ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৫:২০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৮ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • রায় পড়ে ড. কামাল পরামর্শ দেবেন: ফখরুল -দৈনিক প্রথম আলো
  • কৃষকের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেবে সরকার-দৈনিক যুগান্তর
  • রওশনের লজ্জা!-দৈনিক মানবজমিন
  • খালেদার সাজা হওয়ায় বিএনপির অনেক নেতাকে খুশি মনে হচ্ছে’হাছান মাহমুদ-দৈনিক ইত্তেফাক
  • জাতীয় পার্টির নিয়ন্ত্রণ কি আওয়ামী লীগের হাতেই?-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • সব কাজেই লাল ফিতে, ক্ষুব্ধ মমতা-দৈনিক আনন্দবাজার
  • আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার চিদম্বরমের ছেলে কার্তি -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কৃষকের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দেবে সরকার-  যুগান্তর

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষকের দোরগোড়ায় সব ধরনের ডিজিটাল সেবা পৌঁছে দেবে তার সরকার, যাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ে। দেশব্যাপী ই-কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ডিজিটাল প্লাটফর্ম ‘কৃষি বাতায়ন এবং ‘কৃষক বন্ধু ফোন সেবার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। বুধবার দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দুটি সেবার উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, কৃষকের ছেলে শিক্ষা নিয়ে কৃষিকাজে যাবে না, এই মনোভাব যেন না থাকে। কৃষিকে আধুনিক পদ্ধতিতে যান্ত্রিকীকরণ করা হচ্ছে। ফলে কৃষির যে জ্ঞান তাঁরা পাবেন বাবা-মায়ের কাছ থেকে, তা তাঁরা ভবিষ্যতে কাজে লাগাতে পারবেন।

রায় পড়ে ড. কামাল পরামর্শ দেবেন: ফখরুল-দৈনিক প্রথম আলো

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার বিষয়ে আইনি পরামর্শের জন্য প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের কাছে গিয়েছিলেন। খালেদা জিয়ার মামলা লড়ার অনুরোধ ড. কামাল হোসেন ফিরিয়ে দিয়েছেন, বিষয়টি সত্য নয়। এটি পুরোপুরি মিথ্যা। রায় পড়ে ড. কামাল পরামর্শ দেবেন।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ

এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুর্নীতি মামলার সাজা থেকে মুক্তির জন্য তার আইনজীবীরা আন্তরিক কিনা- সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়ার সাজা হওয়াতে বিএনপির অনেক নেতাকে খুশি মনে হচ্ছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন

তবে যুগান্তরের খবরে  বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সরকার সহজেই মুক্ত হতে দেবে না বলে মন্ত্রব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এটা সরকারের দূরভিসন্ধি বলে উল্লেখ করেন তিনি।

যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, নিজেদের দায় অন্যদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা

রওশনের লজ্জা!-দৈনিক মানবজমিন

বাংলাদেশের সংসদের বিরোধীদলীয় নেতা রওশান এরশাদ

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন। দেশ তখন অগ্নিগর্ভ। অংশগ্রহণমূলক, না একতরফা নির্বাচন? জাতীয় পার্টির নির্বাচনে অংশ নেয়া নিয়ে সংশয় ছিলো সামান্যই। দলটি ইতিমধ্যে মনোনয়নপত্রও দাখিল করেছিলো। কিন্তু হঠাৎই বেঁকে বসেন এরশাদ। স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠেন রওশন। নির্বাচনে থেকে যায় জাতীয় পার্টি।এমনকি এরশাদের মনোনয়নপত্রও প্রত্যাহার হয় না। ভাইয়ের পক্ষে শক্ত অবস্থান নিয়ে মূল্য চুকাতে হয় জিএম কাদেরকে।

নির্বাচনের পর অবশ্য এরশাদকে বলা যায়, রক্ষাই করেন রওশন। রওশন হন বিরোধী দলের নেতা। এরশাদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত। মন্ত্রিসভায়ও জায়গা হয় জাপা নেতাদের। আবার তারা প্রধান বিরোধীদলও। পৃথিবীর ইতিহাসে নতুন এক সরকার ব্যবস্থা কায়েম হয়। কিন্তু এতদিন পর এসে রওশন এরশাদ খোদ সংসদেই জানালেন তার লজ্জা লাগে। মঙ্গলবার রাতে রওশন এরশাদ সংসদে যা বলেছেন, তা রীতিমতো বিস্ময়কর। ‘আমরা সরকারি দল, না বিরোধী দল কোনটা আমরা? দেশে-বিদেশে নিজেদের পরিচয় দিতে পারি না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে লজ্জা লাগে। কারণ সবাই জানতে চায়, জাতীয় পার্টি সরকারি দল, না বিরোধী দল।

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন আবারো পেছালো-দৈনিক মানবজমিন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন ২১ বারের মতো পেছালো। আজ বুধবার বুধবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিনের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন নির্ধারণ করেন। আগামী ১লা এপ্রিল এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

এবার কোলকাতার দৈনিকগুলোর কয়েকটি খবরের বিস্তারিত

সব কাজেই লাল ফিতে, ক্ষুব্ধ মমতা-দৈনিক আনন্দবাজার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

বুদ্ধদেব ভট্টাচার্যের রাস্তাতেই হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়! ষষ্ঠ বামফ্রন্ট সরকার গঠনের পরে তৎকালীন মুখ্যমন্ত্রীর স্লোগান ছিল, ‘ডু ইট নাও’। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে বর্তমান মুখ্যমন্ত্রী সেই স্লোগানের পুনরুক্তি করেননি ঠিকই, কিন্তু বুঝিয়ে দিয়েছেন, লাল ফিতের ফাঁসে বিরক্ত তিনিও। এ দিন বিভিন্ন প্রকল্প রূপায়ণে দেরির প্রসঙ্গ উঠতেই ক্ষুব্ধ মমতা বলেন, ‘‘একটা সরকার পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়। কিন্তু পাঁচ বছরের মধ্যে চার বছর ধরে কাগজ চালাচালি হলে কাজ করব কখন?’’

আর্থিক নয়ছয়ের অভিযোগে গ্রেপ্তার চিদম্বরমের ছেলে কার্তি-দৈনিক আজকাল

পি চিদম্বরমের পুত্র কার্তি

আইএনএক্স অর্থপাচার মামলায় কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমকে গ্রেপ্তার করল সিবিআই। বুধবার ব্রিটিশ এয়ারওয়েজের বিমানে চেন্নাই বিমানবন্দরে নামার পরই গ্রেপ্তার করা হয় কার্তিকে। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পাঠানো সমনে স্থগিতাদেশ চেয়ে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কার্তি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮