খেলাপি ঋণ : ১ লাখ ২৮ হাজার কোটি টাকা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৪ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশে:
- ঢাকা মেডিকেলে ইয়াবাসহ আনসার সদস্য গ্রেপ্তার: র্যাব-প্রথম আলো
- চাঁদাবাজির মামলায় নুরুল আজিম কারাগারে: ইত্তেফাক
- 'যাত্রী দুর্ভোগ কমাতে সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে': কালেরকণ্ঠ
- কমলাপুরে এসি টিকিট মিলছে না, হতাশ যাত্রীরা: যুগান্তর
- মাদকব্যবসায়ী নিধনের নামে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে: মানবজমিন
- খেলাপি ঋণ : ১ লাখ ২৮ হাজার কোটি টাকা: দৈনিক নয়াদিগন্ত
ভারতের খবর:
- ভুল করেননি, নাগপুর বিতর্কে প্রণবের পাশে শিন্ডে: দৈনিক আনন্দবাজার পত্রিকা
- রমজান মাসে ফের গ্রেনেড হামলা সোপিয়ানে, আহত ১০
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ঢাকা মেডিকেলে ইয়াবাসহ আনসার সদস্য গ্রেপ্তার: র্যাব-প্রথম আলো
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত শিরোনামের খবর বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইয়াবাসহ এক আনসার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া আনসার সদস্যের নাম মো. আসাদ (৩৫)।

আটক করার পর তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। জানতে চাইলে র্যাব-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান প্রথম আলোকে বলেন, আনসার সদস্য আসাদকে ৯টি ইয়াবা বড়িসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছুদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
চাঁদাবাজির মামলায় নুরুল আজিম কারাগারে: ইত্তেফাক
চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালত এ আদেশ দেয়। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউসন) কাজী সাহাবুদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদাদাবির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে। আদালত সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল চকবাজার থানায় রনিসহ কয়েকজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খান। সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন রনি। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে জামিন বর্ধিত করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। চট্টগ্রামের রাজনীতিতে নুরুল আজিম রনি নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এবি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে শিবির মুক্ত করার কর্মসূচিতেও নেতৃত্বে ছিলেন রনি।
'যাত্রী দুর্ভোগ কমাতে সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে': কালেরকণ্ঠ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ যাত্রায় যাত্রীদের দুর্ভোগ কমাতে সড়কের খোঁড়াখুঁড়ি বন্ধ রাখা হবে। বিআরটিসির বাসের অগ্রিম টিকিট আগামী ৫ জুন হতে বিক্রি হবে। আর ঈদ স্পেশাল সার্ভিস ১৩ জুন হতে ঈদের আগের দিন পর্যন্ত দেওয়া হবে। আজ সোমবার আসন্ন ঈদে যাত্রী পরিবহনে বিআরটিসি’র স্পেশাল বাস সার্ভিসসহ অন্য প্রস্তুতি নিয়ে কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সঙ্গে সভা শেষে এ তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ঢাকায় বিআরটিসির ৬টি বাস ডিপো এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর ৮টি ডিপোর মাধ্যমে ঢাকার আশপাশে ঈদ সার্ভিস প্রদান করা হবে। এ ছাড়াও ১১ টি ডিপো হতে ঈদ স্পেশাল সার্ভিস পরিচালিত হবে। সাংবাদিকদের ওপর এক প্রশ্নের জাবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির স্বভাব হচ্ছে আদালতের কোনো রায় তাদের পক্ষে না গেলে আইন মানে না। বিচার মানে না। বিচার ব্যবস্থা মানে না। বেগম জিয়ার জামিন বিলম্বিত হওয়া আদালতের বিষয়। এখানে আমাদের কিছু করার নেই। সভায় আরো উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়াসহ অন্য কর্মকর্তারা।
কমলাপুরে এসি টিকিট মিলছে না, হতাশ যাত্রীরা: যুগান্তর
কমলাপুরে সাধারণ শ্রেণির টিকিট পাওয়া গেলেও প্রত্যাশিত শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিট মিলছে না। এ জন্য হতাশ যাত্রীরা। টিকিটপ্রত্যাশীদের অভিযোগ, সারাদিন-সারারাত দাঁড়িয়ে থেকেও তারা এসি টিকিট পাচ্ছেন না। কাউন্টার থেকে বলা হচ্ছে এসি টিকিট নেই। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের। সোমবার ঈদের অগ্রিম টিকিট দেয়ার চতুর্থ দিনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। পছন্দের টিকিট কেনার জন্য ২৪ ঘণ্টা আগে কাউন্টারের সামনে এসে দাঁড়িয়েছেন যাত্রীদের অনেকে। আবদুল হামিদ খান নামে এক ব্যক্তি জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য রোববার সকাল ৮টায় তিনি কমলাপুর স্টেশনে এসেছেন। ২৪ ঘণ্টা পর কাউন্টার থেকে জানানো হয় কোনো এসি টিকিট নেই। শেষে শোভন চেয়ার টিকিট কাটেন।

বেসরকরি চাকরিজীবী মাহবুব আলম জানান, সোমবার সকাল সাড়ে ৮টায় কাউন্টারে গিয়ে তিনি জানতে পারেন নীলসাগর ও রংপুর এক্সপ্রেস ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত কামরার কোনো টিকিট নেই। তিনি বলেন, কাউন্টার থেকে যে কথা বলে তা বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার আগে সাতজন টিকিট নিয়েছেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয়জন চারটা করে আটটা টিকিট কিনেছে। কিন্তু এর পর আর কেউ এসি টিকিট পায়নি। বিক্রি শুরুর আধঘণ্টার মধ্যে এসি টিকিট শেষ হয়ে যাওয়াটা প্রশ্নবিদ্ধ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবুল কালাম। সোমবার কমলাপুর থেকে ২৭ হাজার ৪৬১টি টিকিট বিক্রি হচ্ছে। এসব টিকিটের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত কামরার সংখ্যা জানতে চাইলেও দিতে পারেননি কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী। তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিটে চাহিদা বেশি। সেগুলো কাউন্টার থেকেই বিক্রি হয়েছে।
মাদকব্যবসায়ী নিধনের নামে নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে: মানবজমিন
বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, মাদকব্যবসায়ী নিধনের নামে অনেক নিরীহ মানুষ হত্যা করা হচ্ছে। আমরা মনে করি একরামের ব্যাপারে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের অর্থ কী। একরামের এই ঘটনা হত্যা না বন্দুকযুদ্ধ সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই হত্যাকা-ের বিচার হতে হবে। দেশ-বিদেশের মানবাধিকার সংগঠনগুলো বলছে এ ধরণের আইনবহির্ভূত হত্যা হতে পারে না। গণতান্ত্রিক সমাজে এ ধরণের হত্যা অমানবিক। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমানের ৩৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ‘বহুদলীয় গণতন্ত্র : শহীদ জিয়া এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনাসভার আয়োজন করে জাতীয়তাবাদী প্রজন্ম -৭১ নামের একটি সংগঠন। নোমান বলেন, মাদকব্যবসার বিরুদ্ধে দেশের সব মানুষ আছে। যারা মাদকব্যবসা করে তারা ছাড়া সবাই এর বিরুদ্ধে। কিন্তু যে প্রক্রিয়ায় রাজনৈতিক উদ্দেশে মাদকব্যবসায়ীদের নিধন চলছে এটা সভ্য সমাজে কাম্য হতে পারে না। এসব বিষয়ে উচ্চ আদালতের আপিল বিভাগ অথবা সম পর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা প্রয়োজন। এই তদন্ত ম্যাজিস্ট্রেট দিয়ে অথবা প্রশাসন দিয়ে যেটা করা হবে সেটাকে আইওয়াশ বলা যেতে পারে। প্রকৃতপক্ষে এতে লাভ হবে না। যাদের হত্যা করা হয়েছে তারা কোনো দিন সুবিচার পাবে না, যদি বিচার বিভাগীয় তদন্ত না হয়।
খেলাপি ঋণ : ১ লাখ ২৮ হাজার কোটি টাকা: দৈনিক নয়াদিগন্ত
এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তি ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে আর শোধ করছেন না। ঋণ দুর্বৃত্তদের অপকর্মের খেসারত গুনতে হচ্ছে গোটা জাতিকে। বলা চলে দেশের ব্যাংকিং খাতে ইচ্ছেকৃত ঋণখেলাপির সংখ্যা বাড়ছে, যার জন্য দায়ী কিছু বড় ঋণখেলাপি। তারা ব্যাংক থেকে নানা কৌশলে ঋণ নিচ্ছেন। কিন্তু আর ফেরত দিচ্ছেন না। আর এ বড় ঋণখেলাপির কারণে সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় জমে গেছে। গত এক দশকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ চার গুণ বেড়েছে। আর মাত্র তিন মাসের ব্যবধানে গত মার্চ শেষে খেলাপি ঋণ ১৪ হাজার ২৮৬ কোটি টাকা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৫৮৯ কোটি টাকা। তবে, অবলোপন হওয়া প্রায় ৪০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ যোগ করলে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হবে প্রায় ১ লাখ ২৮ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, রাষ্ট্রায়ত্ত ছয় ও বেসরকারি খাতের ব্যাংকগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ খেলাপি ঋণ বেড়েছে। এতে সার্বিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ফের দুই অঙ্কের ঘর অতিক্রম করেছে। গত মার্চ শেষে খেলাপি ঋণ বেড়ে হয়েছে মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ৭৮ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ৯ দশমিক ৩১ শতাংশ। একই সাথে মার্চ পর্যন্ত মোট খেলাপি ঋণের মধ্যে আদায় অযোগ্য কুঋণ বেড়ে হয়েছে ৭৩ হাজার ৬১৯ কোটি টাকা।
এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি
ভুল করেননি, নাগপুর বিতর্কে প্রণবের পাশে শিন্ডে: দৈনিক আনন্দবাজার পত্রিকা
এত দিন তাঁর হয়ে বলার মতো এক জনকেও পাওয়া যাচ্ছিল না কংগ্রেসে। অবশেষে নাগপুরে প্রণব মুখোপাধ্যায়ের আসন্ন সফরকে স্বাগত জানালেন কংগ্রেসেরই প্রথম সারির নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুশীলকুমার শিন্ডে। তাঁর সাফ কথা, ‘‘আরএসএস-এর আমন্ত্রণ গ্রহণ করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মোটেও ভুল করেননি।’’

নাগপুরে আরএসএস-এর প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে প্রণবের থাকার কথা আগামী ৭ জুন। এ নিয়ে কিন্তু সরগরম দিল্লির রাজনৈতিক মহল। রাজনৈতিক জীবনে যিনি কংগ্রেসম্যান হিসেবে পরিচিত, তিনি কেন নাগপুরে আরএসএস-এর অনুষ্ঠানে হাজির থাকবেন? এ নিয়ে কংগ্রেসের তরফ থেকেই ধেয়ে আসছিল একের পর এক প্রশ্নবাণ। প্রণবের ঘনিষ্ঠ বলে পরিচিত কংগ্রেস নেতা জয়রাম রমেশও বিষয়টি নিয়ে চিঠি লিখেছেন প্রণবকে। তাঁর প্রশ্ন, রাজনৈতিক জীবনে কংগ্রেসনেতা হিসাবে যা যা অর্জন করা সম্ভব সবই করেছেন এই প্রবীণ নেতা। তবে আজ কী এমন হল যে আরএসএস-এর সদর দফতরে গিয়ে স্বয়ংসেবকদের সামনে তাঁকে বক্তৃতা দিতে হচ্ছে?কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী পি চিদম্বরম আবার দাবি করেছেন, ‘‘আমন্ত্রণ যখন গ্রহণই করেছেন, তখন দয়া করে সেখানে গিয়ে বলুন যে আরএসএস-এর আদর্শে কী কী ভুল রয়েছে!’’ এরকম পরিস্থিতিতে শিন্ডের মন্তব্যকে তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রমজান মাসে ফের গ্রেনেড হামলা সোপিয়ানে, আহত ১০
রমজান মাসে সংঘর্ষ বিরতির মধ্যেই পর পর গ্রেনেড হামলা। সোপিয়ানে ফের পুলিস পেট্রোলিং গাড়িকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। সোপিয়ান জেলার বাটাপোরা চকে সোমবার সকালে ঘটেছে ঘটনাটি। গ্রেনেড হামলায় আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে দু’জন পুলিসকর্মী। হামলার দায় স্বীকার করেছে জৈশ–ই–মহম্মদ নামে জঙ্গি সংগঠন। পুলিস জানিয়েছে বাটাপোরা চকে পেট্রোলিং করছিলেন তাঁরা।

সেসময় গ্রেনেড ছোড়া হয়। লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনেড রাস্তাতেই ফেটে যায়। তাতে পথচারীরাই আহত হয়েছেন বেশি। সকলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই নিয়ে রমজান মাসে গত চার দিনে পর পর ১০ বার গ্রেনেড হামলার শিকার হলেন কাশ্মীরের নিরাপত্তারক্ষীরা। গত শনিবারই একই দিনে পর পর তিনবার সিআরপিএফের গাড়ি লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়।#
পার্সটুডে/বাবুল আখতার/৪