জুলাই ২২, ২০১৮ ১৪:০৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২২ জুলাই রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ‘কোটা আন্দোলনে ছাত্রলীগকে বাড়াবাড়ি না করার নির্দেশ প্রধানমন্ত্রীর’-দৈনিক মানবজমিন
  • কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগকে সতর্ক করা হয়েছে: কাদের-দৈনিক প্রথম আলো
  • বৃহৎ শ্রমবাজারে কর্মী যাওয়া নেমে এসেছে অর্ধেকে-দৈনিক নয়া দিগন্ত
  • ‘বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসহ ৫ মন্ত্রণালয় দিতে হবে’-কাদের-দৈনিক যুগান্তর
  • মহেশখালীতে র‌্যাবের অভিযান, 'অস্ত্র তৈরির কারখানার' সন্ধান-দৈনিক ইত্তেফাক

ভারতের শিরোনাম:

  • মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ-সংবাদ প্রতিদিন 
  • বড়াই ছেড়ে কিছু করে দেখান, মোদীকে খোঁচা মনমোহনের-দৈনিক আনন্দবাজার
  • কংগ্রেসকেই হয়ে উঠতে হবে ভারতের কন্ঠস্বর বার্তা রাহুলের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

কোটা আন্দোলন নিয়ে ছাত্রলীগকে সতর্ক করা হয়েছে: কাদের-দৈনিক প্রথম আলো

বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ পেয়েছেন প্রধানমন্ত্রী। এমন কোনো অভিযোগ যেন আর না আসে, এ বিষয়ে ছাত্রলীগ নেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে। সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ রোববার এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় ছাত্রলীগ নেতারা এগিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের উদ্দেশে বলেছেন, ‘কোটা সংস্কার আন্দোলন নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে বাড়াবাড়ির অনেক অভিযোগ আমার কাছে এসেছে। এমন কোনো অভিযোগ যেন আর না শুনি।

‘বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসহ ৫ মন্ত্রণালয় দিতে হবে’-ড. এমাজউদ্দিন –দৈনিক যুগান্তর

অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ

বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এই নির্বাচনের জন্য সরকারকে চারটি শর্ত পূরণ করতে হবে। তিনি বলেন, প্রথমত বর্তমানে বিএনপির চেয়ারপারসনসহ সারা দেশের বিভিন্ন দলের ২০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা রয়েছে। এগুলো প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, নির্বাচনের তফসিলের আগে চলমান জাতীয় সংসদ ভেঙে দিতে হবে। তৃতীয়ত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি মিলে নির্বাচনকালীন সরকার গঠন করবে। এতে বৃহত্তম বিরোধী দল হিসেবে বিএনপিকে পররাষ্ট্র ও স্বরাষ্ট্রসহ ৩-৫টি মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব শর্তের কথা বলেন।

এদিকে দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো শর্ত মেনে আগামী নির্বাচন হবে না। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এ নিয়ে কারো সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই।

অসুস্থতার জন্য খালেদা জিয়া দোতলা থেকে নামতে পারছেন না: রিজভী-দৈনিক প্রথম আলো

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভাষ্য, খালেদা জিয়া এখনো ‘গুরুতর’ অসুস্থ। তিনি দর্শনার্থীদের সঙ্গে নিচে নেমে কথা বলেন। কিন্তু এখন তিনি খুব বেশি অসুস্থতার কারণে দোতলা থেকে নিচে নামতেই পারছেন না। এখনো তিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তাঁর হাঁটাচলা করতে কষ্ট হয়।আজ রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।আজকের সংবাদ সম্মেলনে তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেন রিজভী। তিনি অভিযোগ করেন, তিন সিটিতে বিএনপির নেতা-কর্মীদের রাত-দিন গণগ্রেপ্তার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীরা ‘জনসমর্থনহীন’। আর এসব প্রার্থীকে জেতাতে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

বৃহৎ শ্রমবাজারে কর্মী যাওয়া নেমে এসেছে অর্ধেকে-দৈনিক নয়া দিগন্ত

বাংলাদেশের বৃহৎ শ্রমবাজার সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কাতারসহ বেশ কয়েকটি দেশে হঠাৎ করেই কর্মী যাওয়ার হার কমে গেছে। কোনো কোনো দেশে এই সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি চলতি বছর ১২ লাখ কর্মী বিশ্বের বিভিন্ন দেশে পাঠানোর টার্গেট নিয়ে কাজ শুরু করেছেন। তবে এ পেশার সাথে সংশ্লিষ্ট অভিবাসন বিশেষজ্ঞদের ধারণা, জনশক্তি রফতানি সেক্টরে সাম্প্রতিক সময়ে অনিয়ম আর দুর্নীতি বেড়ে যাওয়া ও বিদেশ থেকে কর্মী ফেরত আসার কারণে মূলত গতি কমেছে। এ ছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং অধিদফতর থেকে বিদেশে কর্মী পাঠানোর আগে ভালোভাবে যাচাই-বাছাই করে বহির্গমন দেয়ার কারণে বিদেশগামী কর্মীর হার কমছে বলে তারা মনে করছেন। তবে মালয়েশিয়ার শ্রমবাজারে যে সিন্ডিকেট এখনো কাজ করছে সেটি ভেঙে সব রিক্রুটিং এজেন্সি কাজ করতে পারলে আবারো শ্রমিক যাওয়ার গতি বেড়ে যাবে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে ২১ দিনে ২৯টি শিশুর মৃত্যু, উঠছে গাফিলতির অভিযোগ-সংবাদ প্রতিদিন

২১ দিনে মধ্যপ্রদেশের গুনা হাসপাতালে ২৯টি সদ্যোজাতের মৃত্যু হয়েছে ৷ মৃতদের পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতিতেই সদ্যোজাত শিশুগুলো মৃত্যু হয়েছে৷ যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ খারিজ করে দিয়েছে৷ তাদের দাবি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শিশুদেরকে ৷ বাঁচার কোনও সম্ভাবনাও ছিল না তাদের৷ তা সত্ত্বেও হাসপাতালের স্পেশ্যাল নিউবর্ন কেয়ার ইউনিটে ভরতি নিয়ে চেষ্টা করা হয়৷ কিন্তু হাজার চেষ্টাতেও সফল হননি চিকিৎসকরা৷ মারা গেছে প্রত্যেকেই৷ হাসপাতালের চিকিৎসকরা গাফিলতির অভিযোগ উড়িয়ে দেন৷

কংগ্রেসকেই হয়ে উঠতে হবে ভারতের কন্ঠস্বর বার্তা রাহুলের-দৈনিক আজকাল

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোণঠাসা করে দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ঠিক তার একদিন পর নয়াদিল্লিতে বসা কংগ্রেসের বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকেও নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে বিপদজনক শাসনব্যবস্থা বলে আখ্যা দিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রবিবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে বসেছিল দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠক। সেখানে দলের নেতাদের দেশের দলিত, তফসিলি ও গরীবদের পাশে দাঁড়াতে বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। কংগ্রেসের সভাপতি হওয়ার পর রবিবার ছিল দলের নবগঠিত ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠক। নেতাদের তিনি মনে করিয়ে দেন কংগ্রেসকেই হয়ে উঠতে হবে ভারতের কণ্ঠস্বর। সোনিয়া বলেন বর্তমান সরকারের দ্বারা গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং সংসদে রাহুলের দাবিকেই এখানে বাকি সদস্যরা সমর্থন করলেন। যা তাঁর পাশে থাকারই বার্তা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বড়াই ছেড়ে কিছু করে দেখান, মোদীকে খোঁচা মনমোহনের-দৈনিক আনন্দবাজার

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

খবরটিতে লেখা হয়েছে, শুধুই আত্মপ্রচার, নিজের প্রশংসা আর অহঙ্কার করলে কিছুই হবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য মোদী সরকার স্পষ্ট নীতি ঘোষণা করুক। তা কীভাবে কার্যকর হবে, তা জানাক।এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করলেন সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। আগামী বছর লোকসভা ভোটে লড়ার জন্য কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে পূর্ণ সমর্থনেরও আশ্বাস দিলেন।

রবিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)-র বৈঠকে মনমোহন দেশের সামাজিক সংহতি নষ্ট করা ও অর্থনৈতিক উন্নয়নের গতি স্তিমিত হয়ে পড়ার দায় চাপিয়েছেন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকারের ঘাড়ে। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩