অক্টোবর ২০, ২০১৮ ১২:০০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২০ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

  • ইয়াবা তালিকায় আবার সাংসদ বদির নাম-দৈনিক প্রথম আলো
  • ওমরাহ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • আগামী নির্বাচন নিয়ে এরশাদের সংশয়-দৈনিক যুগান্তর
  • খালেদা জিয়া নির্বাচনে আসলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না: ফখরুল-দৈনিক মানবজমিন
  • জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমেই সরকারের পরিবর্তন আনা হবে : মওদুদ-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • কন্যাদের সুরক্ষা দিতে পারে আরএসএস শাখাগুলি, মন্তব্য সত্যার্থীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • অমৃতসর রেল দুর্ঘটনা:‌ বাড়ছে মৃতের সংখ্যা-দৈনিক আজকাল
  • রেল, প্রশাসন নাকি উদ্যোক্তা, অমৃতসরে কার অপদার্থতার বলি হলেন এত মানুষ-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বিকল্পধারার ভাঙার পেছনে ‘বড় দলের’ ষড়যন্ত্র- বলেছেন দলের মুখপাত্র মাহী বি চৌধুরী। চলমান ঘটনার প্রেক্ষাপটে কী বলবেন আপনি?

২. অবশেষে খাশোগিকে হত্যা করার কথা স্বীকার করেছে সৌদি আরব। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

খালেদা জিয়া নির্বাচনে আসলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না: ফখরুল-দৈনিক মানবজমিন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগার থেকে বের হয়ে নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আয়োজনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আজকে দেশনেত্রীকে কারাগারে রাখা হয়েছে কেন? বিরোধী দলের নেতাদের নামে মামলা দেয়া হচ্ছে কেন? উদ্দেশ্য হল রাজনীতিকে ধ্বংস করা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে কারণ তিনি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র তিনি প্রতিষ্ঠা করতে চান। 

আগামী নির্বাচন নিয়ে এরশাদের সংশয়-দৈনিক যুগান্তর

Image Caption

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আমি দেশবাসীর উদ্দেশে কিছু বার্তা পৌঁছে দিতে চাই। নির্বাচন নিয়ে এখন অনেক সংশয় রয়েছে। নির্বাচন কখন হবে জানি না।’ একটি দল ৭ দফা দিয়েছে (জাতীয় ঐক্যফ্রন্ট)। সরকার তা মানতে রাজি নয়। বর্তমান সংবিধান অনুযায়ী মানা সম্ভব নয়। এ অবস্থার মধ্যে আগামী দিনগুলো স্বচ্ছ দিন বলে মনে হয় না আমার।’

আজ শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে এরশাদ এ কথা বলেন। আগামী নির্বাচন সামনে রেখে সারা দেশ থেকে নেতা–কর্মীদের ঢাকায় এনে জাতীয় পার্টি এ সমাবেশ করে। এরশাদ বলেন, ‘আমরা জাতীয় পার্টি সব সময় নির্বাচন করেছি। এবারেও নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। এর নিশ্চয়তা চাই। আমরা জোটগতভাবে ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। তবে দেশের স্বার্থে নতুন মেরুকরণ হতে পারে।’ নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘বর্তমান সংসদে যারা আছে, সব দলের সমন্বয়ে সরকার গঠন করতে হবে।’

আর দৈনিক প্রথম আলো এ সম্পর্কিত খবরের শিরোনাম করেছে এভাবে-দেশের স্বার্থে নতুন মেরুকরণ হতে পারে: এরশাদ

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আজ সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির সমাবেশ হচ্ছে। বিএনপিকে যদি সমাবেশ করতে দেওয়া হতো, তাহলে এর চেয়ে ২০ গুণ বেশি লোক সমাগম হতো, মিছিল হতো। আজ শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে মওদুদ আহমদ এ মন্তব্য করেন। 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় প্রত্যাহারের' দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মওদুদ আহমদ বলেন, জাতীয় পার্টি, চরমোনাই পীর সাহেবকে অনুমতি দেওয়া হয়, বিএনপি সভা করতে চায়, কিন্তু দেওয়া হয় না।

নির্বাচনের আগে সোস্যাল মিডিয়ার ওপর ‘ক্র্যাকডাউন’-দৈনিক মানবজমিন

হিউম্যান রাইটস ওয়াচ

জাতীয় নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর ব্যপকহারে নজরদারি শুরু করেছে বাংলাদেশ সরকার। ফলে বাকস্বাধীনতার ওপর শীতল প্রভাব পড়ার আশঙ্কা বেড়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ আজ শুক্রবার এক বিবৃতিতে এমন মন্তব্য করেছে। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত নিবন্ধে বলা হয়, রাজনৈতিক প্রতিপক্ষ, সাংবাদিক, ইন্টারনেটে মন্তব্যকারী ও সম্প্রচার ব্যক্তিত্বদের টার্গেট করতে নিপীড়নমূলক আইন ও নীতিমালা ব্যবহৃত হচ্ছে। ২০১৯ সালের জানুয়ারির মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। বিরোধী দলসমূহ ও নিরপেক্ষ পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, ব্যক্তিগত গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান এই দমনপীড়ন মূলত নির্বাচনকালীন সময়ে সরকারের সমালোচনা ও বাকস্বাধীনতা সীমিত করার চেষ্টা। সরকার দাবি করছে, ক্ষতিকর গুজব, মিথ্যা তথ্য অথবা আপত্তিকর বিষয়বস্তুর লাগাম টেনে ধরে আইন শৃঙ্খলা বজায় রাখতেই এসব প্রচেষ্টা নেওয়া হয়েছে।

তবে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের স্তব্ধ করতে জননিরাপত্তার কারণকে ব্যবহার করছে বাংলাদেশ।

ইয়াবা তালিকায় আবার সাংসদ বদির নাম-দৈনিক প্রথম আলো

আবদুর রহমান বদি

ইয়াবার হালনাগাদ তালিকায় কক্সবাজারের ৭৩ জন প্রভাবশালী ইয়াবা কারবারির (গডফাদার) নাম উঠেছে। তালিকার শীর্ষে আছেন কক্সবাজার-৪ (টেকনাফ ও উখিয়া) আসনের আওয়ামী লীগের বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগের একাধিক তালিকার মতো এবারও সাংসদ বদির পাঁচ ভাই আবদুল শুক্কুর, আবদুল আমিন, মৌলভি মুজিবুর রহমান, মো. সফিক, মো. ফয়সাল, ভাগনে সাহেদুর রহমান নিপু (ওসি আবদুর রহমানের ছেলে), বেয়াই শাহেদ কামাল, ফুফাতো ভাই কামরুল হাসান রাসেলসহ ঘনিষ্ঠ আরও কয়েকজনের নাম রয়েছে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

অমৃতসর রেল দুর্ঘটনা:‌ বাড়ছে মৃতের সংখ্যা-দৈনিক আজকাল

দৈনিক আজকাল, আনন্দবাজারসহ প্রায় সব দৈনিকে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে অমৃতসরে রেল দুর্ঘটনার খবরটি।

অমৃতসরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

অমৃতসরের রেল দুর্ঘটনায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শুক্রবার দশেরার দিন ঘটে যাওয়া দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে চলছে আহতদের চিকিৎসা। ঘটনাস্থলে রয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। রয়েছেন মন্ত্রীরাও। শুক্রবার সন্ধ্যায় অমৃতসরে রেললাইনের উপর দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন উৎসুক জনতা৷ সেসময় চলন্ত ট্রেন এসে পিষে দেয় তাঁদের৷ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হন অসংখ্য মানুষ৷ কয়েক সেকেন্ডের ব্যবধানে অমৃতসরের চৌরা বাজারের যোধা ফটক এলাকা পরিণত হয়  মৃত্যুপুরীতে৷আজকালের অন্য একটি খবরে লেখা হয়েছে, অমৃতসর দুর্ঘটনার কারণ মোবাইল মগ্নতা। মোবাইলে চলছে লাইভ, ভিডিও কল। ফলে তাদের কারও খেয়াল নেই যে দূরপাল্লার ট্রেন এসেছে।

কন্যাদের সুরক্ষা দিতে পারে আরএসএস শাখাগুলি, মন্তব্য সত্যার্থীর-দৈনিক সংবাদ প্রতিদিন

দেশের শিশু ও কন্যা সন্তানদের নিরাপত্তার ব্যাপারে আশার আলো দেখাতে পারে একমাত্র রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শাখাগুলি, গতকার নাগপুরে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমনই মন্তব্য করেছেন নোবেলজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থী। তিনি বলেন, কাজের জায়গা ও পরিবারে এখনও দেশের মহিলারা সবচেয়ে বেশি অত্যাচারের শিকার। যা মোটেই শুভ ইঙ্গিত নয়। সেই দিকে অবশ্যই নজর দেওয়া প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে দেশে মহিলার উপর একের পর এক অপরাধের ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, তিনি জানিয়েছেন, ভারত যদি কয়েকশো সমস্যার দেশ হয়, তাহলে এ দেশ বহু সমস্যার সমাধানেরও।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২০