একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ জুনের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী
বাংলাদেশের শিরোনাম:
- বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠাতে কানাডার প্রতি শেখ হাসিনার আহ্বান-দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার মানহানির ২ মামলায় হাইকোর্টের আদেশ বহাল-দৈনিক ইত্তেফাক
- শিক্ষকদের এমপিওভুক্তি হবেই: শিক্ষামন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
- শিল্পী আসিফ আকবরের জামিন মঞ্জুর-দৈনিক যুগান্তর
- নেতার নির্দেশনা নিতে এসেছি- বললেন ফখরুল-মানব জমিন
- আজ দেশে ফিরছে সালমারা, সংবর্ধনা দেবে বিসিবি
ভারতের শিরোনাম:
- আসছে লোকসভা ভোট, অঙ্কের হিসাবে কিন্তু বিপদে আছেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- রাহুলের ইফতার পার্টি থেকে বাদ পড়েছেন প্রণব মুখার্জি, হামিদ আনসারি, অরবিন্দ কেজরিওয়াল-দৈনিক আজকাল
- মাঝপথে বিকল এসি, ব্রহ্মপুত্র মেলে অসুস্থ হয়ে পড়লেন বহু যাত্রী-দৈনিক প্রতিদিন
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তা:
কথাবার্তার প্রশ্ন (২৩ মে)
১. ব্যাংক কেলেঙ্কারি নিয়ে বাংলাদেশের জাতীয় সংসদে তোপের মুখে পড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রায় সব দৈনিক এ খবর ছেপেছে। প্রশ্ন হচ্ছে-ব্যাংক কেলেংকারি নিয়ে ন্যায়বিচার হবে তো?
২. গণভোটই হচ্ছে ফিলিস্তিন সমস্যার যৌক্তিক সমাধান- একথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তার এ বক্তব্যকে কীভাবে দেখছেন?
বিশ্লেষণের বাইরে দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠাতে কানাডার প্রতি শেখ হাসিনার আহ্বান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম সাজাপ্রাপ্ত পলাতক খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠাতে কানাডা সরকারের কাছে পুনরায় আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে গতকাল রোববার অনুষ্ঠিত বৈঠকে এ অনুরোধ জানান। কানাডার প্রধানমন্ত্রীর বাসভবন লা পেতিত ফ্রন্টেন্সে এ বৈঠক হয়।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক অনুষ্ঠিত দুই প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বৈঠকে দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানো এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হয়।
নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানিয়ে ট্রুডোকে প্রধানমন্ত্রী বলেন, ‘কানাডায় বসবাসকারী নূর চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি গুলি করে হত্যাকারী দুজনের মধ্যে অন্যতম। সে একজন আত্মস্বীকৃত খুনি এবং বাংলাদেশের প্রচলিত আইনেও দণ্ডপ্রাপ্ত।’
খালেদা জিয়ার মানহানির ২ মামলায় হাইকোর্টের আদেশ বহাল-দৈনিক ইত্তেফাক
ঢাকার মানহানির দুই মামলায় গ্রেফতার দেখাতে ও জামিন চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করতে ম্যাজিস্ট্রেট আদালতকে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের ওপর আগামী ২৫ জুন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি নিয়ে আজ সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে হাইকোর্টের ওই আদেশে বিচারিক আদালতে চলমান খালেদা জিয়ার আবেদন নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।
শিক্ষকদের এমপিওভুক্তি হবেই: শিক্ষামন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
বাজেটে উল্লেখ না থাকলেও বেসরকারি শিক্ষকদের এমপিওভুক্তি হবেই। এ নিয়ে আন্দোলন করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এমপিওর (মান্থলি পেমেন্ট অর্ডার) দাবিতে বেসরকারি শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে আজ সোমবার সচিবালয়ে শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকল্পে এফবিসিসিআইয়ের দেওয়া দুটি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের দাবির বিষয়টি নিয়ে কাজ চলছে। আমরা আগেও বলেছি, এমপিওভুক্তি হবে। বাজেটে এ ব্যাপারে বরাদ্দ না থাকলেও শিক্ষা মন্ত্রণালয়ের যে বরাদ্দ আছে, সেখান থেকেও এটা করা যেতে পারে। কাজেই আমি মনে করি আন্দোলনের দরকার নেই। এমপিওভুক্তি হবেই।
অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় নতুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট ঘোষণা না পেয়ে আন্দোলনে নামা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের রোজার মধ্যে কষ্ট না করে বাড়ি ফিরে যেতে বলে তিনি বলে, সব বিষয় জাতীয় বাজেটে উল্লেখ নেই। শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে, সে বরাদ্দ থেকেই নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। আমরা আগেই কাজ শুরু করেছি। অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি আমাকে কথা দিয়েছেন। খুব তাড়াতাড়ি এ বিষয়ে ঘোষণা দেয়া হবে। আপনারা রোজার মধ্যে কষ্ট না করে বাড়ি ফিরে যান।
শিল্পী আসিফ আকবরের জামিন মঞ্জুর-দৈনিক যুগান্তর
তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় সংগীতশিল্পী আসিফ আকবরের জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মহানগর হাকিম কেশব চন্দ্র রায় ১০ হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।
আসিফের আইনজীবী নুসরাত জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ৫ জুন দিবাগত রাত দেড়টায় তেজগাঁওয়ের এফডিসি এলাকায় নিজ স্টুডিও থেকে আসিফ আকবরকে গ্রেফতার করে সিআইডির একটি টিম। পরে সিআইডি জানায়, তথ্যপ্রযুক্তি আইনে তেজগাঁও থানায় সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের করা একটি মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছে। শফিক তুহিন মামলার এজাহারে অভিযোগ করেছেন, গত ১ জুন রাত ৯টার দিকে চ্যানেল ২৪-এর সার্চলাইট নামে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীর ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন।
নেতার নির্দেশনা নিতে এসেছি- বললেন ফখরুল-মানব জমিন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ এক মহাসংকটে নিপতিত। গণতন্ত্র শৃঙ্খলিত। দেশের মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের মা আজ কারাগারের অন্ধকার প্রকৌষ্টে বন্দী। এহেন অবস্থায় আমাদের প্রিয় নেতার নির্দেশনা নিতে লন্ডনে এসেছি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সম্পূর্ণ বেইআইনীভবে গায়ের জোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে সরকার। এটা সরকারের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের নীলনকশা ছাড়া আর কিছুই না। গতকাল রোববার লন্ডনে যুক্তরাজ্য বিএনপির ইফতারপূর্ব এক আলোচনায় অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশাল এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পূর্ব লন্ডনের হাইস্ট্রীট নর্থ এর দি রয়্যাল রেজেন্সী হোটেলে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে এই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে সহস্রাধিক বিএনপি সমর্থক প্রবাসী নেতাকর্মী বৃহত্তম এই সমাবেশে যোগ দেন।
দেশকে বর্তমান সরকারের অপশাসন থেকে মুক্ত করার আহ্বান জানিয়ে মীর্জা আলমগীর বলেন, আজ আমাদের দেশনেত্রীকে বিনা দোষে, সম্পূর্ণ অন্যায়ভাবে একটি মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। এটা বানোয়াট মামলা।
দেশে আইনের কি করুণ অবস্থা তা আপনারা সবাই জানেন মন্তব্য করে মির্জা আলমগীর বলেন, সংবিধানের একটি রায়কে কেন্দ্র করে দেশের প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ থেকে বের করে দেয়া হয়েছে। আমরা কার কাছে বিচার চাইতে যাবো?
আজ দেশে ফিরছে সালমারা, সংবর্ধনা দিবে বিসিবি
এশিয়া কাপের শিরোপা জয় করে আজ সোমবার দেশে ফিরছে বাংলাদেশ নারী দল। বিকেলে ঢাকায় আসার কথা রয়েছে সালমাদের। তাদের সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হোটেল সোনার গাঁওয়ে আজ বোর্ডের মিটিং রয়েছে। এরপরই ইফতারের আয়োজন হবে। সেখানেই জাহানারা, রোমানা, সালমাদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করেছে বিসিবি। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন নিজেই নারী ক্রিকেটারদের সংবর্ধিত করবেন।
বিকাল সাড়ে ৫টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে করে ঢাকায় এসে পৌঁছাবেন সালমাবাহিনী। বিসিবি আগেই জানিয়েছে, বিমান বন্দরে কোনো মিডিয়া অ্যাকটিভিটিজ থাকবে না। বিমান থেকে নামার পর নারী ক্রিকেটারদের সোজা নিয়ে আসা হবে হোটেল সোনার গাঁওয়ে। সেখানেই আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হবে বাংলাদেশের বাঘিনীদের।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।
আসছে লোকসভা ভোট, অঙ্কের হিসাবে কিন্তু বিপদে আছেন মোদী-দৈনিক আনন্দবাজার পত্রিকা
এই মুহূর্তে দেশের ১৫টি রাজ্য শাসন করছেন বিজেপির মুখ্যমন্ত্রী। আরও সাতটি রাজ্যে জোট করে তারা ক্ষমতায়। ভারতে আর কখনও কোনও রাজনৈতিক দল গোটা দেশে এত প্রভাব বিস্তার করতে পারেনি। এ নিয়ে প্রকাশ্যেই গর্ব করেছেন নরেন্দ্র মোদী।
কিন্তু সেই পাটিগণিতেও একটা বিপরীত ছবি রয়েছে। ২৯টি রাজ্যে মোট বিধায়কের সংখ্যা ৪০১৫। তার মধ্যে বিজেপির বিধায়ক ১৫১০ জন। আর এনডিএ ধরলে বিধায়ক সংখ্যা ১৮৫৪। সুতরাং প্রায় ৭৬ শতাংশ রাজ্যে শাসনক্ষমতা দখল করেও বিধায়ক সংখ্যার নিরিখে বিজেপি সংখ্যাগরিষ্ঠ তো নয়ই, এমনকি, এনডিএ-ও নয়।
ক’দিন আগেই বিরোধীদের জোট-চিত্রে কার্যত চাঁদের হাট দেখা গিয়েছিল কুমারস্বামীর শপথে। তার পরে দেশ জুড়ে ১৫টি আসনে নির্বাচন ও উপনির্বাচনে বিজেপি পেয়েছে মাত্র দু’টি আসন। চলতি বছরেই মধ্যপ্রদেশ, রাজস্থানে বিধানসভা ভোট। ওই দু’টি রাজ্য নিয়ে বিজেপিরও চিন্তা রয়েছে। নোট-বাতিল, তাড়াহুড়ো করে জিএসটি চালু, তেলের দাম বৃদ্ধি— এই সব কারণে আমজনতার যে বিরাগ, আগামী এক বছরে প্রধানমন্ত্রী তার কতটা সামাল দিতে পারবেন, তা নিয়ে সংশয় বিজেপির অন্দরেই।
রাহুলের ইফতার পার্টি থেকে বাদ পড়েছেন প্রণব মুখার্জি, হামিদ আনসারি, অরবিন্দ কেজরিওয়াল
কংগ্রেস সভাপতি হওয়ার পর এই প্রথম ইফতার পার্টি করার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল গান্ধী। আগামী ১৩ জুন রাজধানীর তাজ প্যালেস হোটেলে তা হবে বলে খবর। এই ইফতার পার্টিতে কংগ্রেস ও অন্যান্য দলের শীর্ষ নেতা–নেত্রীরা যোগ দেবেন বলেও কংগ্রেস সূত্রে খবর। কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, এই আমন্ত্রণ তালিকা থেকে বাদ পড়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এমনকী প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিও বাদ পড়েছেন এই ইফতার পার্টির তালিকা থেকে। দু’বছর পর আবার ইফতার পার্টির আয়োজন করছে কংগ্রেস। সেখানে বাদ পড়া নামগুলিই হেভিওয়েট হওয়ায় চর্চা শুরু হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, কয়েকদিন আগেই আরএসএসের সভায় প্রাক্তন রাষ্ট্রপতির উপস্থিতি নিয়ে কংগ্রেসের অন্দরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য তাঁর বক্তৃতা নিয়ে কংগ্রেসের অনেকেই বলেছেন আরএসএস–কে সত্যের আয়না দেখিয়েছেন তিনি। কিন্তু তার পরও কেন বাদ পড়লেন প্রণব মুখার্জি? আমন্ত্রণ তালিকায় কেন নেই প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং দিল্লির মুখ্যমন্ত্রীর নাম? এই নিয়ে অবশ্য কেউ মুখ খুলতে চাননি। তবে এই আমন্ত্রণ তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
মাঝপথে বিকল এসি, ব্রহ্মপুত্র মেলে অসুস্থ হয়ে পড়লেন বহু যাত্রী
মাঝপথে ব্রহ্মপুত্র মেলের এসি বিকল৷ কামরার ভিতরে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন অনেকেই৷ বেশ কয়েকজনকে ভরতি করতে হয় হাসপাতালে৷ প্রতিবাদে সোমবার সকালে ব্রহ্মপুত্র মেলের যাত্রীরা তুমুল বিক্ষোভ দেখালেন মালদহ টাউন স্টেশনে৷ বিক্ষোভের জেরে প্রায় ঘণ্টা চারেক বন্ধ থাকল ট্রেন৷ বিভিন্ন স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে গৌড় এক্সপ্রেস-সহ বিভিন্ন দূরপাল্লার ট্রেন৷ শেষ পাওয়া খবর অনুয়ায়ী, এখনও বেশ কয়েকটি দেরিতে চলছে৷
কামরায় এসি বিকল হয়ে যাওয়ার চরম দুর্ভোগে পড়লেন দিল্লিগামী ব্রহ্মপুত্র মেলের যাত্রীরা৷ তাঁদের অভিযোগ, অসমের ডিব্রুগড় থেকে ছাড়ার কিছুক্ষণ পরই ব্রহ্মপুত্র মেলের বেশ কয়েকটি কামরা এসি বিকল হয়ে যায়৷ শীতাতপ নিয়ন্ত্রণ কামরায় আবার জানালা খোলারও অবকাশ থাকে না৷ ফলে ব্রহ্মপুত্র মেলের এসি কামরাগুলিতে এক অসহনীয় পরিস্থিতি তৈরি হয়৷ যাত্রীদের দাবি, প্রবল গরমে সকলেই কম-বেশি অসুস্থ হয়ে পড়েন৷ অনে্কের শ্বাসকষ্টও হয়ে যায়৷ যাত্রীদের যখন এই অবস্থা, তখন ব্রহ্মপুত্র মেলের কর্তব্যরত রেলকর্মীদের কোনও ভ্রুক্ষেপ ছিল না বলে অভিযোগ৷ এমনকী, যাত্রাপথে বিভিন্ন স্টেশনে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ৷
শ্রোতবন্ধুরা! আপনাদের সবার জন্য শুভকামনা করে কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
পার্সটুডে/বাবুল আখতার/১১