খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই ফরমায়েশি রায়- রায় প্রত্যাখ্যান: ফখরুল
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ অক্টোবর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম
- খালেদা জিয়াসহ চারজনের ৭ বছর করে কারাদণ্ড-দৈনিক ইত্তেফাক
- আদালতের পর্যবেক্ষণ-এ ধরনের দুর্নীতি রোধে খালেদার কঠোর শাস্তি জরুরি -দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই ফরমায়েশি রায়- রায় প্রত্যাখ্যান: ফখরুল-দৈনিক যুগান্তর
- ইভিএম ব্যবহার: আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন-দৈনিক যুগান্তর
- রায়ের প্রতিবাদে পল্টনে বিক্ষোভ-দৈনিক মানবজমিন
- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যয়ে স্বচ্ছতা নেই-দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- গ্লোবাল হাব হয়ে উঠবে ভারত, টোকিওতে বার্তা মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
- ভোটে জিতলে ১০ দিনের কৃষি ঋণ মওকুফ, মধ্যপ্রদেশে প্রতিশ্রুতি রাহুলের -দৈনিক আজকাল
- অযোধ্যার মামলার শুনানি আগামী জানুয়ারিতে, জানাল সুপ্রিম কোর্ট -দৈনিক আনন্দবাজার
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. ধর্মঘটে অ্যাম্বুলেন্সকে বাধা, শিশুর মুত্যু- প্রায় সব দৈনিকে খবরটি এসেছে। এর সঙ্গে রয়েছে আরেকটি খবর তা হলো- ধর্মঘট এই মুহূর্তে প্রত্যাহার করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। কী বলবেন আপনি?
২. ওমান ফিলিস্তিনিদের পিঠে ছুরি মেরেছে- একথা বলেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।...ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওমান সফর সম্পর্ক হামাস এই বক্তব্য দিয়েছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতেই ফরমায়েশি রায়: ফখরুল-দৈনিক যুগান্তর
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে জিয়া চ্যারিটেবল মামলার রায় ঘোষণা করা হয়েছে বলে দলের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় জানানো হয়েছে।
রায়ের পর সোমবার দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ রায় ফরমায়েশি। আমরা ন্যায়বিচার পাইনি। প্রতিহিংসাপরায়ণ হয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই এ রায় দেয়া হয়েছে। আমরা এ রায় প্রত্যাখ্যান করছি। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনক হচ্ছে- এখন নিম্নআদালতে মানুষ আর ন্যায়বিচার পাচ্ছে না। গোটা দেশে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনীতিকে সম্পূর্ণভাবে দূরে ঠেলে দেয়া হচ্ছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে তারা তাদের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। একদলীয় শাসনব্যবস্থা আবার তারা এখানে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।
খালেদা জিয়াসহ চারজনের ৭ বছর করে কারাদণ্ড-দৈনিক ইত্তেফাক
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও তাদেরকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো ছয়মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। এ নিয়ে পৃথক দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়ার দণ্ড হলো। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তাকে ৫ বছরের সাজা দেয় একই আদালত।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন— সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
এদিকে দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেছে বিএনপি মেতাকর্মীরা।
ইভিএম ব্যবহার: আরপিও সংশোধনের প্রস্তাব অনুমোদন-দৈনিক মানবজমিন
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, ইভিএম কোনো ধরনের নেটওয়ার্কে যুক্ত থাকবে না। এটি হ্যাক করাও যাবে না। এর আগে নির্বাচন কমিশনার কবিতা খানমের নেতৃত্বে আইন সংস্কারের লক্ষ্যে একটি কমিটি করা হয়।আরপিও সংস্কারের বিষয়ে মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামত নেয়া হয়। মাঠ কর্মকর্তা ও সংলাপে পাওয়া সুপারিশ পর্যালোচনা করে এই কমিটি সুপারিশ তৈরি করে। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে সংসদের চলতি অধিবেশনেই তা পাস করতে হবে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
অযোধ্যার মামলার শুনানি আগামী জানুয়ারিতে, জানাল সুপ্রিম কোর্ট -দৈনিক আনন্দবাজার
পিছিয়ে গেল অযোধ্যা মামলার শুনানির দিন। ২০১৯-এর জানুয়ারিতেএই মামলার শুনানির দিন স্থির করা হবে বলে সোমবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আদালত আরও জানিয়েছে, এই মামলার জন্য তৈরি হতে পারে নতুন বেঞ্চ। সেই বেঞ্চই স্থির করবে অযোধ্যা মামলার পরবর্তী শুনানির দিন।
অযোধ্যা নিয়ে ২০১০-এ ইলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলার শুনানি ছিল এ দিন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হলে বিচারপতিরা জানিয়ে দেন জানুয়ারিতেই বিষয়টি স্থির করা হবে।
গত ২৭ সেপ্টেম্বর মামলাটি উঠলে আদালত জানিয়ে দিয়েছিল ২৯ অক্টোবর এর শুনানি হবে। সুপ্রিম কোর্ট কী রায় দেয় তা নিয়ে এ দিন সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। রায় তাদের পক্ষে যাবে কি না সে নিয়েও বিজেপি সতর্ক ছিল। অমিত শনিবারই কেরলে বলেছিলেন, ‘‘আদালতের এমন নির্দেশই দেওয়া উচিত, যা পালন করা সম্ভব। এমন কোনও নির্দেশ দেওয়া উচিত নয়, যাতে মানুষের আস্থায় আঘাত লাগে।’’ অমিতের এই মন্তব্যের পরই বিরোধীরা বলতে শুরু করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের আমলে বিচার বিভাগকে লাগাম পরানো যাবে না বলেই চাপের কৌশল শুরু করেছে বিজেপি।
গ্লোবাল হাব হয়ে উঠবে ভারত, টোকিওতে বার্তা মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
ভারতকে উন্নত করাই তাঁর লক্ষ্য একথা বারবারই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ জাপানে গিয়ে আবারও ভারতকে ‘গ্লোবাল ব্র্যান্ড’ হিসাবে তুলে ধরার স্বপ্নের কথা জানালেন তিনি৷ বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী বিশেষত মোবাইল ফোন প্রস্তুতির মাধ্যমেই দেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে চান বলেই জানান নমো৷ তিনি বলেন, ‘‘আমরা যেকোনও বৈদ্যুতিন সামগ্রী তৈরি করি শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের জন্য৷ বৈদ্যুতিন এবং মোবাইল সামগ্রীর প্রস্তুতিতে ভারত একদিন হয়ে উঠবে গ্লোবাল হাব৷’’ স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তব্য রাখতে গিয়ে মহাকাশে কোনও ভারতীয় ২০২২-এর মধ্যে পা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার জাপান সফরে গিয়েও নিজের পরিকল্পনার কথা তুলে ধরলেন তিনি৷ মোদি বলেন, ‘‘ভারতীয় বিজ্ঞানীরা অল্প খরচে চন্দ্রযান এবং মঙ্গলযান তৈরি করছে৷ ২০২২ সালে আমরা মহাকাশে গগনযান পাঠাবো৷’’ ২০২২ সালের মধ্যেই মহাকাশে ভারতীয়রা পা রাখবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
ভোটে জিতলে ১০ দিনের কৃষি ঋণ মওকুফ, মধ্যপ্রদেশে প্রতিশ্রুতি রাহুলের-আজকাল
মধ্য প্রদেশে সেই কৃষকদের অস্ত্র করেই ভোট বৈতরণী পাড় করতে চাইছে কংগ্রেস। সোমবার মধ্য প্রদেশে উজ্জয়িনীর সভা থেকে রাহুল প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটে জিতলে ১০ দিনের মধ্যে রাজ্যে সব চাষীদের কৃষিঋণ মকুব করবে কংগ্রেস। কৃষকরাই যে এবারে মধ্য প্রদেশের ভোটের মূল ইস্যু সেচা মোক্ষম বুঝেছে কংগ্রেস। কারণ এই একটি ইস্যুতেই শিবরাজ সিং সরকার অনেকটাই বেকায়দায় রয়েছে। বিজেপিকে শক্তিশালী ঘাটিতে ঘুঘুর বাসা করতে হলে কৃষকরাই যে একমাত্র ভরসা তা বিলক্ষণ জানেন কংগ্রেস সভাপতি। সেকারণেই প্রচারের প্রথম দিনেই সেই অস্ত্রই ব্যবহার করেছেন তিনি।কৃষকদের হাতে রাখতে চরম প্রতিশ্রুতি দিয়েছেন কংগ্রেস সভাপতি। এর পরে আর বিজেপির কোনও নেতারই কোনও অস্ত্র কাজ করবে না। এমনই মনে করছেন রাজনীতিকরা।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯