খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড বেড়ে ১০
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩০ অক্টোবর মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু -দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার ৫ বছরের কারাদণ্ড বেড়ে ১০ -দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়ার রায়ের পর সংলাপ ফলপ্রসূ হবে কিনা জনমনে প্রশ্ন: মির্জা ফখরুল -বাংলা ট্রিবিউন অনলাইন
- রোহিঙ্গাদের প্রথম ধাপের প্রত্যাবর্তন নভেম্বরের মাঝামাঝিতে -দৈনিক যুগান্তর
- ‘সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা’-দৈনিক মানবজমিন
- 'এ সংলাপ যেন লোক দেখানো না হয়'-বাম গণতান্ত্রিক জোট- দৈনিক নয়া দিগন্ত
ভারতের শিরোনাম:
- তৃতীয় ধনী দেশ হওয়ার পথে ভারত, দাবি মুকেশ অম্বানির-দৈনিক আনন্দবাজার
- এনআরসি-র জন্য বাড়ছে আত্মহত্যা, কোচবিহারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতার -দৈনিক সংবাদ প্রতিদিন
- সীমান্ত পেরিয়ে পাক সেনার সদর দপ্তরে হামলা ভারতীয় সেনাবাহিনীর-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ সম্পর্কিত খবর আজকের প্রায় সব জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্বসহ ছাপা হয়েছে।
দৈনিকগুলোতে লেখা হয়েছে- আগামী ১ নভেম্বর সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছেন ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেনের কাছে। তবে এ সম্পর্কে প্রথম আলোর একটি শিরোনাম করা হয়েছে এভাবে- আলোচনায় আ.লীগের সাড়া ইতিবাচক, কিন্তু...। আর বাংলা ট্রিবিউন অনলাইনের একটি খবরের শিরোনাম এরকম যে, খালেদা জিয়ার রায়ের পর সংলাপ ফলপ্রসূ হবে কিনা জনমনে প্রশ্ন: মির্জা ফখরুল। অন্যদিকে ইত্তেফাকের খবর ওবায়দুল কাদের বলেছেন, সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সংলাপে সম্মত হয়েছে। তবে সংলাপকে ইতিবাচক হিসেবে দেখেছন রাজনৈতিক বিশ্লেষকগণ।
মধ্য নভেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু-দৈনিক প্রথম আলো
নভেম্বরের মাঝামাঝি সময়ে রোহিঙ্গাদের প্রথম দলকে পাঠানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ও মিয়ানমার। আজ মঙ্গলবার ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আজ রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত জেডব্লিউজির বৈঠক হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আজ রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত জেডব্লিউজির বৈঠক হয়। রোহিঙ্গাদের রাখাইনে ফিরিয়ে নিতে কতটা অগ্রগতি হলো, তা পর্যালোচনার জন্যই আজ ঢাকায় আলোচনায় বসেছেন দুই দেশের কর্মকর্তারা। এমন এক সময়ে এ আলোচনা হচ্ছে, যখন বাংলাদেশের দেওয়া আট হাজার রোহিঙ্গার তালিকা থেকে ৪ হাজার ৬০০ জনকে শনাক্ত করতে আট মাসের বেশি সময় নিয়েছে মিয়ানমার।
রায়ে সরকারের ইচ্ছারই প্রতিফলন হয়েছে: মির্জা ফখরুল-দৈনিক মানবজমিন/যুগান্তর
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা পাঁচ থেকে বাড়িয়ে ১০ বছর করায় বিস্ময় প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রায় ‘অস্বাভাবিক’ উল্লেখ করে তিনি বলেন, হাইকোর্টের আদেশ আমাদের পুরোপুরি স্তম্ভিত করেছে, বিস্মিত করেছে। এই অস্বাভাবিক রায়ে সরকারের ইচ্ছারই স্পষ্ট প্রতিফলন হয়েছে বলে আমরা মনে করি। এই রায় প্রায় নজিরবিহীন।
এদিকে অ্যাটর্নি জেনারেল বলেছেন, ‘সাজা বাতিল না হলে নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা জিয়া। এটি দেনিক মানবজমিনের খবর।
তিন বছরে ঝরে পড়ল সাড়ে ৬ লাখ শিক্ষার্থী-দৈনিক যুগান্তর
নিম্ন মাধ্যমিক পর্যায়ে মাত্র ৩ বছরেই ঝরে পড়ল সাড়ে ৬ লাখের বেশি শিক্ষার্থী। এসব শিক্ষার্থী ২০১৫ সালে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পাস করেছে।
কিন্তু পরে আর শিক্ষার স্রোতধারায় টিকতে পারেনি। সমাপনী পরীক্ষায় পাস করা শিক্ষার্থী এবং এবারের জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। নানা উদ্যোগ নেয়ার পরও বিপুলসংখ্যক শিক্ষার্থীর এভাবে ঝরে পড়ার পেছনে অর্থনৈতিক, সামাজিক ও একাডেমিক সমস্যা আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
তৃতীয় ধনী দেশ হওয়ার পথে ভারত, দাবি মুকেশ অম্বানির-দৈনিক আনন্দবাজার
প্রকল্পের বাস্তবায়নও হয়নি। অথচ মোটা অঙ্কের সরকারি অনুদান মিলেছে। তা নিয়ে গত কয়েক মাসে কম বিতর্ক হয়নি। কম সমালোচনার মুখে পড়েনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রস্তাবিত জিও ইনস্টিটিউট। তবে তাতে বোধহয় এতটুকু বিব্রত নন সংস্থার কর্ণধার মুকেশ অম্বানি। তাই ভারতের ডিজিটাল ইন্ডিয়ায় রূপান্তরিত হওয়ার সব কৃতিত্ব জিওকেই দিলেন তিনি। সেই সঙ্গে ডাক দিলেন দেশজুড়ে ডিজিটাল বিপ্লব ঘটানোর। যাতে আগামী দু’দশকের মধ্যে বিশ্বের তৃতীয় ধনী দেশে পরিণত হয় ভারত।
এনআরসি-র জন্য বাড়ছে আত্মহত্যা, কোচবিহারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী মমতার-দৈনিক সংবাদ প্রতিদিন
নাগরিকপঞ্জির জন্য প্রতিবেশী রাজ্য অসমে মানুষ আত্মহত্যা করছে। ওরা যাকে তাড়াবে তাকেই আশ্রয় দেবে বাংলা। নাম না করে বিজেপি ও প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে নাগরিকপঞ্জি নিয়ে নিজের অবস্থান আরও একেবার স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অসমে এনআরসির আতঙ্কে মানুষ তাঁদের মর্যাদা হারাচ্ছেন। আত্মমর্যাদা হারিয়ে সেখানকার মানুষ এখন আত্মহত্যা করছে। আবার গুজরাটে বিহারের বাসিন্দাদের উপর হামলা হচ্ছে। বিহারি হওয়ার অপরাধে গুজরাট থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলায় এসব হবে না।
‘বিজেপিতে এত দুর্নীতি যে গুলিয়ে ফেলেছিলাম’ শিবরাজের মামলার হুমকিতে বললেন রাহুল-দৈনিক আনন্দবাজার
শিবরাজ সিং চৌহানেন নামা পানামা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দিয়েছেন রাহুল গাঁধী। আর তাতে বেজায় চটেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। রীতিমতো মানহানি মামলার হুঁশিয়ারিও দেন। সোমবার মধ্যপ্রদেশে ভোটের প্রচারে এক জনসভায় গিয়েছিলেন রাহুল। সেখানে দাঁড়িয়েই দুর্নীতি নিয়ে চৌহান সরকারকে আক্রমণ করেন। এদিকে রাহুলের মন্তব্যে বেজায় চটে যান শিবরাজ সিংহ। পাল্টা রাহুলকে আক্রমণ করে বলেন, রাহুল পুরোপুরি মিথ্যা বলছেন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩০