রিজার্ভ চুরির ঘটনায় বিএনপির অভিযোগ সত্য-রিজভী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- রিজার্ভ চুরির ঘটনায় বিএনপির অভিযোগ সত্য: রিজভী-প্রথম আলো
- বিএনপি এখন গণতন্ত্র থেকে ১০০০ মাইল দূরে: তথ্যমন্ত্রী-ইত্তেফাক
- খালেদা জিয়া আগের মতোই আছেন: সেতুমন্ত্রী-কালেরকণ্ঠ
- খালেদা জিয়ার জামিন পেতে কাল আপিল বিভাগে যাবেন আইনজীবীরা-দৈনিক নয়াদিগন্ত
- কুনিও হত্যা মামলার আইনজীবী নিখোঁজ, হুমকির বিষয় আগেই পুলিশকে জানিয়েছিলেন- দৈনিক মানব জমিন
- ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে নিহত ৬, আহত ৩শ'-দৈনিক যায়যায় দিন
ভারতের শিরোনাম:
- আসানসোলে পৌঁছলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি-দৈনিক আজকাল
- নিহত ভারতীয়দের দেহাবশেষ আনতে ইরাকে যাচ্ছেন ভিকে সিং-দৈনিক প্রতিদিন
- পাপ করেছিলাম ক্ষমা চাইছি, বললেন মুকুল-আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
রিজার্ভ চুরির ঘটনায় বিএনপির অভিযোগ সত্য: রিজভী-প্রথম আলো
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় বিএনপি যে অভিযোগ করেছে, তা সত্যি হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (শনিবার) বেলা সোয়া ১১টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরি হওয়ার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছে বলে এফবিআই নিশ্চিত করেছে। বিশ্বের সর্ববৃহৎ রিজার্ভ চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম প্রকাশের কাছাকাছি পৌঁছেছে বলে এফবিআই জানিয়েছে। দলের পক্ষ থেকে আমরা যে অভিযোগ করেছিলাম, সেটিও এখন সত্য হয়ে দাঁড়িয়েছে।’
বিএনপি নেতা রিজভী বলেন, বিশ্বের ইতিহাসে এত বড় ব্যাংক ডাকাতির ঘটনার তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রী কেন এত বছর ধরে আটকিয়ে রেখেছেন, এফবিআইয়ের রিপোর্টে সেটি এখন পরিষ্কার। আওয়ামী ক্ষমতাসীনরা সাধারণ মানুষের টাকা চুরির উন্নয়ন ছাড়া আর কোনো উন্নয়নই করেনি। এত বড় একটা চুরি-চোট্টামি হলো অথচ সরকারের কোনো অনুশোচনা নেই।
বিএনপি এখন গণতন্ত্র থেকে ১০০০ মাইল দূরে : তথ্যমন্ত্রী- ইত্তেফাক
তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি নিজেরাই কখনো আগুন সন্ত্রাস করে, কখনো জঙ্গি সন্ত্রাস করে এবং কখনো সংসদ বয়কট করে। তারা গণতন্ত্রের ঘর থেকে বেড়িয়ে গেছেন। বিএনপি এখন গণতন্ত্র থেকে ১০০০ মাইল দূরে।
বিএনপি কখনো পাকিস্তানের পক্ষে উকালতি করে আবার কখনো রাজাকারদের নিয়ে জঙ্গি সন্ত্রাস করে। সেই বিএনপি এখন গণতন্ত্রের জন্য চিৎকার করছে। বিএনপির মুখে গণতন্ত্র, খালেদা জিয়ার মুখে গণতন্ত্র। কিন্তু আসলে পকেটে তাদের রাজাকার, জঙ্গি, জামায়াত ও আগুন সন্ত্রাসীরা। আজ শনিবার সকালে কুষ্টিয়ার দিশা রেস্টহাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া আগের মতোই আছেন: সেতুমন্ত্রী-কালেরকণ্ঠ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখে ঢাকার সিভিল সার্জনও জানিয়েছে, তিনি আগের মতোই আছেন। কিন্তু বিএনপি এ বিষয়ে মিথ্যাচার করছে।
আজ শনিবার দুপুরে আশুলিয়ার জিরাবোতে সড়কের সার্বিক অবস্থা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে চিকিৎসা করার মতো অবস্থা যদি না থাকে তবে ডাক্তারদের পরামর্শেই বলে দেবে কি করতে হবে। তখন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খালেদা জিয়ার জামিন পেতে কাল আপিল বিভাগে যাবেন আইনজীবীরা
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার আইনজীবীরা। তারা অভিযোগ করেছেন, কারা কর্তৃপক্ষ বলছে না তিনি কতটা অসুস্থ। তিনি কী কারণে অসুস্থ এবং কতটা অসুস্থ এ বিষয়ে সরকার ও কারাকর্তৃপক্ষ কিছুই জানাচ্ছে না। খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন।
এ অবস্থায় আইনজীবীরা চিন্তা করছেন আদালতে আবেদন করে তার জামিন আবেদনের শুনানি এগিয়ে আনা যায় কি না। এ জন্য আগামীকাল রোববার খালেদা জিয়ার আইনজীবীরা সর্বোচ্চ আদালত আপিল বিভাগে খালেদা জিয়ার অসুস্থার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে জামিন করানোর চেষ্টা করবেন।
গাজীপুর ও খুলনা সিটি নির্বাচন ১৫ মে-যুগান্তর
গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন(ইসি)। তফসিল অনুযায়ী আগামী ১৫ মে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল।

শনিবার শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে কমিশনের সভা শেষে এ তফসিল ঘোষণা করা হয়। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। খুলনা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে ২৫ সেপ্টেম্বর। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন অনুযায়ী কর্পোরেশনের প্রথম বৈঠক থৈকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে। আইন অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের দিন গণনা ৮ মার্চ ও খুলনা সিটি কর্পোরেশনের দিন গণনা ৩০ মার্চ থেকে শুরু হয়েছে। এ কারণে কমিশন এ দুটি সিটি কর্পোরেশনের তফসিল ঘোষণা করেছে।
কুনিও হত্যা মামলার আইনজীবী নিখোঁজ, হুমকির বিষয় আগেই পুলিশকে জানিয়েছিলেন- দৈনিক মানব জমিন
রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং জাপানি নাগরিক কুনিও ও মাজারের খাদেম হত্যা মামলার আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক নিখোঁজ হয়েছেন। তার পরিবার জানিয়েছে, গতকাল সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

রথিশ রংপুরের স্পেশাল জজ আদালতের পিপি। স্থানীয়রা বলছেন, প্রশাসনের উদাসীনতার কারণেই তিনি নিখোঁজ হয়েছেন। আজ শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ (জেলা ও মহানগর কমিটি) ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটি (জেলা ও মহানগর কমিটি) এমন অভিযোগ করে। কমিটির নেতারা বলেন, মাজারের খাদেম হত্যা মামলায় সাত জঙ্গির ফাঁসির রায় দেয়ার পর হত্যার হুমকি পান রথিশ চন্দ্র।
ঝড় ও শিলাবৃষ্টির তা-বে নিহত ৬, আহত ৩'শ
চৈত্রের আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে শুক্রবার দেশের অন্তত ১৮ জেলায় সহস্রাধিক ঘরবাড়ি লন্ডভণ্ড- হয়ে গেছে। বৃহদাকার শিলা ও বাজ পড়ে রংপুর, দিনাজপুর, সিলেট, মাগুরা ও ভৈরবে মারা গেছেন ৬ জন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩শ' মানুষ। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঝড়ে বহু গবাদি পশুও মারা গেছে। ব্যাপক ক্ষতি হয়েছে আম, লিচুসহ বিভিন্ন ফসলের। নষ্ট হয়েছে কৃষকের স্বপ্নের বোরো ধান। প্রচন্ড বাতাসে উপড়ে পড়েছে বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি। এতে বিদুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে আচ্ছন্ন হয় বিভিন্ন এলাকা। শিলাবৃষ্টিতে ঝাঁঝরা হয়ে গেছে শত শত ঘরের টিনের চালা। এতে ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের হাহাকার নেমে আসে।
এবার ভারতের খবর তুলে ধরছি।
আসানসোলে পৌঁছলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি-
এই শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে, অবশেষে আসানসোলে পৌঁছলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার সকাল সকাল ৮টা নাগাদ রাজভবন থেকে রওনা দেন তিনি। বেলা এগারোটা নাগাদ পৌঁছে যান আসানসোলের সার্কিট হাউসে।
এরপরই উপস্থিত আধিকারিকদের সঙ্গে জরুরি প্রশাসনিক বৈঠক সারেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা, জেলাশাসক শশাঙ্ক শেঠি এবং আইজি রাজীব মিশ্র। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আলোচনা সারেন। এরপর সেখানকার বিভিন্ন এলাকায় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে আবার সার্কিট হাউসে ফিরে আসবেন রাজ্যপাল। এরপর বিকেলে তিনি রানিগঞ্জে যাবেন।
নিহত ভারতীয়দের দেহাবশেষ আনতে ইরাকে যাচ্ছেন ভিকে সিং দৈনিক প্রতিদিন
নিহত ৩৯ ভারতীয়ের দেহাবশেষ ফিরিয়ে আনার জন্য ইরাকে যাবেন প্রাক্তন সেনাপ্রধান ভিকে সিং। বিদেশ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। আইএস অধিকৃত ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলেই ছিলেন ভারতীয়রা। কর্মসূত্রে তাঁরা ইরাকে বাস করছিলেন ২০১১ সাল থেকে।
আইএসের জিম্মায় থাকাকালীন অবস্থায় খুন হয়েছেন ৩৯জন। সম্প্রতি সরকারিভাবে এই খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। তারপরেই বিদেশ মন্ত্রকের তরফে দেশের প্রাক্তন সেনা প্রধানকে ইরাকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন বাগদাদ প্রশাসনের তরফে নো অবজেকশন পেয়ে গেলেই সি-১৭ বিমান নিয়ে ইরাকের উদ্দেশে রওনা হয়ে যাবেন ভিকে সিং।
পাপ করেছিলাম ক্ষমা চাইছি, বললেন মুকুল দৈনিক আনন্দবাজার
খবরটিতে বলা হয়েছে, কৃষ্ণনগরে এসে নিজের ‘কৃতকর্মের’ জন্য ক্ষমা চেয়ে গেলেন বিজেপি নেতা মুকুল রায়।তৃণমূলের সংসর্গ ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন সাংসদের দাবি, পাঁচ বছর আগে, বামেদের হাত থেকে নদিয়া জেলা পরিষদ দখল করতে তৃণমূল যে পন্থা নিয়েছিল তা ঠিক নয়। তার কারিগর হিসেবে ‘পাপ’ করেছিলেন তিনি।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারই ‘প্রায়শ্চিত্ত’ করতে চান তিনি। কি সেই পন্থা, পাপ-ই বা কি? তা অবশ্য খোলসা করেননি মুকুল। শুধু বলেন, “সেটা তৃণমূল নেতাদের, যাঁরা ক্ষমতায় আছেন তাঁদের জিজ্ঞাসা করুন না!’’তবে কৃষ্ণনগরে বিজেপির দলীয় কর্মীসভা ছেড়ে বেরনোর মুখে তিনি অবশ্য বলেন, ‘‘২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নদিয়া জেলা পরিষদ জিতত না। সে দিন মুকুল রায় পাপ করেছিল বলেই তারা জেলা পরিষদ পেয়েছিল।”#
পার্সটুডে/বাবুল আখতার/৩১