শহিদুল আলমের হাইকোর্টে জামিন
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৫ নভেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- তাদের জেলে ভরে রাখা উচিত : জয়-দৈনিক ইত্তেফাক
- প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া : রিজভী-দৈনিক নয়া দিগন্ত
- দৈনিকটির অন্য একটি খবর- শহিদুল আলমের হাইকোর্টে জামিন
- ভাবতে পারিনি ফখরুল এতটা মিথ্যা বলবেন: কাদের-দৈনিক প্রথম আলো
- ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট: মান্না-দৈনিক যুগান্তর
- সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার-পল্টনে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- রাফায়েল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে খেই হারাল কেন্দ্র-দৈনিক আনন্দবাজার
- ফের জঙ্গি হামলার আশঙ্কা, পাঠানকোটে জারি হাই অ্যালার্ট-দৈনিক সংবাদ প্রতিদিন
- শুভেন্দু অধিকারীর মাথা চাই, হুমকি দিয়ে মাওবাদী পোস্টার মুরাকাটার জঙ্গলে-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শুরুতে সেদেশের আসন্ন নির্বাচন নিয়ে রাজনীতির খবর
ভাবতে পারিনি ফখরুল এতটা মিথ্যা বলবেন: কাদের-দৈনিক প্রথম আলো
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে গতকাল ছাত্রলীগ হামলা করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি ভাবতে পারিনি মির্জা ফখরুল এতটা মিথ্যা কথা বলবেন।’
আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা কে বিশ্বাস করবে? ছাত্রলীগ নাকি হামলা করেছে, এটা কেউ বিশ্বাস করবে? মির্জা ফখরুলের মুখে এমন মিথ্যা কথাও শুনতে হবে।’
ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে ঐক্যফ্রন্ট: মান্না-দৈনিক যুগান্তর
বিস্তারিত খবরে লেখা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
আজ মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত ফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে, ২০–দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বলেছেন, ২০–দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সেটা সম্পূর্ণ নির্ভর করে সরকারের ওপর। কারণ, এই নির্বাচনে নির্বাচন কমিশনের কোনো নিয়ন্ত্রণ নেই। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অলি আহমদ এ মন্তব্য করেন।
ভোটের ৭-১০ দিন আগে নামতে পারে সেনাবাহিনী: ইসি সচিব-দৈনিক প্রথম আলো
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের ৭ থেকে ১০ দিন আগে মাঠ পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন হতে পারে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে (ইসি) সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা বলেন। আজ ইসিতে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং করা হয়। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ধার্য আছে। অনুষ্ঠানে মাঠ কর্মকর্তাদের উদ্দেশে সচিব বলেন, নির্বাচনের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি মাঠে থাকবে। থাকবে সেনাবাহিনীও। তাদের থাকা-খাওয়ার বিষয়গুলো নির্বাচনের মাঠ কর্মকর্তাদের তদারকি করতে হবে।
তাদের জেলে ভরে রাখা উচিত : জয়-দৈনিক ইত্তেফাক
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতাও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা ২০১৩ ও ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষদের জীবন্ত পুড়িয়েছিল।
বিএনপিকে কোনোদিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান ফেডারেল আদালতও একই কথা বলেছে একাধিকবার। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত। আর গতকাল পল্টনের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন-পল্টনে হামলা বিএনপির পূর্ব পরিকল্পিত খবরটি দৈনিক মানবজমিনে এসেছে। তিনি বলেন, নির্বাচনের আগে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ অতর্কিত হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলাকারী সবাই বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মী। তাদের গ্রেপ্তারে পুলিশ ইতোমধ্যেই তৎপরতা শুরু করে দিয়েছে।
শহিদুল আলমের হাইকোর্টে জামিন-দৈনিক নয়া দিগন্ত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ তার জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে এই রায় ঘোষণা করেন।
আদালতে শহিদুল আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান। এর আগে গত ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলম হাইকোর্টে পুনরায় জামিন আবেদন করেন।
গত ২৯ অক্টোবর শহিদুল আলমের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। গত ২৯ অক্টোবর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় আল জাজিরা টেলিভিশন চ্যানেলে প্রচারিত আলোকচিত্রী ড. শহিদুল আলমের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ দাখিল করতে বলেন হাইকোর্ট।
গত ৭ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। গত ১৮ অক্টোবর শহিদুল আলম দ্বিতীয় বারের মতো হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ৪ সেপ্টেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন আবেদন শুনতে বিব্রতবোধ করেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। গত ১২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ৬ আগস্ট রমনা থানায় করা মামলায় শহিদুল আলমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।
না, না স্লোগানের পর রোহিঙ্গা প্রত্যাবাসন স্থগিত-দৈনিক নয়া দিগন্ত
মাতৃভূমিতে ফিরে না যাওয়ার দাবি করে ‘ না, না’ স্লোগান তুলার পর রোহিঙ্গা প্রতত্যাবাসন স্থগিত করা হয়েছে। প্রত্যাবাসন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স বলছে, প্রত্যাবাসন প্রক্রিয়ার পরিকল্পনা স্থগিত করা হয়েছে।
গত অক্টোবরে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রথম দফায় দুই হাজারের বেশি রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসন শুরুর কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু তখন থেকেই এ প্রত্যাবাসন প্রক্রিয়ার শুরু হওয়া নিয়ে ব্যাপক সন্দেহ দেখা দেয়।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
রাফায়েল নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে খেই হারাল কেন্দ্র-দৈনিক আনন্দবাজার
একের পর এক প্রশ্নবাণ। শুধু মামলাকারী অরুণ শৌরি-প্রশান্ত ভূষণদের থেকে নয়, খোদ প্রধান বিচারপতি ও তাঁর বেঞ্চের অন্য দুই সদস্যের কাছ থেকেও। তারা জিজ্ঞেস করলেন ‘‘রাফালের অফসেট সহযোগী পালিয়ে গেলে কী হবে?’’‘‘আগের চুক্তি বহাল থাকলেও প্রধানমন্ত্রী কী করে নতুন চুক্তি ঘোষণা করে ফেললেন?’’‘‘বিমানের সংখ্যা ১২৬ থেকে কমে ৩৬ হয়ে গেল কী ভাবে?’’ এসব প্রশ্নে কিছুটা থতমতই খেয়েছেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। মামলা নিয়ে আজ প্রায় সাড়ে তিন ঘণ্টার ‘হাইভোল্টেজ’ শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে।
ফের জঙ্গি হামলার আশঙ্কা, পাঠানকোটে জারি হাই অ্যালার্ট-দৈনিক সংবাদ প্রতিদিন
ফের হাই অ্যালার্ট জারি হল পাঠানকোটে। সেনাঘাঁটির আশেপাশে ফের ২০১৬ সালের মতো হামলা হতে পারে, এই আশঙ্কায় গোটা এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এলাকায় চার অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর অনুপ্রবেশ থেকে এই ঘটনার সূত্রপাত। মঙ্গলবার রাতে ওই চার দুষ্কৃতী জম্মু থেকে একটি গাড়ি (SUV) ভাড়া করে পাঠানকোটের দিকে যাচ্ছিল। হঠাৎই মাঝরাস্তায় চালককে বন্দুক দেখিয়ে গাড়িটি অপহরণ করে নেয় তারা। তারপর থেকেই গোটা এলাকায় সন্ত্রাসবাদের আতঙ্ক ছড়িয়ে আছে।
শুভেন্দু অধিকারীর মাথা চাই, হুমকি দিয়ে মাওবাদী পোস্টার মুরাকাটার জঙ্গলে-দৈনিক আজকাল
রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাথা চাই। শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতর গলাকাটার হুমকি দিয়ে মাওবাদী পোস্টার পড়ল শালবনির মুরাকাটার জঙ্গলে। গুরগুরিপাল থানার পুলিস জানিয়েছে, মনিদহ গ্রামপঞ্চায়েতে মুরাকাটা জঙ্গল লাগোয়া এলাকায় ছড়ানো ছিল পোস্টারগুলি। লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার যেমন হয়। হুমকি বার্তার নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। তবে সত্যিই মাওবাদীরা এই পোস্টার দিয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।হাতে লিখে মাওবাদীদের নাম দিয়ে অন্য কোনও রাজনৈতিক দলও একাজ করতে পারে বলে অনুমান করছে পুলিস। গতকালই পশ্চিম মেদিনীপুরে মাওবাদী যোগ রয়েছে সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিস।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫