একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- কোটা: আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের পদযাত্রা-দৈনিক প্রথম আলো
- কোটা সংক্রান্ত সচিব কমিটির বৈঠক-দৈনিক যুগান্তর
- কোটা আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই-দৈনিক যুগান্তর
- প্রমাণ হবে খালেদার দণ্ডের নেপথ্যে ভারতীয় হাইকমিশন: রিজভী-দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামীলীগ-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- স্বার্থে আঘাত লাগাতেই কি বিক্ষোভ? প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের-সংবাদ প্রতিদিন
- খুনের আসামিকে মালা গোরক্ষকদের, প্যাঁচে মন্ত্রী-দৈনিক আনন্দবাজার
- রামও ধর্ষণ ঠেকাতে পারতেন না: বিজেপি বিধায়ক-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
কোটা: আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের পদযাত্রা-দৈনিক প্রথম আলো
কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক ও অবিশ্বাস্য। এটা পাকিস্তান বা ব্রিটিশ আমলে ঘটেনি।
আজ রোববার বেলা ১১টায় ‘নিপীড়নবিরোধী শিক্ষকবৃন্দের’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে পদযাত্রা বের করেন। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘কোটা আন্দোলন যৌক্তিক ও ন্যায়সংগত। এ জন্য ছেলে, মেয়ে, অভিভাবক, শিক্ষক সবাই এতে সমর্থন দিয়েছে। ৫৬ ভাগ কোটা অত্যন্ত অযৌক্তিক। কোটা সংস্কারের দাবি যেন বাস্তবায়ন করা হয়, এই প্রতিবাদের মধ্য দিয়ে তার দাবি জানাচ্ছি।’
এদিকে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, কোটা আন্দোলনে গ্রেফতার রাশেদের মুক্তি চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, কোটা সংক্রান্ত সচিব কমিটির বৈঠক হয়েছে আজ। সচিব কমিটির বৈঠককে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।
তাছাড়া দৈনিক নয়া দিগন্তের খবরে লেখা হয়েছে, সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এ আন্দোলনে সম্পৃক্ততা না থাকলেও যে কোনো ন্যায্য দাবিতে সমর্থন আছে। তাই মেধাবী শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপির পুরো সমর্থন রয়েছে।
প্রমাণ হবে খালেদার দণ্ডের নেপথ্যে ভারতীয় হাইকমিশন: রিজভী-দৈনিক ইত্তেফাক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী লর্ড কার্লাইলকে ভারতের ভিসা না দেয়া হলে এটা প্রমাণিত হবে যে তাকে কারাদণ্ড ও জেলে আটকে রাখার পেছনে ভারতীয় হাইকমিশনের ভূমিকা রয়েছে। কারণ, গতকাল একটি দৈনিক পত্রিকায় দিল্লির একটি উচ্চপর্যায়ের সূত্র থেকে উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, খালেদা জিয়ার আইনি পরামর্শক লর্ড কার্লাইলকে ভারতে ঢোকার অনুমতি না দিতে দিল্লিতে জোরালো সুপারিশ পাঠিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাইকমিশনের এই ভূমিকা দুঃখজনক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আগ্রাসী হস্তক্ষেপ। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার আপিল শুনানির সময় বাড়ল-দৈনিক মানবজমিন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানো নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানির জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন হাইকোর্ট। একই দিন সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি হবে। আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।
তিন জেলায় মাদকবিরোধী অভিযান, ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪-দৈনিক যুগান্তর
তিন জেলায় র্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযানকালে ‘বন্দুকযুদ্ধে’ চার যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ও রোববার ভোরে এ বন্দুকযুদ্ধে ঝিনাইদহে দুজন, গাইবান্ধায় এক ও ময়মনসিংহে একজন নিহত হন। র্যাব ও পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
স্বার্থে আঘাত লাগাতেই কি বিক্ষোভ? প্রশ্ন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের-সংবাদ প্রতিদিন
স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা মিলিয়ে ১৩৮টি কোর্সে পঠনপাঠন চলে৷ অথচ প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভরতি নেওয়া হয় শুধুমাত্র কলাবিভাগের চার বিষয়ে৷ বাকি সমস্ত কোর্সেই পড়ুয়ারা ভরতি হন নম্বরের ভিত্তিতেই৷ তা নিয়ে কেন আন্দোলন হয় না? প্রশ্ন তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের অন্য একটি অংশ৷ তাঁদের অভিযোগ, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য পড়ুয়াদের ব্যবহার করছেন গুটিকয়েক শিক্ষক৷
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি-সহ কলাবিভাগের ৯টি বিষয়ে প্রবেশিকা পরীক্ষা হয় না৷ ভরতি নেওয়া হয় উচ্চমাধ্যমিক বা সমতুল পরীক্ষায় নম্বরের ভিত্তিতেই৷ এমনকী, যে বিজ্ঞান বিভাগের যাদবপুরের এত নামডাক, সেই বিভাগেও প্রবেশিকা পরীক্ষা নেই৷ শুধু ইংরেজি-সহ তিন বিষয়ে পরীক্ষা দিয়ে ভরতি হতে হয় পড়ুয়াদের৷ তা নিয়ে যত গণ্ডগোল৷ পড়ুয়াদের অনশন, অধ্যাপকদের একাংশের কর্মবিরতি৷ উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷
খুনের আসামিকে মালা গোরক্ষকদের, প্যাঁচে মন্ত্রী-আনন্দবাজার
গোরক্ষার নামে পিটিয়ে খুন! ফাস্ট ট্র্যাক কোর্টে তারা দোষী সাব্যস্তও। কিন্তু হাইকোর্টের নির্দেশে জামিন পেতেই সেই গোরক্ষকদের গলায় মালা দিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিন্হা। হাজারিবাগের বাড়িতে তাঁর এই ‘আপ্যায়ন’-এর ছবি ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের মতে, নিজেদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে বিজেপি সব কিছু করতে পারে। মন্ত্রী অবশ্য আজ টুইটে লিখেছেন, ‘‘যা করেছি, আইনকে সম্মান জানিয়েই করেছি। টুইটারে জয়ন্তের আচরণের কড়া সমালোচনা করেছেন তাঁর বাবা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিন্হা। বলেন, ‘‘এক সময়ে আমাকে উপযুক্ত ছেলের অনুপযুক্ত বাবা বলা হয়েছিল। এখন বিষয়টি উল্টে গিয়েছে।’’
রামও ধর্ষণ ঠেকাতে পারতেন না: বিজেপি বিধায়ক-দৈনিক আজকাল
কুকথার ফুলঝুরি চলছেই বিজেপি নেতামন্ত্রীদের মুখে। বারবার সতর্ক করেও ব্যর্থ হচ্ছে নরেন্দ্র মোদি, অমিত শাহরা। এবার বিজেপির প্রিয় দেবতা রামকে নিয়েই কুকথা বলে দলকে বিতর্কে ফেললেন যোগীর রাজ্যের বিধায়ক সুরেন্দ্র নারায়ণ সিং। উত্তর প্রদেশের বৈরিয়া জেলার বিধায়ক সুরেন্দ্র শনিবার বাল্লিয়ায় একটি অনুষ্ঠানে রাজ্যে বেড়ে চলা ধর্ষণের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাঁর বিশ্বাস, রামও ধর্ষণ ঠেকাতে পারতেন না। সাংবিধানিক আইনে নয়, মূল্যবোধেই এটা থামানো সম্ভব। দলীয় বিধায়কের এহেন মন্তব্যে স্বভাবতই চরম অস্বস্তিতে পড়েছে বিজেপি।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮