একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ২৭ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- বিতর্কিত ইভিএমে পাতানো নির্বাচন করতে চায় ইসি: রিজভী-দৈনিক প্রথম আলো
- ভোটারের স্বার্থ রক্ষার জন্যই ইভিএম: সিইসি-দৈনিক ইত্তেফাক
- চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ-দৈনিক কালের কণ্ঠ/ইত্তেফাক
- চট্রগ্রামে জাতীয় ঐক্যফ্রণ্টের সমাবেশ-দৈনিক যুগান্তর
- সমগ্র বাংলাদেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে: প্রধানমন্ত্রী-দৈনিক মানবজমিন
- বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল মুখোশ : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- শবরীমালায় গ্রেফতার হওয়া ভক্তদের পাশে অমিত শাহ, তোপ কেরলের বাম সরকারকে-দৈনিক আনন্দবাজার
- সিবিআইয়ের পর এবার আরবিআই! মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন ডেপুটি গভর্নর-দৈনিক সংবাদ প্রতিদিন
- রাফায়েল চুক্তি নিয়ে মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা কেন্দ্রের-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
ভোটারের স্বার্থ রক্ষার জন্যই ইভিএম: সিইসি-দৈনিক ইত্তেফাক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা বলেছেন, ‘ভোট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, ভোট প্রদানের স্থায়ী সমাধান এবং ভোটারের স্বার্থ রক্ষার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি চালু করা হয়েছে। এতে করে ভোটের রাতে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহারা দেওয়ার প্রয়োজন হবে না। একই সঙ্গে এ পদ্ধতিতে ব্যালট পেপার ছিনতাই, রাতেই ব্যালট বাক্স ভর্তি এবং একজনের ভোট অন্যজনে দেওয়ার কোন সুযোগ থাকবে না।’শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনের আয়োজনে খুলনা নগরীর পাবলিক হল (জিয়া হল) চত্বরে ইভিএম প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিতর্কিত ইভিএমে পাতানো নির্বাচন করতে চায় ইসি: রিজভী-দৈনিক প্রথম আলো
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, বিভিন্ন দেশে প্রত্যাখ্যাত ও বিতর্কিত ইভিএম ব্যবহার করে নির্বাচন কমিশন (ইসি) পাতানো নির্বাচন করতে চাইছে। জনগণের সব মতামত উপেক্ষা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করতে দেশের আটটি অঞ্চলে ইভিএম মেলা করতে যাচ্ছে ইসি। ভোট কারচুপির জন্য সরকারি হুকুমেই এটা করা হচ্ছে। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেন এ অভিযোগ করেন রিজভী। আজ খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও কুমিল্লায় ইভিএম মেলা অনুষ্ঠিত হচ্ছে। রিজভী এই মেলা প্রত্যাখ্যান করেন। রিজভী বলেন, ইভিএম মেলায় বিএনপি বা এর অঙ্গ–সংগঠনের কোনো নেতা-কর্মী অংশগ্রহণ করবেন না।
রিজভী আরও বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এবং হবেও না। তাঁর অধীনে নির্বাচনে যাওয়ার প্রশ্নই ওঠে না। বিএনপি যে নির্বাচন করবে, সেটি নিরপেক্ষ সরকারের অধীনে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে।
দক্ষিণাঞ্চলে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা: প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর/দৈনিক মানবজমিন
দক্ষিণাঞ্চলে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলকে ঘিরে সরকারের মহাপরিকল্পনা রয়েছে। এ অঞ্চলের মানুষ সুন্দরভাবে বাঁচবে। শনিবার বেলা ১টার দিকে পটুয়াখালী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র পুনর্বাসন প্রকল্পসহ ২১টি প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, এ অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ফলে শুধু মানুষের ঘরে ঘরেই বিদ্যুৎ যাবে না, কারখানাও গড়ে উঠবে, কৃষির যান্ত্রিকীকরণ করবো।
তিনি বলেন, এ এলাকার মানুষ আর কষ্ট পাবে না। জীবনমান উন্নত হবে। এখানে যাতে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়, সে ব্যবস্থাই করছি। এই এলাকায় এনএলজি টার্মিনাল করবো।
এসব উন্নয়ন করতে যেয়ে মানুষ যাতে গৃহহীন হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলেও জানান তিনি।
বিএনপি নির্বাচনে এলে আমাদের পরিকল্পনা ভিন্ন: এরশাদ-দৈনিক মানবজমিন
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এলে আমাদের এক ধরনের পরিকল্পনা রয়েছে। আর তারা না এলে আমারা ৩০০ আসনেই নির্বাচনের জন্য প্রস্তুত আছি। আজ সকাল ১১টায় জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ডিজিটাল প্রচারণার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, এখন আমাদের কোন শঙ্কা কিংবা আশংঙ্কা নেই । নির্বাচনে জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এ নিয়ে কোন দ্বিধা নেই। জাতীয় পার্টি এখন অনেক বেশী শক্তিশালী রাজনৈতিক দল এবং সুধীর অবস্থানে আছে। মাঠে এখন আওয়ামী লীগ এবং জাপা রয়েছে। আর বিএনপি এলে তারা থাকবে ।
বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল মুখোশ : তথ্যমন্ত্রী-দৈনিক নয়া দিগন্ত
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি ঐক্যফ্রন্টের মুখ এবং ড. কামাল হোসেন মুখোশ। তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাত দফা দাবির আড়ালে রয়েছে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির উদ্দেশ্য। তারা একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে বিএনপি-জামায়াতকে রাজনীতির মাঠে পূর্নবাসন করতে চায়। শনিবার সকালে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের ইনু এ কথা বলেন।
আওয়ামী লীগের ৭০ সাংসদ ঝুঁকিতে-প্রথম আলো
ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ক্ষমতাসীন আওয়ামী লীগও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট এখনো নির্বাচনে অংশ নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের এক যৌথ সভার পর দলের নেতাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচনী এলাকা ও সাংসদদের অবস্থা নিয়ে বিভিন্ন সংস্থা দিয়ে করা একাধিক জরিপ প্রতিবেদন তাঁর কাছে আছে। এসব প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে তিনি ইঙ্গিত দিয়েছেন, অন্তত ৭০ জন সাংসদের অবস্থা ভালো নয়। প্রধানমন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দেওয়া হবে না। কাউকে মনোনয়ন থেকে বাদ দেওয়া হলেও যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তাঁর পক্ষে কাজ করতে হবে। কেউ পরোক্ষ বা প্রত্যক্ষভাবে বিরোধিতা করলে তাৎক্ষণিকভাবে আজীবন বহিষ্কার করা হবে। অতীতে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তি দিয়ে ক্ষমা করা হয়েছে। এবার আর তা করা হবে না।
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ-দৈনিক কালের কণ্ঠ/ইত্তেফাক/প্রথম আলো
সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। শনিবার দুপুর ১২টার পর তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন। জাতীয় গণগ্রন্থাগারের ভেতরে সংগঠিত হয়ে মিছিল নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। চাকরিতে ঢোকার বয়স বাড়ানোর দাবিতে 'পঁয়ত্রিশ পঁয়ত্রিশ' বলে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
শবরীমালায় গ্রেফতার হওয়া ভক্তদের পাশে অমিত শাহ, তোপ কেরলের বাম সরকারকে- দৈনিক আনন্দবাজার
কেরল পুলিশের হাতে গ্রেফতার হওয়া শবরীমালা মন্দিরের ২ হাজার ৮২৫ ভক্তের পাশে দাঁড়ালেন বিজেপি সভাপতি অমিত শাহ। পাশাপাশি ভক্তদের বিরুদ্ধে পুলিশি অভিযান চালানোর জন্য কেরলের বাম সরকারকেও এক হাত নিয়েছেন তিনি।
অমিত শাহ-এর দাবি, ‘‘কেরলে চলছে ধর্মীয় বিশ্বাস আর সরকারি নিষ্ঠুরতার মধ্যে সংঘর্ষ। এই ইস্যুর সুযোগ নিয়ে বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের ওপর অত্যাচার চালাচ্ছে কেরলের বাম সরকার। আমাদের দলের হাজার হাজার কর্মী এখন জেলবন্দি।’’ শনিবার কেরলের কান্নুর বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর একটি জনসভায় এই বক্তব্য রাখেন বিজেপি সভাপতি।
রাফায়েল চুক্তি নিয়ে মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা কেন্দ্রের-দৈনিক আজকাল
ফরাসি যুদ্ধবিমান রাফালে জেট কেনার চুক্তি নিয়ে শনিবার সুপ্রিম কোর্টে মুখবন্ধ খামে বিস্তারিত রিপোর্ট জমা দিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে বিচারপতি এস কে কওল এবং বিচারপতি কে এম জোসেফের তিন সদস্যের বেঞ্চে এদিন রিপোর্ট জমা দেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। আগামী ২৯ নভেম্বর এই মামলার শুনানি। প্রসঙ্গত, ২০১২ সালে তৎকালীন ইউপিএ সরকার ফ্রান্স থেকে ১৮টি যুদ্ধবিমান কেনা এবং ফ্রান্সের সহযোগিতায় ১০৮টি যুদ্ধবিমান রাষ্ট্রীয় যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা হ্যালে তৈরি করা নিয়ে চুক্তি স্বাক্ষর করেছিল। বর্তমান এনডিএ সরকার সেই চুক্তি বাতিল করে ফরাসি যুদ্ধবিমান প্রস্তুতকারী সংস্থা দাঁসো এভিয়েশনের তৈরি ৩৬টি রাফালে জেট কেনার নতুন চুক্তি করেছিল। কিন্তু বিরোধীদের দাবি, বিমানের প্রকৃত ক্রয়মূল্যের তথ্য দিচ্ছে না কেন্দ্র।
সিবিআইয়ের পর এবার আরবিআই! মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন ডেপুটি গভর্নর-দৈনিক সংবাদ প্রতিদিন
সিবিআই নিয়ে দেশজুড়ে ডামাডোল। এমনিতেই চরম অস্বস্তিতে মোদি সরকার। এরই মধ্যে নয়া অস্বস্তি সামনে এল। এবার আর্থিক ক্ষেত্রে। সিবিআই কর্তাদের মতো আরবিআই কর্তারাও যে মোদি সরকারের কাজে সন্তুষ্ট নয়, তা প্রকাশ পেল শীর্ষ ব্যাংকের ডেপুটি গভর্নরের কথায়। ভিরাল আচার্য্য বললেন, কেন্দ্র টি-২০ খেলছে, আমরা টেস্ট খেলি। মূলত কেন্দ্রীয় ব্যাংকের কার্যকলাপে কেন্দ্রের বিধি নিষেধ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর।
কদিন আগেই সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় রিজার্ভ ব্যাংকের গভর্নর উর্জিত প্যাটেলের সঙ্গে অর্থমন্ত্রী অরুণ জেটলির সম্পর্ক এখন আদায় কাঁচকলায়। একসময় নরেন্দ্র মোদির প্রথম পছন্দ উর্জিত এখন জেটলির চক্ষুশূল। তার কারণ মূলত বিভিন্ন ব্যাংক জালিয়াতির অভিযোগ। জেটলির দাবি, জালিয়াতির যত ঘটনা ঘটছে তাতে কেন্দ্রের থেকেও বেশি দায়ী ব্যাংকগুলি। অথচ, সমালোচনার শিকার হতে হচ্ছে শুধু রাজনীতিবিদদের।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭