জাতিসংঘের স্বীকৃতির পর কেন তালিকা প্রকাশ, প্রশ্ন কাদেরের
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ মার্চ রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- সরকারের ধারাবাহিকতার জন্যই বাংলাদেশ উন্নয়নশীল দেশ-প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
- খালেদার সাজা বাড়াতে দুদকের আপিল-দৈনিক প্রথম আলো
- কোটা সংস্কার দাবি : আন্দোলনকারী এক শিক্ষার্থীকে ধরে নিয়ে গেল ছাত্রলীগ-দৈনিক নয়া দিগন্ত
- টাকার বিনিময়ে পুলিশে চাকরি প্রার্থীর নানা হলেন ২ মুক্তিযোদ্ধা-দৈনিক ইত্তেফাক
- জাতিসংঘের স্বীকৃতির পর কেন তালিকা প্রকাশ, প্রশ্ন কাদেরের-দৈনিক মানবজমিন
- দুদক চেয়ারম্যান প্রধানমন্ত্রীর মানসপুত্র -রিজভী-দৈনিক ইনকিলাব
ভারতের শিরোনাম:
- উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টায় হাফ ডজন এনকাউন্টার!-দৈনিক আনন্দবাজার
- আধার নিয়ে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আজকাল-দৈনিক আজকাল
- ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থাকে পাচার করছে ‘মোদি অ্যাপ’!-সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
খালেদার সাজা বাড়াতে দুদকের আপিল-দৈনিক প্রথম আলো
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন।
পরে খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘বয়স ও সামাজিক অবস্থার কথা বিবেচনা করে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ডের যে রায় দেওয়া হয়েছে, তাতে আমরা সংক্ষুব্ধ। কারণ, খালেদা জিয়া এ মামলার প্রধান আসামি। একই মামলার অন্য আসামিদের যেখানে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে, সেখানে তাঁর পাঁচ বছরের এই কারাদণ্ডের রায় আইনের সঙ্গে সাংঘর্ষিক।তাঁর সাজার মেয়াদ বাড়ানোর জন্যই আমরা উচ্চ আদালতে এই আবেদন করেছি। আগামী বুধবার এ বিষয়টি আদালতের নজরে আনা হবে।’
প্রথম আলোর অন্য একটি খবরের শিরোনাম-জনতার আদালতে খালেদা জিয়া নির্দোষ: রিজভী
জনতার আদালতে খালেদা জিয়া নির্দোষ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা বৃদ্ধির জন্য আজ রোববার সকালে হাইকোর্টে দুদকের আবেদনের পর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন।
নৈতিকতার আদালতেও খালেদা জিয়া নির্দোষ বলে দাবি করেন রিজভী। তাঁর অভিযোগ, সরকার দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ব্যবহার করছে। প্রধানমন্ত্রী যা চাইবেন, তাঁর ইচ্ছা পূরণ করবে এই দুদক। রিজভীর ভাষ্য, একটা প্রহসনের বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সাজা দিয়ে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।
সরকারের ধারাবাহিকতার জন্যই বাংলাদেশ উন্নয়নশীল দেশ-দৈনিক যুগান্তর
সরকারের ধারাবাহিকতা বজায় থাকার জন্যই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ১৮ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের তালিকায় আসা বাংলাদেশ বিশ্বের বুকে এরই মধ্যে সম্মানজনক অবস্থানে এসেছে। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। দেশের জন্য আরও সম্মান বয়ে আনতে হবে।
খালেদা জিয়া ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ২০ দলীয় জোটের-দৈনিক ইত্তেফাক
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচনে যাবেন না তারা। জোট প্রধান ও বিএনপি চেয়ারপারন বেগম জিয়াকে মুক্ত করেই কেবল নির্বাচনে অংশ নিবে। তার মুক্তির দাবিতে প্রতিটি জেলা সদরে সমাবেশ করা হবে। শনিবার দিবাগত রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে ইত্তেফাককে একাধিক শরিক নেতা জানান
জাতিসংঘের স্বীকৃতির পর কেন তালিকা প্রকাশ, প্রশ্ন কাদেরের-দৈনিক মানবজমিন
জাতিসংঘ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জনের ঘোষণার পরই জার্মান গবেষণা প্রতিষ্ঠানের বাংলাদেশকে স্বৈরাচারী দেশের তালিকাভুক্ত করায় তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসম্যান স্টিফটুং এর প্রকাশিত এক গবেষণায় বিশ্বের নতুন পাঁচ স্বৈরাচারী দেশের তালিকায় নাম রয়েছে বাংলাদেশের।
টাকার বিনিময়ে পুলিশে চাকরি প্রার্থীর নানা হলেন ২ মুক্তিযোদ্ধা-দৈনিক ইত্তেফাক
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা কোটা বাণিজ্যে অমুক্তিযোদ্ধার সন্তান পুলিশ বাহিনীতে চূড়ান্ত নিয়োগ পেতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিশোরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশে চলতি নিয়োগ প্রক্রিয়ায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১১ জনের পুলিশি তদন্তের তালিকা এসেছে। তার মধ্যে তিন জন মুক্তিযোদ্ধা কোটায়।
নির্ভরশীল সূত্রে জানা গেছে, উপজেলার অসত্ কিছু মুক্তিযোদ্ধা মোটা অংকের টাকার বিনিময়ে অন্যের সন্তানকে নিজের সন্তান কিংবা নাতি/নাতনী পরিচয় দিয়ে সাধারণের নিকট কোটা বিক্রি করছে।
ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে ইইউর আপত্তি-দৈনিক যুগান্তর
ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা নিয়ে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো। ১০টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মোট ১১ জন কূটনীতিক রোববার আইনমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের আপত্তির বিষয়টি জানান।
সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে বৈঠকে অংশ নেন জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিন্স, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনশে তিয়ারেংকে এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে স্পেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতদের প্রতিনিধিরা।
তারা মূলত ডিজিটাল নিরাপত্তা আইনে মাত্রাতিরক্ত সাজা এবং কড়াকড়ি নিয়ে আপত্তি তোলেন।
বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। প্রয়োজনে আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
কোটা সংস্কার দাবি : আন্দোলনকারী এক শিক্ষার্থীকে ধরে নিয়ে গেল ছাত্রলীগ-দৈনিক নয়া দিগন্ত
কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলন থেকে এক শিক্ষার্থীকে ধরে নিয়ে গেল ছাত্রলীগ। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আবার ছেড়ে দেয়া হয়। রোববার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে তাকে ধরে নেয়া হয়। আন্দোলনের অন্যতম সমন্বয়ক এ শিক্ষার্থীর নাম বিন ইয়ামিন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, গলায় সার্টিফিকেট ঝুলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত রাস্তা পরিষ্কারের অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কোটা সংস্কার প্রার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ‘বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ’-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।
এবার ভারতের খবর তুলে ধরছি।
উত্তরপ্রদেশে ২৪ ঘণ্টায় হাফ ডজন এনকাউন্টার!-দৈনিক আনন্দবাজার
বলিউডের রুদ্ধশ্বাস ক্রাইম থ্রিলারকেও টেক্কা দেওয়ার মতো ঘটনা দেখল যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশ। ২৪ ঘণ্টার মধ্যে ছ-ছ’টা এনকাউন্টার। তাতে মৃত্যু হল দুই দুষ্কৃতীর। পুলিশের গুলিতে যে দুই দুষ্কৃতীকে মরতে হয়েছে, তাদের মধ্যে একজনের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। গুরুতর জখম হয়েছে আরও পাঁচ দুষ্কৃতী। সিরিয়াল এনকাউন্টারে বেশ কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
গত বছর ক্ষমতায় এসেই উত্তরপ্রদেশে মাফিয়ারাজ খতম করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পর থেকেই চলছে ধারাবাহিক এনকাউন্টার। উত্তরপ্রদেশ পুলিশের দাবি,গত একবছরে তাদের হাতে ৪৬ জন কুখ্যাত দুষ্কৃতী খতম হয়েছে।
ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থাকে পাচার করছে ‘মোদি অ্যাপ’!দৈনিক সংবাদ প্রতিদিন
ফেসবুক-কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক। এ বার অভিযোগ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের অ্যান্ড্রয়েড অ্যাপ (নরেন্দ্রমোদি অ্যাপ) নিয়ে। এক ফরাসি ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞের অভিযোগ, গ্রাহকদের অনুমতি না নিয়ে তাঁদের অজান্তেই ব্যক্তিগত তথ্য ওই অ্যাপ একটি বিদেশি সংস্থাকে পাচার করে দিচ্ছে।
প্রধানমন্ত্রীর নিজস্ব ওই ওয়েবসাইটটি নথিভুক্ত হয়েছে ‘নরেন্দ্রমোদি ডট ইন’ নামে। যার মালিক ‘পিএম মোদি’। আর নথিভুক্ত ঠিকানা নয়াদিল্লির আকবর রোডের বিজেপি সদর দপ্তরের। একের পর এক টুইটে ফরাসি গবেষক এলিয়ট অ্যাল্ডারসনের অভিযোগ, ওই অ্যাপটি গ্রাহকদের অজান্তেই তাঁদের ব্যক্তিগত গোপনীয় তথ্য ‘ক্লেভার ট্যাপ’ নামে একটি মার্কিন সংস্থার কাছে পাচার করছে।
আধার নিয়ে বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর-দৈনিক আজকাল
মার্কিন মুলুকের ভিসা পাওয়ার জন্য পুরো দেহ স্ক্যান করতে হয়। সাদা চামড়ার লোকেদের সামনে নগ্ন হতে সমস্যা হয় না কেবল আধারের জন্য আঙুলের ছাপ দিতে সমস্যা হয়। আধার নিয়ে দেশ জুড়ে চলা বিরোধিতাকে কটাক্ষ করে এমনই বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয়মন্ত্রী কে জে অ্যালফোনস। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কে জে অ্যালফোনসের অভিযোগ, সরকার কিছু চাইলেই বিক্ষোভ মাথা চারা দেয়। যাঁরা আধারের বিরোধিতা করছেন, তাঁরাই যখন মার্কিন মুলুকের ভিসা নিতে যান তখন ১০ পাতার ফর্ম ফিলআপ করেন। হাতের ছাপ দিতে কোনও সমস্যা হয় না। এমনকী সাদা চামড়ার লোকেদের সামনে নগ্ন হতেও লজ্জা করে না। আর সরকার নাম ঠিকানা জানতে চাইলেই ব্যক্তিগত তথ্যে গোপনীয়তা রক্ষার আন্দোলন মাথাচারা দেয়।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫