প্রধানমন্ত্রীর ঘোষণা-পাঁচ লাখ শিক্ষক কর্মচারী পাবেন ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৯ নভেম্বর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- আ. লীগের কার্যালয় উৎসবমুখর, বিএনপির সুনসান-দৈনিক প্রথম আলো
- বাংলাদেশে খেলাপি ঋণের হার বাড়ছে উদ্বেগজনক হারে-দৈনিক যুগান্তর
- খালেদা জিয়াকে মুক্তি না দিলে তফসিল গ্রহণযোগ্য হবেনা: ফখরুল-দৈনিক মানবজমিন
- শেখ হাসিনা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন-দৈনিক ইত্তেফাক
- সবাই ইলেকশন মুডে, এখন আন্দোলন অযৌক্তিক: কাদের-দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রীর ঘোষণা-পাঁচ লাখ শিক্ষক কর্মচারী পাবেন ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা
- প্রধানমন্ত্রীর ঘোষণা-পাঁচ লাখ শিক্ষক কর্মচারী পাবেন ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা-দৈনিক কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- রাজনীতি আর বুলেট, দুই লড়াই দেখার প্রতীক্ষায় সুকমা-দৈনিক আনন্দবাজার
- ৯ দিনের মধ্যে ফের বাড়ল গ্যাসের দাম, সমস্যায় মধ্যবিত্তরা-দৈনিক সংবাদ প্রতিদিন
- ভারতের ইতিহাসের অন্ধকার দিন: মমতা-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
গতসন্ধ্যায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। এ সম্পর্কিত খবর আজকের সবগুলো জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর, বাছাইয়ের তারিখ ২২ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর। ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর। নির্বাচন নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দলের ভিন্ন অবস্থানের মধ্যেই এ তফসিল ঘোষণা করা হয় বলে দৈনিক প্রথম আলোর খবরে লেখা হয়েছে। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- আ. লীগের কার্যালয় উৎসবমুখর, বিএনপির সুনসান। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের কার্যালয়ে ভিন্ন চিত্র দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে আওয়ামী লীগ কার্যালয়ে। কিন্তু বিএনপি কার্যালয়ে নেই কোনো নির্বাচনী তৎপরতা।
রাজশাহীতে ঐক্যফ্রন্টের সমাবেশ নিয়ে দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, সরকারের উদ্দেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেছেন, এক মাঘে শীত যায় না। এটি ভুলে গেলে চলবে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যদি এক শীত কারাগারে কাটাতে হয়, শেখ হাসিনাকে ১০ শীত কাটাতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না। আর বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এবার বিনা চ্যালেঞ্জে সরকারকে ছেড়ে দেওয়া হবে না। এবার ৫ জানুয়ারির মতো নির্বাচন হতে দেওয়া হবে না। এবারের জনজোয়ারে আগামী নির্বাচনে নৌকা ভেসে যাবে।
প্রধানমন্ত্রীর ঘোষণা-পাঁচ লাখ শিক্ষক কর্মচারী পাবেন ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা-দৈনিক কালের কণ্ঠ
জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সন্ধ্যায় গণভবনে বিভিন্ন ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। গতকাল রাতে কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই শিক্ষকদের পাশে দাঁড়ান। আবারও তিনি সেটা প্রমাণ করলেন। প্রধানমন্ত্রী শিক্ষকদের জন্য বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও সরকারি চাকরিজীবীদের মতো ২০ শতাংশ বৈশাখী ভাতার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশে খেলাপি ঋণের হার বাড়ছে উদ্বেগজনক হারে-দৈনিক যুগান্তর
বাংলাদেশে খেলাপি ঋণের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশ্বের অন্যান্য দেশে ঋণ বিতরণের হার ব্যাপকভাবে বাড়ার পরও খেলাপি ঋণের হার কমেছে। কিছু দেশে এ হার সামান্য বেড়েছে। কিন্তু বাংলাদেশে এ হার বেড়েছে দ্বিগুণের বেশি। আর পরিমাণ বেড়েছে কয়েকগুণ।
বুধবার বিআইবিএমে অনুষ্ঠিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী দিনে খেলাপি ঋণের বিষয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এটি উপস্থাপন করেন ব্যাংক এশিয়ার কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক। এতে বলা হয়, ২০১১ সালে বাংলাদেশে মোট বিতরণ করা ঋণের মধ্যে ৫ দশমিক ৮৫ শতাংশ খেলাপি ছিল। ২০১৬ সালে বাংলাদেশে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ২০ শতাংশ। ২০১৭ সালে চীনে খেলাপি ঋণের হার অপরিবর্তিত থাকে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাজনীতি আর বুলেট, দুই লড়াই দেখার প্রতীক্ষায় সুকমা-দৈনিক আনন্দবাজার
ছত্রিসগড়ের দোরনাপাল এলাকা থেকে বিধানসভার নির্বাচনী প্রচার শুরু করেছিলেন সেখানকার মুখ্যমন্ত্রী রমন সিংহ। আর সেখানে দাঁড়িয়েই তার সরকারের নামে বিষোদ্গার হলো তাকে। দোরনাপালে প্রথম নির্বাচনী জনসভায় কয়েক দিন আগেই রমন সিংহ বলেছিলেন, এখানে উন্নয়নের ছাপ স্পষ্ট। উন্নয়নের স্বার্থেই বিজেপিকে ভোট দিন। ওই জনসভাতেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তাঁদের লক্ষ্য এ বার ৬০টির বেশি আসন দখল করার। তবে সেখানকার মানুষ বলছে ‘‘শুধু খবরের কাগজে আর চ্যানেলে চ্যানেলে প্রচার করলেই বুঝি উন্নয়ন হয়ে যায়?’’ দোরনাপালেরই আর এক যুবক নীরজের বললেন ‘‘এই সরকার শিক্ষার কথা বলে। আদিবাসীদের উন্নয়নের কথা বলে। শিক্ষা কাকে বলে বলুন তো?
৯ দিনের মধ্যে ফের বাড়ল গ্যাসের দাম, সমস্যায় মধ্যবিত্তরা-দৈনিক সংবাদ প্রতিদিন
উৎসবের মৌসুম শুরুর আগে একবার বেড়েছিল রান্নার গ্যাসের দাম। এবার মৌসুম শেষ হতে না হতে আবার হেঁশেলের খরচে টান। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম।
এ বছর জুন মাসের পর থেকে এই নিয়ে সাত বার রান্নার গ্যাসের দাম বাড়ল। ১ নভেম্বরই বেড়েছিল গ্যাসের দাম। তার ৯ দিনের মাথায় ফের গ্যাসের দাম বাড়ায় মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। জানা গিয়েছে, ডিলারদের কমিশন বাড়ার ফলে ফের বাড়াতে হয়েছে গ্যাসের দাম। আজ সিলিন্ডার প্রতি ২ টাকা দাম বেড়েছে। ভর্তুকিযুক্ত ও ভর্তুকিবিহীন, দুই ধরনের গ্যাসের দামই বেড়েছে।
ভারতের ইতিহাসের অন্ধকার দিন: মমতা-দৈনিক আজকাল
নোটবন্দির তীব্র প্রতিবাদ প্রথম করেছিলেন মমতা ব্যানার্জী। গতকাল দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনিই আবার তীব্র ক্ষোভ জানিয়ে টুইট করলেন। মমতা লিখেছেন, দেশে ‘কালোদিন’ শুরু হল। ২০১৬, ৮ নভেম্বর রাতে নোটবন্দি ঘোষণার পর থেকেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। সেই প্রতিবাদ আজও থামেনি। মমতা টুইটে লিখেছেন, ‘দেশের মানুষকে ঠকিয়েছে কেন্দ্র।’ কালো দিবস আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী নিজের লিখেছেন, ‘প্রথম থেকেই বলছিলাম নোট বাতিল একটা সর্বনাশী কারবার। বিশিষ্ট অর্থনীতিবিদ থেকে সাধারণ মানুষও এখন সেই কথা বলছে।’ মমতা বলেন, ‘নোট বাতিল দুর্নীতির মধ্যে দিয়ে সরকার সাধারণ মানুষের প্রতি প্রতারণা করেছে। লক্ষাধিক মানুষের জীবন এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। এর যোগ্য শাস্তি মানুষ সরকারকে দেবেই।’
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন