সংসদে অর্থমন্ত্রীকে তুলোধোনো-ব্যাংকের ১৫ হাজার ৫০০ কোটি টাকা লুটপাট
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী -দৈনিক ইত্তেফাক
- সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী-বিএনপির দেশে কি কোন নেতা নেই? –দৈনিক মানবজমিন
- খালেদা জিয়া আইনের ন্যূনতম সুবিধাও পাচ্ছেন না-ফখরুল-দৈনিক প্রথম আলো
- সংসদে অর্থমন্ত্রীকে তুলোধোনো-ব্যাংকের ১৫ হাজার ৫০০ কোটি টাকা লুটপাট -দৈনিক ইনকিলাব
- আদালত নির্দেশ দিলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি -দৈনিক যুগান্তর
- জীববিজ্ঞানের প্রশ্নও ফাঁসের অভিযোগ -দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম
- গুজরাত পুরভোট: ৬০ থেকে ৪৭-এ নামল বিজেপি-দৈনিক আনন্দবাজার
- পিপিএফ–এ ফের কমছে সুদের হার, চিন্তা বাড়ছে মধ্যবিত্তের-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শুরুতেই বাংলাদেশের রাজনীতির কয়েকটি খবর ছোটো করে তুলে ধরছি।
রায়ের অনুলিপি পেয়েছেন খালেদা জিয়ার আইনজীবী- এটি দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করণের লিড খবর। তবে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়া আইনের ন্যূনতম সুবিধাও পাচ্ছেন না। তিনি আরো বলেছেন, বর্তমান সরকার আগামী নির্বাচনে নিজেদের পরাজয়ের ভয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় অন্যায় ভাবে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। তিনি আরো বলেছেন, আলোচনা ছাড়া বিকল্প কিছু নেই, আওয়ামী লীগকেই পথ দেখাতে হবে। এদিকে দৈনিক ইত্তেফাকের একটি খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না তা আদালত বলবেন। এটি আদালতের বিষয়। এতে রাজনীতির কিছু নেই।
জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
অনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে অানসার বাহিনীকে সজাগ থাকতে হবে এবং কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো অপশক্তি যেন দেশের শান্তি নষ্ট করতে না পারে সে জন্য সজাগ থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন আপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আমরা যখনই ক্ষমতায় এসেছি তখনই বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর উন্নয়নে কাজ করেছি।
দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকায় সাজাপ্রাপ্ত অপর নেতা তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির নেতৃত্বের কি এতোই দৈন্যদশা যে, তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হল।
আদালত নির্দেশ দিলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন: সিইসি-দৈনিক যুগান্তর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা বর্তমানে যে অবস্থায় আছে, তাতে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।তবে উচ্চ আদালত নির্দেশ দিলে তিনি অবশ্যই নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানান সিইসি। বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে নির্বাচন কমিশনের প্রত্যাশা, না করলে কমিশনের কিছু করার নেই বলেও জানান তিনি।
দীর্ঘদিন আটক থাকা ১৩৯ আসামির বিচার শেষ করার নির্দেশ-দৈনিক ইত্তেফাক
সারাদেশের বিভিন্ন কারাগারে সাত বছরের বেশি সময় ধরে আটক থাকা ১৩৯ জনের বিচার আগামী ৩১ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ সময়ের মধ্যে বিচার শেষ না হলে সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
জীববিজ্ঞানের প্রশ্নও ফাঁসের অভিযোগ-দৈনিক নয়া দিগন্ত
চলমান এসএসসি পরীক্ষায় আজ সকালে ছিল জীববিজ্ঞান এবং অর্থনীতি বিষয়ের পরীক্ষা। এর মধ্যে জীববিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। পরীক্ষা শেষে মিলিয়ে দেখা গেছে ফাঁস হওয়া প্রশ্নের সাথে হুবহু মিল পাওয়া গেছে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সাথে।
আজ অনলাইনে পরিবেশিত খবর অনুযায়ী জীববিজ্ঞানের বহুনির্বাচনী অভীক্ষার উত্তরপত্রসহ প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে সকাল ৮টা ৫৭ মিনিটে পাওয়া গেছে।
বাংলাদেশ প্রতিদিনের খবর-রাজধানীর উত্তরখান ও গাজীপুর এলাকা থেকে এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে র্যাব।
আর দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকে প্রতিটি বিষয়ে এক শ ভাগ যোগ্যতাভিত্তিক প্রশ্ন করা হবে। প্রাথমিকে এই পদ্ধতির প্রশ্নকাঠামোকে ‘কাঠামোবদ্ধ প্রশ্ন’ হিসেবে উল্লেখ করা হয়।
সংসদে অর্থমন্ত্রীকে তুলোধোনো-ব্যাংকের ১৫ হাজার ৫০০ কোটি টাকা লুটপাট -দৈনিক ইনকিলাব
ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের দাঁড়প্রান্তে। গত কয়েক বছরে ১৫ হাজার ৪০০ কোটি টাকা লুটপাটের মাধ্যমে টাকা বিদেশে পাচার হয়েছে। আজ অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে। অর্থনীতির রক্তক্ষরণের কারণে জাতির রক্তক্ষরণ হচ্ছে। পানামা পেপার, প্যারাডাইস পেপার কেলেঙ্কারির মাধ্যমে অর্থনীতিকে দুর্বল করা হচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন ডিসেম্বরে অবসরে যাবেন। ডিসেম্বর পর্যন্ত কেন রক্তক্ষরণ কন্টিনিউ করবেন? আজকে এখনই পদত্যাগ করুন। মানুষকে বাঁচান, জাতিকে বাঁচান, দেশকে বাঁচান। আপনি এখনই অবসরে চলে যান। গিয়ে প্রধানমন্ত্রীকে বাঁচান আমাদের সবাইকে বাঁচান।
গতকাল রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সমালোচনা করে বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু ও কাজী ফিরোজ রশিদ এসব কথা বলেন।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
পিপিএফ–এ ফের কমছে সুদের হার, চিন্তা বাড়ছে মধ্যবিত্তের-দৈনিক আজকাল
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ–এ ফের কমল সুদের হার। ৭.৯ শতাংশ থেকে কমে সুদের হার হচ্ছে ৭.৬ শতাংশ। আগামী মার্চ থেকেই লাগু হবে এই সুদের হার। গত বছর জানুয়ারিতে পিপিএফ–এ সুদের হার কমানোর কথা ঘোষণা করা হয়। নোট বাতিল এবং দেশজুড়ে চলা মূল্যবৃদ্ধির জোড়া ফলায় আগে থেকেই সঙ্কটে মধ্যবিত্ত। এমনকি এবারের বাজেটেও তাদের সেভাবে কোনও সুবিধা দেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এবার পিপিএফ–এও সুদের হার কমে যাওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। সুদের হার কমে গেলে তার রেশ যে সমাজের মধ্যবিত্ত শ্রেণির উপর বিশেষ প্রভাব ফেলবে সে ব্যাপারে একরকম নিশ্চিত অর্থনীতিকরা। বিরোধীদের কটাক্ষ, একদিকে নীরব মোদি, মেহুল চোকসি, বিজয় মালিয়ার মতো দুর্নীতিতে অভিযুক্ত শিল্পপতিদের দেশে ফেরাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। অন্যদিকে, পিপিএফ–এ সুদের হার কমিয়ে সাধারণ মানুষের উপর আরও বোঝা চাপাচ্ছে বিজেপি সরকার।
বিজেপির প্রাসাদোপম পার্টি অফিস তৈরিতে কত খরচ? টাকার উৎস নিয়ে প্রশ্ন মমতার-সংবাদ প্রতিদিন
পিএনবি কেলেঙ্কারি নিয়ে রবিবার টুইটারে ফোঁস করেছিলেন। কেন্দ্রকে নিয়েছিলেন একহাত। সোমবার বহরমপুরের সভায় আক্রমণের ধার আরও বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ রীতিমতো পরিকল্পনা করে এই কাজ করেছে কেন্দ্র।
আগেই বলেছিলেন এই কেলেঙ্কারি হিমশৈলের চূড়া মাত্র। এদিন জানিয়ে দিলেন রীতিমতো আটঘাট বেঁধেই মোদি সরকার নেমেছিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নোট বাতিলের এক বছর আগে থেকে ছক সাজানো হয়। শুধু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নয়, আরও ব্যাংক রয়েছে, যেখানে এমন দুর্নীতি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কিছু লোককে এই কারণে নিয়োগ করা হয়েছিল। অনেক ব্যাংকে এভাবে বেআইনিভাবে নিয়োগ হয়। যারা নোট বাতিল পর্ব থেকে কালো টাকাকে সাদা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কেন্দ্রকে জড়িয়ে তাঁর প্রশ্ন এদের কে প্রশ্রয় দিয়েছে?
কন্যাশ্রীদের জন্য সুখবর, এপ্রিল থেকে বাড়ছে ভাতা-দৈনিক সংবাদ প্রতিদিন
স্কুল পড়ুয়াদের কাছে ভরসার ছাতা হয়ে দাঁড়িয়েছে কন্যাশ্রী। এবার সেই ছায়া আরও দীর্ঘ হল। আগামী এপ্রিল থেকে বাড়ছে কন্যাশ্রীদের মাসিক বরাদ্দ। ৭৫০ থেকে থেকে হাজার টাকা পাবেন ছাত্রীরা।
সোমবার বহরমপুরের সভা থেকে এদিন একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই প্রকল্প কয়েক মাস আগে স্বীকৃতি পেয়েছে রাষ্ট্রসংঘের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে কন্যাশ্রীর দৌলতে রাজ্যে ছাত্রীদের স্কুলছুটের পরিমাণ কমেছে। অল্প বয়সে বিয়ের প্রবণতাতেও অনেকটা রাশ টানা গিয়েছে। বহরমপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন কন্যাশ্রীরা এবার আরও ভাল থাকতে পারবে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯