বাংলাদেশ-ভারতের বহুমুখী সম্পর্ক দ্বি-পাক্ষিক সম্পর্কের মডেল: প্রধানমন্ত্রী
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ মে শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- 'বাংলাদেশ-ভারতের বহুমুখী সম্পর্ক দ্বি-পাক্ষিক সম্পর্কের মডেল' –কালেরকণ্ঠ
- মিয়ানমার রোহিঙ্গার সঙ্গে সুনামির মতো ইয়াবাও পাঠিয়েছে-ওবায়দুল কাদেরের দাবি-এনটিবিবিডি
- দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজরুল এখনও প্রাসঙ্গিক; মির্জা ফখরুল –যুগান্তর
- বন্দুকযুদ্ধে নিহত আরও ৮: প্রথম আলো
- সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যর্থ: মওদুদ-কালেরকণ্ঠ
- শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে : জ্যাকব-নয়াদিগন্ত
ভারতের শিরোনাম:
- কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি? জল্পনা তুঙ্গে- আনন্দবাজার পত্রিকা
- বিশ্বভারতীতে এসে আবেগাপ্লুত মোদি, কথা বললেন বাংলায়-দৈনিক আজকাল
- ২০১৯-এ বিরোধীদের টক্কর দিতে বিজেপির হাতে নয়া মন্ত্র-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
'বাংলাদেশ-ভারতের বহুমুখী সম্পর্ক দ্বি-পাক্ষিক সম্পর্কের মডেল' -কালেরকণ্ঠ
দৈনিক কালের কণ্ঠ লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে বহুমুখী ও বহুমাত্রিক সম্পর্ক এক অনন্য উচ্চতায় আসীন। ভবিষ্যতেও এই দুই দেশ সব সহযোগিতা বিদ্যমান রাখবে এবং বাংলাদেশ-ভারতের এ সম্পর্ক বিশ্ববাসীর সামনে দ্বি-পাক্ষিক সম্পর্কের মডেল হিসেবে গণ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

আজ শুক্রবার পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ভারতের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মিয়ানমার রোহিঙ্গার সঙ্গে সুনামির মতো ইয়াবাও পাঠিয়েছে-ওবায়দুল কাদেরের দাবি-এনটিবিবিডি
প্রতিবেশী দেশ মিয়ানমার শুধু তাদের দেশ থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিমদেরই বিতাড়িত করে এদেশে পাঠায়নি পাশাপাশি সুনামির মতো মাদকদ্রব্য ইয়াবাও পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সারা দেশে মাদকবিরোধী অভিযান এবং অভিযানের সময় তথাকথিত বন্দুকযুদ্ধের ‘মাদক ব্যবসায়ীদের’ নিহতের ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে আজ শুক্রবার নারায়ণগঞ্জে ওবায়দুল কাদের এসব কথা বলেন। সরকারের ঘোষণা মোতাবেক, সারা দেশে মাদকবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। আজসহ গত ছয়দিনে আইনশৃঙ্খলা বাহিনীরর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অর্ধশতাধিক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বন্দুকযুদ্ধে নিহত আরও ৮: প্রথম আলো
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অন্তত আট ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মাদক ব্যবসায়ী বলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ভোর ও বৃহস্পতিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে কথিত এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযানের ১১তম দিনে এসে কথিত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, নিহত ব্যক্তিদের বেশির ভাগই মাদক ব্যবসায়ী।
সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ব্যর্থ: মওদুদ-কালেরকণ্ঠ
সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদী নাগরিক সভায় এসব কথা বলেন মওদুদ। খালেদা জিয়া মুক্তি পরিষদ এ সভার আয়োজন করে।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের কাছে তালিকা আছে। তাহলে এই অভিযান আগে থেকে চালিয়ে মাদক নিয়ন্ত্রণে আনতে পারেনি কেন? কারণ হলো এই মাদক ব্যবসায় তাদের নেতারা জড়িত। হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে আয় করেছে। এছাড়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মওদুদ আহমদ বলেন, খুলনায় জনগণের নির্বাচন হয়নি। পুলিশি নির্বাচন হয়েছে। এখন তারা খুলনা স্টাইলে গাজীপুরেও নির্বাচন করতে চায়।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজরুল এখনও প্রাসঙ্গিক; মির্জা ফখরুল –যুগান্তর
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন কবির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ফখরুল বলেন, কবি নজরুল আমাদের বিদ্রোহ শিখিয়েছেন, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে শিখিয়েছেন। পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, তাতেও ছিল তারই অনুপ্রেরণা। আজ খালেদা জিয়া কারারুদ্ধ। তাই নজরুল আজও প্রাসঙ্গিক। গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ারসহ বিএনপি এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতাকর্মীরা এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন।
শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে : জ্যাকব
পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সেই নির্বাচনে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ঐক্যবদ্ধভাবে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানিয়েছেন।

আজ শুক্রবার সকালে জেলার চরফ্যাসন উপজেলায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী একথা বলেন।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি:
কর্নাটকে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি? জল্পনা তুঙ্গে- আনন্দবাজার পত্রিকা
এক নাটক শেষ হতে না হতেই কর্নাটকে অন্য নাটক। এইচ ডি কুমারস্বামী কি পুরো সময়ের জন্য মুখ্যমন্ত্রী পদে থাকবেন? আস্থা ভোটের আগে এ নিয়ে সংশয় উস্কে দিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী তথা সে রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর। তিনি জানিয়ে দিয়েছেন, বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কর্নাটকে সুশাসনের লক্ষ্যে কাজ করা হবে বলে জানিয়েছে জেডি(এস) এবং কংগ্রেস। বিজেপিকে ঠেকিয়ে আস্থাভোটে জিততে দু’দলই মরিয়া। কিন্তু মুখ্যমন্ত্রী পদ নিয়ে দু’দলের মধ্যে যে টানাপোড়েন রয়েছে, সেটা তাদের কথা থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে।
বিশ্বভারতীতে এসে আবেগাপ্লুত মোদি কথা বললেন বাংলায়-দৈনিক আজকাল
বিশ্বভারতীতে পা রেখে তিনি আপ্লুত এবং অভিভূত। তাই শুরুটা করলেন বাংলায়। নিজের আবেগকে বাংলা ভাষাতেই ফুটিয়ে তুললেন নরেন্দ্র মোদি। তবে বিশ্বভারতীতে পানীয় জলের সমস্যা নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী। আচার্য হিসেবে সে দায় নিজের কাঁধেই নিলেন তিনি। তিনি বলেন, ‘শান্তিনিকেতনে আসার পথে দেখলাম অনেকেই রাস্তার দু’পাশে দাঁড়িয়ে আমাকে বলার চেষ্টা করছেন। পানীয় জল নেই। যা দেখে আমার খারাপ লাগছে। আচার্য হিসেবে এই দায় আমিই নিচ্ছি।’ এরপরই মোদি বলেন, ‘অতিথি নয়। আচার্য হিসেবে বিশ্বভারতীতে এসেছি।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনে আসতে পেরে আমি গর্বিত। বিভিন্ন দেশে আজও রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ প্রাসঙ্গিক।’ বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৯-এ বিরোধীদের টক্কর দিতে বিজেপির হাতে নয়া মন্ত্র-দৈনিক প্রতিদিন
অব কি বার মোদি সরকার’- এই স্লোগান দিয়ে ২০১৪-র লোকসভা নির্বাচনের হাইটেক প্রচারে ঝড় তুলেছিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি। তখন মূল প্রতিপক্ষ ছিল কংগ্রেস। ইস্যু ছিল তাদের দশ বছরের শাসনকালে একাধিক কেলেঙ্কারি। তবে এখন চিত্রটা ঠিক উলটে গিয়েছে। ক্ষমতায় মোদি সরকার।

আর এখন তাদের প্রতিপক্ষ কংগ্রেস-সহ উদিয়মান ফেডারাল ফ্রন্ট। যেখানে একজোট হচ্ছে বিভিন্ন আঞ্চলিক দলগুলি। তাদের হাতে রয়েছে সরকার বিরোধী একাধিক ইস্যু। ২০১৪-তে যেটা ছিল একের বিরুদ্ধে এক লড়াই। এবার সেটা হচ্ছে অনেকের বিরুদ্ধে একের লড়াই। ২০১৯-এ লড়াইটা সহজ হবে না। মুখে স্বীকার না করলেও বুঝতে পারছেন মোদি-শাহরা। তাই হয়তো তড়িঘড়ি নেমে পড়লেন লড়াইয়ের ময়দানে। বেঁধে দিলেন ২০১৯-এর লোকসভা ভোটের গেরুয়া শিবিরের মন্ত্র ‘সাফ নিয়ত, সহি বিকাশ। ২০১৯ পে ফির মোদি সরকার।’#
পার্সটুডে/বাবুল আখতার/২৫