অক্টোবর ২৮, ২০১৮ ১২:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ অক্টোবর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম

  • পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করার পরামর্শ কাদেরের-দৈনিক ইত্তেফাক
  • ইসি আ.লীগের এজেন্ডা বাস্তবায়নে তৎপর: রিজভী-দৈনিক প্রথম আলো
  • জনবান্ধব কর্মসূচিতে নেই রাজনৈতিক দল-দৈনিক যুগান্তর
  • পরিবহন ধর্মঘটে সারাদেশে তীব্র জনদুর্ভোগ, অচল জীবনযাত্রা-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:

  • গ্রেপ্তার আইএস সন্দেহভাজন, বানচাল বড়সড় নাশকতার ছক-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বড় ধাক্কা মোদির, প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প-দৈনিক আজকাল
  • বিষ ছড়িয়ে পড়ছে, সাবধান না হলে ভবিষ্যৎ কঠিন-দৈনিক আনন্দবাজার

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তনের জন্য বাংলাদেশে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রোববার ভোর থেকে সারা দেশে শ্রমিকদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন- আইন পরিবর্তনের সুযোগ নেই। বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী? 

২. সিরিয়া ইস্যুতে গতকাল তুরস্কের ইস্তাম্বুল শহরে একটি শীর্ষ বৈঠক হয়েছে। এতে অংশ নেয়া দেশগুলো সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দাবি থেকে সরে গেছে। কী বলবেন আপনি

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করার পরামর্শ কাদেরের-দৈনিক ইত্তেফাক

পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টার ধর্মঘটের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে তো পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।’ আজ রবিবার রাজধানীর সেতু ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে বলতে চাই, ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই।

যাত্রীদের হেনস্তা, চালকের মুখে পোড়া মবিল-দৈনিক যুগান্তর

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে যাত্রী ও চালকদের হেনস্তা করেছেন পরিবহন শ্রমিকরা। তাদের নৈরাজ্য থেকে রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও নিস্তার পাচ্ছে না। রাজধানীর যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় দেখা গেছে- ব্যক্তিগত গাড়ি, অটোরিকশা ও রিকশা থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে হয়রানি করা হয়েছে। এ সময় প্রাইভেটকারচালকদের মুখে কালো রঙ, পোড়া মবিল ও আলকাতরা মেখে দিচ্ছেন শ্রমিকরা।লাঞ্ছিত করা হচ্ছে সাধারণ যাত্রীদেরও। জনভোগান্তির ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ফটোসাংবাদিকরা।রোববার সকাল থেকে এ ধর্মঘটে গণপরিবহন বন্ধ রাখার কথা থাকলেও যাত্রাবাড়ীতে অটোরিকশা এবং ব্যক্তিগত গাড়ি চলতেও বাধা দেয়া হয়।

পরিবহন ধর্মঘটে সারাদেশে তীব্র জনদুর্ভোগ, অচল জীবনযাত্রা-দৈনিক মানবজমিন

সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনসহ আট দফা দাবিতে আজ রোববার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ধর্মঘটের প্রথম দিনে গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীসহ সারাদেশে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। অচল হয়ে পড়েছে জীবন যাত্রা।  

জনবান্ধব কর্মসূচিতে নেই রাজনৈতিক দল-দৈনিক যুগান্তর

রাজনৈতিক দলগুলোকে তাদের অধিকাংশ কর্মকাণ্ড পরিচালনার জন্য নির্ভর করতে হয় তরুণদের ওপর। আর নারীর ভোট ছাড়া কোনো রাজনৈতিক দলের পক্ষেই জয়ী হওয়া সম্ভব নয়। কিন্তু ভোটারদের মধ্যকার এই দুই গোষ্ঠীর স্বার্থে রাজনৈতিক দলগুলো তেমন কোনো কর্মসূচি হাতে নেয় না। এমনকি এই দুই গোষ্ঠীর স্বার্থে জাতীয় ও আন্তর্জাতিকভাবে যেসব দিবস পালন করা হয় সেসব দিনেও রাজনৈতিক দলগুলোর কর্মসূচি থাকে না বললেই চলে। বরং ওইসব দিবস হয় সরকারিভাবে নতুবা বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) পালন করে। দেশে তৎপর রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক তৎপরতা বিশ্লেষণ করে এ হতাশার চিত্র পাওয়া গেছে।বর্তমানে সাড়ে ১০ কোটি ভোটারের অর্ধেকই নারী। দেশে এই মুহূর্তে সাড়ে ৫ কোটি তরুণ-যুবশক্তি রয়েছে। এই জনগোষ্ঠীর জন্য জনবান্ধব কোনো কর্মসূচিই নেই রাজনৈতিক দলগুলোর।দেশের বিশিষ্ট নাগরিকরা বলছেন, নারী ও তরুণ শ্রেণী নানা সামাজিক ও ঐতিহ্যগত সমস্যার মধ্যে রয়েছে। এরমধ্যে মাদকাসক্তি, বেকারত্ব, ইভটিজিং, জনসংখ্যার আধিক্য, পরিবেশ বিপর্যয়সহ হরেক রকম সমস্যা আছে।সমস্যার সমাধান ও উন্নয়নমুখী ভাবনা থেকে যুব দিবস, মাদক প্রতিরোধ দিবস, আন্তর্জাতিক নারী দিবসে নানা কর্মসূচি পালিত হয়। একই ভাবে সামাজিক-অর্থনৈতিক সংস্কার এবং উন্নয়নেও প্রতিবছর জাতীয় কিংবা বৈশ্বিকভাবে বিভিন্ন দিবস পালিত হয়ে আসছে।এগুলোর মধ্যে আয়কর, মেধাসম্পদ, প্রবীণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, স্কাউটস, খাদ্য, পরিবেশ, মিতব্যয়িতা ও প্রতিবন্ধী দিবসে ব্যাপক জনসম্পৃক্ততা দেখা যায়।

কিন্তু রাজনৈতিক দল ও রাজনীতিবিদরা জনবান্ধব এসব কর্মকাণ্ডে ন্যূনতম সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখায় না। আবার সামাজিক সংগঠন ও এনজিওরা তাদের আহূত কর্মসূচিতে রাজনীতিবিদদের সেভাবে জড়ো করার তাগিদ অনুভব করে না। সরকারও থাকে গতানুগতিক।এমন পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে রাজনীতি ও রাজনৈতিক কর্মসূচিতে মানুষের আস্থা ও অংশগ্রহণ উভয়ই কমে যাচ্ছে। কর্মসূচি সফল করতে এখন দলগুলোকে লোকজন জোগাড়ের চিন্তাও মাথায় রাখতে হচ্ছে।এমন চিত্রকে রাজনৈতিক বিশ্লেষকরা আগামী দিনের রাজনীতি ও গণতন্ত্রের জন্য বড় ধরনের অশনি সংকেত হিসেবেই দেখছেন।

ইসি আ.লীগের এজেন্ডা বাস্তবায়নে তৎপর: রিজভী-দৈনিক প্রথম আলো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনের সচিব আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, আত্মবিক্রয় করা কয়েকজন লোক দিয়ে নির্বাচন কমিশন পরিচালিত হচ্ছে। তাঁরা সমস্ত শক্তি দিয়ে জনগণের ভোটাধিকার চিরদিনের জন্য হরণ করে নিতে শেখ হাসিনার মনোবাঞ্ছা পূরণে নিরন্তর কাজ করছেন।আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

ভারতের গুরুত্বপূর্ণ খবর

বিষ ছড়িয়ে পড়ছে, সাবধান না হলে ভবিষ্যৎ কঠিন-দৈনিক আনন্দবাজার

দমদম পার্কে দিনেদুপুরে প্রকাশ্যে দুষ্কৃতীরা এসে গুলি চালিয়ে চলে গেল এক প্রোমোটারকে। এবং আরও এক বার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির চিত্রটা। আইনের শাসনের দাপটকে বুড়ো আঙুল দেখিয়ে দুষ্কৃতীদের দৌরাত্ম্য ও স্পর্ধা যে বাড়ছে দিনের পর দিন, এটা বুঝতে রকেটবিজ্ঞানী হওয়ার প্রয়োজন পড়ে না। এই জায়গাটাতেই এ বার নজর দেওয়ার দরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। সাম্প্রতিক কালেই খাস কলকাতার বুকে এ রকমই বেশ কিছু ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছে। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় বসে এই সব দৌরাত্ম্যমূলক ঘটনা আসলে দেখিয়ে দেয় প্রশাসনের জীর্ণ চেহারাটাকেই।এই রাজ্য এক সময় মস্তানরাজের দাপট দেখেছে। সে দাপটের তীব্রতার রেশ জনজীবনে দীর্ঘ দিন থেকে এসেছে।

গ্রেপ্তার আইএস সন্দেহভাজন, বানচাল বড়সড় নাশকতার ছক-দৈনিক সংবাদ প্রতিদিন

পুলিশের জালে ধরা পড়ল সন্দেহভাজন আইএস জঙ্গি ৷ উত্তরপ্রদেশের বুলন্দশহর থেকে গ্রেপ্তার করা হয় তাকে৷ ধৃতের নাম মহম্মদ জাহিদ৷ পাকিস্তানি জঙ্গিগোষ্ঠীর কাছে তথ্য পাচারের অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে৷ দীপাবলিতে বড়সড় নাশকতার ছক কষেছিল সে৷ তার আগেই জঙ্গির গ্রেপ্তারির ঘটনায় কিছুটা হলেও আশঙ্কামুক্ত প্রশাসনিক আধিকারিকরা৷

উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখা এবং মহারাষ্ট্র পুলিশের যৌথ অভিযানে ব্রহ্মস মিসাইল পরীক্ষাস্থল থেকে ধরা পড়ে এক সন্দেহভাজন জঙ্গি৷ নিশান্ত আগরওয়াল নামে ওই জঙ্গিকে মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার করা হয়৷

বড় ধাক্কা মোদির, প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথির আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প-দৈনিক আজকাল

প্রধানমন্ত্রী এবং বিজেপির বিদেশনীতি বড় ধাক্কা খেল। আগামী প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি হওয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য যখন গত অগাস্ট মাসের শুরুতেই দিল্লির তরফে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছিল আনুষ্ঠানিকভাবে, তখন হোয়াইট হাউসের সংবাদমাধ্যম সচিব সারা স্যান্ডার্স বলেছিলেন, তাঁরা আমন্ত্রণপত্র পেয়েছেন। জবাব দেওয়ার সময় কিছুটা দীর্ঘায়িত করা হয়েছে। কিন্তু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তখনই জানিয়ে দেন সারা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮