সাত জেলায় ‘বন্দুকযুদ্ধে' নিহত ৯
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২১ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মন্ত্রী–সচিবদের ফোন ব্যবহারে থাকছে না নির্ধারিত সীমা-দৈনিক প্রথম আলো
- খুলনা নির্বাচন নিয়ে বিশ্ব মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে-রিজভীর দাবি-কালের কণ্ঠ
- প্যাকেটজাত তরল দুধ পরীক্ষা করতে সরকারকে নির্দেশ-দৈনিক ইত্তেফাক
- সাত জেলায় ‘বন্দুকযুদ্ধে' নিহত ৯-দৈনিক সমকাল
- নিরাপত্তাকর্মীকে খুন করে ক্যান্টনমেন্টে এটিএম বুথ লুট-দৈনিক জনকণ্ঠ
- সরকার পরিবর্তনের স্বাভাবিক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে : দুদু-দৈনিক নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- রাহুলের আগাম ছক, নিখুঁত চালে কর্নাটক জয়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- মোদির রাজ্যে দলিতকে পিটিয়ে হত্যা, ভিডিও টুইট করলেন জিগনেশ মেওয়ানি-দৈনিক আজকাল
-
মুখোমুখি মোদি-পুতিন, নজর অর্থনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কে-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণের বিষয়গুলো...
বিশ্লেষণের বাইরে দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
মন্ত্রী–সচিবদের ফোন ব্যবহারে থাকছে না নির্ধারিত সীমা-দৈনিক প্রথম আলো
প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব ও ভারপ্রাপ্ত সচিবেরা মোবাইল ফোন সেট কেনার জন্য ৭৫ হাজার টাকা করে পাবেন। এত দিন এ জন্য তাঁরা ১৫ হাজার টাকা করে পেতেন। এ ছাড়া তাঁদের ফোন ব্যবহারের কোনো নির্ধারিত সীমা রাখা হচ্ছে না। যত খরচ হবে, তত টাকা সরকার থেকে দেওয়া হবে। এই সুবিধা রেখে সরকারি টেলিফোন, সেলুলার, সেট ও ইন্টারনেট নীতিমালা-২০১৮–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই মন্ত্রিসভায় বৈঠক। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। মন্ত্রিপরিষদ সচিব জানান, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবসহ যেসব কর্মকর্তা সার্বক্ষণিকভাবে মোবাইলের সুবিধা পান না, তাঁরা মোবাইল ফোন ব্যবহার ভাতা হিসেবে মাসে ১ হাজার ৫০০ টাকা করে পাবেন। এত দিন তাঁরা ৬০০ টাকা করে পেতেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০০৪ সাল থেকে এই নীতিমালাটা কার্যকর ছিল। এখন এটাকে যুগোপযোগী করা হলো। তবে মন্ত্রিসভায় কয়েকটি অনুশাসন দিয়েছে। এর মধ্যে উচ্চ আদালতের বিচারপতিদের বিষয়টিও এখানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধানকে রোমিং সুবিধাসহ এখানে অন্তর্ভুক্ত করার অনুশাসন দিয়েছে।
এ ছাড়া আজকের সভায় হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনটি ১৯৭৭ সালে অধ্যাদেশ আকারে করা হয়েছিল। মূলত, সেটাকে রেখে এটাকে আইন আকারে করা হচ্ছে।
খুলনা নির্বাচন নিয়ে বিশ্ব মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে: রিজভীর দাবি-কালের কণ্ঠ
খুলনা সিটি নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপির জন্য বাংলাদেশসহ বিশ্ব মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এই নির্বাচনে বলপ্রয়োগের মাধ্যমে জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের তদন্ত দাবি করছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগি প্রতিষ্ঠানগুলো।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী প্রধানমন্ত্রীর সমালোচনা করেন বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যই খুলনার ভোটারদের সঙ্গে শ্রেষ্ঠ তামাশা। প্রধানমন্ত্রী ভোটারদের অধিকার বঞ্চিত করে এখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে আগামী নির্বাচনও হবে খুলনা মডেলে। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে তার অধীনে জাতীয় নির্বাচনে অংশ নেওয়া হবে বিরোধী দলগুলোর জন্য আত্মঘাতী।
প্যাকেটজাত তরল দুধ পরীক্ষা করতে সরকারকে নির্দেশ-দৈনিক ইত্তেফাক
বাজারে প্যাকেটজাত তরল দুধ পানের জন্য কতটা নিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাস্থ্য ও খাদ্য মন্ত্রণালয় এবং বিএসটিআইকে এ প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেয়।
আইসিডিডিআরবি প্যাকেটজাত তরল দুধ পরীক্ষা করে প্রতিবেদন দেয়। ওই প্রতিবেদনে বলা হয়, বাজারজাত করা তরল দুধের ৭৫ ভাগ দুধ সরাসরি পানের অযোগ্য। ফুটিয়ে পান করার পরামর্শ। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন আইনজীবী তানভীর আহমেদ।
সাত জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৯-দৈনিক সমকাল
সারাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে সাত জেলায় ‘বন্দুকযদ্ধে’ নয়জন নিহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার ভোরে এসব ঘটনা ঘটে।
রাজশাহী, ঝিনাইদহ ও নরসিংদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন এবং চুয়াডাঙ্গা ও টঙ্গীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এছাড়া যশোরে নিজেদের মধ্যে গোলাগুলিতে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহতের সবাই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কারও কারও বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটছে। এসব ঘটনায় নিহতের বেশির ভাগই মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র্যাব ও পুলিশ। গত শনিবার রাতেও পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ছয় জেলায় ৬ জন নিহত হন। ময়মনসিংহ, ফেনী, বরিশাল, যশোর, দিনাজপুর ও টাঙ্গাইলের মির্জাপুরে এসব ঘটনা ঘটে। এসব ‘বন্দুকযুদ্ধে’ নিহত চারজন মাদক ব্যবসায়ী, একজন ডাকাত ও অপর একজনকে ছিনতাইকারী বলে দাবি করে পুলিশ।
নিরাপত্তাকর্মীকে খুন করে ক্যান্টনমেন্টে এটিএম বুথ লুট- জনকণ্ঠ
ঢাকার ক্যান্টনমেন্ট থানা এলাকায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথ লুট ও নিরাপত্তাকর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত নিরাপত্তা কর্মীর নাম নুরুন্নবী।
সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এএসআই উম্মে সালমা বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। কেন, কারা কীভাবে নিরাপত্তাকর্মীকে খুন করেছে তা জানার চেষ্টা চলছে।
এ বিষয়ে ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার জানান, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি বলেন, লুট হওয়া টাকা উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।
সরকার পরিবর্তনের স্বাভাবিক রাস্তা বন্ধ করে দেয়া হয়েছ: দুদু- দৈনিক নয়া দিগন্ত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদি বলেছেন, দেশে স্বাভাবিকভাবে সরকার পরিবর্তনের রাস্তাটা বন্ধ করে দেয়া হয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে এখনো বিএনপি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনকে প্রধান বিষয় মনে করে। কিন্তু সেই পদ্ধতি বন্ধ হয়ে গেলে সেই পথকে ফিরিয়ে আনতে গণ-অভ্যুত্থানের পথ বেছে নেবে। এটা কোনো বিপ্লবি পথ না এটা সাংবিধানিক পথ নির্বাচন এবং গণঅভ্যুত্থান।
আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার ব্যক্তিগত সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এক মুক্ত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও নামের একটি সংগঠন এই সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং গোলাম সরোয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন-বিএনপির আরেক ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, নির্বাহী কমিটির সদস্য আলমগীর হোসেন, ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আরিফা সুলতানা রুমা,দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, গণতান্ত্রিক আন্দোলন এবং গণতন্ত্রকে যারা বিশ্বাস করে দেশে এবং বিদেশে তাদের বিশ্বাস হচ্ছে নির্বাচনের মাধ্যমে বিপ্লব। সশস্ত্র অথবা চরমপন্থার মাধ্যমে সরকার পরিবর্তনকে তারা বিশ্বাস করে না। বিএনপি যে পন্থা বিশ্বাস করে তা হলো নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন কিন্তু সেই পথটি এখন বন্ধ করে দেয়া হয়েছে।খুলনায় সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে তা প্রমাণ করে যে সরকার নির্বাচন কমিশন পুলিশ-আওয়ামী লীগ-ছাত্রলীগের ক্যাডার বাহিনী সব একাকার হয়ে গেছে। তারা সবাই একে অপরের পিঠ চুলকাচ্ছে। এক পথে তারা চলাফেরা করেছে।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি:
রাহুলের আগাম ছক, নিখুঁত চালে কর্নাটক জয়-দৈনিক আনন্দবাজার পত্রিকা
সেঞ্চুরি হাঁকাতে না পারলেও কী ভাবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ হওয়া যায়, তা ছকে ফেলেছিলেন রাহুল গাঁধী। কর্নাটকের ফল প্রকাশ হতেই একের পর এক দাবার চালে অনায়াসে কিস্তিমাত করলেন নরেন্দ্র মোদীর সেনাপতি অমিত শাহকে।
কংগ্রেস দফতরে বসে রাহুলের কৌশলের নেপথ্য কাহিনি শোনালেন দলের এক শীর্ষ নেতা। ফল ঘোষণার আগের রাতেই গুলাম নবি আজাদ, অশোক গহলৌত, আহমেদ পটেলের সঙ্গে বৈঠক করেন রাহুল। স্থির হয়, কংগ্রেস যদি একশোর কোঠা পেরোয় কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পায়, তা হলে জেডি(এস)-এর সমর্থন নিয়ে সরকার গড়বে। আর একশো না পেরোলে বিজেপিকে ঠেকাতে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়া হবে কুমারস্বামীকে।
তখনও বিজেপি ‘আত্মবিশ্বাসে’ টগবগ করে ফুটছিল। কিন্তু ফল প্রকাশের আগের রাতেই এমন একটি ‘ঝাপসা’ সমঝোতা দেবগৌড়ার দলের সঙ্গে করেই ফেলেছিলেন রাহুল।
মোদির রাজ্যে দলিতকে পিটিয়ে হত্যা, ভিডিও টুইট করলেন জিগনেশ মেওয়ানি-দৈনিক আজকাল
কারখানার মালিকের নির্দেশে দলিত যুবককে পিটিয়ে হত্যা করা হল রাজকোটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি। দলিত নেতা জিগনেশ মেওয়ানি সেই ভিডিওটি টুইটারে শেয়ার করে তীব্র নিন্দা করেছেন। গুজরাটে দলিতদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
গুজরাটের কংগ্রেস সভাপতি অমিত চাভদা প্রথম ভিডিওটি শেয়ার করেন। তিনিই টুইটে লিখেছিলেন কারখানার বর্জ্য সংগ্রহ করে মুকেশ বনিয়া নামে এই দলিত যুবক। তাঁকে চোর সন্দেহে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। মুকেশের স্ত্রীকেও মারধর করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। কারখানারই তিন কর্মী এই মারধরের ঘটনায় জড়িত বলে খবর।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, দলিত এক যুবককে কারখানার গেটে বেঁধে রেখেছেন একজন। অন্য একজন লাঠি দিয়ে মারছেন। পরে আরও একজন লাঠি দিয়ে তাঁকে মারধর করে। মুকেশ বনিয়া নামে ওই দলিত যুবক ঘটনাস্থলে মারা যায়। সূত্রের খবর তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে ওই কারখানায়। ঘটনায় ৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাদের গ্রেপ্তারও করেছে পুলিস। ধৃতদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তারপরেই ভিডিওটি শেয়ার করে জিগনেশ মেওয়ানি টুইটে লিখেছেন, এই ভিডিও–ই বলে দিচ্ছে গুজরাটে দলিতরা কতটা নিরাপদ।
মুখোমুখি মোদি-পুতিন, নজর অর্থনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কে-দৈনিক প্রতিদিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ (সোমবার) বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলা হচ্ছে, মোদি-পুতিনের এই বৈঠক নিতান্তই ঘরোয়া। কিন্তু শোনা যাচ্ছে, বিশ্বব্যাপী ও আঞ্চলিক বেশ কয়েকটি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করবেন তাঁরা। এর মধ্যে ইরানের পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার সমর্থন তুলে নেওয়ার মতো বিষয়ও থাকবে।
সরকারি সূত্রের খবর, বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মোদি ও পুতিনের মধ্যে আলোচনা হবে। তবে তা নিতান্ত ঘরোয়াভাবেই। সেই আলোচনায় যেমন ইরানের পারমাণবিক চুক্তির মতো বিষয় থাকবে তেমনই ভারত ও রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও থাকবে। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ যেভাবে অহরহ বেড়ে চলেছে, তা নিয়ে ভারত ও রাশিয়া, দুই দেশই চিন্তিত। তাই কীভাবে সন্ত্রাসবাদ আটকানো যায় তা নিয়ে কথাবার্তা বলবেন মোদি ও পুতিন। এছড়া আফগানিস্তান ও সিরিয়ায় যুদ্ধকালীন অবস্থা নিয়েও দু’জনের মধ্যে আলোচনা হতে পারে বলে খবর। বৈঠকে রাশিয়া ও আমেরিকার কূটনৈতিক সম্পর্ক নিয়েও কথা হতে পারে বলে শোনা যাচ্ছে।
সূত্রের খবর, ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে চাইছে রাশিয়া। ইউক্রেন সংকটের পর রাশিয়ার অর্থনীতি কিছুটা নিম্নগামী হয়ে পড়েছিল। ফলে এখন নিজের দেশের অর্থনীতি উন্নতির জন্য সবরকম চেষ্টা চালাচ্ছেন পুতিন। ইন্দো-রাশিয়া পারমাণবিক সহযোগিতা নিয়েও কথা বলতে পারেন মোদি ও পুতিন। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট করিডর প্রজেক্টের সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।#
পার্সটুডে/বাবুল আখতার/২১