খালেদার জামিন হয় নি-নিম্ন আদালতের নথি আসার পর আদেশ
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ ফেব্রুয়ারি রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- খালেদার জামিন হয়নি আজ-নিম্ন আদালতের নথি আসার পর আদেশ -দৈনিক বাংলাদেশ প্রতিদিন
- নির্মম ও নৃশংস বিডিআর হত্যাকাণ্ডের ৯ বছর-দৈনিক প্রথম আলো
- দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম-শাহবাগে বিক্ষোভ, কোটা পদ্ধতি সংস্কারের দাবি
- বয়স বিবেচনায় খালেদা জিয়ার জামিনের আর্জি, দুদকের বিরোধিতা-দৈনিক যুগান্তর
- যশোর-বেনাপোল মহাসড়কের গাছ রেখে পুনঃনির্মাণের সুপারিশ-দৈনিক মানবজমিন
- কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ঢাকা সিটির নির্বাচন নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- পিএনবি-র বোর্ডে জেটলিরই ঘনিষ্ঠ-দৈনিক আনন্দবাজার
- ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, জরিমানা শহরের দুই নামী হাসপাতালকে-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
খালেদা জিয়ার জামিন হয় নি আজ-নিম্ন আদালতের নথি আসার পর আদেশ -দৈনিক বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো,যুগান্তরসহ প্রায় দৈনিকের অনলাইনে খবরটি প্রকাশিত হয়েছে। খবরে লেখা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। নিম্ন আদালত থেকে নথি আসার পর সাবেক এ প্রধানমন্ত্রীর জামিনের বিষয়ে আদেশ দেবেন আদালত। রোববার বিকালে বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। শুনানীতে বয়স বিবেচনায় খালেদা জিয়ার জামিনের আর্জি জানান তার আইনজীবীরা। তবে দুদকের আইনজীবীরা জামিনের বিরোধিতা করেন।
পিলখানা ট্রাজেডির ৯ বছর পূর্তির খবরটিও আজকের প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইনসংস্করণের পরিবেশিত হয়েছে। এ খবরে রেখা হয়েছে, পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের নয় বছর পূর্ণ হচ্ছে আজ রোববার। হত্যাযজ্ঞে ৫৭ জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া খুনের মামলার বিচার গত নভেম্বরে হাইকোর্টে শেষ হয়েছে।
বিডিআর বিদ্রোহে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ তিন বাহিনীর প্রধানরা। এরপর শহীদ সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তাদের পরিবারের সদস্যরা। এ সময় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে হতাশা প্রকাশ করেন।
কারিগরি শিক্ষাকেও গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপরও বিশেষভাবে দৃষ্টি দিচ্ছে সরকার। আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, একটি জাতিকে উন্নত হতে হলে শিক্ষিত হতে হবে। তাই আওয়ামী লীগ সরকার শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারই ধারাবাহিকতা অনুয়ায়ী পর্যায়ক্রমে প্রতিটি জেলায় একটি সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করে দিবে সরকার।
দুদক চেয়ারম্যান বললেন-দুর্নীতি হচ্ছে, প্রতিরোধ করতে পারছি না-দৈনিক প্রথম আলো
দুর্নীতি সূচকে আমাদের আরও বেশি হয়তো এগিয়ে যাওয়া সম্ভব। সবার সম্মিলিত প্রয়াস পেলেই এটা সম্ভব। তবে এটা পাওয়া খুবই দুষ্কর। দুর্নীতি আছে এটা অস্বীকার করার কিছু নাই। অস্বীকার করলে আমরা এক হতে পারব না। দুর্নীতি সুচকে এগিয়ে যাওয়াটা বাংলাদেশের ধীরগতিতে হচ্ছে—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন মন্তব্যে সহমত পোষণ করে এ কথা বলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ইকবাল মাহমুদ বলেন, ‘আমাদের বাংলাদেশে অনেক দুর্নীতি। আমরা এগিয়ে যাচ্ছি। তবে এই এগিয়ে যাওয়াটা আরও বেগবান করা উচিত। দুর্নীতির সূচকে দুই পয়েন্ট এগিয়ে যাওয়াটা সহজ কথা না। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই।’
শাহবাগে বিক্ষোভ, কোটা পদ্ধতি সংস্কারের দাবি-দৈনিক প্রথম আলো
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শাহবাগে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী কর্মসূচিতে বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬ শতাংশ থেকে ১০ শতাংশে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধা থেকে শূন্য পদে নিয়োগ দেওয়া, কোটায় কোনো ধরনের বিশেষ পরীক্ষা না নেওয়া, সরকারি চাকরিতে সবার জন্য অভিন্ন বয়সসীমা এবং চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা। প্রথম আলোকে এক শিক্ষার্থী বলেন, ৫৬ শতাংশ কোটা থাকায় সাধারণ চাকরি-প্রত্যাশীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন। এরপরও বিভিন্ন সময় কোটায় বিশেষ নিয়োগ দেওয়া হচ্ছে। যেমন: ৩২তম বিসিএস, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে বিশেষ কোটায় নিয়োগ দেওয়া হয়েছে। ও চাকরি প্রার্থীরা। তাঁরা বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারের দাবি জানিয়েছেন। আজ রোববার বেলা ১১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশ চলে দুপুর ১২টা পর্যন্ত।
বিড়ি ফকির’-এর আস্তানা ভাঙচুর-দৈনিক প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলায় কথিত এক নারী ফকিরের বিরুদ্ধে চিকিৎসার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ক্ষুব্ধ লোকজন গত শুক্রবার রাতে হামলা চালিয়ে তাঁর আস্তানা গুঁড়িয়ে দিয়েছেন। এ সময় ওই নারীকে পিটিয়ে আহত করা হয়। ওই নারী হলেন উত্তর পালরদী গ্রামের হাসি বেগম (৪৮) ওরফে বিড়ি ফকির। খবর পেয়ে শুক্রবার রাতেই পুলিশ গিয়ে মো. মতিয়ার নামের এক সহযোগীসহ তাঁকে আটক করেছে। দাস বাড়ির সেতুর গোড়ায় আস্তানা গড়ে সেখানে বসে একের পর এক বিড়ি ফুঁকতে থাকেন। এ কারণে তাঁর নাম হয় বিড়ি ফকির। স্থানীয় মো. জামাল উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আবদুর রবসহ কয়েকজন বলেন, হাসি বেগমের আস্তানায় চিকিৎসার নামে প্রতারণার পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড ও মাদকের আড্ডা বসে। প্রতারণা টিকিয়ে রাখতে হাসি বেগম ক্ষমতাসীন দলের কিছু উঠতি নেতাকে নিয়মিত মাসোহারা দেন। এ কারণে ভয়ে কেউ কিছু বলেন না।
যশোর-বেনাপোল মহাসড়কের গাছ রেখে পুনঃনির্মাণের সুপারিশ-দৈনিক মানবজমিন
যশোর-বেনাপোল মহাসড়কের গাছ রেখে পুনঃনির্মাণের জন্যে মন্ত্রণালয়কে দ্রুত উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের সভাপতিত্বে আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠকে এই সুপারিশ করা হয়।
আইন ও বিচার বিষয়ক খবর: ঢাকা সিটির নির্বাচন নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ১৮টি নতুন ওয়ার্ড এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি নতুন ওয়ার্ডের নির্বাচন নিয়ে হাইকোর্টের জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্বাচন কমিশনের (ইসি) আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ আজ রোববার এ আদেশ দেয়।
এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত
ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের সমালোচনায় সরব দেশটির গণমাধ্যম-পাকিস্তান মডেল' গ্রহণ করছে ভারতীয় সেনাবাহিনী!
ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যে সমালোচনায় সরব দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম। তাঁর মন্তব্যকে রাজনৈতিক আখ্যা দিয়ে একে নজিরবিহীন বলে অভিহিত করা হয়েছে। নরেন্দ্র মোদির ভারত ‘পাকিস্তান মডেলকে’ আদর্শ হিসেবে গ্রহণ করছে কি না, এমন আশঙ্কাও প্রকাশ করে সম্পাদকীয় করেছে কিছু সংবাদমাধ্যম। ঘটনার সূত্রপাত গত বুধবার। ওই দিন নয়াদিল্লিতে আয়োজিত এক সেমিনারে জেনারেল বিপিন রাওয়াত অভিযোগ করে বলেন, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে পরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে। এর পেছনে রয়েছে পাকিস্তান। চীনের মদদে একটি ছায়াযুদ্ধের অংশ হিসেবে ভারতের ওই এলাকাকে ‘অস্থির’ করে তুলতেই এ কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত ‘পাকিস্তান মডেলের’ দিকে এগোচ্ছে কি না, সেই প্রশ্ন তোলা হয়েছে ‘আনন্দবাজার’ পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়তে। সেনাপ্রধান বিপিন রাওয়াতের মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ‘টাইমস অব ইন্ডিয়ার’ সম্পাদকীয়তে। ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের সম্পাদকীয়র শিরোনাম দিয়েছে ‘লাইন অব কন্ট্রোল’। এতে বলা হয়েছে, সেনাপ্রধানের মন্তব্য গুরুত্বপূর্ণ এবং বিরক্তিকর।
পিএনবি-র বোর্ডে জেটলিরই ঘনিষ্ঠ-দৈনিক আনন্দবাজার
রিজার্ভ ব্যাঙ্ক, অডিটর, শিল্পপতি বা ব্যাঙ্ক-কর্তাদের দিকে দায় ঠেলে পার পাচ্ছেন না অরুণ জেটলি। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রতারণার তাঁরই ঘনিষ্ঠ এক বিজেপি নেতার দিকে আঙুল তুলল কংগ্রেস।এদিকে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোক্সীর পাসপোর্ট বাতিল করল বিদেশ মন্ত্রক। কেন পাসপোর্ট বাতিল করা হবে না, তার কারণ দর্শাতে এক সপ্তাহ আগে মামা-ভাগ্নেকে চিঠি দেওয়া হয়েছিল।
নেপালের পর্যটন শিল্পে দ্রুত থাবা বসাচ্ছে চীন, উদ্বিগ্ন নয়াদিল্লি-দৈনিক সংবাদ প্রতিদিন
নেপালের বিখ্যাত পর্যটন শিল্পে থাবা বসছে চীন। ভারতকে চারদিক থেকে ঘিরে বিপাকে ফেলতে বেজিংয়ের এই নয়া কৌশল ভাবাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এই মুহূর্তে নেপালে বহু চীনা পর্যটক আসছেন। পাল্লা দিয়ে বাড়ছে চীনা মুদ্রার আমদানিও। নেপাল ট্যুরিজম বোর্ডের সিইও দীপক রাজ জোশী বলছেন, ভারতের পর নেপালে এই মুহূর্তে সবচেয়ে বেশি পর্যটক আসছেন চীন থেকেই। ২০১৫ থেকে নেপালে প্রতি বছর চীনা পর্যটক ও মুদ্রার আমদানি বেড়েছে লাফিয়ে লাফিয়ে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫