দেশে অপুষ্টিতে ভুগছে আড়াই কোটি মানুষ
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৪ এপ্রিল মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।
বাংলাদেশের শিরোনাম:
- গর্বের সঙ্গে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই যাতায়াত করি: জয়-দৈনিক প্রথম আলো
- দৈনিকটির আরেকটি শিরোনাম: শাহরিয়ার আলমের ফেসবুক হ্যাকড, তারেককে নিয়ে দেওয়া পোস্ট উধাও
- তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে'-ফখরুল-দৈনিক কালেরকণ্ঠ
- দেশে অপুষ্টিতে ভুগছে আড়াই কোটি মানুষ: দৈনিক ইত্তেফাক
- রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন আজ-দৈনিক যুগান্তর
- আন্দোলন ছাড়া ফ্যাসিস্ট সরকারের পতন হয়নি----মাহমুদুর রহমান-দৈনিক মানব জমিন
ভারতের শিরোনাম:
- নির্লজ্জ বেলাগাম সন্ত্রাস, বোমা-বন্দুক হাতে ঝাঁপাল শাসক, নিহত ৩: দৈনিক আনন্দবাজার পত্রিকা
- হোয়াটসঅ্যাপে মনোনয়নে মান্যতা দিতে হবে, ঐতিহাসিক রায় হাইকোর্টের-দৈনিক আজকাল
- শিশুদের ধর্ষণ ও শ্লীলতাহানির জন্য দায়ী পর্ন, দাবি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর-দৈনিক প্রতিদিন-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রথমেই বাংলাদেশ
গর্বের সঙ্গে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই যাতায়াত করি: জয়
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত শিরোনামের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর কোনো বিদেশি পাসপোর্ট নেই। গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জয় এমন কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্ট বিতর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সংবাদ সম্মেলনের বক্তব্যসংবলিত একটি সংবাদ নিজের ফেসবুক পেজে শেয়ার করে এসব কথা বলেন জয়। জয় তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, ‘সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।’
শাহরিয়ার আলমের ফেসবুক হ্যাকড, তারেককে নিয়ে দেওয়া পোস্ট উধাও
একই দৈনিকের আরেকটি শিরোনামের খবর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। প্রতিমন্ত্রী গতকাল সোমবার তাঁর এই পেজে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাসপোর্টের ফটোকপি এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে তাঁর জমা দেওয়া আবেদনের একটি কপি পোস্ট করেন। এসব কপি হ্যাক করা হয়েছে এবং তা উধাও হয়ে গেছে বলে প্রতিমন্ত্রী তাঁর পেজে জানিয়েছেন। আজ মঙ্গলবার একটি পোস্টে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম লিখেছেন, ‘আমার ফেসবুকের ওপর অনেক অত্যাচার হয়েছে সারা রাত। হ্যাকিং। পোস্ট উধাও। বুঝতেই পারছেন এই বিনিয়োগ কারা করেছে।’
তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে'
এটি দৈনিক কালের কণ্ঠের খবর: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে সরকার অপপ্রচার চালাচ্ছে। তাঁর নাগরিকত্ব বাতিল নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বক্তব্য এবং দেখানো চিঠিও রহস্যজনক। আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের নাগরিক জিয়া পরিবারের পাশে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে স্পষ্ট ভাষায় দেশবাসীকে জানাতে চাই তারেক রহমান জন্মসূত্রে বাংলাদেশের গর্বিত একজন নাগরিক। তিনি তার প্রিয় এই দেশের নাগরিক ছিলেন, আছেন এবং থাকবেন।
দেশে অপুষ্টিতে ভুগছে আড়াই কোটি মানুষ
দৈনিক ইত্তেফাকে শিরোনামের খবরে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার মধ্যে আড়াই কোটিরও বেশি মানুষ অপুষ্টিতে ভুগছে। নারীর পুষ্টিহীনতার চিত্র আরো ভয়াবহ। পুষ্টিহীন মানুষের মধ্যে ৬০ শতাংশ নারী। শিশু মৃত্যুর প্রধান কারণও অপুষ্টি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আমাদের দেশে খাদ্য উত্পাদন বাড়লেও পুষ্টি পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। জাতিসংঘের ‘খাদ্য ও কৃষি সংস্থা’-(এফএও), খাদ্য ও পুষ্টি পরিস্থিতি বিষয়ে ‘ফুড সিকিউরিটি নিউট্রিশনাল সার্ভিল্যান্স প্রোগ্রাম (এফএসএনএসপি) এর গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন আজ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে আজ শপথ নেবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করাবেন। তিনি জানান, বঙ্গভবনে এ শপথ অনুষ্ঠানের প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। খবর বাসস।প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতি, বিচারক, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনীতিক, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।
আন্দোলন ছাড়া ফ্যাসিস্ট সরকারের পতন হয়নি
খবরটি দৈনিক মানব জমিনে ছাপা হয়েছে, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বাংলাদেশের আদালতের কোনো স্বাধীনতা নেই। বাংলাদেশের আদালত শেখ হাসিনার কথায় চলে। এর বড় প্রমাণ দেশনেত্রী খালেদা জিয়াকে ভুয়া মামলায় জেল দেয়া হয়েছে। এ মামলায় ২৪ ঘণ্টার মধ্যে জামিন দেয়ার কথা। অথচ দীর্ঘদিন থেকে তাকে জেলে রাখা হচ্ছে। তিনি আরো বলেন, ফ্যাসিস্টরা কখনো প্রতিবাদ সহ্য করতে পারে না। প্রতিবাদ করলেও তারা মামলা হামলার আশ্রয় নেয়। এরই অংশ হিসেবে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় আমার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন আদালতে ১১৮টি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে একজনই নিজেকে ক্ষমতাবান মনে করেন। আর দেশের সবাইকে প্রজা মনে করেন। হবিগঞ্জে দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের উদ্দেশ্যে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা বলেন।
এবার ভারতের বিস্তারিত কিছু খবর:
নির্লজ্জ বেলাগাম সন্ত্রাস, বোমা-বন্দুক হাতে ঝাঁপাল শাসক, নিহত ৩:
কিছুতেই যেন কিছু এসে যায় না। বিরোধীদের মনোনয়ন আটকাতে সোমবারও লাগামছাড়া সন্ত্রাসের ছবি দেখা গেল জেলা থেকে জেলায়। লাঠি-গুলি-বোমা-ইটবৃষ্টি— যেখানে যেমন ‘ওষুধ’ দরকার পড়ল, তেমনই প্রয়োগ করল শাসকের বাহিনী। বীরভূমের সিউড়িতে গুলিতে প্রাণ গেল একজনের। উত্তর ২৪ পরগনার গোপালনগরে আর একজনের। একাধিক জেলায় জ্বলল একের পর এক বাড়ি। আর গোটা মনোনয়ন পর্বের মতো এ দিনও শাসক সন্ত্রাসে ‘নিষ্ক্রিয় সমর্থন জোগানোর অভিয়োগ উঠল পুলিশের বিরুদ্ধে। হাইকোর্টের নির্দেশ মতো সোমবার মনোনয়ন জমা দেওয়ার জন্য ‘অতিরিক্ত’ একটা দিন পাওয়া গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা কতটা কার্যকরী হল আর কতটা প্রহসনে দাঁড়াল— তা নিয়ে প্রশ্ন উঠিয়ে রাখল সারাদিনের ছবি।
হোয়াটসঅ্যাপে মনোনয়নে মান্যতা দিতে হবে, ঐতিহাসিক রায় হাইকোর্টের
মনোনয়ন জমা নিয়ে ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। ভাঙড়ের ৯ প্রার্থী বিডিওকে হোয়াটসঅ্যাপে যে মনোনয়ন জমা দিয়েছেন তার মান্যতা দিতে হবে। অর্থাৎ সেই মনোনয়ন রাজ্য নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। পঞ্চায়েত মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এমনকী এই নির্দেশ যদি না মানা হয় তাহলে ভোট প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হবে বলে কমিশনকে জানিয়ে দিয়েছে আদালত। গতকাল ভাঙড়ের ৯ প্রার্থী বিডিওকে হোয়াটসঅ্যাপে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। সেই মনোনয়ন গ্রহণ করা হবে না বলে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। তারপরেই আদালতের দ্বারস্থ হন এই ৯ প্রার্থী। সেই মামলার রায়েই আজ এই ঐতিহাসিক রায় দেয় হাইকোর্ট। এমনকী অনলাইনে মনোনয়ন গ্রহণের দিকটিও কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছে আদালত।হাইকোর্টের এই রায়ের সঙ্গে সঙ্গে ভবিষ্যতে মনোনয়ন জমার নতুন দিক খুলতে পারে বলে মনে করা হচ্ছে।
শিশুদের ধর্ষণ ও শ্লীলতাহানির জন্য দায়ী পর্ন, দাবি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর-
দেশে ধর্ষণের সংখ্যা বাড়ছে। রেহাই পাচ্ছে না শিশুকন্যারাও। পাল্লা দিয়ে বাড়ছে শ্লীলতাহানির ঘটনাও। মহিলাদের রাস্তায় হাঁটাচলাই দুষ্কর হয়ে উঠেছে। বেড়ে চলা এই অপরাধের জন্য দায়ী পর্ন। এমনটাই দাবি মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ভূপেন্দ্র সিংয়ের। আর তাই সমস্ত পর্নসাইট নিষিদ্ধ করার জন্য আবেদন জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই মধ্যপ্রদেশে এক আবাসনের বেসমেন্ট থেকে সদ্যোজাতর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, ধর্ষণ করে খুন করা হয়েছে ওই শিশুকে। পরে শারীরিক পরীক্ষায় ধর্ষণের প্রমাণও মেলে। এক বছরের কম বয়স শিশুটির। বাবা-মা বেলুন বিক্রেতা। জানা গিয়েছে, শিশুকে পাশে নিয়ে রাস্তায় শুয়ে ছিলেন তাঁরা। সেখান থেকেই শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনায় অভিযুক্ত সুনীল ভিল নামের এক যুবক। সে আবার শিশুর বাবা-মায়ের পূর্ব পরিচিত।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪