্কার আইসি উদয়শঙ্কর ঘোষ বলছেন, ‘‘প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কলকাতার একটি নার্সিংহোমে ওই মহিলার অ্যাপেনডিক্স অস্ত্রোপচারের নামে কিডনি কেটে পাচার হয়েছে। বিশ্বজিতের খোঁজে তল্লাশি চলছে। কলকাতার কোন নার্সিংহোমে এ কাজ হয়েছে, কারা এতে জড়িত, তা-ও দেখা হচ্ছে।’’

স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি, ক্যামেরাবন্দি করল বহিরাগতরা-দৈনিক সংবাদ প্রতিদিন

স্কুল চত্বরেই ছাত্রীর শ্লীলতাহানি। প্রকাশ্যে অপরাধের পরও আস্ফালন থামেনি। অশ্লীলতার ভিডিও ক্যামেরাবন্দি করার চেষ্টা করল বহিরাগতরা। কোচবিহারের চ্যাংড়াবান্ধা হাইস্কুলের এই ছবি প্রকাশ্যে আসতে তোলপাড় শিক্ষামহল।

ফুটেজে দেখা যায় স্কুল ইউনিফর্ম পরা অবস্থাতেই এক ছাত্রীকে উত্যক্ত করা হচ্ছে। তার শরীরের নানা জায়গায় আপত্তিকরভাবে স্পর্শ করেই ক্ষান্ত হয়নি বহিরাগত কিশোর। হেনস্থার ছবি সে তোলার চেষ্টা করছে মোবাইলে। মেয়েটি লজ্জায় লাল হয়ে গেলেও তার কোনও ভ্রূক্ষেপ নেই। এত কাণ্ডের পর ছাত্রীটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। স্থানীয় বাসিন্দাদের এই পরিস্থিতির জন্য স্কুলের  দিকে আঙুল তুলেছেন। তাদের দাবি এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নিয়মিত এমনই লজ্জার সাক্ষী থাকছেন তারা। কয়েকজন বহিরাগতকে ধরে মারধরের পর স্কুল কর্তৃপক্ষর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। তাদের অভিযোগ এরপরও হুঁশ ফেরেনি স্কুলের প্রশাসকদের। প্রায় প্রতিদিনই লাঞ্ছনা, অপমান, যৌন হেনস্থার মুখে পড়থে পড়ুয়ারা।

সহপাঠীকে ধর্ষণের পর ভিডিও তুলে ব্ল্যাকমেল ৯ ছাত্রের-দৈনিক আজকাল

নারকীয় ঘটনাটি মুম্বইয়ের ভিলে পার্লে থানা এলাকার। নবম শ্রেণির ছাত্রী ওই কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল এক সহপাঠীর। সেই সুবাদে কিছু শারিরীক সম্পর্ক গড়ে ওঠে দু’জনের। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে আরও ৯ সহপাঠীর মোবাইলে বিলি করে অভিযুক্ত ছাত্র। এই ভিডিও বাইরে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করে ৯ ছাত্রই। সকলেই কিশোর। ভয়ে কাউকে বলতে পারেনি নির্যাতিতা কিশোরী। শেষে আর এই নির্যাতন সহ্য করতে না পেরে নিজের মাকে পুরো ঘটনা জানায়। তারপরেই মেয়েকে নিয়ে ভিলে পার্লে থানায় অভিযোগ জানান মা। দিনমজুর মা–বাবা এখন দিশেহারা। ঘটনায় মূল অভিযুক্ত সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। বাকি তিন অভিযুক্তের সন্ধানে চলছে তল্লাশি।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৫