মাদার অব হিউম্যানিটি' পদকের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন-দৈনিক যুগান্তর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৯ নভেম্বর সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- তথ্য সংগ্রহে পুলিশ ও ইসির লুকোচুরি-দৈনিক প্রথম আলো
- দ্বিতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন তারেক-দৈনিক ইত্তেফাক
- খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত
- ‘মাদার অব হিউম্যানিটি' পদকের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন-দৈনিক যুগান্তর
- নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে ইইউ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার প্রত্যাশা-দৈনিক মানবজমিন
- খালেদা জিয়া এখনো নির্বাচনের যোগ্য: ফখরুল-দৈনিক কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ‘আগে মন্দির পরে সরকার,’ লোকসভা ভোটের আগে নয়া স্লোগান শিবসেনার-দৈনিক আনন্দবাজার
- ঘূর্ণিঝড় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫, বন্ধ স্কুল-কলেজ-সংবাদ প্রতিদিন
- উর্জিতের মেরুদণ্ড থাকলে মোদিকে বুঝিয়ে দেবেন এক্তিয়ার: রাহুল গান্ধী-দৈনিক আজকাল
- উর্জিতের মেরুদণ্ড থাকলে মোদিকে বুঝিয়ে দেবেন এক্তিয়ার: রাহুল গান্ধী-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই বাংলাদেশ-
শুরুতে আসন্ন নির্বাচন ও রাজনীতি সম্পর্কিত খবর
তথ্য সংগ্রহে পুলিশ ও ইসির লুকোচুরি-দৈনিক প্রথম আলো
নির্বাচনের সময় দায়িত্ব পালন করতে পারেন, এমন ব্যক্তিদের তালিকা গোপনে পুলিশের হাতে তুলে দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। সেই তালিকা নিয়ে দুই মাস আগে তথ্য সংগ্রহে মাঠে নামে পুলিশ। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
তালিকায় থাকা প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা এবং আনসার-ভিডিপির সদস্যদের নাম-ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, আগে কখনো নির্বাচনী দায়িত্ব পালন করেছেন কি না, বর্তমান ও অতীতে দলীয় পরিচয়, কারও স্বামী বা পরিবারের অন্য কেউ রাজনীতি করেন কি না—এসব তথ্য রেকর্ড করা হচ্ছে। নির্বাচনী কর্মকর্তাদের ব্যাপারে এমন গোপন অনুসন্ধান নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে অনেকে নির্বাচনী দায়িত্ব কীভাবে এড়াবেন, তার কৌশল খুঁজছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন। দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম- ইসি কি পুলিশের অধীন, না পুলিশ ইসির অধীন?
দৈনিক মানবজমিনের খবর-নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে ইইউ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার প্রত্যাশা
দ্বিতীয় দিনেও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন তারেক রহমান-দৈনিক ইত্তেফাক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আজ দ্বিতীয় দিনের সাক্ষাৎকার নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্যরাও। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সাক্ষাৎকার নেয়া হয়। ২১ নভেম্বর বুধবার পর্যন্ত এ সাক্ষাৎকার নেয়া হবে। ১২-১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করে বিএনপি।দলটি সর্বোচ্চসংখ্যক ৪ হাজার ৫৮০ মনোনয়ন ফরম বিক্রি করেছে।
আর দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির কর্মকর্তা ও আওয়ামী নেতারা এখন একই সুরে কথা বলছেন। তাদের নির্বাচনী বক্তব্যে অশনি সংকেত লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া এখনো নির্বাচনের যোগ্য। দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে।
‘মাদার অব হিউম্যানিটি' পদকের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন-দৈনিক যুগান্তর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রতি বছর ৫টি সেক্টরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পদক দেয়া হবে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় এ নীতিমালার অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সভাশেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেন।শফিউল আলম জানান, এ নীতিমালায় প্রতি বছর ৫টি সেক্টরে পদক দেয়া হবে। ৫ ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এসব পদক দেয়া হবে। মনোনীতদের ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণপদকের পাশাপাশি ২ লাখ টাকাও দেয়া হবে।প্রতি বছর ২ জানুয়ারি এ পদক দেয়া হবে।
খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ-দৈনিক নয়া দিগন্ত
বিএনপি চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়াকে যথাযথ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত এক রিটের রিষ্পত্তি করে এ রায় দেন বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ।
খালেদা জিয়া যখনই যে চিকিৎসার কথা বলবেন সে মোতাবেক তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ খালেদা জিয়ার পক্ষে আদালতে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সাথে ছিলেন জয়নুল আবেদীন, কায়সার কামাল, নওশাদ জমির, বদরুদ্দোজা বাদল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, আইয়ুব আলী আশরাফি, সালমা সুলতানা প্রমুখ।অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
‘আগে মন্দির পরে সরকার,’ লোকসভা ভোটের আগে নয়া স্লোগান শিবসেনার-দৈনিক আনন্দবাজার
উন্নয়ন নাই বা এল। মেরুকরণের হাতিয়ার তো রয়েইছে। তাতে ভর করেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল শিবসেনা। বিজেপিকে কোণঠাসা করতে বদ্ধপরিকর তারা। তাতে ভরসা সেই ভগবান রাম। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবিকেই নতুন করে খুঁচিয়ে তুলতে চলেছে তারা। সেই মতো নয়া স্লোগানও ঠিক হয়ে গিয়েছে। ‘হর হিন্দুকে ইয়েহি পুকার, প্যাহেলে মন্দির ফির সরকার’ (সব হিন্দুর একটাই চাহিদা, আগে মন্দির পরে সরকার)। আগামী ২৪ ও ২৫ নভেম্বর, দু’দিনের অযোধ্যা সফরে যাচ্ছেন সেনা প্রধান উদ্ধব ঠাকরে।
উর্জিতের মেরুদণ্ড থাকলে মোদিকে বুঝিয়ে দেবেন এক্তিয়ার: রাহুল গান্ধী-দৈনিক সংবাদ প্রতিদিন
রিজার্ভ ব্যাঙ্কের অর্থনৈতিক স্বাধীনতা বিপন্ন হতে চলেছে। একথা আগেই বলেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। আজই মুম্বইয়ে আরবিআইয়ের বোর্ড মিটিং। সেখানেই কেন্দ্রের মুখোমুখি হতে চলেছেন আরবিআইয়ের গভর্নর উর্জিত প্যাটেল। রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীকার রক্ষার লড়াই আজ। সকাল থেকেই এই নিয়ো তোলপাড় রাজনৈতিক মহল। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটে লিখেছেন, আশা করি উর্জিত প্যাটেলেন মেরুদণ্ড আছে। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীকে তাঁর নিজের জায়গা দেখিয়ে দেবেন।’ রাহুল বলতে চেয়েছেন প্রধানমন্ত্রীর এক্তিয়ার যে কতটা সেটা বোঝানো জরুরি হয়ে পড়েছে। উর্জিত যদি বিজেপির তাঁবেদার না হন তাহলে নিজের ক্ষমতার ব্যবহার করবেন।
কংগ্রেসের অভিযোগ আরবিআইয়ের স্বায়ত্বশাসনে হস্তক্ষেপ করে ৯ লক্ষ কোটি টাকায় ভাগ বসাতে মরিয়া মোদি সরকার। লোকসভা নির্বাচনে সেই টাকাকেই ব্যবহার করতে চান মোদি।
ঘূর্ণিঝড় গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৪৫, বন্ধ স্কুল-কলেজ-সংবাদ প্রতিদিন
ক্রমেই বাড়ছে ঘূর্ণিঝড় গাজার দাপট। এখনও পর্যন্ত কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘরছাড়া অন্তত আড়াই লক্ষ। বিপর্যস্ত তামিলনাড়ুর উপকূলবর্তী বাসিন্দাদের জীবন। ঘূর্ণিঝড়ের কারণে সোমবার থিরুভারুর, থাঞ্জাভুর, পুদুকোট্টাই-সহ বেশ কয়েকটি এলাকার স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। বদলে গিয়েছে আন্না বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার দিনক্ষণও।
শুক্রবার ভোরে তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ে ‘গাজা’। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ধেয়ে আসে প্রবল ঝড়। ঘূর্ণিঝড়ের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পুদুকোট্টাই, তাঞ্জাভোর ও কাডালোর। ক্রমাগত ঝড় ও বৃষ্টির দাপটে তছনছ নাগাপট্টিনাম, তিরুভারুর এবং তাঞ্জাভোর৷ ঝড়ে ক্ষতিগ্রস্ত এক লক্ষ ১৭ হাজারেরও বেশি ঘর-বাড়ি। গত বৃহস্পতিবার থেকে এলাকাগুলির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা৷ জানা যাচ্ছে, ১৯৯৩ সালে কাবেরীর উপকূলবর্তী অঞ্চলে যে ঘূর্ণিঝড় হয়েছিল, গাজার প্রকোপ তার চেয়েও বেশি ভয়ংকর।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৯