জুলাই ২৭, ২০১৮ ১১:৩৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২৭ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শুরুতেই ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম।

বাংলাদেশের শিরোনাম:

  • চুরির পরিমাণ অভিযোগের চেয়ে অনেক বেশি- দৈনিক যুগান্তর
  • মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে- দৈনিক ইত্তেফাক
  • ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক- দৈনিক যুগান্তর
  • বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক : প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক
  • কয়লা দুর্নীতিতে অভিযুক্ত আওরঙ্গজেবকে হজের ছুটি দিলো পেট্রোবাংলা- দৈনিক মানবজমিন
  • ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৮ আগস্ট- দৈনিক যুগান্তর
  • একদিকে আচরণবিধি লঙ্ঘন অন্যদিকে অপপ্রচার- দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়েই বিধানসভায় পাশ হয়ে গেল লোকায়ুক্ত বিল- দৈনিক আনন্দবাজার
  • ‌চীনে তৈরি সোলার প্যানেলের জন্য চাকরি খুইয়েছেন দু’‌লক্ষ ভারতীয়- দৈনিক আজকাল
  • অঝোর বৃষ্টিতে ভাসল কলকাতার বিস্তীর্ণ অংশ, পুর অধিবেশন উত্তপ্ত- দৈনিক বর্তমান

প্রিয় পাঠক/শ্রোতা‍! এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ:

চুরির পরিমাণ অভিযোগের চেয়ে অনেক বেশি- দৈনিক যুগান্তর

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা গায়েবের যে তথ্য প্রকাশিত হয়েছে, চুরির পরিমাণ তার চেয়ে অনেক বেশি। স্থানীয় ঠিকাদার, কয়লা ব্যবসায়ী ও এলাকাবাসী এ দাবি করেছেন। তাদের দাবি- সুষ্ঠু তদন্ত করলে কয়লা চুরির আরও ঘটনা বেরিয়ে আসবে।

এদিকে কয়লা কেলেঙ্কারির ঘটনায় খনির ১৯ কর্মকর্তার বিরুদ্ধে পার্বতীপুর থানায় করা মামলার নথি হাতে পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সংস্থার দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক বেনজীর আহম্মেদ জানান, বুধবার রাতে মামলার নথিটি পার্বতীপুর মডেল থানা থেকে পাওয়ার পর বৃহস্পতিবার তা দুদকের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকেই মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হবেন। তিনি আরও জানান, মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগের পর পরবর্তী কার্যক্রম শুরু হবে।

মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেছেন, বড়পুকুরিয়া কয়লা খনিতে চুরি ঘাপলা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ দশমিক ৪০ টন কয়লা। দুদকের কর্মকর্তারাও বলছেন একই কথা। তবে স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদাররা বলছেন, কয়লা দুর্নীতির পরিমাণ অভিযোগের চেয়ে অনেক বেশি। ব্যবসায়ীদের দাবি- খতিয়ে দেখলে অনেক দুর্নীতিই ধরা পড়বে। একই সঙ্গে কয়লা খনিতে ডিও (ডিমান্ড অর্ডার) বাণিজ্যের সঙ্গে গুটি কয়েকজনই দায়ী বলে জানিয়েছেন তারা।

বাংলাদেশ চায় রোহিঙ্গারা ফেরত যাক : প্রধানমন্ত্রী- দৈনিক ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, কিন্তু এখন চাচ্ছে তারা ফেরত যাক।  বাংলাদেশে মিসরের নবনিযুক্ত রাষ্ট্রদূত ওয়াহিদ আহমেদ শামসেলদিন বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং মিসরের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। রোহিঙ্গা প্রসঙ্গও তাঁদের আলোচনায় উঠে আসে। রোহিঙ্গাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা তাদের মানবিক কারণে আশ্রয় দিয়েছি, এখন আমরা চাচ্ছি তারা ফেরত যাক।’

প্রধানমন্ত্রী এ সময় ১৯৭৪ সালের নভেম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম ঐতিহাসিক মিসর সফরের প্রসঙ্গ স্মরণ করে বলেন, সেই সফরেই দুই দেশের সম্পর্কের ভিত রচনা হয়েছিল। প্রধানমন্ত্রী এ সময় ২০০৯ সালে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) সম্মেলনে যোগ দিতে তাঁর মিসর সফরের কথাও উল্লেখ করেন।

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের সিদ্দিকীর বৈঠক- দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে সচিবালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের অফিসে সাক্ষাৎ করেন তিনি।

জানা যায়, কাদের সিদ্দিকী বিকালে সচিবালয়ে যান এবং ওবায়দুল কাদেরের সঙ্গে ৩০ মিনিটের মতো বৈঠক করেন। এরপর বিকাল ৪টার দিকে একই স্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন বিএনপির সাবেক মন্ত্রী ও নতুন রাজনৈতিক জোট-বিএনএ এর সভাপতি নাজমুল হুদা। বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবু নাসের।

তিনি বলেন, মন্ত্রীর সঙ্গে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদা পৃথক সাক্ষাৎ করেছেন। তবে সেখানে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানিনা। তবে এ বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের, কাদের সিদ্দিকী বা নাজমুল হুদা কেউই গণমাধ্যমকে কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে আগামী নির্বাচন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট-মহাজোট সম্প্রসারণ বিষয়ে নেতাদের মধ্যে আলোচনা হয়েছে।

কয়লা দুর্নীতিতে অভিযুক্ত আওরঙ্গজেবকে হজের ছুটি দিলো পেট্রোবাংলা- দৈনিক মানবজমিন

খনি দুর্নীতি তদন্তে নাম আসা মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের প্রকল্প পরিচালক আওরঙ্গজেবকে ৪২ দিনের হজের ছুটি মঞ্জুর করেছে পেট্রোবাংলা।  তার স্থলে পেট্রোবাংলার মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) জাবেদ চৌধুরীকে এ অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

পেট্রোবাংলা গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে বড়পুকুরিয়ায় কয়লা দুর্নীতিতে প্রতিষ্ঠানটির যে চার সাবেক ব্যবস্থাপনা পরিচালকের সংশ্লিষ্টতার প্রমাণের কথা উঠে এসেছে তার মধ্যে আওরঙ্গজেব অন্যতম। তিনি এর আগে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তবে সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) যে চার কর্মকর্তার বিরুদ্ধে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে তার মধ্যে আওরঙ্গজেবের নাম নেই। খনি দুর্নীতির তদন্ত প্রতিবেদন পাওয়ার একদিনের মাথায় এই সিদ্ধান্ত নিলো পেট্রোবাংলা।

মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে- দৈনিক ইত্তেফাক

ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছেন মাদকের গডফাদাররা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শুরুর পর চিহ্নিত অনেক মাদক গডফাদার তারা এলাকায় রয়েছেন। যারা আত্মগোপনে ছিলেন ইতিমধ্যে তাদের কেউ কেউ নিজ এলাকায় ফিরেও এসেছেন। কিন্তু তাদের গ্রেফতার করার সাধ্য যেন কারো নেই। সব জায়গায় তাদের লোক আছে। মন্ত্রণালয়, প্রশাসনের শীর্ষ পর্যায়েও তাদের হাত রয়েছে। মাদকের গডফাদারদের অর্থের দাপটে অনেকটা অসহায় র্যাব-পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা। যার কারণে তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছে না।

অনুসন্ধানে জানা গেছে, সরকারের পাঁচটি সংস্থা মাদক ব্যবসায়ীদের যে তালিকা জমা দিয়েছে তা পর্যালোচনা করে ১৪ হাজার মাদক ব্যবসায়ীর সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে সারাদেশে মাদকের গডফাদার রয়েছেন ৯০০ জন। শুধু রাজধানীতে আছেন ৩৭ গডফাদার। টেকনাফে ২৫ গডফাদার এবং ১৭৫ জন মাদকের বড় ব্যবসায়ী আছেন। ৫০০ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মাদক ব্যবসায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত।

ঈদুল আজহায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি ৮ আগস্ট- দৈনিক যুগান্তর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। চলবে ১২ আগস্ট পর্যন্ত। অন্যদিকে ঈদ শেষে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৫ আগস্ট থেকে, চলবে ১৯ আগস্ট পর্যন্ত। বৃহস্পতিবার দুপুরে রেলভবনের সেমিনার হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।

সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, সুষ্ঠু ও নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে ট্রেন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত রেল কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হবে। আর ঈদযাত্রায় যে কোনো নাশকতা ঠেকাতে আনসার, জিআরপি, র‌্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন।

তিনি বলেন, বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন প্রায় দুই লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করে। তবে এবার ঈদ উপলক্ষে দৈনিক তিন লাখ যাত্রী চলাচলের ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, ঈদ উপলক্ষে বাড়তি কোচ সংযোজন ও লোকোমোটিভ সরবরাহ করা হবে এবং টিকিট কালোবাজারি প্রতিরোধে সার্বক্ষণিক পাহারা থাকবে।

একদিকে আচরণবিধি লঙ্ঘন অন্যদিকে অপপ্রচার- দৈনিক সমকাল

সিটি নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে উত্তেজনা ছড়াচ্ছে আচরণবিধি লঙ্ঘন আর ভুয়া ছবি দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা। গতকাল বৃহস্পতিবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাজশাহী শহরে নৌকার পক্ষে মিছিল করেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। অন্যদিকে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের ২০১৪ সালে হরতালের মিছিলে গুলিতে আহত হওয়ার ছবি গতকালের তোলা বলে ফেসবুকে অপপ্রচার চালিয়ে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়। এ ছাড়া টিভি টক শোতে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ব্যাপারে অশোভন উক্তি করার অভিযোগ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। গতকালের এসব ঘটনায় নগরীতে কিছুটা উত্তেজনা বিরাজ করে। এ ব্যাপারে বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল সমকালকে বলেন, তার গুলিবিদ্ধ হওয়ার এ ছবিটি ভুয়া, এর কোনো ভিত্তি নেই। এটি আপলোড কারা, কেন করেছে, তিনি জানেন না। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের প্রধান সংগঠকদের একজন এএইচএম কামারুজ্জামান সম্পর্কে তিনি কোনো বিরূপ মন্তব্য করেননি।

এবারে কোলকাতার বাংলা দৈনিকগুলোর বিস্তারিত খবর:

মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়েই বিধানসভায় পাশ হয়ে গেল লোকায়ুক্ত বিল- দৈনিক আনন্দবাজার

লোকায়ুক্তের আওতা থেকে মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়েই বিধানসভায় পাশ হয়ে গেল বিল। জনজীবনে সুস্থিতি বজায় রাখার লক্ষ্যে (পাবলিক অর্ডার) মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত লোকায়ুক্ত করতে পারবে না, এই কথা বিলেই বলা ছিল। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার বিধানসভায় জানিয়ে দিলেন, মূলত পুলিশ সংক্রান্ত বিষয় থাকবে পাবলিক অর্ডারের আওতায়। তার সঙ্গে থাকছে আরও ৫৭টি ক্ষেত্র।

পাশাপাশি, বিধানসভার কক্ষে বিলের সঙ্গে সংশোধনী এনে জুড়ে দেওয়া হল পাবলিক অর্ডারের বাইরের যে সব ক্ষেত্র, সেখানে যদি কোনও দুর্নীতির অভিযোগ আসে তা হলে সেই তদন্ত করতে গেলে বিধানসভার দুই তৃতীয়াংশের সমর্থন লাগবে। বিরোধীদের মতে, এর ফলে লোকায়ুক্তের আওতা থেকে প্রায় পুরোপুরি বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।

বিরোধীরা এ দিন বিধানসভার আলোচনায় প্রশ্ন তোলে, মুখ্যমন্ত্রী এবং সরকার যদি সৎ হয়, তা হলে তাদের এত আইনের ঢাল লাগছে কেন? বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘বাম আমলের পুরনো আইনের ত্রুটি খুঁজে সেটাকে আরও শক্তিশালী করা যেত। তা না করে, এই সরকার পুরনো আইনকে আরও দুর্বল করল।’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘নিজেকে দিয়ে বিচার করে মনমোহন সিংহ লোকপাল আইনের ক্ষেত্রে যে ভুল করেছিলেন, এই সরকার তা থেকে শিক্ষা নিল না। উল্টে সেই ভুলটাকেই ব্যবহার করল।’’

‌চীনে তৈরি সোলার প্যানেলের জন্য চাকরি খুইয়েছেন দু’‌লক্ষ ভারতীয়- দৈনিক আজকাল

নিজেদের তৈরি নয়, বহুদিন ধরেই চীনে তৈরি সোলার প্যানেল ব্যবহার করা হচ্ছে ভারতে। আর সেকারণে চাকরি খুইয়েছেন প্রায় দু’‌লক্ষ ভারতীয়। শুক্রবার সংসদে এমনটাই জানানো হয়েছে  বাণিজ্য সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে। শুধু সোলার প্যানেল নয়, চীনা জিনিসপত্র আমদানিতে ক্ষতি হয়েছে অন্যান্য শিল্পেরও। এর মধ্যে রয়েছে খেলনা, সাইকেল, ওষুধ এবং বয়নশিল্পও। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের সুরাট এবং ভিওয়ান্ডিতে বন্ধ হয়ে গিয়েছে ৩৫ শতাংশ পাওয়ারলুম। ওই রিপোর্টে বলা হয়েছে, ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত জার্মানি–ফ্রান্স–ইতালির মতো দেশে সোলার প্যানেল রপ্তানি করত ভারত। কিন্তু এরপর থেকে বাজারে ছেয়ে যায় চীনে তৈরি সোলার প্যানেল। এমনকি ভারতের মার্কেটও দখল করে নেয় সেগুলি। ফলে কাজ হারান প্রায় ২ লক্ষের বেশি মানুষ। 

অঝোর বৃষ্টিতে ভাসল কলকাতার বিস্তীর্ণ অংশ, পুর অধিবেশন উত্তপ্ত- দৈনিক বর্তমান

Image Caption

রাতভর তুমুল বৃষ্টিতে ভাসল উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অংশ। জল ঢুকে যায় বহু দোকান ও বাড়িতে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে উত্তর এবং মধ্য কলকাতার কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান জল দাঁড়িয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ভোগ নিয়েই এদিন কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বিরোধী বাম-কংগ্রেসের সঙ্গে শাসকদল তুমুল বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তবে চিরাচরিত অধিবেশন বয়কটের পথ এড়িয়ে এদিন সভায় থেকেই প্রতিবাদ চালিয়ে গিয়েছেন বাম কাউন্সিলাররা। বাম আমলের বেহাল অবস্থা নিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় কটাক্ষ করলে বাম কাউন্সিলারদের পাল্টা প্রতিবাদে অধিবেশন কক্ষ সরগরম হয়ে ওঠে।

প্রিয় পাঠক/শ্রোতা! কথাবার্তার আজকের আসর এ পর্যন্তই।  এ আসরে আবারো কথা হবে আগামীকাল।

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭