অক্টোবর ২৫, ২০১৮ ১২:৩৩ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৫ অক্টোবর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আবার ক্ষমতায় এলে বিমানবাহিনী আরও আধুনিক হবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • ‘তল্লাশি চৌকিতে পুলিশের আচরণ অনেক বেশি পেশাদারি-ডিএমপি কমিশনার-দৈনিক প্রথম আলো
  • শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ইসি-দৈনিক ইত্তেফাক
  • বাধা খেলোয়াড়দের নিরাপত্তা, বিএনপি বলছে অজুহাত-দৈনিক মানবজমিন
  • অনির্বাচিত সংসদে কালাকানুন পাসের হিড়িক চলছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

ভারতের শিরোনাম:

  • ‘নিধিরাম সর্দার’ বিএসএফ, গুলি চালানোর হুকুমও নেই!-দৈনিক আনন্দবাজার
  • হাই কোর্টের নির্দেশে পদ খোয়ালেন তামিলনাড়ুর ১৮ বিধায়ক, স্বস্তিতে এআইএডিএমকে-দৈনিক সংবাদ প্রতিদিন
  • ‘নির্বাসিত’ সিবিআই প্রধানের বাড়ির সামনে সন্দেহজনক ঘোরাঘুরি, গ্রেফতার চার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-

আবার ক্ষমতায় এলে বিমানবাহিনী আরও আধুনিক হবে: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

আগামীতে ক্ষমতায় এলে বাংলাদেশ বিমানবাহিনীকে আরও আধুনিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে যশোরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সামনে নির্বাচন- যদি আবার ক্ষমতায় আসতে পারি, আরও পরিকল্পনা আছে বিমানবাহিনীর জন্য, সেগুলো করব। তিনি বলেন, আমরা কারও সঙ্গে যুদ্ধ চাই না। তবে আঘাত এলে দেশকে শত্রুমুক্ত করতে এবং সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে।

শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ইসি-দৈনিক ইত্তেফাক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগমুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এরই অংশ হিসেবে আগামী ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকেছে কমিশন। প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ বিষয়ক এ সভায় জাতীয় নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণসহ ১১টি এজেন্ডা নিয়ে আলোচনার কথা রয়েছে। অপরদিকে তফসিল ঘোষণার আগে ভোটার তালিকার সিডি প্রস্তুত ও জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রম আগামী পহেলা নভেম্বরের মধ্যে শেষ করতে সকল নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগকে নির্দেশনা দিয়ে চিঠি জারি করা হয়েছে। খবরটিতে আরো বলা হয়েছে,ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন না হলেও আগামী ২৭ অক্টোবর দেশের ৮টি অঞ্চলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেলা আয়োজন করতে যাচ্ছে ইসি।

‘তল্লাশি চৌকিতে পুলিশের আচরণ অনেক বেশি পেশাদারি-ডিএমপি কমিশনার-দৈনিক প্রথম আলো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশের মধ্যে পেশাদারি মনোভাব অনেক বেড়েছে। আগে যেখানে প্রতিদিনই অভিযোগ পাওয়া যেত, এখন তা অনেক কম। আগের তুলনায় ৫ শতাংশ অভিযোগও পাওয়া যায় না। আজ বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। এখন মাস গেলেও পাই না। কিছুদিন আগে ট্রাফিক সিগন্যালে এক নারীর ভিডিও ভাইরাল হয়। আপনারা দেখেছেন কীভাবে পুলিশ সদস্যরা বিনীতভাবে তাঁকে ট্রাফিক আইন মানতে অনুরোধ করছেন।’

২২ অক্টোবর ঢাকার রাস্তায় গভীর রাতে পুলিশের চৌকিতে তল্লাশির নামে এক নারী হেনস্তার শিকার হন। ওই নারীর সঙ্গে দুর্ব্যবহারের সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওটি যিনি ছড়িয়ে দিয়েছেন, তিনি নিজেকে বাংলাদেশ পুলিশের একজন কনিষ্ঠ কর্মকর্তা বলেও পরিচয় দেন। এ ঘটনার বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, কেউ অপেশাদার আচরণ করলে ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের মতিঝিল ডিভিশনকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।। তারা কাজ শুরু করেছে।

বাধা খেলোয়াড়দের নিরাপত্তা, বিএনপি বলছে অজুহাত-দৈনিক মানবজমিন

২৬ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ। আর এই ম্যাচে খেলোয়াড়দের নিরাপত্তায় বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা সিএমপির। ফলে ২৭ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের অনুমতি কোনভাবেই মিলছে না বলে জানিয়েছেন সিএমপি উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ। 

অনির্বাচিত সংসদে কালাকানুন পাসের হিড়িক চলছে : রিজভী-দৈনিক নয়া দিগন্ত

জাতীয় সংসদে বিনা ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা কালা কানুন পাসের হিড়িক চলছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের পর জাতীয় সংসদে ভোটারবিহীন সংসদ সদস্যদের এখন পর্যন্ত ২৩টি অধিবেশন বসেছে এর মধ্যে প্রায় দুই শত আইন পাস করেছে তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে নিরঙ্কুশ একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্যই এ গণবিরোধী খারাপ আইনগুলো পাস করিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সেইসাথে দেশজুড়ে নেতাকর্মীদের নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আজ বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

‘নির্বাসিত’ সিবিআই প্রধানের বাড়ির সামনে সন্দেহজনক ঘোরাঘুরি, গ্রেফতার চার-দৈনিক আজকাল/আনন্দবাজার

সিবিআই–এর অভ্যন্তরীন ঝামেলার কথা এখন গোটা দেশের সামনে। ইতিমধ্যে ছুটিতে পাঠানো হয়েছে দুই শীর্ষ অধিকর্তা অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে। সিবিআইয়ের শীর্ষপদে বসেছেন এম নাগেশ্বর রাও। এই ঘটনায় কার্যত বিপাকে মোদি সরকারও। এর মধ্যেই অলোক বর্মার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হল ৪ সন্দেহভাজনকে। বৃহস্পতিবার সকালে নির্বাসিত সিবিআই প্রধান অলোক বর্মার দিল্লির বাড়ির বাইরে থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। ওই চারজন দীর্ঘক্ষণ ধরে বাড়ির দিকে নজরদারি করছিল বলে অভিযোগ। ধৃতরা প্রত্যেকেই গোয়েন্দা বিভাগের। তাঁরা অলোক বর্মার ওপর নজরদারি করছিলেন।

হাই কোর্টের নির্দেশে পদ খোয়ালেন তামিলনাড়ুর ১৮ বিধায়ক, স্বস্তিতে এআইএডিএমকে-দৈনিক সংবাদ প্রতিদিন

মাদ্রাজ হাই কোর্টে বড়সড় স্বস্তি পেল তামিলনাড়ুর চলতি এআইএডিএমকে সরকার। দলেরই ১৮ জন সদস্যের বিধায়ক পদ বাতিল করার সিদ্ধান্তই বহাল রাখল মাদ্রাজ হাই কোর্ট। ফলে মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর সরকারের অকাল পতনের আর কোনও সম্ভাবনা আপাতত রইল না। অন্যদিকে বড়সড় ধাক্কা খেল শশিকলা, টিটিভি দিনাকরণ শিবির।

জয়ললিতার মৃত্যুর পর কার্যত দুভাগ হয়ে গিয়েছে তাঁর দল এআইএডিএমকে। একদিকে, মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী ও উপ মুখ্যমন্ত্রী ও পনিরসেলভম। অন্যদিকে, প্রাক্তন পার্টি সুপ্রিমো ভি কে শশিকলা এবং তাঁর ভাইপো টিটিভি দিনাকরণ। দুর্নীতির দায়ে এই মুহূর্তে জেলে শশিকলা। তাঁর অনুপস্থিতিতে সরকার গড়ে পালানি-পনির গোষ্ঠী। কিন্তু সেই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়েন দিনাকরণ। দিনাকরণ শিবিরের সমর্থক এই ১৮ জন বিধায়ক রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর পরিবর্তন চেয়ে চিঠি লেখেন । তাঁরা জানান, দল হিসেবে এআইএডিএমকের প্রতি তাদের আস্থা থাকলেও মুখ্যমন্ত্রী পালানির অবসারণ চান তারা। এই চিঠিটি লেখার পরই দলবিরোধী কাজের জন্য ওই বিধায়কদের সাসপেন্ড করেন স্পিকার পি ধনপাল। ধনপালের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন টিটিভি দিনাকরণ। কিন্তু আদালতেও তাঁর আবেদন ধোপে টিকল না।

২০১৯ সালে বিজেপি ফিনিশের বার্তা নিয়ে ব্রিগেড সমাবেশ তৃণমূলের, ঘোষণা পার্থর-দৈনিক আনন্দবাজার

লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। বৃহস্পতিবার দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, আগামী ১৯ জানুয়ারি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সবাইকে একজোট করতে ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়েছে।

এ দিনের বৈঠকে পার্থ বলেন, ‘‘আমাদের উৎসব প্রায় শেষের দিকে। রাজনৈতিক দল হিসেবে তৃণমূল যেমন সকলের পাশে থাকে, তেমন আমাদের রাজনৈতিক দায়িত্বও পালন করতে হয়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়তে আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডে জনসভার ডাক দেওয়া হয়েছে। ব্রিগেডে এ বারের স্লোগান হবে, ২০১৯, বিজেপি হবে ফিনিশ।’’ বিজেপি এ রাজ্যে একটি আসনও পাবে না বলে দাবি করে পার্থবাবু বলেন, ‘‘দিলীপ ঘোষ এখনই বিসর্জনের বাজনা নিয়ে ঘুরতে পারেন। কারণ, ওরা যতই চেষ্টা করুক, এখানে বিজেপি একটি আসনও পাবে না।’’

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫