নির্বাচনে সব দলের অংশগ্রহণে গণতন্ত্র আরো বেগবান হবে
-
পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১১ নভেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি ।আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট, ভোট পেছানোর দাবি-দৈনিক ইত্তেফাক
- কাল থেকে মনোনয়নপত্র বিক্রি করবে বিএনপি-দৈনিক নয়া দিগন্ত
- নির্বাচনে সব দলের অংশগ্রহণে গণতন্ত্র আরো বেগবান হবে-দৈনিক কালের কণ্ঠ
- ভোটে যাওয়াই ঐক্যফ্রন্টের কাছে আন্দোলন!-দৈনিক প্রথম আলো
- খালেদা জিয়ার মুক্তি দাবিতে প্রেসক্লাবে নেতাকর্মীদের বিক্ষোভ-দৈনিক যুগান্তর
- নির্বাচন পেছানোর সিদ্ধান্ত ইসির-ওবায়দুল কাদের-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- ভোটের ঠিক আগের দিন ছত্তীসগঢ়ে পর পর বিস্ফোরণ মাওবাদীদের, নিহত জওয়ান-দৈনিক আনন্দবাজার
- নামবদল ঘিরে বিতর্ক তুঙ্গে, এবার যোগীকে বিঁধলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য-দৈনিক সংবাদ প্রতিদিন
- ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার কর্নাটকের খনি মাফিয়া জনার্দন রেড্ডি-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনে যাওয়ার খবরটি আজ টক অব দ্যা কান্ট্রি। এ সম্পর্কে প্রায় সব জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণ এবং অনলাইন পোর্টালের প্রধান খবর-নির্বাচনে অংশ নেবে ঐক্যফ্রন্ট, ভোট পেছানোর দাবি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে ড. কামাল হোসেন এ ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন এক মাস পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে দৈনিক কালের কণ্ঠের একটি খবরের শিরোনাম-নির্বাচনে সব দলের অংশগ্রহণে গণতন্ত্র আরো বেগবান হবে।খবরটিতে লেখা হয়েছে, তিনি বলেন, আমি আশা করব অন্য রাজনৈতিক দলগুলোও নির্বাচনে আসবে। কারণ, একটা রাজনৈতিক দল নির্বাচন না এলে সেই দল শক্তিশালী হয় না। তাই আমরা আশা করি, সব দল আসবে। বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে।
দৈনিক যুগান্তর লিখেছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। আর ভোট পেছানো সম্পর্কে মানবজমিনের খবরে লেখা হয়েছে, আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পেছানোর সিদ্ধান্ত ইসির।
মাশরাফির মনোনয়নপত্র নেয়াকে ঘিরে আওয়ামী লীগ অফিসে উল্লাস-ইত্তেফাক/প্রথম আলো
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
আজ দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গিয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন মাশরাফি। মনোনয়ন ফরম কেনার আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যান মাশরাফি। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নেন।
প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন না করে খেলায় মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অবৈধ ভিওআইপি অভিযানে ৪২ হাজার সিম উদ্ধার-দৈনিক যুগান্তর
ঢাকা ও চট্টগ্রাম জেলাধীন আবাসিক ২৬টি স্থাপনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সমন্বয়ে বিগত ১৪ অক্টোবর হতে ১ নভেম্ববর পর্যন্ত পরিচালিত অবৈধ ভিওআইপি অভিযানে বিভিন্ন মোবাইল অপারেটরের ৪২ হাজার ১৫০টি সিম ও প্রায় ১ কোটি ২৩ লক্ষাধিক টাকা মূল্যমানের অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করা হয়েছ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে ২৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।আজ বিটিআরসির সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. জহুরুল হক এ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি বলেন, অবৈধ ভিওআইপি নিয়ন্ত্রনে প্রায়শই চলে বিটিআরসির অভিযান।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
ভোটের ঠিক আগের দিন ছত্তীসগঢ়ে পর পর বিস্ফোরণ মাওবাদীদের, নিহত জওয়ান-দৈনিক আনন্দবাজার
প্রথম দফার বিধানসভা ভোটের আগের দিন নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী সংঘর্ষে এক জওয়ান ও ১ মাওবাদী নিহত হয়েছে।
রোববার বিজাপুর এবং কাঙ্কের দুই জেলায় মাওবাদীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এক মাওবাদী নেতা নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র। এক শীর্ষ মাওবাদী নেতাকে গ্রেফতার করা হয়েছে বলেও স্থানীয় পুলিশ সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি এ দিন সকালে কাঙ্কের জেলায় মাওবাদী-বিএসএফ জওয়ানদের মধ্যে গুলির লড়াইয়ে বিএসএফের এক এএসআই আহত হন।পরে তাঁর মৃত্যু হয়।
নামবদল ঘিরে বিতর্ক তুঙ্গে, এবার যোগীকে সমালোচনা করলেন তাঁরই মন্ত্রিসভার সদস্য-দৈনিক সংবাদ প্রতিদিন
একের পর এক নামবদল নিয়ে এবার যোগীর বিরুদ্ধে তোপ দাগলেন, তাঁরই মন্ত্রিসভার সদস্য ওম প্রকাশ রাজভর। তিনি মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে কড়া ভাষায় উত্তরপ্রদেশে সরকারের সমালোচনা করলেন। তিনি বিজেপির তিন শীর্ষ মুসলিম নেতার নাম পরিবর্তনের দাবি জানিয়েছে৷ কটাক্ষ ও তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম পরিবর্তনের সিদ্ধান্তকে৷
উত্তরপ্রদেশে বিজেপির অন্যতম জোটসঙ্গী সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি৷ ওম প্রকাশ রাজভর ওই পার্টির সভাপতি। তিনি এর আগেও একাধিকবার এধরনের বক্তব্য দিয়ে সামনে এসেছেন।
ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার কর্নাটকের খনি মাফিয়া জনার্দন রেড্ডি-দৈনিক আজকাল
কর্নাটক বিজেপিকে নির্মূল করতে আর কোনও কসুর রাখতে চায়না কংগ্রেস–জেডিএস জোট সরকার। যে রড্ডি ভাইয়েদের দৌলতে কর্নাটক দাপিয়ে বেড়াত ইয়েদুরাপ্পা সরকার। সেই রেড্ডি ভাইদের উপর এবার কোপ বসাতে শুরু করেছে কংগ্রেস। ঘুষের দায়ে খনি মাফিয়া এবং প্রাক্তন বিজেপি মন্ত্রী জনার্দন রেড্ডিকে শ্রীঘরে পাঠানোর সবরকম প্রস্তুতি সারা। ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জনার্দন রেড্ডিকে। তাঁর বিরুদ্ধে ১৮ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১