অক্টোবর ২৩, ২০১৮ ১২:৪৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৩ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল-দৈনিক যুগান্তর
  • প্রধানমন্ত্রীর ইঙ্গিত-ভোটের সময় ‘ছোট মন্ত্রিসভা’ নাও হতে পারে-দৈনিক প্রথম আলোব্যারিস্টার মইনুলকে কারাগারে পাঠানোর
  • আদেশ-দৈনিক প্রথম আলো
  • মোহাম্মদপুরে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩-দৈনিক ইত্তেফাক
  • সরকারি চাকরি আইন সংবিধান পরিপন্থি ও বৈষম্যমূলক: টিআইবি-দৈনিক মানবজমিন
  • শাসক শ্রেণী ডাকসু নির্বাচনকে ভয় পায় : অধ্যাপক সিরাজুল ইসলাম-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • নাগরিকপঞ্জির প্রতিবাদে ১২ ঘণ্টার অসম বনধে বিপর্যস্ত জনজীবন-দৈনিক আনন্দবাজার
  • শাশুড়িকে তালাবন্ধ করে ভ্রমণে বউমা, খিদের জ্বালায় কান্না বৃদ্ধার- দৈনিক সংবাদ প্রতিদিন
  • তিন সেনা জওয়ানের মৃত্যুতে পাক দূতাবাসের আধিকারিককে ভর্ৎসনা ভারতের-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

ব্যারিস্টার মইনুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে পাঠানোর আদেশ-দৈনিক প্রথম আলো

রংপুরে করা মানহানির এক মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ দুপুরের দিকে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম শুনানি নিয়ে এই আদেশ দেন। টক শোতে নারীর প্রতি বিদ্বেষপূর্ণ মন্তব্য করার অভিযোগে গতকাল রংপুর মুখ্য মহানগর হাকিমের আদালতে মিলি মায়া বেগম নামের এক নারী মানহানির মামলা করেন। ওই মামলায় বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

দৈনিকটির অন্য একটি খবরে বিএনপি নেতা রিজভী বলেছেন, মানহানির মামলায় মইনুলকে গ্রেপ্তার নজিরবিহীন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে ব্যাহত করতেই এই গ্রেপ্তার। আর ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপরাধের কারণেই মঈনুল হোসেন গ্রেফতার।এদিকে ইত্তেফাকের খবরে বলা হয়েছে, ব্যারিস্টার মইনুলকে গ্রেফতারের প্রতিবাদে সুপ্রিমকোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেছেন। 

প্রধানমন্ত্রীর ইঙ্গিত-ভোটের সময় ‘ছোট মন্ত্রিসভা’নাও হতে পারে-দৈনিক প্রথম আলো

একাদশ সংসদ নির্বাচনের সময় মন্ত্রিসভার আকার ছোট না–ও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখনকার মন্ত্রিসভায় ‘সব দলের’ প্রতিনিধিই আছেন। নির্বাচনকালীন সরকারের আকার ছোট করা হলে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হতে পারে। গতকাল গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে,  ইসি সচিব বলেছেন, জামায়াতকে নির্বাচন থেকে দূরে রাখার আইন নেই।

বাংলাদেশ জামায়াত ইসলামীকে নির্বাচন থেকে দূরে রাখার আইন নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ। আজ সকালে ঘাতক-দালাল নির্মুল কমিটি ইসির সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যদের স্বতন্ত্র বা জোটগতভাবে নির্বাচন থেকে বিরত রাখার দাবি জানিয়েছে ঘাতক-দালাল নির্মুল কমিটি। সেই প্রেক্ষিতে ইসি সচিব এ কথা বলেন।

সরকারি চাকরি আইন সংবিধান পরিপন্থি ও বৈষম্যমূলক: টিআইবি-দৈনিক মানবজমিন

ফৌজদারি অপরাধে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের আগে সরকারের কাছ থেকে অনুমতি নেয়ার বিধান রেখে খসড়া ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ জাতীয় সংসদে উত্থাপিত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আইনটিকে সংবিধান পরিপন্থি ও বৈষম্যমূলক হিসেবে মনে করছে তারা। দক্ষ, জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন নিশ্চিতে আইনটি পাস না করার জন্য জাতীয় সংসদের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি। গতকাল এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান একথা বলেন।

শাসক শ্রেণী ডাকসু নির্বাচনকে ভয় পায় : অধ্যাপক সিরাজুল ইসলাম-দৈনিক নয়া দিগন্ত

বাম গণতান্ত্রিক জোটের গণঅবস্থানে সংহতি জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, সারা দেশের সর্বস্তরের জনগণ অবিলম্বে ডাকসু নির্বাচন দাবি করেছে। অথচ সরকার ডাকসু নির্বাচন দিতে রাজি না। নিয়মিত ডাকসু নির্বাচন হলে দেশে সাংস্কৃতিক অঙ্গন মুখরিত হয়ে উঠবে। রাজনৈতিক কর্মকাণ্ড বিকশিত হবে। নেতৃত্ব সৃষ্টি হবে। অথচ এ শাসক শ্রেণী ডাকসু নির্বাচনকে ভয় পায়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ বাম গণতান্ত্রিক জোটের গণঅবস্থানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

নাগরিকপঞ্জির প্রতিবাদে ১২ ঘণ্টার অসম বনধে বিপর্যস্ত জনজীবন-দৈনিক আনন্দবাজার

সংশোধিত নাগরিকত্ব বিলের প্রতিবাদে ডাকা ১২ ঘণ্টার অসম বনধে মঙ্গলবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ট্রেন রুখে দেন বিক্ষোভকারীরা। ভোর থেকেই তাঁদের রেল লাইনের ওপর বসে থাকতে দেখা যায়। শেষ পর্যন্ত অসমের বিভিন্ন জায়গায় ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ। শুধুই ট্রেন চলাচল নয়, ৪৬টি সংগঠনের ডাকা অসম বনধে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় টায়ার পুড়িয়ে যান চলাচল ব্যাহত করারও চেষ্টা চলে। কোথাও কোথাও পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নিরাপত্তায় সরকারি বাস চালানো হয়। তবে গুয়াহাটিসহ অসমের অনেক জায়গারই রাস্তাঘাট সকাল থেকে সুনসান ছিল। খোলেনি বাজার, দোকানপাটও।

অসমের নাগরিকত্ব বিলের সংশোধনীটি সংসদের শীতকালীন অধিবেশনেই পাশ করাতে চাইছে মোদী সরকার। তারই প্রতিবাদে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিসহ ৪৬টি সংগঠন এ দিন ১২ ঘণ্টার বনধ ডাকে অসমে। তাতে কংগ্রেস এবং এআইএডিএফ-এর মতো রাজনৈতিক দলগুলিও সমর্থন জানায়।

শাশুড়িকে তালাবন্ধ করে ভ্রমণে বউমা, খিদের জ্বালায় কান্না বৃদ্ধার-দৈনিক সংবাদ প্রতিদিন

দরজায় পেল্লাই তালা ঝুলছে। পিছনের জানালা দিয়ে এক অস্ফুট স্বর ভেসে আসছিল। সেই স্বর শুনে প্রতিবেশীরা বাড়ির দিকে যেতেই দেখা গেল,  আনন্দময়ী ভট্টাচার্য নামে এক বৃদ্ধা কোনওক্রমে জানলা ধরে দাঁড়িয়ে রয়েছেন। প্রতিবেশীরা তাঁর কাছে পৌঁছাতেই বৃদ্ধা ক্ষীণ স্বরে জানান,  বউমা তাঁকে বাড়িতে তালাবন্ধ করে পুজোয় বেড়াতে চলে গিয়েছেন। খাবার শেষ হয়ে যাওয়ায় তিনদিন তিনি মুড়ি ও বিস্কুট খেয়ে কাটিয়েছেন। রবিবার থেকে জলও শেষ হয়ে গিয়েছে। এর পর পুলিশ ডেকে এলাকার লোকজন তালা ভেঙে তাঁকে বের করে আনতে সময় নেননি। শরীর দুর্বল হয়ে পড়ায় আনন্দময়ীদেবীকে আকলপুর স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করানো হয়। সোমবার এই ধরনের অমানবিক ঘটনার সাক্ষী রইল জামুড়িয়া।

তিন সেনা জওয়ানের মৃত্যুতে পাক দূতাবাসের আধিকারিককে ভর্ৎসনা ভারতের-দৈনিক আজকাল

রোববার অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিল দুই পাক অনুপ্রবেশকারী। তাদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে তিন সেনা জওয়ান ও দুই অনুপ্রবেশকারী নিহত হয়। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনের এক পদস্থ কর্মকর্তাকে তলব করা হলো। তীব্র প্রতিবাদও করা হল গোটা ঘটনার। বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান যেভাবে সীমান্তে উসকানি দিয়ে চলেছে তার কঠোরতম প্রতিবাদ করা হয়েছে। 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩