এপ্রিল ২০, ২০১৮ ১১:২১ Asia/Dhaka
  • মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ছাত্রলীগ থেকে পদত্যাগ রনির

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২০ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • ওবায়দুল কাদেরের এই বক্তব্য ভয়ংকর ইঙ্গিত: রিজভী- দৈনিক প্রথমআলো
  • মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ছাত্রলীগ থেকে পদত্যাগ রনির-ইত্তেফাক
  • দৈনিকটির আরেকটি শিরোনাম: গভীর রাতে ২০ ছাত্রীকে হল থেকে বের করে দিল কর্তৃপক্ষ
  • ‘রাতের অন্ধকারে ছাত্রীদের হল ছাড়তে বাধ্য করা কেন-যুগান্তর
  • ছাত্রলীগকে নতুন করে সাজানো হবে: সেতুমন্ত্রী-কালের কণ্ঠ
  • মন্ত্রীদের নির্বাচনী প্রচারণার সুযোগ সংবিধান লঙ্ঘন : মোশাররফ-নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • পঞ্চায়েত ভোট কবে? আজই চূড়ান্ত রায় দেবে কোর্ট-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • সরাতে হবে প্রধান বিচারপতিকে, প্রস্তাব দিলেন সাংসদরা-দৈনিক আজকাল
  • নারীসুরক্ষায় নজর দিন, মোদিকে পরামর্শ আইএমএফ প্রধানের-দৈনিক প্রতিদিন

 

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ওবায়দুল কাদেরের এই বক্তব্য ভয়ংকর ইঙ্গিত: রিজভী

দৈনিক প্রথমআলোতে প্রকাশিত শিরোনামের খবরে বলা হয়েছে, কারাগারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, খালেদা জিয়ার জীবন নিয়ে বিএনপি শঙ্কায় আছে। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। সংবাদ সম্মেলনে রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানান। ওবায়দুল কাদের বলেছিলেন, ‘হায়াত-মউত আল্লাহ’র হাতে, এখানে কারও হাত নেই। ওবায়দুল কাদেরের এই বক্তব্য ভয়ংকর ইঙ্গিত বহন করে বলে মনে করেন রিজভী।

মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ছাত্রলীগ থেকে পদত্যাগ রনির-ইত্তেফাক

খবরটি দৈনিক দৈনিক ইত্তেফাকে ছাপা হয়েছে। চাঁদার দাবিতে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনির এক কোচিং সেন্টারের মালিককে উপর্যপুরি চড় মারার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়েছে। রনির বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার জিইসি মোড়ের ইউনিএইড কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ রাশেদ মিয়া পাঁচলাইশ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এরআগে নগরীর বিজ্ঞান কলেজের অধ্যক্ষকে মারধরেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর রনি তার পদ থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়েছেন।

গভীর রাতে ২০ ছাত্রীকে হল থেকে বের করে দিল কর্তৃপক্ষ

দৈনিকটির আরেকটি  শিরোনামের খবরে বলা হয়েছে,  কোটা সংস্কার আন্দোলন নিয়ে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে অন্তত ২০ জন আবাসিক ছাত্রীকে বের করে দিয়েছে হল কর্তৃপক্ষ। রাত সাড়ে ১১ টা থেকে রাত সাড়ে ১২ টার মধ্যে পর্যায়ক্রমে ৯ জন ছাত্রী হল থেকে বেরিয়ে যান। তবে তারা ছাত্রলীগের বহিষ্কৃত নেত্রী নাকি কোটা সংস্কার আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা- সে বিষয়টি নিশ্চিত করে কেউ কিছু বলেননি। হল থেকে একজন আবাসিক শিক্ষার্থী জানিয়েছেন, গত ১০ এপ্রিল রাতে কোটা সংস্কার আন্দোলন নিয়ে হলের ভিতর ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা’র গলায় জুতার মালা পরিয়ে দেয় আন্দোলনের পক্ষের সাধারণ ছাত্রীরা। ওই ঘটনার সঙ্গে ২৬ জন ছাত্রী জড়িত রয়েছে বলে হল কর্তৃপক্ষ চিহ্নিত করে। এই ২৬ জনের অভিভাবকদের গতকাল সন্ধ্যার পর থেকে ডেকে আনা হয়। অভিভাবকদের কাছে ছাত্রীদের তুলে দেয়া হয়।

‘রাতের অন্ধকারে ছাত্রীদের হল ছাড়তে বাধ্য করা কেন’

খবরটি দৈনিক যুগান্তরে ছাপা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সব ধরনের সহযোগিতা সত্ত্বেও কোটা সংস্কার আন্দোলনে জড়িত ছাত্রীদের রাতের অন্ধকারে সুফিয়া কামাল হল থেকে কেন বের করে দেয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘটনাকে হল প্রশাসনের ‘ধৃষ্টতা’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আমরা প্রশাসনকে সব সহযোগিতা করছি। এর মধ্যে কোনো আলোচনা ছাড়াই কেন তারা এমন সিদ্ধান্ত নিল, আমরা তার জবাব চাই।

ছাত্রলীগকে নতুন করে সাজানো হবে: সেতুমন্ত্রী

এই শিরোনামের খবরে দৈনিক কালেরকণ্ঠ লিখেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন ছাত্রলীগকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবাররাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনারে কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্রলীগকে নিয়ে নতুন করে ভাবা হচ্ছে। সামনে ছাত্রলীগের সম্মেলন রয়েছে। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন মডেলে ছাত্রলীগকে বিকশিত করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রীদের নির্বাচনী প্রচারণার সুযোগ সংবিধান লঙ্ঘন : মোশাররফ

দৈনিক নয়াদিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, সংসদ সদস্যদের (প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি) সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার সুযোগ দিলে সেটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার দুপুরে এক সভায় তিনি বলেন, শুনলাম ইসি সংসদ সদস্যদের সিটি নির্বাচনে প্রচারণার সুযোগ দিতে পারে। এটা স্পষ্টভাবে সংবিধানের লঙ্ঘন হবে এবং নির্বাচনী আচারণবিধির লঙ্ঘন হবে।

এবারের ভারতের বিস্তারিত খবর:

পঞ্চায়েত ভোট কবে? আজই চূড়ান্ত রায় দেবে কোর্ট

আনন্দবাজার পত্রিকা লিখেছে- পঞ্চায়েত ভোট নিয়ে দায়ের হওয়ার মামলার শুনানি শেষ। আজ, শুক্রবার বিকেলে ওই মামলার রায় ঘোষণা করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার। বৃহস্পতিবার বিচারপতি তালুকদার রাজ্য নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন শান্ডিল্যের কাছে জানতে চান, সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে কমিশন কী পদক্ষেপ করেছে। সচিব জানান, বিরোধীদের অভিযোগ রাজ্য পুলিশের ডিজি, আইজি-কে পাঠিয়ে তদন্ত করতে বলা হয়েছে। ওই সব অভিযোগ সংশ্লিষ্ট জেলাশাসকদেরও পাঠানো হয়েছে। আদালতে সচিবের আবেদন, থমকে থাকা নির্বাচন প্রক্রিয়া যাতে দ্রুত শুরু করা যায় তার ব্যবস্থা হোক। কারণ, বর্ষায় ভোট করা মুশকিল।

সরাতে হবে প্রধান বিচারপতিকে, প্রস্তাব দিলেন সাংসদরা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে অলআউট পদক্ষেপ গ্রহণ করলেন বিরোধী দলের নেতারা। শুক্রবার প্রধান বিচারপতি দীপক মিশ্রকে অপসারণের দাবিতে সরব হল বিরোধীরা। কংগ্রেস সহ ৭টি বিরোধী দল সেই প্রস্তাবে রাজি হলেও, এই প্রস্তাবে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে প্রধান বিচারপতিকে অপসারণের দাবিতে প্রস্তাব জমা পড়ল। এই ঘটনায় এখন জাতীয় রাজনীতিও উত্তাল হয়ে পড়ল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

নারীসুরক্ষায় নজর দিন, মোদিকে পরামর্শ আইএমএফ প্রধানের

কাঠুয়া থেকে উন্নাও- নারী নির্যাতন যেন জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে গোটা দেশে৷ প্রতিদিনই ঘটছে ধর্ষণের ঘটনা৷ ধর্ষণের শাস্তি কঠোর করতে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালেওয়াল৷ দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন৷ তবু প্রশাসন যেন উদাসীন৷ দেরিতে হলেও বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ মুখ খুলেছেন রাষ্ট্রপতিও৷ কিন্তু যেরকম তৎপরতা থাকার কথা ছিল, তা যেন নেই৷ এ অভিযোগ দেশবাসীর অনেকেরই৷ এবার এ নিয়ে সরব হলেন ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ প্রধান ক্রিশ্চিয়ানে লেগার্ডে৷ নারীসুরক্ষায় নজর দিন নরেন্দ্র মোদি, এমনটাই পরামর্শ তাঁর৷ আন্তর্জাতিক বিনিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে এক বৈঠক শুরু হওয়ার আগে বক্তৃতায় এ কথা বলেন লেগার্ডে৷ তিনি বলেন, “ভারতে যা হচ্ছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক৷ আশা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ভারতীয় কর্তৃপক্ষরা দেশের নারীসুরক্ষায় আরও নজর দেবেন৷” তবে তিনি স্পষ্ট করে দেন, এটি তাঁর ব্যক্তিগত মতামত৷ এর সঙ্গে প্রতিষ্ঠানের কোনও সম্পর্ক নেই৷#

পার্সটুডে/বাবুল আখতার/২০