ঐক্যফ্রন্টের একটি প্রস্তাবে সরকারের সরাসরি ‘না’
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৭ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- ঐক্যফ্রন্টের একটি প্রস্তাবে সরকারের সরাসরি ‘না’-দৈনিক প্রথম আলো
- ইসি–আওয়ামী লীগ ভোটে, জাতীয় ঐক্যফ্রন্ট মাঠে-দৈনিক প্রথম আলো
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা-দৈনিক মানবজমিন
- সংসদ ভেঙে নির্বাচন দেয়ার দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট: কাদের-দৈনিক ইত্তেফাক
- সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের দাবি গ্রহণযোগ্য নয় –তোফায়েল-দৈনিক কালের কণ্ঠ
- সংলাপ ফলপ্রসূ হয়নি, আন্দোলন চলবে : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
- চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক-বাংলাদেশ প্রতিদিন
- ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে: কাদের -দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- ‘অযোধ্যায় রামমন্দির ছিল, আছে, থাকবে’, ভোটের আগে যোগীর মুখে ফের রাম নাম-দৈনিক আনন্দবাজার
- উন্নয়নের আলো পৌঁছায়নি গ্রামে, ৪টি ভোটের জন্য বুথ নির্মাণ কমিশনের-দৈনিক সংবাদ প্রতিদিন
- ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল ৬২জন মাওবাদী-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
আজকের প্রায় সবগুলো জাতীয় দৈনিক এবং অনলাইন পোর্টালগুলোর প্রধান খবর-প্রধানমন্ত্রীর সঙ্গে ড.কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রেন্টর সংলাপ। এ খবরে দৈনিক প্রথম আলোর শিরোনাম , ঐক্যফ্রন্টের একটি প্রস্তাবে সরকারের সরাসরি ‘না’। খবরটিতে লেখা হয়েছে, আওয়ামী লীগ ঐক্যফ্রন্টের একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিতীয়বারের মতো সংলাপে হয়েছে জাতীয় ঐক্যফ্রনেটর। আজকের সংলাপে জাতীয় ঐক্যফ্রন্ট তত্ত্বাবধায়ক সরকারের আদলে একজন উপদেষ্টা ও ১০ সদস্যের উপদেষ্টাবিশিষ্ট নির্বাচনকালীন সরকারের প্রস্তাব দিলে তা নাকচ হয়ে যায় বলে বৈঠক সূত্রে জানা গেছে।
বৈঠক সূত্র জানায়, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট দ্বিতীয় দফা সংলাপে গণভবনে এসে লিখিতভাবে এই প্রস্তাব দেয়। আওয়ামী লীগ ঐক্যফ্রন্টের এ প্রস্তাব নাকচ করে দেয়। এ ছাড়া সংসদ ভেঙে দেওয়া, খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়ে সরকার ও জাতীয় ঐক্যফ্রন্ট একমত হতে পারেনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা সংবিধানের বাইরে যাব না। তবে সুন্দর পরিবেশে আমাদের মধ্যে মন খুলে আলোচনা হয়েছে। ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদোত্তীর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
‘কিন্তু ঐক্যফ্রন্ট চেয়েছে মেয়াদ শেষ হওয়ার পরের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে। এই প্রস্তাব সংবিধানের বাইরে হওয়ার কারণে এটি মানার সুযোগ নেই।’
তিনি বলেন, এটি নির্বাচন পিছিয়ে দেয়ার একটি বাহানা। এই পিছিয়ে দেয়ার মধ্য দিয়ে ফাঁকফোকর হয়তো খুলে দেয়া হচ্ছে। যেখান দিয়ে তৃতীয় কোনো অপশক্তি এসে ওয়ান ইলেভেনের মতো সেই অনভিপ্রেত অস্বাভাবিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আমরা সবাই মনে করছি।
আর দৈনিক যুগান্তর একটি শিরোনাম করেছে এমন-যে ,ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে: কাদের
খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্ট খালেদা জিয়ার মুক্তি চায়নি, জামিন চেয়েছে। তবে আদালত যদি জামিন দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই বলে জানান তিনি।
বুধবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তারা (ঐক্যফ্রন্ট) আসলে জামিন চেয়েছেন, মুক্তি ওইভাবে চাননি। আর আপনারাই (সাংবাদিক) প্যারোল বানিয়েছেন। তারা প্যারোল বলেননি। তিনি বলেন, রাজবন্দিদের মুক্তিতে সরকারের কোনো আপত্তি নেই।
ওবায়দুল কাদের বলেন, যদি সত্যিই রাজবন্দি হয়, তা হলে তাদের মুক্তির ব্যাপারে ব্যবস্থা নিতে কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী আইনমন্ত্রীর হাতে তালিকা তুলে দিয়েছেন। তদন্ত করে আইনমন্ত্রীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান সেতুমন্ত্রী।
সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী-সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের দাবি গ্রহণযোগ্য নয়-দৈনিক কালের কণ্ঠ
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংসদ ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি গ্রহণযোগ্য নয়। আশা করি, এ কথা তাদের বোঝাতে সক্ষম হয়েছি। আজ বুধবার গণভবনে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরো বলেন, সংলাপ এখানেই শেষ। শিডিউল ঘোষণার পর তারা যদি কোনো ব্যাপারে আবার বসতে চান, আপত্তি নেই।
সংলাপ ফলপ্রসূ হয়নি, আন্দোলন চলবে : ফখরুল-দৈনিক নয়া দিগন্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপ ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপ শেষে তিনি এ কথা বলেছেন। মির্জা ফখরুল বলেন, সংলাপ পুরোপুরি ফলপ্রসূ হয়নি, আলোচনা ও আন্দোলন একসাথেই চলবে। তারা একগুয়েমি ছাড়েনি। তবে আরো আলোচনার সুযোগ রয়েছে।
প্রধানমন্ত্রীকে ‘গায়েবি’ মামলার তালিকা দিল বিএনপি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা ও গায়েবি মামলার তালিকা’ দিয়েছে বিএনপি। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠিসহ তালিকাটি পৌঁছে দেন বিএনপির নেতারা।
এর আগে ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বিএনপি তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই গায়েবি মামলার অভিযোগ করলে প্রধানমন্ত্রী তাদের কাছে এই তালিকা চান।
জনস্বাস্থ্য বিবেচনায় সোডিয়াম সালফেট নিষিদ্ধের দাবি-দৈনিক মানবজমিন
জনস্বাস্থ্যের বিবেচনায় বিষাক্ত সোডিয়াম সালফেট নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ লবণ মিলমালিক সমিতি। আজ বুধবার রাজধানীর তোপখানায় হোটেল প্যালেসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, সোডিয়াম সালফেট মিশ্রিত খাওয়ায় ভোক্তাদের হার্ট ও লিভারে ক্যান্সার হয়। নুরুল কাবিরের সভাপতিত্বে বাংলাদেশ লবণ মিলমালিক সমিতির দাবিতে বলা হয়, জনস্বাস্থ্যের বিবেচনায় নিয়ে ক্ষতিকর সোডিয়াম সালফেট নিষিদ্ধ করতে হবে। অথবা দেশীয় লবণ শিল্প রক্ষায় সোডিয়াম সালফেট আমদানীতে ১০০ ভাগ কাস্টমস ডিউটি আরোপ করতে হবে।
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক-বাংলাদেশ প্রতিদিন
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমির (সহ-সভাপতি) দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান ও কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যানসহ জামায়াত-বিএনপির ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর পর্যন্ত এ অভিযান চলে। আর দৈনিক মানবজমিনের খবরে লেখা হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২ দিনে আট শতাধিক বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘অযোধ্যায় রামমন্দির ছিল, আছে, থাকবে’, ভোটের আগে যোগীর মুখে ফের রাম নাম-দৈনিক আনন্দবাজার
লোকসভা ভোটের মুখে হিন্দুত্বের রাজনীতির উত্তাপ বাড়িয়েই চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবারই ফৈজাবাদের নাম পাল্টে অযোধ্যা করার কথা ঘোষণা করেছেন। ২৪ ঘণ্টা না কাটতেইবুধবার ফের জানালেন, অযোধ্যায় রামের বিশালাকার মূর্তি তৈরি হবে।
মূর্তি বসানোর জন্য সম্ভাব্য দু’টি জায়গাও এদিন পরিদর্শন করেন আদিত্যনাথ। কট্টরপন্থীদের রামমন্দির তৈরির জিগিরে সুর মিলিয়ে তিনি মন্তব্য করেছেন, ‘‘রাম মন্দির থা, হ্যায় অউর রহেগা।’’ অযোধ্যায় চলছে তিন দিনের দেওয়ালি উৎসব। তাতে মঙ্গলবারই যোগ দিয়েছেন যোগী।
এদিকে দৈনিক সংবাদ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, উত্তরপ্রদেশের পর এবার গুজরাট সরকারও হাঁটতে চলেছে নাম বদলের পথে। এলাহাবাদ, ফৈজাবাদের পর এবার নাম বদলাতে পারে দেশের প্রথম হেরিটেজ শহর আহমেদাবেদের। একথা জানিয়েছেন খোদ গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল। তিনি জানান, মানুষ চাইলে শীঘ্রই আহমেদাবাদ শহরের নাম বদলে কর্ণাবতী রাখা হবে।
ছত্তিশগড়ে আত্মসমর্পণ করল ৬২জন মাওবাদী-দৈনিক আজকাল
আর গেরিলা যুদ্ধ নয়। এবার তাঁরা সমাজের মূলস্রোতে ফিরে আসতে চায়। ভোটের মুখে ছত্তিশগড়ে ৬২ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। ছত্তিশগড়ের নারায়নপুর জেলায় অস্ত্রশস্ত্র সহ–পুলিসের কাছে আত্মসমর্পণ করল মাওবাদীরা। বস্তার পুলিসের আইজি বিবেকানন্দ সিং এবং নারায়ণপুরের পুলিস সুপার জিতেন্দ্র শুক্লার উপস্থিতিতে ৫১টি দেশীয় অস্ত্র মাওবাদীরা তুলে দেয়। পুলিস সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীরা সিপিআই(মাওবাদী) কুতুল আঞ্চলিক কমিটির সদস্য। নারায়ণপুরের অবুঝমাড়ই মাওবাদীদের বেসক্যাম্প বলে পরিচিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মাওবাদীদের এই আত্মসমর্পণকে স্বাগত জানিয়ে বলেন, ‘ওদের দেখে অন্য মাওবাদীরাও আত্মসমর্পণের ব্যাপারে উৎসাহী হয়ে উঠবে। ১২ নভেম্বর ১৮টি আসনে এবং ২০নভেম্বর ৭২টি আসনে ভোট ছত্তিশগড়ে। ভোটের আগে ৬২ জন মাওবাদীর আত্মসমর্পণ, ছত্তিশগড়ে বিজেপি সরকারের খানিকটা স্বস্তি বলে মনে করা হচ্ছে।
উন্নয়নের আলো পৌঁছায়নি গ্রামে, ৪টি ভোটের জন্য বুথ নির্মাণ কমিশনের-দৈনিক সংবাদ প্রতিদিন
ছত্তিশগড়ের রায়পুর শহর থেকে অনেক দূরে ছোট্ট একটি গ্রাম, শেরান্ধাদ৷ আয়তনও অনেকটাই৷ দূরদূরান্ত পর্যন্ত বিস্তৃত শক্ত লালমাটির পতিত জমি৷ চাষাবাদ হয় না বললেই চলে৷ যোগাযোগ বলতে একমাত্র সম্বল পায়ে চলা পথ৷ প্রায় ১৫ কিলোমিটার দূরে জাতীয় সড়কে গিয়ে মিশেছে৷ স্কুল, স্বাস্থ্য পরিষেবা পাওয়াটা এখানে স্বপ্নের৷ শেষ কবে এই গ্রামের মাটি উড়িয়ে ছুড়েছে মোটরগাড়ি, তা স্মৃতি আউড়ে বলাটা কঠিন স্থানীয়দের কাছে৷ শক্ত লালমাটির বুকচিড়ে খাবার জোগাড় করাটাই যে চ্যালেঞ্জ ওঁদের কাছে৷ জঙ্গলের ফল-মূল-কাঠ-পাতা কুড়িয়ে কোনওক্রমে বেঁচে থাকার লড়াই মিশেছে তাঁদের রক্তে৷ ফলে, নির্বাচনী লড়াইয়ে সামিল হওয়া এখানে বিলাসিতা মাত্র৷ ভোট আসে, ভোট যায়! মেলেও না কোনও প্রতিশ্রুতি৷ দেখাও মেলে না কোনও নেতার৷ কারণ, ভোট যে মাত্র চারটি৷ মাত্র চারটি ভোট চাইতে নেতারা ভুলেও মাড়ান না পা৷
ঢাকঢোল পিটিয়ে গতমাসেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন৷ নয়াদিল্লিতে নির্বাচন সদন ভবন থেকে মুখ্য নির্বাচনী কমিশনার ওপি রাওয়াত মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামের ভোটের দিনক্ষণ ঘোষণা করেন৷ নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হতেই শুরু হয়েছে ভোটের উৎসব৷
দেশের প্রতিটি নাগরিকের ভোট দেওয়ার অধিকার সুরক্ষিত করতে তৎপরতাও শুরু করেছে কমিশন৷ আর সেই কারণে অনামী শেরান্ধাদ গ্রামের চার ভোটের জন্য বুথও গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কমিশন৷ ভরতপুর-সোনাট বিধানসভা কেন্দ্রের ১৪৩ নম্বর বুথে শেরান্ধাদ গ্রামের চার ভোটের জন্য বিশেষ ব্যবস্থা করেছে কমিশন৷ কিন্তু, সরকারি ভাবে উদ্যোগ নেওয়া হলেও ভোটে আগ্রহী নয় ‘নেই রাজ্যে’র চার বাসিন্দা৷ জীবনে বেঁচে থাকার জন্য যখন নূন্যতম সরকারি পরিষেবা জোটে না, তখন ভোট দিয়ে কীলাভ? প্রশ্ন বাসিন্দাদের৷#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৭